📘 হৃদয়ের দিনলিপি > 📄 পূর্ণতার অন্বেষণ

📄 পূর্ণতার অন্বেষণ


কারও যদি একটি পরিশুদ্ধ চিন্তা থাকে, তাহলে চিন্তাটি তাকে কোনো বিষয়ের সর্বোচ্চ মর্যাদায় উপনীত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে এবং তাকে নীচতার প্রতি সন্তুষ্ট থাকতে নিষেধ করবে। কবি আবুত তিব আল মুতানাব্বি বলেন, ولم أر في عيوب الناس عيباً ... كنقص القادرين على التمام মানুষের ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে বড় দোষ বলি আমি পূর্ণতার ওপর সক্ষম ব্যক্তি যদি নিচে আসে নামি।
সুতরাং কোনো বুদ্ধিমানের জন্য উচিত হবে, তার জন্য সম্ভব সর্বোচ্চ স্থানে পৌঁছার চেষ্টা করা।
মানুষের জন্য যদি আকাশে আরোহণের বিষয়টি সম্ভব হতো, তবে আমি তার জন্য জমিনে বসে থাকাটা পছন্দ করতাম না।
নবুয়ত যদি চেষ্টা ও সাধনার মাধ্যমে অর্জনের বিষয় হতো, তবে আমি তা অর্জনে পিছিয়ে থাকা ব্যক্তিকে ভাবতাম নিম্নশ্রেণির লোক। কিন্তু তা যেহেতু অর্জন করা সম্ভব নয়, তাহলে যা সম্ভব তা অর্জনের চেষ্টা করা আবশ্যক।
পণ্ডিতরা বলেন, ইলম ও আমলে, জ্ঞান ও কর্মে যথাসম্ভব পূর্ণতায় পৌঁছানো ব্যক্তির জীবনই একটি শ্রেষ্ঠ জীবন।
অর্থাৎ তারা বলতে চান—মানুষের শারীরিক আকৃতি ও চেহারা তার স্বেচ্ছায় অর্জনের বিষয় নয়। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা এবং নিজেকে পরিপাটি করে রাখা নিজ ইচ্ছায় সম্ভব। কিন্তু এক্ষেত্রেও অনেক মানুষ ভীষণ অবহেলা ও অলসতা প্রদর্শন করে। শরিয়ত এসব বিষয়ে সতর্ক করেছে। এখানে তার কিছু উল্লেখ করছি। যেমন, হাতের নখ কাটা, বগলের পশম ওঠানো, নাভির নিচের পশম কাটা। জনাকীর্ণ জায়গার ক্ষেত্রে রসুন-পেঁয়াজ না খাওয়া—যাতে দুর্গন্ধ না ছড়ায়। সুগন্ধি ব্যবহার করা।
একজন মুসলমানের জন্য এগুলোর ওপর কিয়াস করে জীবনের অন্য বিষয়গুলির ক্ষেত্রেও শুভ্রতার পরিচয় দেওয়া উচিত। জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিপাট্যতার পরিচয় দেওয়া উচিত। আমরা জানি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণের সৌরভে তার আগমন উপলব্ধি করা যেত। এটি ছিল তার সর্বোচ্চ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার উত্তম উদাহরণ।
এসকল আলোচনা দ্বারা আমি এটা বলতে চাচ্ছি না যে, এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করা হবে। যেমন লৌকিকতা প্রদর্শনকারীরা করে। কিন্তু মধ্যপন্থা সব সময়ই প্রশংসনীয়।
এরপর একজন মুসলমানের জন্য তার শারীরিক শক্তিমত্তার ব্যাপারেও দৃষ্টি দেওয়া উচিত। কারণ, এই শরীরটাই তার বাহন। এর শক্তি যদি কমে যায়, তার নিজের শক্তিও কমে যাবে। এ বলে আমি অবশ্যই বাছ-বিচারহীন ‘ভক্ষণ’-এর কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটি উপযুক্ত পরিমাণের কথা- যার মাধ্যমে শারীরিক শক্তিমত্তা অটুট থাকে। শরীর হলো একটি প্রবাহিত ঝরনার মতো। এটা ঠিক থাকলে নিজে উপকৃত হওয়া যায় এবং অন্যরাও উপকৃত হতে পারে।
তুমি কিছুতেই সেই কঠোর কঠিন জাহেদদের কথায় কান দিয়ো না, যারা নিজেরা খুবই স্বল্প খায়। এবং দুর্বল হতে হতে ফরজ ও আবশ্যক কাজগুলো থেকেও অক্ষম হয়ে পড়ে। অথচ দুনিয়াতে কত কাজ! শান্তি লুকিয়ে থাকে সত্য শক্তিমত্তার আড়ালে!
