📄 নফসের সাথে জিহাদ
নফসের সাথে জিহাদ একটি অন্যরকম বিষয়। এতে খুব প্রজ্ঞা দূরদর্শিতা ও দক্ষতার প্রয়োজন হয়।
কারণ, কিছুলোক নফসের লাগাম ছেড়ে দিয়ে তার সকল চাহিদা পূরণে লেগে পড়ে। এ কারণে তারা নিজেরা বিভিন্ন সমস্যা ও বিপদের মধ্যে আপতিত হয়। আবার কিছুলোক নফসের বিরোধিতায় খুবই বাড়াবাড়ি করে। নফসের সকল বৈধ অধিকার থেকেও তাকে বঞ্চিত করে। এমনকি তার ওপর জুলুমও করে।
তাদের এই জুলুমের কারণে তাদের ইবাদতের মধ্যেও বিরূপ প্রভাব পড়ে। কেউ হয়তো ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। এতে তার শরীর দুর্বল হয়ে পড়ে। পরে দেখা যায় আবশ্যক আমলগুলোও সে করতে সক্ষম হয় না। কেউ কেউ নির্জননিরালা বেছে নেয়। এতে মানুষদের সাথে তাদের কোনো সম্পর্ক-সংস্রব থাকে না। এগুলো তাদের বিভিন্ন ফরজ কিংবা শ্রেষ্ঠ কাজ থেকে বঞ্চিত করে রাখে। যেমন, রোগী দেখতে যাওয়া, পিতা-মাতার খেদমত, মানুষের সংশোধন। এভাবে নিজেও উপকৃত হওয়া এবং অন্যদের উপকৃত করা থেকে বঞ্চিত থাকে।
সঠিক ও আদর্শবান ব্যক্তি তো তিনি, যার থেকে মানুষ একনিষ্ঠতা, ঐকান্তিকতা এবং মৌলিক বিষয়াবলির জ্ঞান শিখতে পারে। মানুষদের মাঝেই অবস্থান করে। এবং নফসকে বৈধ বিষয়ের ক্ষেত্রে ছাড় দেয়, কিন্তু অবৈধ বিষয়ে ছাড় দেয় না। নফসের সাথে তার আচরণ হয় অতি ভারসাম্যপূর্ণ। যেমন, কোনো বাদশাহ তার কোনো সৈনিকের সাথে হাসি-তামাশা করেন। কিন্তু বিষয়টা যখন বেশি খোলামেলা এবং সীমা ছাড়িয়ে যেতে চায়, তিনি তখন আবার রাজসিক ক্ষমতা ও আভিজাত্যের গাম্ভীর্য দিয়ে পরিবেশ শান্ত করে আনেন।
একজন দূরদর্শী ও আদর্শবান ব্যক্তিও নফসের সাথে এমন আচরণ করেন। তার বৈধ প্রাপ্যগুলো তাকে বুঝিয়ে দেন। কিন্তু নিষেধিত বিষয়গুলো থেকে তাকে অতি কঠোরতার সাথে হলেও ফিরিয়ে রাখেন।
📄 সময়ের অপচয়
আমি অধিকাংশ মানুষকে দেখি—তারা খুবই আশ্চর্যরকম অবহেলায় সময় কাটিয়ে দেয়। রাত যদি দীর্ঘ হয়, তবে গল্প-গুজবের মাধ্যমে নষ্ট করে। কিংবা অনর্থক যুদ্ধ-কাহিনি ও চিত্তাকর্ষক প্রেম-ভালোবাসার কাহিনির বই পড়ে সময় পার করে। আর যখন দিবস হয়ে পড়ে দীর্ঘ—তখন দুপুরের ঘুমে সময় কাটিয়ে দেয়। এছাড়া দিবসের আরও বিভিন্ন সময় বাজারে কিংবা দজলা নদীর পাড়ে ঘুরে ঘুরে সময় নষ্ট করে।
এদের উদাহরণ হলো এমন এক জাহাজের অধিবাসীদের মতো, যারা নিজেদেরকে বিভিন্ন খোশ-গল্পে মত্ত রেখেছে—অথচ স্রোতের টানে জাহাজ ভেসে চলেছে কোথায়, সেদিকে তাদের কোনো খেয়ালই নেই।
তবে খুবই অল্প মানুষকে দেখেছি, যারা পৃথিবীতে নিজেদের অস্তিত্বের অর্থ অনুধাবন করতে পারে। তারা জীবনের পাথেয় সঞ্চয় করে। যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
তবে তাদের মাঝেও ভিন্নতা রয়েছে। তাদের ভিন্নতার কারণ হলো, আখেরাতের সম্বল সঞ্চয়ের ক্ষেত্রে নিজেদের ইলমের স্বল্পতা কিংবা আধিক্য। সতর্ক যারা, তারা সব সময় নিজেদের প্রধান লক্ষ্যের দিকে সচেতন দৃষ্টি রাখে। এ কারণে তারা ব্যবসায় বেশি লাভবান হয়। আর যারা এ সম্পর্কে উদাসীন ও অজ্ঞ—তারা স্রোতের টানে চলতে থাকে, কখনো মানজিল পায়। কখনো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।
