📄 আলেমের জন্য সম্পদ উপার্জন
আমরা একবার সম্পদশালীদের একটি দাওয়াতে উপস্থিত হয়েছিলাম। আলেমদের দাওয়াত দেওয়া হয়েছিল। খাওয়া-দাওয়া হলো। আবার ফিরে এলাম।
এই ঘটনার মাধ্যমে একটা জিনিস আমি বুঝলাম, আলেমগণ আজ সম্পদশালীদের নিকট মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের হয়ে আছেন। আলেমগণ তাদের সামনে বিনয়ে গদগদ। অপমানকর ভঙ্গি-ভাব নিয়ে আচরণ করেন। এটা কেন করেন? কারণ, তাদের মন পড়ে আছে এই সম্পদশালীদের সম্পদের দিকে। কিন্তু সম্পদশালীগণ তাদেরকে তেমন পাত্তাই দেন না। তাদের দিকে তেমন আগ্রহ ও যত্ন নিয়ে তাকানও না। কারণ, তারা জানে, এই আলেমদের তাদের নিকট প্রয়োজন আছে। তাদের সম্পদের দিকে এরা মুখাপেক্ষী।
আমি ভেবে দেখলাম, এই অবস্থাটি আলেম ও ধনবান- উভয় শ্রেণির জন্যই ক্ষতিকর। প্রথমত সম্পদশালী দুনিয়াদারদের জন্য ক্ষতিকর এই জন্য যে, তাদের উচিত ছিল- ইলম ও আলেমদের মর্যাদা প্রদান করা। কিন্তু ইলমের মর্যাদা সম্পর্কে তাদের অজ্ঞতা ও মূর্খতার কারণে তারা মর্যাদা দেয়নি। এদিকে নিজেরাও ইলমও অর্জন করেনি। তারা ইলম অর্জনের চেয়ে দুনিয়ার সম্পদ অর্জনকেই প্রাধান্য দিয়েছে। এখন তারা সম্পদ ছাড়া আর কিছুকেই সম্মান প্রদানের যোগ্য মনে করছে না। এই মূর্খতাকে ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। এটা তাদের নিজেদের জন্য ভীষণ ক্ষতিকর।
কিন্তু কথা হলো, তারা যেহেতু বাস্তবিকভাবে সম্পদকেই প্রাধান্য দেয় বা দিয়েছে, সুতরাং তারা যা জানে না, যার মর্যাদা তারা বোঝে না, তাদের থেকে তার সম্মান অন্বেষণ করে কোনো লাভ নেই। এটা উচিতও নয়। কিন্তু আলেমরা করলটা কী? নিজেদের আচরণের মাধ্যমে তারা নিজেদেরকে এবং নিজেদের ইলমকে অপমানের স্থানে নিয়ে গেল।
আমি যখন আলেমদের এই দোষের বিষয়টি লক্ষ করি, তখন তাদেরকে তিরস্কার করা ছাড়া কোনো ভাষা পাই না। আমি তাদের বলি, আপনাদের উচিত- যে অন্তরকে আপনারা ইলমের সম্পদে সম্মানিত করেছেন, তাকে অপমানের হাত হতে রক্ষা করা। আপনারা যদি সম্পদশালীদের থেকে অমুখাপেক্ষী থাকতেন, তাহলে ইলমহীনতার অপদস্থতা তাদের জন্যই প্রকাশিত হয়ে পড়ত। ইলমহীনতার লজ্জায় তারাই ম্রিয়মাণ থাকত। কিন্তু আপনারা তাদের নিকট ধরনা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে এবং নিজেদের ইলমকে হেয় করে তুলেছেন। এটা জায়েয নয়। আর যদি আপনাদের সামান্য প্রয়োজন থাকে, জীবনধারণের জন্য স্বল্প রিজিকেই সন্তুষ্ট থাকেন, তাহলেই বা কেন আপনারা এই সামান্য তুচ্ছ বস্তু অর্জনের জন্য নিজেদের অসম্মানিত করা থেকে বাঁচিয়ে রাখলেন না?