তাদের এই বিষয়গুলো কিছুতেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাঁর সাহাবিদের থেকে বর্ণিত নয়। হ্যাঁ, এটা ঠিক যে সাহাবিরা যখন খাওয়ার কিছু পেতেন না, তখন ক্ষুধার্ত থাকতেন এবং ধৈর্যধারণ করতেন। আবার আল্লাহ রিজিক দিলে খেতেন এবং শুকরিয়া আদায় করতেন।
যেহেতু তোমার শরীর হলো তোমার বাহন—তাই এর দানা-পানির ব্যাপারেও তোমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং তার কষ্ট হয়- এমন কিছু করবে না। বরং তার সুস্থতার ব্যাপারে নজর রাখবে। আর সেই জাহেদের কথার দিকে দৃষ্টি দেবে না, যে বলে, 'আমি কিছুতেই নফসকে শাহওয়াতের ওপর নিয়ে যেতে চাই না। তাই খাই না।'
হ্যাঁ, খাবারের ক্ষেত্রে বেঁচে থাকতে হবে হারাম থেকে। অধিক ভক্ষণ থেকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাথিরা খাদ্য বর্জন করেছেন কোনো হারামের কারণে অথবা সর্বক্ষণ নফসের চাহিদা বৃদ্ধির ভয়ে। এটা বৈধ।
এরপর সকল সক্ষম ব্যক্তির জন্যই উচিত— ব্যবসা-বাণিজ্য কিংবা উপার্জনের উপযুক্ত কোনো মাধ্যম গ্রহণ করা। যাতে সে অন্যদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। অন্যরা যেন তার ওপর শ্রেষ্ঠত্ব দেখাতে না পারে। তবে অবশ্যই এর মধ্যে একটি সীমা বেঁধে নেবে— যাতে উপার্জনে অধিক মগ্নতার কারণে ইলমচর্চা থেকে গাফেল হয়ে না পড়ে। এরপর যার সুযোগ ও সক্ষমতা রয়েছে তার জন্য উচিত হবে, ইলমের সর্বোচ্চ সীমায় উপনীত হওয়ার চেষ্টা করা।
এরপর সে আল্লাহ তাআলার সর্বোচ্চ মারেফাত অর্জনের জন্যও চেষ্টা করবে। তার জন্য একনিষ্ঠতার সাথে আমল করবে। এটাই হবে তার জীবন-পথের ধারাবাহিক কাজ ও কর্তব্য।
মোটকথা- তার জন্য যে শ্রেষ্ঠত্বগুলো অর্জন করা সম্ভব, সে তার সবগুলোই অর্জন করার চেষ্টা করবে। কারণ, সর্বোচ্চে উঠে নমনীয়তা দেখানোই হলো সবচেয়ে তৃপ্তিদায়ক।
কবি বলেন,
فكن رجلاً رجله في الثرى ... وهامة همته في الثريا
তাহলে তুমি এমন এক ব্যক্তি হও, যার পা রয়েছে মাটিতে। এমন সাহসী ও প্রত্যয়ী হও, যার হিম্মত ও উচ্চাশা ছুঁয়েছে আকাশের 'সুরাইয়া' তারকাকে।
ইলম ও আমলে তুমি যদি বর্তমানের সকল আলেম ও জাহেদকে ছাড়িয়ে যেতে পারো, তবে তুমি তা-ই করো। তারাও যেমন রক্ত-মাংসের সাধারণ মানুষ, তুমিও তেমন এক মানুষ। কোনো ব্যক্তি যদি হীন, অক্ষম ও গৌণ হয়, সে তার হিম্মতের হীনতা ও নীচতার কারণেই হয়।
জেনে রেখো, তুমি এক প্রতিযোগিতার ময়দানে রয়েছ। সময় দ্রুত ফুরিয়ে আসছে। মুহূর্তের জন্যও অবহেলা ও অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ,
