📘 হৃদয়ের দিনলিপি > 📄 হিকমতের রহস্য

📄 হিকমতের রহস্য


আকলের মাধ্যমে যখন চিন্তা করেছি, তখন তাতে আল্লাহ তাআলার সকল কার্যাবলি অনুধাবনে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব অনুভব করেছি। কখনো কখনো তার মাধ্যমে আল্লাহ তাআলার কিছু হিকমতের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে না। যেমন, কিছু নির্মাণের পর আবার তার ধ্বংস। তখন আকলের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে। আর ঠিক শয়তান এই সুযোগটিই গ্রহণ করে ওয়াসওয়াসা দিয়ে বলতে থাকে—এখানে কী হিকমত আছে দেখাও?
তখন আমি তাকে বলি, ধুর হ দুর্ভাগা, আমাকে আর তুই ধোঁকা দিতে আসিস না। এ যাবৎ আমি যা দেখেছি, তাতেই আমার রবের হিকমত ও কল্যাণকামনার সর্বোচ্চ দলিল আমার কাছে সাব্যস্ত হয়ে আছে। আর কিছু দরকার নেই।
হে নফস, এখন যদি তোমার নিকট কোনো কিছু বোঝার অস্পষ্টতা থাকে, তাহলে সেটা তোমার অনুধাবনের কমতির কারণেই হয়েছে। দুনিয়ার সামান্য-রাজা-বাদশাহর ক্ষেত্রেও এমন কত রহস্য ও গোপন বিষয় থাকে, যেগুলোর তুমি কিছুই জানো না। তাহলে তুমি এমন কী হয়ে পড়েছ যে, মহান রবের সকল রহস্য বা একান্ত বিষয়গুলো তুমি জেনে যাবে? সামগ্রিকভাবে তুমি যা কিছু জানো, এটাই তোমার জন্য যথেষ্ট। সুতরাং যেগুলো তোমার অনুধাবনের বাইরে, তুমি সেগুলোর পেছনে পড়ো না।
মনে রেখো, তুমি হলে তার অসংখ্য অগণিত বিশাল সৃষ্টির মাঝে খুবই সামান্য ও ক্ষুদ্র একটি সৃষ্টি। সুতরাং তুমি কীভাবে তার ব্যাপারে বিরূপ হতে পারো, যার থেকে তোমার সৃষ্টি হয়েছে? যার থেকে তোমার প্রকাশ ঘটেছে? যিনি তোমার স্রষ্টা।
এছাড়া তোমার কাছে প্রতিষ্ঠিত হয়ে আছে তার আরও কত হিকমত, তার বিধান এবং তার রাজ্য ও রাজত্ব, কর্তৃত্ব ও ক্ষমতার প্রকাশ। সুতরাং তোমার যতটুকু সম্ভব, সেগুলোর অনুধাবনের জন্য তুমি তোমার জ্ঞান-বুদ্ধি ও উপকরণ ব্যবহার করো। এগুলোই তোমাকে তার ব্যাপারে আশ্বস্ত করতে পারবে।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 নফসের সাথে জিহাদ

📄 নফসের সাথে জিহাদ


নফসের সাথে জিহাদ একটি অন্যরকম বিষয়। এতে খুব প্রজ্ঞা দূরদর্শিতা ও দক্ষতার প্রয়োজন হয়।
কারণ, কিছুলোক নফসের লাগাম ছেড়ে দিয়ে তার সকল চাহিদা পূরণে লেগে পড়ে। এ কারণে তারা নিজেরা বিভিন্ন সমস্যা ও বিপদের মধ্যে আপতিত হয়। আবার কিছুলোক নফসের বিরোধিতায় খুবই বাড়াবাড়ি করে। নফসের সকল বৈধ অধিকার থেকেও তাকে বঞ্চিত করে। এমনকি তার ওপর জুলুমও করে।
তাদের এই জুলুমের কারণে তাদের ইবাদতের মধ্যেও বিরূপ প্রভাব পড়ে। কেউ হয়তো ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। এতে তার শরীর দুর্বল হয়ে পড়ে। পরে দেখা যায় আবশ্যক আমলগুলোও সে করতে সক্ষম হয় না। কেউ কেউ নির্জননিরালা বেছে নেয়। এতে মানুষদের সাথে তাদের কোনো সম্পর্ক-সংস্রব থাকে না। এগুলো তাদের বিভিন্ন ফরজ কিংবা শ্রেষ্ঠ কাজ থেকে বঞ্চিত করে রাখে। যেমন, রোগী দেখতে যাওয়া, পিতা-মাতার খেদমত, মানুষের সংশোধন। এভাবে নিজেও উপকৃত হওয়া এবং অন্যদের উপকৃত করা থেকে বঞ্চিত থাকে।
সঠিক ও আদর্শবান ব্যক্তি তো তিনি, যার থেকে মানুষ একনিষ্ঠতা, ঐকান্তিকতা এবং মৌলিক বিষয়াবলির জ্ঞান শিখতে পারে। মানুষদের মাঝেই অবস্থান করে। এবং নফসকে বৈধ বিষয়ের ক্ষেত্রে ছাড় দেয়, কিন্তু অবৈধ বিষয়ে ছাড় দেয় না। নফসের সাথে তার আচরণ হয় অতি ভারসাম্যপূর্ণ। যেমন, কোনো বাদশাহ তার কোনো সৈনিকের সাথে হাসি-তামাশা করেন। কিন্তু বিষয়টা যখন বেশি খোলামেলা এবং সীমা ছাড়িয়ে যেতে চায়, তিনি তখন আবার রাজসিক ক্ষমতা ও আভিজাত্যের গাম্ভীর্য দিয়ে পরিবেশ শান্ত করে আনেন।
একজন দূরদর্শী ও আদর্শবান ব্যক্তিও নফসের সাথে এমন আচরণ করেন। তার বৈধ প্রাপ্যগুলো তাকে বুঝিয়ে দেন। কিন্তু নিষেধিত বিষয়গুলো থেকে তাকে অতি কঠোরতার সাথে হলেও ফিরিয়ে রাখেন।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 সময়ের অপচয়

📄 সময়ের অপচয়


আমি অধিকাংশ মানুষকে দেখি—তারা খুবই আশ্চর্যরকম অবহেলায় সময় কাটিয়ে দেয়। রাত যদি দীর্ঘ হয়, তবে গল্প-গুজবের মাধ্যমে নষ্ট করে। কিংবা অনর্থক যুদ্ধ-কাহিনি ও চিত্তাকর্ষক প্রেম-ভালোবাসার কাহিনির বই পড়ে সময় পার করে। আর যখন দিবস হয়ে পড়ে দীর্ঘ—তখন দুপুরের ঘুমে সময় কাটিয়ে দেয়। এছাড়া দিবসের আরও বিভিন্ন সময় বাজারে কিংবা দজলা নদীর পাড়ে ঘুরে ঘুরে সময় নষ্ট করে।
এদের উদাহরণ হলো এমন এক জাহাজের অধিবাসীদের মতো, যারা নিজেদেরকে বিভিন্ন খোশ-গল্পে মত্ত রেখেছে—অথচ স্রোতের টানে জাহাজ ভেসে চলেছে কোথায়, সেদিকে তাদের কোনো খেয়ালই নেই।
তবে খুবই অল্প মানুষকে দেখেছি, যারা পৃথিবীতে নিজেদের অস্তিত্বের অর্থ অনুধাবন করতে পারে। তারা জীবনের পাথেয় সঞ্চয় করে। যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
তবে তাদের মাঝেও ভিন্নতা রয়েছে। তাদের ভিন্নতার কারণ হলো, আখেরাতের সম্বল সঞ্চয়ের ক্ষেত্রে নিজেদের ইলমের স্বল্পতা কিংবা আধিক্য। সতর্ক যারা, তারা সব সময় নিজেদের প্রধান লক্ষ্যের দিকে সচেতন দৃষ্টি রাখে। এ কারণে তারা ব্যবসায় বেশি লাভবান হয়। আর যারা এ সম্পর্কে উদাসীন ও অজ্ঞ—তারা স্রোতের টানে চলতে থাকে, কখনো মানজিল পায়। কখনো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।
কত মানুষকে দেখেছি, জীবনের দীর্ঘ সফর পাড়ি দিয়ে সূর্য ডুবুডুবু—কিন্তু অর্জনের খাতা একেবারে শূন্য। নেকির পাতায় শূন্যতায় ভরা। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই! জীবনের মৌসুমকে বুঝতে শেখো। সুযোগ হাতছাড়া হওয়ার আগেই দ্রুত অর্জনের থলে পূর্ণ করে নাও। ইলম শেখো। হিকমত অর্জন করো। সময়ের সাথে পাল্লা দাও। নফসের ওপর সওয়ার হও। পাথেয়ের মাধ্যমে সজ্জিত হও।

📘 হৃদয়ের দিনলিপি > 📄 আমলদার আলেম

📄 আমলদার আলেম


আমি আমার এ ক্ষুদ্র জীবনে অনেক ‘মাশায়েখ’-এর সাক্ষাৎ পেয়েছি। তাদের একেকজনের অবস্থা ছিল একেক রকম। ইলমের ক্ষেত্রেও তাদের অবস্থা ও মর্যাদা ছিল ভিন্ন ভিন্ন। তবে তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছেন তারাই, যাদের ইলমের সাথে আমলও ছিল। অথচ তাদের চেয়ে অন্যদের ইলম হয়তো বেশিই ছিল- কিন্তু তাদের দ্বারা তেমন বেশি উপকার হয়নি।
আমি আলেম-মুহাদ্দিসদের এমন ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেছি, যারা ছিলেন অনেক জ্ঞানের অধিকারী। বুঝমান। প্রাজ্ঞ। তাদের কলবে ও কিতাবে সংরক্ষিত ছিল অনেক ইলম ও জ্ঞান। কিন্তু তাদের মজলিস ছিল গিবতে ভরপুর। অন্যদের অবস্থান নির্ণয়ের (জারহ ও তাদিল শাস্ত্র) সুযোগে তারা গিবত করে বেড়াত। এবং হাদিসের এই পঠনের ওপর তারা প্রতিদান গ্রহণ করত। সম্মান বজায় রাখতে গিয়ে যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর প্রদান করত- অথচ ভুলের দিকে ভ্রক্ষেপ করত না। তাদের সত্যানুসন্ধান নেই। যাচাই- বাছাই নেই।
আমি আবদুল ওয়াহহাব আনমাতি রহ.-এর সাথে সাক্ষাৎ করেছি। তিনি ছিলেন ‘সালাফে সালেহিন’-এর পথ ও পদ্ধতির ওপর অটল একজন ব্যক্তিত্ব। তার মজলিসে কখনো গিবত শোনা যায়নি। হাদিস শ্রবণের ক্ষেত্রে তিনি কখনো প্রতিদান গ্রহণ করতেন না। আমি যখন তার নিকট ‘কিতাবুর রাকাইক’-এর হাদিসগুলো পাঠ করি, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে দেখেছি। তিনি হাদিস শুনছেন—আর তার দুটি চোখ দিয়ে বিরামহীন অশ্রু গড়িয়ে পড়ছে! আমার সেই ছোট বয়সে তার এই আশ্চর্য হৃদয়বিগলিত ক্রন্দন তখনই আমার অন্তরের মাঝে এক অন্য ধরনের অবস্থা সৃষ্টি করেছিল। আসলে তিনি ছিলেন সেই সকল মহান মনীষীদের অন্তর্ভুক্ত—আগের যুগে আমাদের আকাবিরদের গুণাবলি যেমন শোনা যায়।
এছাড়াও আমি শাইখ আবু মানসুর আল-জাওয়ালিকি রহ. এর সাক্ষাৎ পেয়েছি। তিনি ছিলেন খুবই চুপচাপ ধরনের মানুষ। যা বলতেন, কঠিনভাবে যাচাই-বাছাই ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়ে দৃঢ়তার সাথেই বলতেন।
তার মজলিসে কোনো প্রশ্ন করা হলে, কখনো কখনো তার ছাত্ররা তার উত্তরে হয়তো তাড়াহুড়া করে ফেলত। কিন্তু তিনি তাদের থামিয়ে দিতেন। বিষয়টির ওপর দীর্ঘ পর্যালোচনার পর নিশ্চিত হয়ে তারপর উত্তর দিতে বলতেন।
তিনি বেশি বেশি রোজা রাখতেন। চুপচাপ থাকতেন। কথা কম বলতেন।
আমি এই দুই ব্যক্তির মাধ্যমে যেভাবে অধিক পরিমাণে উপকৃত হয়েছি, আর কারও দ্বারা তেমন উপকৃত হতে পারিনি। এর দ্বারা আমি একটি জিনিস খুব ভালোভাবে বুঝেছি, আর তা হলো এই-
الدليل بالفعل أرشد من الدليل بالقول.
কথার প্রমাণের চেয়ে কাজের প্রমাণ অনেক বেশি কার্যকর ও হৃদয়গ্রাহী।
এছাড়াও আমি এমন অনেক শাইখকে দেখেছি, যাদের একান্ত সময়গুলো ছিল হাসি-মজাক ও বিলাসিতায় পূর্ণ। এ কারণে তাদের লিখিত ও সংরক্ষিত অসংখ্য কিতাব থাকা সত্ত্বেও তারা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারেনি। তাদের জীবদ্দশায়ও মানুষরা তাদের দ্বারা বেশি উপকৃত হতে পারেনি। আর তাদের মৃত্যুর পর তো তারা মানুষের অন্তর থেকে একেবারেই মুছে গেছে। এ কারণে পরে আর কেউ তাদের সেসকল কিতাব ও রচনার দিকে দৃষ্টিপাতও করেনি।
আল্লাহর দোহাই! ইলমের সাথে আমল করো। কেননা, এটাই হলো মূল কাজ।
তার চেয়ে দুর্ভাগা আর কে আছে, যে তার গোটা জীবন ইলমের সাধনায় অতিবাহিত করল, কিন্তু আমল করল না? সে তো দুনিয়ার ভোগ-বিলাস থেকেও বঞ্চিত হলো, আবার আখেরাতের সমূহ কল্যাণের জন্যও কিছু করল না। আখেরাতে সে তো আমলে নিঃস্ব হয়ে উঠবেই- সেই সাথে নিজের বিপক্ষে নিজেই নিয়ে উঠবে এক শক্তিশালী দলিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00