এরপর একটা জিনিস আমার খেয়ালে এলো, আজ আসলে অন্তরসমূহের স্বল্প রিজিকের ওপর ধৈর্যধারণ করা কমে এসেছে। অতিরিক্তের লোভ থেকে বিরত থাকা মানুষের সংখ্যাও কমে এসেছে। যদি কখনো কখনো এটি স্বল্প সময়ের জন্য সম্ভব হয়ও, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আর কারও পক্ষে ধৈর্যধারণ করা সম্ভব হচ্ছে না।
এ কারণে আমার মতে, একজন আলেমের জন্য প্রয়োজন পরিমাণ সম্পদ অর্জনের চেষ্টা করা আবশ্যক। তিনি জীবিকার জন্য পরিশ্রম করবেন। এটি করতে গিয়ে যদি তার ইলমচর্চার সময় থেকে কিছুটা সময় নষ্টও হয়ে পড়ে, তবুও এটা তার করা উচিত। কারণ, এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার ইলমকে হীন করার অবস্থা থেকে মুক্ত রাখতে পারবেন।
📄 উদ্দেশ্য বোঝা আকলেরই কাজ
কোনো আদেশের মূল কেন্দ্রই হলো আকল বা বুদ্ধিমত্তা। যার যে ধরনের বুদ্ধি, তার সে ধরনের বুঝ। একারণে কারও যদি পরিপূর্ণ বুদ্ধি থাকে, তাহলে সে সর্বোচ্চ যুক্তি ও প্রমাণ অনুযায়ী আমল করবে। আর আকলের প্রমাণই হলো সম্বোধন বোঝা এবং আদেশের মৌলিক উদ্দেশ্য বুঝতে পারা।
যে ব্যক্তি মূল লক্ষ্য বুঝেছে এবং তার যুক্তি অনুযায়ী আমল করেছে, সে যেন তার গৃহ নির্মাণ করেছে এক শক্তিশালী ভিত্তির ওপর। কিন্তু আমি বহু মানুষকে দেখেছি, তারা প্রমাণিত যুক্তি বা আদর্শ অনুযায়ী আমল করে না। বরং এলোমেলোভাবে আমল করে। কখনো তাদের আদর্শ হয় অভ্যাস। কখনো প্রবৃত্তি। কখনো পরিবেশ। এটি খুবই খারাপ একটি পদ্ধতি।
আরও কিছু মানুষকে দেখি, যারা সুদৃঢ় প্রমাণসমূহের অনুসরণ করে না। যেমন, ইহুদি ও খ্রিষ্টানরা। কারণ, তারা তাদের আমলের ক্ষেত্রে অন্ধভাবে পূর্বপুরুষদের অনুসরণ করে। শরিয়তে সেটা হালাল কি হারাম- সেদিকে তারা লক্ষই করে না। মানুষকে তারা 'ইলাহ বা প্রভু' সাব্যস্ত করে। অথচ তার সত্তার ক্ষেত্রে কী কী জিনিস প্রয়োগ শুদ্ধ ও অশুদ্ধ- সেদিকে কোনো লক্ষ করে না। এ কারণে তারা প্রভুর দিকে 'সন্তান' সম্পর্কিত করে। এসকল লোক স্রষ্টার অস্তিত্ব ও তার সত্তার সাথে কোনো গুণ প্রয়োগের ক্ষেত্রে সঠিক কোনো বিষয়ের দিকে লক্ষ করে না এবং নবুয়তের বিশুদ্ধতার ওপর যে সকল প্রমাণ প্রতিষ্ঠিত রয়েছে, সেগুলোর ব্যাপারেও তারা চিন্তা-ভাবনা করে না। এ কারণে তাদের আমলগুলো বিনষ্ট হয়। এর উদাহরণ হলো বালুর ওপর নির্মিত এমন গৃহ, যার কোনো ভিত্তিমূল নেই।
এ-জাতীয় আরও কিছু লোক আছে, যারা ইবাদত করে, কৃচ্ছসাধন করে এবং অনর্থক শুধু অশুদ্ধ হাদিস জমা করে ইলমের মধ্যে শরীর ক্ষয় করে। অথচ যারা হাদিসগুলোর বিশুদ্ধতা সম্পর্কে অবগত- তাদের থেকে জিজ্ঞাসা করে না। আরও কিছু মানুষ আছে, যারা দলিল-প্রমাণ উপস্থাপন করে, কিন্তু দলিলটি কোন বিষয়ের ওপর ইঙ্গিত করছে, সেই লক্ষ্য ও উদ্দেশ্য বোঝে না।
এ ধরনের অবুঝ আরও কিছু লোক আছে, যারা দুনিয়ার নিন্দা-মন্দের কথা শোনে। এরপর নিজেরাও দুনিয়া পরিত্যাগ করতে থাকে। কিন্তু দুনিয়াত্যাগের আসল উদ্দেশ্য বোঝে না। তারা ধারণা করে- দুনিয়ার যেকোনো উপভোগই নিন্দনীয় ও পরিত্যাজ্য। এবং মানুষের জন্য উচিত হলো সব সময় নফসের বিরোধিতা করা।