فما فات ما فات إلا بالكسل ولا نال من نال إلا بالجد والعزم
মানুষের জীবনে যত বঞ্চনা এসেছে, সেটা তার অলসতার কারণেই এসেছে।
এবং যতটুকু অর্জন করেছে, সে তার হিম্মত ও প্রচেষ্টার মাধ্যমেই অর্জন করেছে।
হিম্মত ও প্রত্যয় এমন এক জিনিস—যা অন্তরকে উজ্জীবিত করে রাখে। যেমন আগুন উত্তপ্ত রাখে পাতিলের মাঝের তরলতাকে। আমাদের একজন সালাফ বলেন,
ليس لي مال سوى كري ... فبه أحيا من العدم
قنعت نفسي بما رزقت ... وتمطت في العلا هممي
আমার সম্পদ নেই, কিন্তু রয়েছে তার ঝোঁক। আর তাতেই আমি রয়েছি জীবিত ও উজ্জীবিত।
নফস যদিও প্রদত্ত রিজিকের প্রতিই সন্তুষ্ট। কিন্তু হিম্মত আমার ছুটে চলেছে আরও উচ্চে অবিরত।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 আলেমদের ওপর দারিদ্র্যের প্রভাব

📄 আলেমদের ওপর দারিদ্র্যের প্রভাব


আলেমদের জন্য দুনিয়ায় ইলমের পর সবচেয়ে উপকারী হলো তার সম্পদ অর্জন। কারণ, যখন তার ইলমের সাথে এই সম্পদ একত্রিত হবে, তখন তার ব্যক্তিত্বের পূর্ণতা পাবে। মানুষের নিকট হাতপাতা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। নিজেকে লাঞ্ছনার মুখোমুখি হতে হবে না।
কিন্তু অধিকাংশ আলেমই তাদের ইলমের ব্যস্ততার কারণে সম্পদ অর্জনের সুযোগ পান না, কিন্তু এগুলো ছাড়া দুনিয়ার জীবনযাপনও সম্ভব নয়। একালে আমাদের এবং আলেমদের ধৈর্যও গেছে কমে।
এ কারণে তারা এমন কিছু জায়গায় যাওয়া-আসা করছে, যা তাদের সম্মান নষ্ট করে। যদিও তারা এক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা ও তাবিলের আশ্রয় গ্রহণ করে। কিন্তু আসলেই এর বিপরীত পথ অবলম্বন করাটাই ছিল তাদের জন্য উত্তম সুন্দর ও সম্মানজনক।
অতীতেও আলেমদের ক্ষেত্রে এমনটি ঘটেছে। যেমন, ইমাম জুহরি খলিফা আবদুল মালেকের নিকট যাওয়া, হজরত আবু উবাইদা, তাহের বিন হুসাইনের দরবারে যাওয়া। ইবনে আবিদ দুনয়া তো ছিলেন খলিফা মু'তাদের দরবারি শিক্ষক। আর ইবনে কুতাইবা মন্ত্রীর প্রশংসায় একটি কিতাবই লিখে ফেলেছেন। এভাবে অনেক আলেম ও জাহেদ ব্যক্তি এমন শাসকদের ছত্র-ছায়ায় বাস করেছেন- যারা ছিল জালেম।
এসকল ক্ষেত্রে যদিও আলেমগণ নিজেদের পক্ষে কিছু ব্যাখ্যা ও ওজর পেশ করেছেন, কিন্তু বাস্তবতা হলো, তারা শাসকদের থেকে যতটা দুনিয়া অর্জন করেছেন, তার চেয়ে অনেক বেশি তারা তাদের অন্তর থেকে দ্বীন ও তাকওয়া খুইয়েছেন।
আমরা অনেক আলেম ও সুফিকে দেখি, তারা শাসক-মন্ত্রীদের চারপাশ আবৃত করে আছে- যাতে করে তাদের থেকে পার্থিব কিছু প্রাপ্ত হতে পারে। তাদের তোষামদ করছে, লৌকিকতা করছে। আর কেউ নাজায়েয প্রশংসাও করছে। কেউ তাদের দোষ ও জুলুম সম্পর্কে চুপ থাকছে। আরও বিভিন্ন ধরনের তোষামদ ও মোসাহেবি করছে। এবং এর অধিকাংশই করা হচ্ছে নিজেদের দরিদ্রতার কারণে এবং দুনিয়াপ্রাপ্তির আশায়।
এ কারণেই আমরা বারবার বলি- পরিপূর্ণ মর্যাদাবান হতে হলে এবং লোক দেখানো লৌকিকতা থেকে বেঁচে থাকতে হলে, এসকল জালেম শাসক, মন্ত্রী ও কর্মকর্তাদের থেকে দূরে থাকতে হবে। আর এটি করতে হলে আলেমদের দুই ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে:
১. আলেম ও মুহাদ্দিসদের সম্পদের অধিকারী হতে হবে।
যেমন ছিলেন হজরত সাইয়েদ ইবনে মুসাইয়িব রহ.। তাঁর যাইতুন ও অন্যান্য জিনিসের ব্যবসা ছিল। আরও ছিলেন সুফিয়ান সাওরি রহ.। তাঁর অনেকগুলো পানি সিঞ্চনের কূপ ছিল। জমি-জায়গা ছিল। সেগুলো থেকে উপার্জন হতো। আরও ছিলেন আবদুল্লাহ ইবনে মোবারক রহ.। তিনিও অনেক সম্পদের অধিকারী ছিলেন। এমন ছিলেন আরও অনেকেই।
২. আর সম্পদ যদি না থাকে, তাহলে আলেম ও মুহাদ্দিসদের সীমাহীন ধৈর্যের অধিকারী হতে হবে। অর্জিত সম্পদে যথেষ্ট হোক বা না হোক- তাতেই সন্তুষ্ট থাকার মতো হিম্মত থাকতে হবে।
যেমন ছিলেন বিশর হাফি রহ., আহমদ ইবনে হাম্বল রহ. এবং অনেকে।
কিন্তু এমন ধৈর্যশীল যদি না পাওয়া যায় এবং উল্লিখিতদের মতো ধনবান যদি না হয়, তাহলে অনিবার্যভাবেই একজন আলেম বা মুহাদ্দিস ফিতনা ও পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ভীষণ কষ্টের শিকার হবে। কিংবা নিজের দ্বীনকেই বিনষ্ট করে ফেলবে।
হে তালিবুল ইলম, তোমাকে এবার বলি, ইলমের সাথে সাথে সম্পদ অর্জনেরও চেষ্টা করবে- যাতে মানুষের নিকট হাত পাতা থেকে বিরত থাকা যায়। এটা তোমার দ্বীনের হেফাজতের ক্ষেত্রে সহায়তা করবে।
ধর্মের নামে, দুনিয়াবিমুখতার নামে এবং খোদাভীরুতার নামে যারাই মুনাফেকি করছে এবং আলেমদের মধ্যে যারাই কষ্টে পতিত হতে হচ্ছে- এর অধিকাংশই হচ্ছে দুনিয়ার সম্পদের প্রতি তাদের দৃষ্টি থাকার কারণে এবং তাদের ভীষণ দরিদ্রতার কারণে। দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন অবৈধ পথেও প্রবেশ করে ফেলছে এবং অন্যরাও তাদের নিয়ে খেলছে- তাদের এই দারিদ্র্যের সুযোগে।
কিন্তু যথেষ্ট পরিমাণ সম্পদ থাকার পরও যারা দুনিয়াদারদের সাথে দ্বীন বিক্রয়ে মেলামেশা করছে, তাদের সংখ্যা খুবই কম। তারা তো আলেমদের কাতার থেকেই বিচ্ছিন্ন। তাদেরকে আলেম বলার কোনো কারণই নেই। আল্লাহ তাআলা আমাদের এমন অবস্থা থেকে রক্ষা করুন। আমিন।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 একজন ফিকাহবিদের শ্রেষ্ঠত্ব

📄 একজন ফিকাহবিদের শ্রেষ্ঠত্ব


কোনো জিনিসের শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ হলো তার পরিণাম বা ফলাফলের উৎকৃষ্টতা। যে ব্যক্তি ফিকহর প্রতিফল নিয়ে চিন্তা-ভাবনা করবে, সেই বুঝবে যে ইলমগুলোর মধ্যে ফিকহ হলো শ্রেষ্ঠ ইলম। কেননা, মাজহাবগুলোর বিন্যাসদানকারী ইমামগণ এই ফিকহের মাধ্যমেই সকলের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। অথচ তাদের সময়েই কোরআন, হাদিস ও ভাষা-সাহিত্যে তাদের চেয়েও প্রাজ্ঞ ব্যক্তিগণ ছিলেন। আজকের দিনেও একইভাবে বিষয়গুলো মিলিয়ে দেখতে পারো।
এমন কত আলেম রয়েছেন, যারা কোরআন, হাদিস, তাফসির কিংবা ভাষা-সাহিত্যে অনবদ্য ও অনন্যসাধারণ জ্ঞান রাখেন, কিন্তু বয়সের আধিক্য সত্ত্বেও শরিয়তের প্রধান ও মৌলিক হুকুমগুলোর জ্ঞান রাখেন না। কারও অবস্থা এতটাই খারাপ যে, নামাজের মাসআলাগুলোও ঠিকমতো জানা নেই।
কিন্তু একজন ফকিহ- তাকে ব্যাপক অধ্যয়ন করতে হবে; ফিকহের পাশাপাশি অন্য ইলমগুলোর ক্ষেত্রেও যেন সে একেবারে অজ্ঞ থেকে না যায়। নতুবা সে তো একজন প্রাজ্ঞ ফকিহই হতে পারবে না। বরং সে প্রতিটা ইলমে যথেষ্ট পরিমাণ জ্ঞান আহরণ করবে, এরপর ফিকহের সাধনায় মনোনিবেশ করবে। এটাই হবে তার দুনিয়া ও আখেরাতের মর্যাদার মাধ্যম।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 প্রবৃত্তির প্রাধান্য

📄 প্রবৃত্তির প্রাধান্য


আমি অনেক মানুষকে দেখি—নাপাকির ছিটেফোঁটা থেকেও তারা নিজেকে বাঁচিয়ে রাখে, কিন্তু গিবত থেকে বিরত থাকে না। অনেক দান-সদকা করে, কিন্তু সুদের কারবার বর্জন করে না। রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, কিন্তু অনেক ফরজ কর্তব্যও বিলম্বিত করে রাখে কিংবা আদায় করে না। এভাবে অনেক শাখাগত বিষয় তো পালন করে, কিন্তু মৌলিক বিধানগুলোই বিনষ্ট করে ছাড়ে ইত্যাদি।
এগুলো নিয়ে আমি চিন্তা-ভাবনা করলাম- এর কারণ কী? এর দুটি কারণ হতে পারে।
১. অভ্যাস। অভ্যাসের কারণেই মানুষ এমনটি করে। অভ্যাসের কারণেই সে হয়তো কঠিনটাও করে ফেলছে। আবার অভ্যাসের বাইরে হওয়ার কারণে সহজ কাজটাও অনেক সময় সে করছে না। তার নিকট কঠিন মনে হচ্ছে।
২. প্রবৃত্তির প্রাধান্য। হয়তো কোনো বিষয় অর্জনের ক্ষেত্রে তার প্রবৃত্তি বা কামনা প্রবল হয়েছে। সে এর জন্য সে প্রাণপণ পরিশ্রম করছে। অন্যদিকে দৃষ্টিপাতের যেন কোনো সুযোগই নেই। যেকোনো মূল্যে সে এটাকে অর্জন করেই ছাড়বে। এমনকি এ ব্যাপারে সে তার হালাল-হারামেরও বাছ-বিচারও করতে রাজি নয়।
এ ধরনের কাজের উদাহরণ হিসেবে হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা উল্লেখ করা যায়। যখন তারা মিসরে এসে খাদ্য-সামগ্রী নিয়ে ফিরে চলছিল- এ সময় তাদের পেছন থেকে একজনের আহ্বান শুনতে পেল- ﴿أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ﴾ -হে মুসাফির দল, নিশ্চয় তোমরা চোর।
তখন তারা লোকটির দিকে ফিরে বলল, ﴿تَاللَّهِ لَقَدْ عَلِمْتُمْ مَا جِئْنَا لِنُفْسِدَ فِي الْأَرْضِ وَمَا كُنَّا سَارِقِينَ﴾ আল্লাহর কসম, তোমরা তো জানোই, আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসিনি। আর আমরা চোরও নই। [সুরা ইউসুফ: ৭০]
তাফসিরে বর্ণিত হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন মিসর এসে নামলেন, তখন তারা তাদের উটের মুখে 'মুখবন্ধনী' পরিয়ে দিলেন- যাতে উটগুলো অন্য কারও জিনিসে মুখ দিতে না পারে। কারও জিনিস খেতে না পারে। এখন ভাইয়েরা 'আমরা চোর নই' কথার মধ্যে এই দিকে ইশারা ছিল যে, অন্যের সামান্য কোনো জিনিসও যেন আমাদের উট খেয়ে ফেলতে না পারে, সে জন্য আমরা আমাদের উটের ক্ষেত্রে যা করেছি, যা তোমরা দেখছ। তাহলে আমরা কীভাবে চোর হতে পারি?
এখানে ভাইদের অবস্থা কেমন? অবস্থাটা এই যে- অন্যের মালিকানার সামান্য কিছুও যেন উট খেয়ে না ফেলে- এ বিষয়ে তাদের 'তাকওয়া' এতটাই উচ্চ পর্যায়ের... অন্যদিকে তারাই আবার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে এবং সামান্য কিছুর বিনিময়ে নিজের ভাইকে গোলাম হিসেবে বেচে দেওয়ার মতো গর্হিত কাজ করেছে!
কিছু মানুষ এমন আছে, যারা দ্বীনের ছোট ছোট বিষয়ও মেনে চলে; কিন্তু বড় বিষয়গুলোই মান্য করে না এবং তার অভ্যাসের কারণে যেটা করতে তার কষ্ট হয়, সেটাও করে না- বিষয়টি ছোট হোক কিংবা বড়। এবং খাদ্য-খাবার ও পোশাক-পরিচ্ছেদের ক্ষেত্রে যেগুলো তার অভ্যাসের মধ্যে কোনো ব্যাঘাত ঘটায় না- সেগুলোই শুধু মানে। আর বিপরীতগুলো মানে না।
এমন কিছু লোককেও দেখি, যারা সুদ গ্রহণ করে। অথচ তারাই আবার আলোচনায় গল্প করে- মানুষ কীভাবে আজান শুনে মসজিদে না গিয়ে পারে!