কত মানুষকে দেখেছি, জীবনের দীর্ঘ সফর পাড়ি দিয়ে সূর্য ডুবুডুবু—কিন্তু অর্জনের খাতা একেবারে শূন্য। নেকির পাতায় শূন্যতায় ভরা। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই! জীবনের মৌসুমকে বুঝতে শেখো। সুযোগ হাতছাড়া হওয়ার আগেই দ্রুত অর্জনের থলে পূর্ণ করে নাও। ইলম শেখো। হিকমত অর্জন করো। সময়ের সাথে পাল্লা দাও। নফসের ওপর সওয়ার হও। পাথেয়ের মাধ্যমে সজ্জিত হও।
📄 আমলদার আলেম
আমি আমার এ ক্ষুদ্র জীবনে অনেক ‘মাশায়েখ’-এর সাক্ষাৎ পেয়েছি। তাদের একেকজনের অবস্থা ছিল একেক রকম। ইলমের ক্ষেত্রেও তাদের অবস্থা ও মর্যাদা ছিল ভিন্ন ভিন্ন। তবে তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছেন তারাই, যাদের ইলমের সাথে আমলও ছিল। অথচ তাদের চেয়ে অন্যদের ইলম হয়তো বেশিই ছিল- কিন্তু তাদের দ্বারা তেমন বেশি উপকার হয়নি।
আমি আলেম-মুহাদ্দিসদের এমন ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেছি, যারা ছিলেন অনেক জ্ঞানের অধিকারী। বুঝমান। প্রাজ্ঞ। তাদের কলবে ও কিতাবে সংরক্ষিত ছিল অনেক ইলম ও জ্ঞান। কিন্তু তাদের মজলিস ছিল গিবতে ভরপুর। অন্যদের অবস্থান নির্ণয়ের (জারহ ও তাদিল শাস্ত্র) সুযোগে তারা গিবত করে বেড়াত। এবং হাদিসের এই পঠনের ওপর তারা প্রতিদান গ্রহণ করত। সম্মান বজায় রাখতে গিয়ে যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর প্রদান করত- অথচ ভুলের দিকে ভ্রক্ষেপ করত না। তাদের সত্যানুসন্ধান নেই। যাচাই- বাছাই নেই।
আমি আবদুল ওয়াহহাব আনমাতি রহ.-এর সাথে সাক্ষাৎ করেছি। তিনি ছিলেন ‘সালাফে সালেহিন’-এর পথ ও পদ্ধতির ওপর অটল একজন ব্যক্তিত্ব। তার মজলিসে কখনো গিবত শোনা যায়নি। হাদিস শ্রবণের ক্ষেত্রে তিনি কখনো প্রতিদান গ্রহণ করতেন না। আমি যখন তার নিকট ‘কিতাবুর রাকাইক’-এর হাদিসগুলো পাঠ করি, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে দেখেছি। তিনি হাদিস শুনছেন—আর তার দুটি চোখ দিয়ে বিরামহীন অশ্রু গড়িয়ে পড়ছে! আমার সেই ছোট বয়সে তার এই আশ্চর্য হৃদয়বিগলিত ক্রন্দন তখনই আমার অন্তরের মাঝে এক অন্য ধরনের অবস্থা সৃষ্টি করেছিল। আসলে তিনি ছিলেন সেই সকল মহান মনীষীদের অন্তর্ভুক্ত—আগের যুগে আমাদের আকাবিরদের গুণাবলি যেমন শোনা যায়।
এছাড়াও আমি শাইখ আবু মানসুর আল-জাওয়ালিকি রহ. এর সাক্ষাৎ পেয়েছি। তিনি ছিলেন খুবই চুপচাপ ধরনের মানুষ। যা বলতেন, কঠিনভাবে যাচাই-বাছাই ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়ে দৃঢ়তার সাথেই বলতেন।
তার মজলিসে কোনো প্রশ্ন করা হলে, কখনো কখনো তার ছাত্ররা তার উত্তরে হয়তো তাড়াহুড়া করে ফেলত। কিন্তু তিনি তাদের থামিয়ে দিতেন। বিষয়টির ওপর দীর্ঘ পর্যালোচনার পর নিশ্চিত হয়ে তারপর উত্তর দিতে বলতেন।
তিনি বেশি বেশি রোজা রাখতেন। চুপচাপ থাকতেন। কথা কম বলতেন।
আমি এই দুই ব্যক্তির মাধ্যমে যেভাবে অধিক পরিমাণে উপকৃত হয়েছি, আর কারও দ্বারা তেমন উপকৃত হতে পারিনি। এর দ্বারা আমি একটি জিনিস খুব ভালোভাবে বুঝেছি, আর তা হলো এই-
الدليل بالفعل أرشد من الدليل بالقول.