এ ধারণায় চালিত হয়ে তারা নিজেদের নফসের ওপর এমন কঠিন কঠিন বিষয় চাপিয়ে নেয়, যেগুলো বহনের শক্তি নফসের নেই। তাকে বিভিন্ন ধরনের কষ্টে ফেলে রাখে। তার সকল অধিকার ও চাহিদা থেকে তাকে বঞ্চিত রাখে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, 'নিশ্চয়ই তোমার নফসের তোমার ওপর অধিকার রয়েছে'-এ কথা তারা যেন ভুলে থাকে। এভাবে তাদের ক্রম দুর্বলতার কারণে ক্রমেই তারা ফরজ বা আবশ্যক আমলগুলোও করতে পারে না। শরীর ভেঙে পড়ে। শক্তি নিঃশেষ হয়ে আসে।
এগুলো হয়ে থাকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বোঝার অক্ষমতার কারণে।
যেমন দাউদ তাঈর ব্যাপারে বর্ণিত আছে, তিনি একটি পাত্রে করে গরম মাটির নিচে পানি রেখে দিতেন। এরপর পানি প্রচণ্ড গরম হয়ে গেলে, সেই গরম পানি পান করতেন। এবং তিনি সুফিয়ান সাওরি রহ.-কে বলতেন, 'আপনি মজাদার সুস্বাদু খাবার খান, ঠান্ডা শীতল তৃপ্তিদায়ক পানি পান করেন, তাহলে কীভাবে বলা যায়, আপনি মৃত্যুকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলার দিকে রওনাকে ভালোবাসেন?'
📄 আদর্শ ও যুক্তির অনুসরণ
বুদ্ধিমান ব্যক্তির জন্য আবশ্যক হলো, তিনি নিজের জন্য একটি যুক্তি ও আদর্শকে আঁকড়ে ধরবেন এবং এ জন্য তার ওপর যত কষ্ট ও দুঃখই আসুক, সেদিকে ভ্রূক্ষেপ করবেন না।
যেমন ধরো, বহু অকাট্য প্রমাণের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ তাআলার হিকমত এবং তার কর্তৃত্ব ও পরিচালনার বিশুদ্ধতা প্রমাণিত। এরপর কোনো মানুষ যখন দেখে, একজন আলেম ও পণ্ডিত ব্যক্তি রিজিক হতে বঞ্চিত- নিঃস্ব ও দরিদ্র। অন্যদিকে একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তি রিজিক ও ধন-সম্পদে পরিপূর্ণ। তখন আল্লাহর হিকমতকে সাব্যস্তকারী পূর্বোক্ত দলিল এটা মেনে নেওয়াকেই আবশ্যক করে। সে সেভাবেই মানবে এবং ভেবে নেবে, এগুলোর হিকমত বা রহস্য বোঝার অক্ষমতা তার নিজের। স্রষ্টার প্রতি তার কোনো অভিযোগ নেই।
কিন্তু কিছু কিছু ব্যক্তি তাদের মূর্খতার কারণে এমনটি করে না। এমনটি ভাবে না। এমনটি মেনেও নিতে চায় না। তুমি কি তাদেরকে দেখেছ, এসকল ব্যাপারে তারা কী ধরনের মন্তব্য করে? এটা কি আল্লাহর ভুল পরিচালনা? তারা কি তাদের নিজেদের বুদ্ধি দিয়ে বিষয়টা বিচার করতে চাচ্ছে না? কিংবা নিজেদের বুদ্ধি দিয়ে এটাকে অন্যায় ধার্য করছে না?
এবার তাহলে ভাবো একবার! একটি মানুষ, স্রষ্টার কোটি কোটি সৃষ্টির মধ্যে একটি ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবয়বটিই বিচার করতে চাচ্ছে সমস্ত জগতের স্রষ্টা, সকল জ্ঞানের অধিকারী আল্লাহর হিকমত ও তার পরিচালনার বিষয়! এমনকি ভুলও ধরতে চায়!
এমনই এক অভিশপ্ত ব্যক্তি হলো ইবনে রাওয়ান্দি। তার একটি ঘটনা আমার কানে এসেছে। সে একদিন দজলার ব্রিজের ওপর বসে তার হাতে থাকা শুকনো রুটি খাচ্ছিল। এ সময় ব্রিজ দিয়ে অনেক ঘোড়া ও সম্পদ পার করে নিয়ে যাওয়া হলো। সে এগুলো দেখে জানতে চাইল, এগুলো কার?
উত্তরে বলা হলো, অমুক খাদেমের।
এরপর আরও অনেক ঘোড়া ও সম্পদ নিয়ে যাওয়া হলো। এবারও সে জানতে চাইল- এগুলো কার?
উত্তরে বলা হলো, একই ব্যক্তি- অমুক খাদেমের।
এরপর যখন সেই খাদেমটি ব্রিজ পার হচ্ছিল, তখন সে দেখল, ব্রিজের উপর একটি বিরক্ত বৃদ্ধলোক বসে আছে এবং সে তার হাতে থাকা রুটিটা তার পাশে নিক্ষেপ করে নিজের দিকে ইশারা করে ক্ষুব্ধভাবে বলে উঠল, আর এটা হলো অমুকের জন্য! স্রষ্টার এ কী ধরনের বণ্টন!
এই অভিযোগকারী যদি কিছুটা চিন্তা করত, তবে তার কাছে অনেকগুলো বিষয় প্রকাশিত হতো। এর একটি বিষয় হলো, যাকে চেনার দাবি সে করছে, তার সম্পর্কে তার অজ্ঞতা এবং তার প্রতি যথার্থ সম্মানবোধ না থাকা। এ কারণে তার সেই অসচ্ছল জীবনযাপন তার কাছে কঠিন ও অন্যায় মনে হয়ে উঠছে। এভাবেই দীর্ঘদিনের ইবাদতকারী ইবলিস মাটি দ্বারা নতুন সৃষ্ট আদমের শ্রেষ্ঠত্ব প্রদানের বিষয়টি ভুল মনে করছিল!
মোটকথা, মানুষের জন্য উচিত একটি সুচিন্তিত ও প্রমাণিত যুক্তি ও আদর্শ গ্রহণ করা। এরপর তার চারদিক থেকে যত কষ্ট আর সন্দেহই আসুক- সেদিকে ভ্রূক্ষেপ না করা। এবং জেনে রাখা, ইলমই হলো মানুষের অর্জিত বিষয়ের মধ্যে সবচেয়ে মূল্যবান ও শ্রেষ্ঠ সম্পদ।
মূর্খদের একটি দল ধারণা করে, আলেমদের দুনিয়ার আনন্দ-খুশির অংশ বুঝি তেমন একটা নেই। তারা ইলমকেও ততটা মূল্য দেয় না। তারা বলে- এর মধ্যে কোনো কল্যাণ ও জীবিকা নেই।
তারা এটা বলে, ইলমের মর্যাদা সম্পর্কে তাদের অজ্ঞতার কারণে। কিন্তু সুদৃঢ় যুক্তির অনুসারী ব্যক্তি অন্যকোনো দিকে তাকাবে না। সে জানে, মানুষের কামনা ও বাসনার অপূর্ণতাই হলো দুনিয়ার পরীক্ষা। সত্যপথে থাকার তাওফিক হলে, আর কোনোদিকে তাকানোর দরকার নেই।
আমরা অকাট্যভাবেই আমাদের নবীর নবুয়তের সত্যতা সম্পর্কে জানি ও মানি। এরপরও তার দুনিয়া থেকে বিমুখ থাকা, দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করা, সম্পদ গচ্ছিত না করা এবং উত্তরাধিকারীদের জন্য কিছুই রেখে না যাওয়া- এগুলোই প্রমাণ করে তার সন্ধান ও লক্ষ্য ছিল অন্যকিছু- সেটা আখেরাত।
এরপরও কিছু মূর্খলোক ধারণা করে, আলেমগণ বুঝি সম্পদ অর্জন না করে ইলম অর্জনের মাধ্যমে ভুল করছেন। এসকল মূর্খ মানুষ ইলমকে হেয় জ্ঞান করে। এটাকে অপ্রয়োজনীয় ভাবে। এটা তাদের একটা বড় ভুল। কিন্তু অজ্ঞতার ওষুধ ইলম ছাড়া আর কীই-বা হতে পারে!
কিন্তু বুদ্ধিমানের উচিত, আল্লাহকে ভয় করে চলা। বুদ্ধিমত্তার দাবি অনুযায়ী চলা। অর্থাৎ আল্লাহর অনুগত হওয়া। ইলম অনুযায়ী আমল করা। এবং জেনে রাখা, কাঙ্ক্ষিত বিষয়ের অপ্রাপ্তির মাধ্যমেই আল্লাহ কষ্টের ওপর ধৈর্যের পরীক্ষা নেন।
সুতরাং তার জন্য উচিত হবে, একনিষ্ঠভাবে যুক্তি ও আদর্শকে অনুসরণ করা- এতে যত কষ্ট আসে আসুক। আল্লাহই একমাত্র তাওফিকদাতা।
📄 ধৈর্যের প্রতিফল
আমি একদিন সুরা ইউসুফ তেলাওয়াত করছিলাম। পড়তে পড়তে হজরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের প্রশংসা নিয়ে আমি আশ্চর্য বোধ করতে থাকি। তিনি যা থেকে বিরত থেকেছেন, সেটা এখন মানুষের বর্ণনা এবং তার মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।
আমি বিষয়টার রহস্য নিয়ে চিন্তা করলাম-তিনি কেন এত মর্যাদাশীল ও মানুষের জন্য এমন উত্তম চরিত্রের উদাহরণ হয়ে উঠলেন? আমার কাছে বিষয়টা প্রতিভাত হলো-এগুলোর কারণ হলো তাঁর অবৈধ আবেগকে নিয়ন্ত্রণ করা।
আমি মনে মনে বললাম, কী আশ্চর্য কাণ্ড! তিনি যদি তার প্রবৃত্তির অনুসরণ করে অবৈধ আবেগের ডাকে সাড়া দিতেন, তাহলে আজ তার কোথায় স্থান হতো? কিন্তু তিনি যখন প্রবৃত্তির বিরোধিতা করলেন, তখন এটিই হয়ে উঠল তার মহান এক গুণ। আজ তার ধৈর্যের ঘটনা দিয়ে মানুষের জন্য উদাহরণ পেশ করা হয়। সকল মানুষের উপর তাঁর এই ধৈর্য ও কষ্টস্বীকার একটি গর্বের বিষয় হিসেবে পরিগণিত হয়।
এই সকল কিছু হতে পেরেছে মাত্র কয়েক মুহূর্তের ধৈর্যের কারণে। কত স্বল্প সময়ের ব্যাপার ছিল এটা! মুহূর্তের এই ধৈর্যধারণই হয়ে গেল তার সারাজীবনের বিশাল সম্মান ও মর্যাদার বিষয়। আর তিনি হয়ে উঠলেন অনাগত সকল মানুষের জন্য চারিত্রিক পবিত্রতার উজ্জ্বলতম দৃষ্টান্ত!
সুতরাং হে সেই ব্যক্তি, যার কিছুটা সম্মান মর্যাদা ও গর্ব করার বিষয় আছে, নিজের এ ধরনের আবেগঘন মুহূর্তে ধৈর্যের পরিচয় দিয়ো। নিরাপদ নিরালায় নিজের প্রিয়তম কিংবা প্রিয়তমা- অথবা কোনো প্রিয়বস্তুর ক্ষেত্রে ধৈর্যহারা হয়ে যেয়ো না।
মুহূর্তের ধৈর্য কিংবা অধৈর্য তোমার পরবর্তী জীবনকে আমূল পাল্টে দিতে পারে!
সুতরাং যারা বুদ্ধিমান, তারা দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে। বিষয় দুটো হলো, সাময়িক মিষ্টতা ও স্থায়ী তিক্ততা এবং সাময়িক তিক্ততা ও স্থায়ী মিষ্টতা।
দুনিয়ার মিষ্টতা কিংবা তিক্ততা- দুটোই সাময়িক। আর আখেরাতের মিষ্টতা কিংবা তিক্ততা- দুটোই স্থায়ী। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি কখনোই সাময়িক মিষ্টতার বিনিময়ে স্থায়ী তিক্ততা গ্রহণ করতে চাইবে না।
সুতরাং যে ব্যক্তি তার হিসাবের খাতা গোনাহ থেকে নিয়ন্ত্রণে রাখবে এবং প্রবৃত্তির অনুসরণে নিজেকে ঝুঁকিয়ে না দেবে- সে তার জীবনের প্রতিটি ধৈর্যের ক্ষেত্রে বহুগুণ লাভ ও অর্জন দেখতে পাবে। আর প্রতিটি প্রবৃত্তির অনুসরণে দেখতে পাবে অনুশোচনার বিষয়।
এ বিষয়ে যতটুকু আলোচনা করা হলো, প্রবৃত্তির অবৈধ অনুসরণ থেকে বেঁচে থাকার জন্য বুঝমানদের জন্য এতটুকুই যথেষ্ট।