কারও তো অজুর মধ্যে ওয়াসওয়াসা হতেই থাকে। একের পর এক পানি ব্যবহার করতে থাকে। অথচ এর কারণে যে প্রচুর পানির অপচয় হচ্ছে, সেটাকে সে কিছুই মনে করছে না। তার থেকে বিরতও থাকছে না।
কিছু মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে- অথচ সে জানে, এটা জায়েয নয়।
এমনকি আমার নিজের দেখা একজন লোকের কথা বলি- তাকে আমি ভালোই মনে করতাম। তাকে একবার এক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য কিছু সম্পদ প্রদান করল। কিন্তু লোকটি তা দিয়ে মসজিদ না বানিয়ে নিজেই আত্মসাৎ করে নিল-নিজের প্রয়োজনে খরচ করে ফেলল।
আবার কিছু লোক এমন আছে, যারা গোনাহের উপকরণ ও পরিবেশ থেকে দূরে থাকার কারণে গোনাহ থেকে বেঁচে থাকে। এবং গোনাহ বর্জনের ব্যাপারে তৃপ্তও থাকে। কিন্তু যখন তারাও গোনাহের নিকটবর্তী হয় কিংবা সেই পরিবেশে আসে, তখন আর নিজেকে گناه থেকে বাঁচিয়ে রাখতে পারে না কিংবা তা থেকে বিরত থাকে না। বরং তারা নিজেরাই গোনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়।
মানুষের মাঝে এমন আশ্চর্য আচরণের অধিকারী অনেক শ্রেণি আছে- যার আলোচনা অনেক দীর্ঘ।
আমরা নিজেরাও জানি, ইহুদি আলেমদের অনেকেই তাদের ধর্ম ও ইবাদতের ক্ষেত্রে অনেক কষ্ট স্বীকার করত। অনেক আমল করত। কিন্তু যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং তারা তার সত্যতা সম্পর্কেও অবগত হলো, তখন তারা তাদের নেতৃত্বের মোহের ওপর সত্যকে প্রাধান্য দিতে সক্ষম হয়নি।
সম্রাট হিরাক্লিয়াসের ক্ষেত্রেও এমনটিই হয়েছিল। সে-ও বিভিন্ন দলিল-প্রমাণের মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জেনেছিল- কিন্তু সে সত্যকে তার প্রবৃত্তির চাহিদা ও রাজত্বের মোহের ওপর প্রাধান্য দিতে সক্ষম হয়নি।
আল্লাহর দোহাই, মৌলিক জিনিস নষ্ট না করা চাই। আর প্রবৃত্তিকে তার ইচ্ছামতো চরতে দেওয়ার অবহেলা থেকেও বেঁচে থাকা চাই। কারণ, তুমি যদি একবার তাকে তার ইচ্ছায় ছেড়ে দাও, তাহলে সে মুহূর্তের মধ্যে তোমার এতদিনের সাজানো তাকওয়ার বাগান সমূলে বিনষ্ট করে দেবে। প্রবৃত্তির উদাহরণ হলো একটি হিংস্র প্রাণীর মতো-যার গলায় শিকল দিয়ে বাঁধা রয়েছে। সে যদি দেখে শিকল শক্তিশালী, তখন সে তার থাবাকে গুটিয়ে রাখে। কিন্তু কখনো কখনো তার প্রবল প্রতাপ বাসনা এই শিকলের শক্তিকেও ডিঙিয়ে যায়। তখন আর শিকল তাকে বেঁধে রাখতে সক্ষম হয় না। শিকল যায় ছিঁড়ে। প্রবৃত্তি তখন তার কামনার থাবা নিয়ে গোনাহের রাজ্যে দাপিয়ে বেড়ায়-যতক্ষণ না তাকে আবার শৃঙ্খলাবদ্ধ করা হয়।
মানুষের মধ্যে কেউ কেউ তার প্রবৃত্তিকে বেঁধে রাখে শিকল দিয়ে। কেউ রশি দিয়ে। আর কেউ কেউ সুতো দিয়ে। তাই গোনাহের দিকে তার ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রেও মানুষের তারতম্য পরিলক্ষিত হয়।
বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত হবে, প্রবৃত্তির এসকল 'শয়তানি' সম্পর্কে সতর্ক থাকা। সে যে সকল উপায়ে এবং যাদের ওপর শক্তিশালী হয়ে ওঠে- সেসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00