কথার প্রমাণের চেয়ে কাজের প্রমাণ অনেক বেশি কার্যকর ও হৃদয়গ্রাহী।
এছাড়াও আমি এমন অনেক শাইখকে দেখেছি, যাদের একান্ত সময়গুলো ছিল হাসি-মজাক ও বিলাসিতায় পূর্ণ। এ কারণে তাদের লিখিত ও সংরক্ষিত অসংখ্য কিতাব থাকা সত্ত্বেও তারা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারেনি। তাদের জীবদ্দশায়ও মানুষরা তাদের দ্বারা বেশি উপকৃত হতে পারেনি। আর তাদের মৃত্যুর পর তো তারা মানুষের অন্তর থেকে একেবারেই মুছে গেছে। এ কারণে পরে আর কেউ তাদের সেসকল কিতাব ও রচনার দিকে দৃষ্টিপাতও করেনি।
আল্লাহর দোহাই! ইলমের সাথে আমল করো। কেননা, এটাই হলো মূল কাজ।
তার চেয়ে দুর্ভাগা আর কে আছে, যে তার গোটা জীবন ইলমের সাধনায় অতিবাহিত করল, কিন্তু আমল করল না? সে তো দুনিয়ার ভোগ-বিলাস থেকেও বঞ্চিত হলো, আবার আখেরাতের সমূহ কল্যাণের জন্যও কিছু করল না। আখেরাতে সে তো আমলে নিঃস্ব হয়ে উঠবেই- সেই সাথে নিজের বিপক্ষে নিজেই নিয়ে উঠবে এক শক্তিশালী দলিল।
📄 শান্তির ক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে না করা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান ও ক্ষমতাধর!
তাকে যে চিনতে পেরেছে, সে তাকে ভয় করবেই। আর যে তার শাস্তি ও আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করছে, সে আসলে তাকে চিনতেই পারেনি। এ ব্যাপারে আমি একটি আশ্চর্য বিষয় চিন্তা করে বের করলাম। বিষয়টি হলো এই-
আল্লাহ তাআলা কখনো কাউকে এমনভাবে ঢিল দেন, যেন তাকে তিনি ছেড়েই দিয়েছেন। এভাবে জালেমের হাত বাড়তেই থাকে। তাকে যেন আটকে রাখার কেউ নেই। ক্রমে তার ঔদ্ধত্য বাড়তেই থাকে। এরপরও অন্তর ফিরে আসে না বা ভীত হয় না- তখন তিনি হঠাৎ তাকে তার ক্ষমতা দিয়ে কঠোরভাবে ধরে বসেন।
কিন্তু মাঝখানে এই যে তাকে অবকাশ দেওয়া, ঢিল দেওয়া- এর মাঝে দুটো অতি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে-
১. জুলুমের মাধ্যমে ধৈর্যশীলদের ধৈর্যের পরীক্ষা নেওয়া।
২. জালেমকে ফিরে আসার সুযোগ প্রদান করা।
এদিকে ধৈর্যশীলের ধৈর্যের কারণে তার ওপর আল্লাহর প্রতিদান নেমে আসে। আর জালেমের নিকৃষ্টতম কাজের আধিক্যের কারণে তার শাস্তিরও প্রবৃদ্ধি হতে থাকে।
আবার কখনো কখনো মানুষের নিকট জালেমের শাস্তির কারণটি মানুষের অগোচর থাকে। হঠাৎ তার ওপর শাস্তি দেখে মানুষরা বলাবলি করতে থাকে- অমুককে তো আমরা ভালো বলেই জানি। তার ওপর এ বিপদ আসার কী কারণ?
তখন অদৃশ্যের ভাগ্য এসে বলতে থাকে, এটি তার গোপন পাপের শাস্তি। তার সেই গোপন পাপ শাস্তির মাধ্যমে প্রকাশ্যে এসে গেল। আল্লাহ হলেন মহান সত্তা- যার কাছে কিছুই গোপন নেই। তাই শাস্তিও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বান্দা যদি তাওবা করে, তখন মানুষের গোনাহকে এমনভাবে গোপন করেন, যেন তিনি তা জানেনই না! আর অন্য মানুষের জানার প্রশ্নই ওঠে না।
কিন্তু তিনি কখনো কাউকে ঢিল দেন আর তাই দেখে জালেম আরও ভুল ও অবাধ্যতার মধ্যে অগ্রসর হয়। আবার তিনিই যখন ধরে বসেন, তার ভয়াবহতায় মানুষের অন্তর কেঁপে কেঁপে উঠতে থাকে। ভয়ে বিহ্বল হয়ে পড়ে।
আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন।