📄 লেখকের ভূমিকা
الحمد لله حمدا يبلغ رضاه ، وصلى الله على أشرف من اجتباه ، وعلى من صاحبه ووالاه ، وسلم تسليما لا يدرك منتهاه.
অনেক সময় কিছু কিছু বিষয় সামনে আসে এবং সে ব্যাপারে আমার হৃদয়ে অনেক রকম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভেসে ওঠে। কিন্তু সেগুলো যখন আর সামনে থাকে না— মনের মধ্যে উদ্ভাসিত সেই কথাগুলোও তখন হারিয়ে যায়। পরে সেভাবে আর মনে আসে না। এ কারণে মানুষের জন্য উত্তম কাজ হলো, তার মনে কখনো কোনো ভালো বিষয়ের উদয় হলে সেটা লিখে রাখা— যাতে পরে সেগুলো ভুলে না যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قيدوا العلم بالكتابة - অর্থাৎ; তোমরা লেখার মাধ্যমে ইলমকে সংরক্ষণ করো।'
এভাবে কত বিষয় হৃদয়ের কোণে উদিত হয়—কিন্তু নিজের অলসতা ও উদাসীনতার কারণে সেগুলো তখন লিখে রাখা হয় না। পরে ভুলে যাই। তখন ভীষণ আফসোস হয়।
এছাড়া আমার ক্ষেত্রে যেটা হয়—আমি যখন চিন্তার দৃষ্টিতে কোনো বিষয় নিয়ে ভাবি, মাথার মধ্যে অগণিত আশ্চর্য সব ভাবনা ও বিশ্লেষণ এসে ভিড় করে। বোধ, বিশ্বাস ও চেতনার এক বিশাল ভান্ডার যেন আমার সমুখে খুলে যায়।
অবশেষে ভেবে দেখলাম—এ বিষয়ে আর অলসতা বা উদাসীনতা দেখানো ঠিক হবে না। হৃদয়ের কথাগুলো লিখতে শুরু করলাম। এবং কিতাবটির নাম রাখলাম ‘সইদুল খাতির’—হৃদয়ের রক্ষিত কথামালা। হৃদয়ের দিনলিপি। অন্তরের কথকতা। আল্লাহ তাআলাই সকল কল্যাণদাতা। তিনি মানুষের অতি নিকটবর্তী এবং আহ্বানে সাড়াদানকারী।
- ইবনুল জাওযি
টিকাঃ
১১. হাকিম ইবনে মুসতাদরাক তাঁর গ্রন্থ 'মুসতাদরাক'-এ এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আমরের বর্ণনায় উল্লেখ করেছেন। তবে তিনি এর শুদ্ধাশুদ্ধি নিয়ে কোনো মন্তব্য করেননি। ইমাম বোখারি রহ. বলেন, এটি 'মুনকিরুল হাদিস'। হাফেজ ইবনে হাজার আসকালানি তাঁর 'তাকরিবুত তাহজিব' গ্রন্থে বলেন, এটি দুর্বল হাদিস। হজরত আবু হাফয বলেন, হাদিসটি মূলত হজরত উমর ইবনুল খাত্তাব এবং হজরত আনাস ইবনে মালেক রা. এর ওপর মাওকুফ। [মুসতাদরাকে হাকিম: ১/১০৬, দারিমি: ১/১২৭, তবারনি: ১/৫২]
📄 অনুবাদকের ‘কিছু কথা’
ইসলামি জগতে বিস্ময়কর এক ব্যতিক্রম গ্রন্থের নাম- صيد الخاطر বা হৃদয়ের দিনলিপি। হৃদয় ফানা করা এক গ্রন্থ। ইলম, ইবাদত, মুআমালা, মুআশারা, তালিম, তাযকিয়া ও তাসাওউফ-সব মিলেমিশে যেন একাকার হয়েছে এই গ্রন্থে। কী বিস্ময়কর মহিমা নিয়েই না আমাদের হৃদয়জগতের খোরাক জুগিয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী-এবং আজও কত জীবন্ত, সতেজ, দরদি এবং আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক!
বিশ্বের বহু মানুষ এই গ্রন্থটি নিয়ে আলোচনা করেছেন। এর বিস্ময়কর প্রভাব ও উপযোগিতার কথা বলেছেন। এটি একটি নিদারুণ নিরুত্তাপ উদাসীন হৃদয়কেও করে তোলে জাগ্রত উন্নত ও প্রত্যয়দীপ্ত। উদ্বেল উচ্ছল ঢেউ ওঠে জীবনের মৃত সাগরেও। এই গ্রন্থ অধ্যয়নের আগে ও পরে মানুষ কখনো এক থাকতে পারে না-সম্ভব নয়। ভেতরে একটি জাগরণ আসবেই-আসবে। এর অনেক জ্বলন্ত প্রমাণ রয়েছে।
গ্রন্থটির একটি বড় সাফল্য এই যে, পাঠক নিজেকে এর প্রতিটি শিরোনামের সঙ্গে একাত্ম করে নিতে সক্ষম হবে। নিজের কাছে মনে হবে-নিরিবিলি কোনো এক মসজিদে বসে লেখক যেন সরাসরি আমাকেই সম্বোধন করে কথাগুলো বলছেন। আর মসজিদ জুড়ে বিস্তৃত রয়েছে একটি সবুজ গালিচা। তার চারদিকে ছড়িয়ে আছে গোলাপের সৌরভ। বাইরের সবুজ জগতে তখন নরম সোনালি সকালটি উঠি উঠি করছে... আর তিনি তাকিয়ে আছেন আমার হৃদয়ের ঠিক মাঝখানটিতে। তিনি আমার সকল পাপ-পঙ্কিলতা-এবং হৃদয়ের গোপন কুঠুরিতে গোপন যা কিছু ইচ্ছে জাগে, মনের বন্দরে উথলে ওঠে যেসব ন্যায়-অন্যায়, সবুজ- কালোর ঢেউ—তিনি তার সব জানেন। জানেন আমার মতো আরও বহু মানুষের স্বভাব-চরিত্র ও মনের অলি-গলির খবর। তিনি সেভাবেই যেন উপদেশ দিতে থাকেন। নিষেধ করেন। সতর্ক করেন। তিরস্কার করেন। অন্যদের উদাহরণ দেন। নিজের কথা বলেন। বলেন অন্যদের কথাও। বলেন নবী, সাহাবি তাবেয়ি, তাবে-তাবেইনদের কথা। কথা বলেন আমাদের সালাফে সালেহিনদের। এক ভারসাম্যপূর্ণ ইলম ও আমলের পথ দেখান। হৃদয় যেন উজাড় করে দেন পাঠক ও শ্রোতার কল্যাণ কামনায়— ব্যথিত হন আমাদের অসতর্কতায়। তিরস্কার করেন আমাদের উদাসীনতায়... দীর্ঘক্ষণ এবং বিভিন্নভাবে। কত রকম উদাহরণ দিয়ে। কত সময় যায়—সকালের সূর্য হয়তো উঠে আসে আরও অনেক উপরে। ধীরে ধীরে মসজিদের বাইরে সূর্যের তীব্রতা বাড়ে। কিন্তু আশ্চর্য! কোনো বিরক্তি আসে না। হৃদয় যেন বিগলিত। তার প্রতিটি উপদেশের সাথে ঝরে পড়ে স্নেহের ফল্গুধারা। প্রতিটি নিষেধের পেছনে চুপটি করে বসে থাকে তার অকৃপণ মনের স্নিগ্ধ মমতা আর উষ্ণ ভালোবাসা। তার আগে এভাবে আর কোনো গ্রন্থে কেউ লেখেনি—কেউ বলেনি।
বলে রাখা ভালো—এ গ্রন্থের মূল্যায়ন করা আমার পক্ষে শুধু অসম্ভবই নয়; তা হবে এক চরম রকমের বেয়াদবি। আমি শুধু আমার মনের অনুভূতির কথা ব্যক্ত করতে পারি। আর কোনো 'অর্বাচীন'র অনুভূতি 'অর্বাচীন' ভেবে এড়িয়ে যাওয়া বুদ্ধিমান ব্যক্তির জন্য কঠিন কিছু নয়।
এরপর এ গ্রন্থের অনুবাদ করতে চাওয়াও ছিল এক দুঃসাহসিকতার ব্যাপার—অন্তত আমার জন্যে। তবুও 'সাহস' দেখানোর মূল কারণ ছিল হৃদয়ের এক অদৃশ্য টান। তার লেখাগুলোর সাথে আমার সাহিত্যমানসিকতার কেন যেন একটি অদৃশ্য বন্ধুতা অনুভব করি। কেন যেন মনে হয়—তিনি যদি আমাদের যুগে জন্মাতেন, বিশ্বের সাহিত্যাকাশে এক অনন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে দেখা দিতেন। যদিও লেখার বৈচিত্র্যে সময়ের তুলনায় তখনো তিনি ছিলেন অনন্য এবং অসাধারণ।
বহু আগে থেকেই আমি তার প্রতি অন্যরকম এক দুর্বলতা ধারণ করি। তার 'কিতাবুল আযকিয়া' দিয়েই সাজিয়েছিলাম আমার 'বুদ্ধির গল্প' ও 'বুদ্ধির জয়'-এর অধিকাংশ গল্প। কেমন যেন তার থেকে একটি প্রীতিকর সৌরভের ঘ্রাণ পাই—এতদিন পর, এতদূর থেকে কোনোদিন না দেখেও...। যেমনটি তিনি নিজেই তার গ্রন্থের মধ্যে লিখেছেন—অতীত মানুষের বিষয়ে শোনা ও পড়া—দেখারই বিকল্প। তাই এ গ্রন্থের অনুবাদের মূল উৎসাহদাতা হলো হৃদয়ের আকর্ষণ। নতুবা কিছুতেই এটা নিয়ে এভাবে আমার দীর্ঘদিন ব্যস্ত থাকা ও শ্রম দেওয়া সম্ভব হতো না।
অনুবাদের ক্ষেত্রে যথাসম্ভব পুনরাবৃত্তিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যুগের দীর্ঘ অতিবাহনের প্রেক্ষিতে যে বিষয়গুলো আজকে আর তেমন প্রয়োজন নেই এবং আমাদের পরিবেশে যার প্রাসঙ্গিকতা নেই—অনুবাদে সেগুলোকেও বাদ রাখা হয়েছে।
আমার জানামতে, কিতাবটির অনেকগুলো অনুলিপি বা সংস্করণ (আরবিতে বলা হয় 'নুসখা') রয়েছে। আমি যেটা থেকে অনুবাদ করেছি সেটি মিসরের 'দারুল হাদিস' থেকে প্রকাশিত। এর তাহকিক ও তাখরিজ করেছেন ড. সাইয়েদ মুহাম্মদ সাইয়েদ এবং উস্তাদ সাইয়েদ ইবরাহিম সাহেব। উৎস বর্ণনার ক্ষেত্রে মৌলিকভাবে তাদেরকেই অনুসরণ করা হয়েছে—কিন্তু সহজতার জন্য অনেক জায়গায় 'আল-মাকতাবাতুশ শামেলা'-এর উদ্ধৃতিও প্রদান করা হয়েছে।
গ্রন্থটি লিখিত হয়েছে লেখকের মনের মাঝে তাৎক্ষণিক উদ্ভাবিত উদ্ভাসিত কিছু চিন্তা ও ভাবনার মিশ্রণে। নির্দিষ্ট কোনো বিষয়ের বিশদ বিবরণ, তাহকিক ও বিশ্লেষণ না করে—তবুও বিষয়গুলো কত গভীর! সূক্ষ্ম। কালোত্তীর্ণ এবং শিক্ষণীয়! এই পদ্ধতিটি আমাদের অনেকের চিন্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করে দিতে সক্ষম। গ্রন্থের এই বৈশিষ্ট্যের কথা আমাদের আরেক রাহবার। আবু তাহের মিছবাহ দা. বা. তাঁর এক লেখায় উল্লেখ করেছেন। এবং এভাবে কিছু লেখা তিনি নিজেও লিখেছেন। হয়তো আরও কেউ লিখেছেন এবং লিখছেন। তবে আমাদের সাম্প্রতিকতম ঝলকিত দৃষ্টান্ত হলেন মাওলানা সফিউল্লাহ ফুয়াদ সাহেব। তাঁর ‘একজন শিক্ষক: দর্পণ ও দর্শন’ এ ধরনের এক আলোকবর্তিকা। তবে এটা ঠিক—ব্যক্তি ও যুগের ভিন্নতায় উপস্থাপন; দৃষ্টিভঙ্গি, বিষয় ও পদ্ধতির ক্ষেত্রে ভিন্নতা আসাই স্বাভাবিক।
এবার বইটির প্রকাশনাবিষয়ে কিছু বলে শেষ করি—বইটির কলেবর ছোট নয়। এমন সাইজের একটি বই সর্বাঙ্গীন সুন্দর করে প্রকাশনার কাজটিও সহজ নয়। তবুও সার্বিক কল্যাণ বিবেচনায় ‘মাকতাবাতুল হাসান’-এর স্বত্বাধিকারী রাকিবুল হাসান খান এটি প্রকাশের যে উদ্যোগ নিয়েছেন, তা খুবই প্রশংসার যোগ্য এবং সাহসের পরিচায়ক। ধারণা করি, বাংলা প্রকাশনার জগতে এটি একটি ব্যতিক্রমধর্মী এবং মূল্যবান সংযোজন বলে বিবেচিত হবে। আল্লাহর নিকট তার সার্বিক সফলতা কামনা করি।
সকল প্রশংসা আল্লাহর। তিনি লেখক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক ও পাঠকসহ বইটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলকে উত্তম বিনিময় দান করুন। আমিন।
শামীম আহমাদ
মিরপুর ঢাকা
📄 লেখকের সংক্ষিপ্ত জীবনপরিচিতি
আমাদের সালাফদের মধ্যে যে সকল মনীষী তাদের ইলম, মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে দ্বীনি ময়দানে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, আল্লামা ইবনুল জাওযি রহ. তাদের মধ্যে অন্যতম। বিশেষভাবে-একই সাথে তার নসিহত ও লেখা, সমান গতিতে যেভাবে উম্মতের রাহবারি করেছে, এমন সমন্বয় খুব কম মনীষীর মধ্যেই দেখা গেছে। অনেক পরে আবার যেমনটি দেখা দিয়েছিল হজরত আশরাফ আলি থানবি রহ.-এর ক্ষেত্রে। আল্লামা ইবনুল জাওযি রহ. ছিলেন যেন ইলমের সাগর।
এই মহান মনীষী ৫১০ হিজরি সালে [১১২৬ খ্রিষ্টাব্দে] বসরার জাওযা নামক মহল্লায় জন্মগ্রহণ করেন।
তবে এই সাল নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। তিনি নিজে যেহেতু স্পষ্টভাবে কিছু বলে যেতে পারেননি, এ কারণে অন্যরা কয়েকটি সালের কথা বলে থাকেন। সকলেই অবশ্য ৫০৮-৫১৭ এর মধ্যে রয়েছেন। তবে ৫১০ সালটি অধিক প্রসিদ্ধ এবং সঠিক হওয়ার সবচেয়ে কাছাকাছি।
তাঁর সম্বন্ধবাচক নাম আল-জাওযি। বসরার একটি মহল্লার নাম জাওযা। তাঁর দিকে সম্পর্ক করে তাকে 'জাওযি' বলা হয়। কেউ বলেন, তাঁর একজন পূর্বপুরুষ জাফর সেই জাওযা নামক মহল্লার অধিবাসী ছিলেন। সেই দিকে সম্বন্ধ করে তাকে 'জাওযি' বলা হয়।
তাঁর বাবার নাম আলি। তাঁর পুরো পরিচয়টা এভাবে বলা যায়- জামালুদ্দিন আবুল ফারাজ আবদুর রহমান ইবনে আলি ইবনে মুহাম্মদ ইবনে আলি ইবনে উবাইদুল্লাহ আল-কুরাশি আত-তামিমি আল-বাগদাদি, হাম্বলি।
তাঁর বয়স যখন তিন বছর, তখন তাঁর পিতা ইন্তেকাল করেন। তার মা ও ফুফু তখন তার লেখাপড়া ও প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে হিফজ সম্পন্ন করেন। এরপর বহু দূর-দূরান্তের উস্তাদদের নিকট ইলম শিক্ষার জন্য সফর করেন। লেখাপড়ার জন্য তিনি অনেক কষ্ট ও মুজাহাদা করতেন। সামান্য শুকনো রুটি দিয়ে আহার সমাধা করতেন। সমসাময়িক প্রায় ৭৮ জন আলেমের নিকট তিনি শিক্ষা গ্রহণ করেন। তাদের মধ্যে প্রসিদ্ধতম হলেন, আবু বকর আদ-দীনওয়ারি (মৃত্যু: ৫৩২ হি./১১৪৪-৪৫), আবুল ফজল ইবনুন নাদির (মৃত্যু: ৫৫০ হি./১১৫৫ খ্রি.), আবু হাকিম আন-নাহরাওয়ানি (মৃত্যু: ৫৫৬ হি./১১৬১ খ্রি.) আবু ইয়ালা রহ. (মৃত্যু : ৫৫৮ হি./১১৬৩ খ্রি.), ইবনে রজব হাম্বলি রহ.।
ইবনুল জাওযি রহ. প্রখর মেধা ও প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর উস্তাদ ইবনুয যাগুনী রহ. লোকদের ওয়াজ-নসিহত করতেন। সেখানে অনেক লোকের সমাগম হতো। সে সময় এটি একটি বিশেষ মর্যাদার বিষয় ছিল। উস্তাদের মৃত্যুর পর নিজের যোগ্যতার কারণে ইবনুল জাওযি রহ. তাঁর স্থলাভিষিক্ত হতে পারতেন; কিন্তু তখন তাঁর বয়স অল্প হওয়ায় তা সম্ভব হয় না। অবশ্য কিছুদিন পরই তিনি সেই স্থান অধিকার করেন এবং তিনি এ ময়দানে আরও বেশি প্রসিদ্ধি ও দক্ষতা অর্জন করেন। তার জ্ঞানগর্ভ আলোচনা ও আলংকারিক বাক্যবিন্যাস চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি জামিউল মানসুরে ওয়াজ করার যোগ্যতা অর্জন করেন। খলিফা আল মুকতাফির ওজির ইবনে হুবায়রার গৃহে অনুষ্ঠিত ওয়াজ-মাহফিলেও তিনি ওয়াজ করেছেন। এরপর খলিফা আল মুসতানজিদের শাসনামলে (৫৫৫-৬৬ হি./১১৬০-৭০ খ্রি.) তিনি শাহি মসজিদে ওয়াজ করা শুরু করেন। সমকালীন খলিফাগণও তাঁর ওয়াজের মজলিসে উপস্থিত হতেন। তার ওয়াজে দশ হাজার থেকে এক লক্ষ লোকের সমাগম হতো। জনগণ তার নসিহত ও উপদেশ শুনে খুব প্রভাবিত হতো। প্রায় লক্ষাধিক মানুষ তার হাতে সরাসরি তাওবা করেছেন। প্রায় বিশ হাজার ইহুদি ও খ্রিষ্টান তার হাতে ইসলাম গ্রহণ করেছেন।
হজরত ইবনে কাসির রহ. তাঁর ওয়াজের ব্যাপারে বলেন, 'নসিহত প্রদানের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। তার আগে কেউ আর এমনটি ছিল না—তার পদ্ধতি, ধরণ, ভাষার বিশুদ্ধতা, বিন্যাস, মিষ্টতা, হৃদয়গ্রাহিতা, বিস্ময়কর সকল চিন্তা ও ভাবনা। গভীরতম কথা। তিনি এগুলো এমনভাবে বলতেন, যেন মানুষজন সেগুলো চাক্ষুষ দেখতে পেত। প্রত্যক্ষ অনুভব করতে পারত। অতি দ্রুত তারা সেগুলো বুঝেও যেত। সহজ কথা ও বাক্যে তিনি গভীরতম অর্থ ধারণ করতে পারতেন।'
এরপর খলিফা আল মুসতাদিও তাঁর ওপর বিশেষ নজর রাখতেন। ইবনুল জাওযি রহ. খলিফার নামে—আল মিসবাহুল মুদি ফি দাওলাতিল মুসতাদি' নামক একটি গ্রন্থও রচনা করেন।
৫৭০ সালের দিকে তিনি দারব দীনার-এ একটি মাদরাসা প্রতিষ্ঠিত করেন এবং সেখানে পাঠদান শুরু করেন। এ বছরই তিনি তাঁর ওয়াজের মাধ্যমে সম্পূর্ণ কোরআনের তাফসির সমাপ্ত করেন। মুসলিম বিশ্বে তিনিই প্রথম ব্যক্তি, যিনি ওয়াজ-অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কোরআনের তাফসির সমাপ্ত করেন।
তিনি একজন বড় কবিও ছিলেন। কবিদের অনেক কবিতাও তাঁর ছিল মুখস্থ ও কণ্ঠস্থ।
তিনি নফল ইবাদতের চেয়ে ইলমচর্চাকে বেশি প্রাধান্য দিতেন। জুহুদ বা কৃচ্ছসাধনার প্রতি তাঁর কোনো অনুরাগ ছিল না। তিনি বরং পানাহার ও স্মরণশক্তি বর্ধক খাদ্যের প্রতি গুরুত্বারোপ করতেন এবং পোশাক-পরিচ্ছদের প্রতিও বিশেষ দৃষ্টি দিতেন।
অনেক খলিফাই তাঁর প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন। কিন্তু তিনি কোনোদিন সম্পদ বা ক্ষমতা লাভের জন্য কোনো খলিফার সাথে সম্পর্ক স্থাপন করেননি। তিনি তাদের মাধ্যমে কখনো দুনিয়ার বিষয়-আশয়ও কামনা করেননি। সত্য প্রকাশে তিনি কখনো পিছপা হননি। 'লিফতাতুল কাবিদ ফি নাসিহাতিল ওয়ালাদ' গ্রন্থে তিনি বলেন, জীবিকা অর্জনের জন্য আমি কখনো কোনো আমিরের তোষামোদ করিনি।
তিনি বিদ’আতের এত কঠোর সমালোচনা করতেন যে, কখনো কখনো এটা তার নিজের অনুসারীদের জন্যও কঠিন হয়ে পড়ত। এমনকি ইমাম গাজ্জালি রহ. রচিত ‘ইহইয়াউ উলুমিদ্দিন’ গ্রন্থের কিছু দুর্বল হাদিসের সমালোচনা করে এর উপকারকে নিষ্কলুষ করার জন্য এটিকে তিনি নতুনভাবে লিপিবদ্ধ করেন।
ওয়াজের মতো রচনা-সংকলনেও তাঁর সমান আগ্রহ ছিল। যে গতিতে তিনি ওয়াজ করতেন, একই গতিতে রচনার কাজেও নিয়োজিত থাকতেন। তিনি নিজেই বলেছেন, তিনি প্রায় তিনশত গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে কয়েকটি আবার কয়েক খণ্ড-সংবলিত। তাঁর সময় পর্যন্ত কোনো মুসলিম লেখক এত বেশি গ্রন্থ রচনা করেননি।
তাঁর বাক্যবিন্যাস ছিল খুব সহজ ও সৌন্দর্যমণ্ডিত। বক্তব্যের মধ্যে অনেক উদাহরণ এবং ছোট ছোট ঘটনা উল্লেখ করতেন। পাঠক এবং শ্রোতা এতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওয়াজের ক্ষেত্রে তিনি কখনো কখনো দুর্বল হাদিসও বর্ণনা করেছেন। কিন্তু ‘উলুমুল হাদিস’ হাদিস-সংক্রান্ত ইলমি গ্রন্থে তিনি ছিলেন খুবই কঠোর এবং মুহাqক নজরের ব্যক্তি।
তাঁর রচনাগুলোর অধিকাংশই ছিল সংকলন ধরনের। এ সম্পর্কে তিনি নিজেই বলেন, তিনি এই সকল বিষয়ের অনেক বিষয়ের রচয়িতা নন; সংকলকমাত্র।
তবুও অধিকাংশ আলেমের মত হলো—তাঁর সকল রচনাই প্রশংসার যোগ্য।
জীবনের শেষ দিকে এসে তাঁকে জেল খাটতে হয়েছে। প্রায় পাঁচ বছর জেলখানায় বন্দি ছিলেন। এটা হয়েছিল কিছু ভ্রান্ত মানুষ ও হিংসুকের প্ররোচনার কারণে। তারা খলিফার নিকট বিভিন্ন অভিযোগ করতে থাকে। পরিণামে তাঁকে বাগদাদ থেকে দূরে ‘ওয়াসেত’ শহরে বন্দি করে রাখা হয়। তাঁর আত্মীয়স্বজনের ওপর অত্যাচার করা হয়। বাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
এই পুরো বিষয়টার পেছনে মনে করা হয় ইবনুল কাসসাব আশ- শাঈর হাত ছিল। সে-ই ষড়যন্ত্র করে এটা করেছিল। আর ষড়যন্ত্রের সুযোগ পেয়েছিল একারণে যে, ইবনুল জাওযি রহ. আমির-উমারা, রাজা-বাদশাহ ও শাসকদের অনিয়ম-দুর্নীতি ও জুলুমের কঠিন সমালোচনা করতেন। তিনি তাদেরকে কখনো ভয় করে চলতেন না। ভয় করে কথা বলতেন না।
তবে অনেকে এটাও বলেন—হজরত আবদুল কাদের জিলানি রহ. এর পুত্র এবং তাঁর মাঝে কিছু বিষয় নিয়ে মতবিরোধ ছিল। কারণ, ইবনুল জাওযি আবদুল কাদের জিলানির অনুসারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি তাঁর সববিষয়ে সহমত পোষণ করতেন না। তাঁর বন্দি হওয়ার ক্ষেত্রে এটাও একটা উপলক্ষ্য হতে পারে। ফ্রী-স্ট্যান্ড
অবশেষে পাঁচ বছর জেলে বন্দি থাকার পর খলিফার মায়ের হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন। ফ্রীকা-কাট একটি ইতিরিয়ামিটার
এরপর তিনি বাগদাদে ফিরে আসেন। এর দু-বছর পর তিনি সাধারণ রোগে ৫৯৭ হি./১২০০ খ্রি. সালে রমজানে জুমার দিন ইন্তেকাল করেন। তার মৃত্যুর দিন বাগদাদের সকল দোকান-পাট বন্ধ ছিল। পুরো শহর শোকে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
তার কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম:
১. আল-মুনতাজাম, ফি তারিখিল মুলুকি ওয়াল উমাম। (ইতিহাস সম্পর্কিত অসাধারণ একটি গ্রন্থ।)
২. সিফাতুস সাফওয়া। গ্রন্থটি মূলত আবু নুয়ায়ম ইসফাহানির 'হিলইয়াতুল আওলিয়া' গ্রন্থের সমালোচনাসহ সারসংক্ষেপ।
৩. তালবিসু ইবলিস। শয়তানের বিভিন্ন চক্রান্ত ও কৌশল নিয়ে আলোচনা—শয়তান যা দিয়ে সে জনসাধারণকে ভ্রান্ত ও পথভ্রষ্ট করে।
৪. কিতাবুল আযকিয়া। মেধা ও বুদ্ধির বিবরণ। এরপর বুদ্ধিদীপ্ত ছোট-বড় অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে।
৫. কিতাবুল হাছছি আলা হিফজিল ইলম। জ্ঞান সংরক্ষণ করার প্রয়োজনীয়তা এবং ধরন-পদ্ধতি সম্পর্কে আলোচনা।
৬. কিতাবুল হুমাকা ওয়াল মুগাফফালিন। গ্রন্থটিতে নির্বোধ-বোকা ও অলসদের কাহিনি বর্ণনা করা হয়েছে।
৬. আল মাওদুআতুল কুবরা মিনাল আহাদিছিল মারফুআ। প্রচলিত বিভিন্ন জাল হাদিস নিয়ে আলোচনা। চার খণ্ডে সমাপ্ত।
৭. যাম্মুল হাওয়া। এ গ্রন্থে প্রবৃত্তি, প্রেম ও অনুরাগের ক্ষতিসমূহের বর্ণনা দেওয়া হয়েছে। এবং এর থেকে মুক্তির উপায়ও বর্ণনা করা হয়েছে।
৮. কিতাবুল কুসসাস ওয়াল মুযাককিরিন। এতে খ্যাতিমান ধর্মীয় কাহিনিকারদের কথা বলা হয়েছে। তাদের কিছু হাস্যকর বিষয়ও উল্লেখ করা হয়েছে।
৯. কিতাবু আআজিবিল খুতাব। তেইশটি বক্তৃতার সংকলন।
১০. আল মুগনি ফিল কিরাআত।
১১. নাফইয়ুত তাশবিহ।
১২. তাকওয়িমুল লিসান।
১৩. মানাকিবু আহমাদ।
১৪. আন নাসিখু ওয়াল মানসুখ।
১৫. মানহাযুল উসুল ইলা ইলমিল উসুল।
১৬. মানহাযুল ইসাবাহ ফি মাহাব্বাতিস সাহাবা।
তার এক বিখ্যাত দুআ ছিল এমন-
إلهي لا تعذب لسانا يخبر عنك، ولا عينا تنظر إلى علوم تدل عليك ولا قدماً تمشي إلى خدمتك ولا يداً تكتب حديث رسولك. فبعزتك لا تدخلني النار فقد علم أهلها أني كنت أذب عن دينك.
হে আমার প্রভু, আপনি এমন জিহ্বাকে শাস্তি দিয়েন না, যা আপনার বিষয়ে মানুষদের খবর দিয়ে বেড়ায়। এমন চোখকেও শাস্তি দিয়েন না, যা এমনসব ইলমের দিকে তাকায়, যা আপনার অস্তিত্বের প্রমাণ। এমন দুটি পা-কেও শাস্তি দিয়েন না, যা আপনার ইবাদতের জন্য হাঁটে। এমন হাতকে শাস্তি দিয়েন না, যা আপনার রাসুলের হাদিস লেখে। এবং হে রহমশীল, আপনার মর্যাদার ওয়াস্তে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। কারণ, লোকেরা তো জানে- আমি আপনার দ্বীনের সংরক্ষণেরই কাজ করতাম!
📄 উপদেশ গ্রহণে মানুষের বৈশিষ্ট্য
মানুষ যখন ওয়াজ বা বক্তৃতা শোনে, তখন তার মধ্যে এক ধরনের আবেগ ও জাগরণের সৃষ্টি হয়। কিন্তু যখন সে আলোচনার মজলিস থেকে বেরিয়ে আসে, তখন তার মধ্যে সেই আবেগ ও জাগ্রতভাব আর থাকে না। তার হৃদয়ে আবার ফিরে আসে আগের সেই কঠিন অলসতা ও উদাসীনতা।
আমি এর কারণ নিয়ে চিন্তা-ভাবনা করতে লাগলাম- কেন এমনটি হয়? লক্ষ করে দেখলাম, এক্ষেত্রে মানুষের অবস্থার মধ্যে বৈচিত্র্য রয়েছে। একেক জনের অবস্থা একেক রকম। তবে তাদের সাধারণ অবস্থা হলো, উপদেশ শোনার সময়ে আর পরে অন্তর এক অবস্থায় থাকে না। দু-সময়ের চেতনা ও আবেগে তাই স্বভাবতই ভিন্নতা পরিদৃষ্ট হয়। সাধারণভাবে এটি হয় দুই কারণে-
১. ওয়াজ-উপদেশ হলো চাবুকের মতো। চাবুক যখন শরীরে আঘাত করে তখন যেভাবে আঘাত ও ব্যথা লাগে, পরে আর সেই আঘাত ও ব্যথা থাকে না।
২. মানুষ ওয়াজ-উপদেশ শোনার সময়ে এক ধরনের তৃপ্তি ও উপভোগ্যতার মধ্যে অবস্থান করে। তার শরীর ও মন দুনিয়ার সকল কিছু থেকে বিচ্ছিন্ন থাকে। হৃদয় থাকে শ্রবণের প্রতি নিমগ্ন। অন্তর থাকে বিগলিত। কিন্তু যখন সে মজলিস থেকে বেরিয়ে আসে এবং জীবনের নানান ব্যস্ততা ও কাজের সঙ্গে জড়িয়ে যায় তখন তার পারিপার্শ্বিকতা তাকে আবার সেগুলোর দিকেই আকৃষ্ট করে ফেলে। তাকে আবার নগদ সুখ, দুঃখ ও পার্থিবতার দিকে টেনে নেয়。
এবার বলুন, তখন কীভাবে অন্তরের সেই অবস্থা বাকি থাকবে, উপদেশ শোনার সময় তার যে অবস্থা ছিল?
তো এটিই হলো মানুষের সাধারণ অবস্থা। তবে হ্যাঁ, প্রভাব অবশিষ্ট থাকার ক্ষেত্রে জাগ্রত মননের অধিকারী ব্যক্তিদের অবস্থা ভিন্নতর হয়ে থাকে। যেমন,
১. এমন কিছু প্রত্যয়ী ব্যক্তি আছে, যারা কোনো প্রকার দ্বিধা ছাড়া দৃঢ় সংকল্প গ্রহণ করে নেয়। এরপর সময়ের অতিক্রম সত্ত্বেও যাদের চেতনা ও প্রত্যয়ের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তারা সব সময় লক্ষ্য ও সংকল্পের ব্যাপারে সজাগ ও সচেতন থাকে। মনের কোনো দুর্বল মুহূর্তেও যদি নিজের ভেতর কোনো পরিবর্তন দেখতে পায়, তাহলে তৎক্ষণাৎ তার সচেতন প্রাণ বিচলিত হয়ে ওঠে। এই তারতম্য সে কিছুতেই মেনে নিতে পারে না। যেমন হজরত হানজালা রা.-এর ঘটনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে আসার পর হৃদয়ের পরিবর্তন দেখে তিনি নিজের ব্যাপারে বলে উঠেছিলেন, نافق حنظلة হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আহা, কে বুঝবে ঈমানের এই দৃঢ়তা!
২. দ্বিতীয় প্রকার ব্যক্তিরা হলো এমন, যাদের আগের সেই উদাসীন মন কখনো তাদেরকে উদাসীনতার মধ্যে ডুবিয়ে রাখে। আবার কখনো শ্রুত উপদেশগুলি আমলের দিকে উৎসাহিত করে। তাদের দৃষ্টান্ত সেই গমের শীষের মতো, বাতাস যাকে একবার এক দিকে দোলায়, তো আরেকবার অন্য দিকে।
৩. তৃতীয় প্রকার ব্যক্তিরা হলো তারা, উপদেশের প্রভাব যাদের ভেতর ঠিক ততক্ষণ কার্যকর থাকে, যতক্ষণ তারা শোনে। এরপর সব ভুলে বসে থাকে। তাদের দৃষ্টান্ত শুকনো পাথরের ওপর প্রবাহিত পানির মতো।
টিকাঃ
*. এর দ্বারা সেই হাদিসের দিকে ইশারা করা হয়েছে- যা ইমাম মুসলিম রহ. তাঁর 'সহিহ মুসলিম' এ উল্লেখ করেছেন। সেখানে হাদিসটি বর্ণিত হয়েছে এভাবে- عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيَّ عَنْ حَنْظَلَةَ الْأُسَيِّدِي قَالَ وَكَانَ مِنْ كُتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ كَيْفَ أَنْتَ يَا حَنْظَلَةُ قَالَ قُلْتُ نَافَقَ حَنْظَلَةُ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا تَقُولُ قَالَ قُلْتُ نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأَي عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَافَسْنَا الْأَزْوَاجَ وَالْأَوْلَادَ وَالضَّيْعَاتِ فَنَسِينَا كَثِيرًا قَالَ أَبُو بَكْرٍ فَوَاللَّهِ إِنَّا لَتَلْقَى مِثْلَ هَذَا فَانْطَلَقْتُ أَنَا وَأَبُو بَكْرٍ حَتَّى دَخَلْنَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ نَافَقَ حَنْظَلَهُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا ذَاكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ تَكُونُ عِنْدَكَ تُذَكَّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأَي عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِكَ عَافَسْنَا الْأَزْوَاجَ وَالْأَوْلَادَ وَالضَّيْعَاتِ نَسِينَا كَثِيرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً ثَلَاثَ مَرَّات . [সহিহ মুসলিম: ৪/১২-১৩/ ২১০৬-২১০৭, মুসনাদে আহমদ: ৪/৪৬]