📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 মীমাংসা

📄 মীমাংসা


ইরাকীদের অধিকাংশ ও সিরীয়দের সর্বাংশ সমঝোতা ও যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহী হয়ে উঠলো। ফলে দীর্ঘ পত্র-বিনিময় ও আলাপ-আলোচনার পর উভয় পক্ষ সালিসী ব্যবস্থায় সম্মত হলো অর্থাৎ আলী ও মু'আবিয়া (রা) উভয়ে নিজ নিজ পক্ষে একজন করে সালিস নিযুক্ত করবেন। অতঃপর উভয় সালিস মুসলমানদের জন্য যা কল্যাণকর সে বিষয়ে একমত হবেন। হযরত মু'আবিয়া (রা) আমর ইবনুল 'আস (রা)-কে উকিল নিযুক্ত করলেন। হযরত আলী (রা)-এর পক্ষে একদলের চাপে আবু মূসা আশ'আরী (রা)-কে মীমাংসাকারী সাব্যস্ত করা হলো। সালিসদ্বয় আলী ও মু'আবিয়া (রা) এবং উভয় সেনা শিবির হতে এ মর্মে ওয়াদা ও প্রতিশ্রুতি নিলেন যে, সালিসন্বয় ও তাদের পরিবার-পরিজন সর্বাবস্থায় নিরাপদ থাকবেন এবং যে সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন তাতে উম্মাত তাদের সাহায্যকারী হবে।

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 খারিজীদের দলত্যাগ

📄 খারিজীদের দলত্যাগ


সালিস-বিষয়ক পত্র শোনার পর বনী তামীম গোত্রের উরওয়া ইব্‌ন ওয়ায়না নামক এক ব্যক্তি বলে উঠলো, "আল্লাহর দীনের ব্যাপারে মানুষকে তোমরা বিচারক সাব্যস্ত করছো?" এখান থেকেই প্রথম দলত্যাগের সূচনা হয় যা খারিজী সম্প্রদায়ের জন্ম দেয়। তাদের স্লোগান ছিলো: لا حكم الا الله "আল্লাহ্ ছাড়া কারো বিধান প্রদানের অধিকার নেই।"

আলী (রা) কুফায় প্রত্যাবর্তন করলেন। শহরে প্রবেশের পূর্ব মুহূর্তে তাঁর বাহিনীর প্রায় বার হাজার সৈন্য দলত্যাগ করলো। তারা 'হারুরা' নামক এলাকায় জমায়েত হলো। এরপর তারা নাহরওয়ান অঞ্চলে সংঘবদ্ধ হলো। এদিকে সালিসদ্বয় দাওমাতুল জান্দাল এলাকায় বৈঠকে মিলিত হলেন। তাঁরা সিদ্ধান্ত নিলেন যে আলী ও মু'আবিয়া উভয়কে অপসারিত করে বিষয়টি মুসলমানদের পরামর্শের ওপর ন্যস্ত করবেন। কিন্তু জনসমক্ষে ঘোষণার সময় আমর ইবনুল আ'স (রা) চাতুর্য অবলম্বন করে মু'আবিয়াকে বহাল রাখার ঘোষণা দিলেন। এতে উভয় সালিসের মাঝে বাদানুবাদ হলো। অন্যদিকে খারিজীরা আবদুল্লাহ্ ইব্‌ন ওয়াহব রাসেদীর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করলো। [আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭ম খণ্ড, পৃষ্ঠা-২৮৭]

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 হযরত আলী (রা)-এর সালিসী প্রস্তাব গ্রহণ ও তাঁর প্রতি খারিজীদের অবিচার

📄 হযরত আলী (রা)-এর সালিসী প্রস্তাব গ্রহণ ও তাঁর প্রতি খারিজীদের অবিচার


গবেষক আল আক্কাদ বলেন, সালিসী প্রস্তাব গ্রহণের 'অপরাধে' যারা আলী (রা)-এর সমালোচনায় মুখর হয়েছে, তারা আসলে ভুলে যান যে, আলী (রা) তাঁর সৈন্যবাহিনীর যুদ্ধ পরিত্যাগের মুখে এবং আপন শিবিরে সংঘর্ষের আশংকার মুখে অনন্যোপায় হয়েই তা মেনে নিয়েছিলেন। সমালোচক ঐতিহাসিকদের নিকট এর চেয়ে উত্তম কোন সমাধান কিন্তু ছিলো না। [আল-আবকারিয়াতুল ইসলামিয়‍্যাহ, পৃষ্ঠা ৯২৫-৬]

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 খারিজী ও সাবাঈ সম্প্রদায়

📄 খারিজী ও সাবাঈ সম্প্রদায়


বস্তুত হযরত আলী (রা) এক মহাঅগ্নিপরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। একের পর এক অতি ভয়াবহ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুকাবিলা তাঁকে করতে হয়েছিলো। এর পেছনে যে হিকমত ও নিগূঢ় রহস্য নিহিত ছিলো তা আল্লাহ্ই অধিক জানেন। তবে যে অনন্যসাধারণ গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ্ তাঁকে দান করেছিলেন এবং মানবীয় প্রতিভার যে অভাবনীয় প্রকাশ তাঁর সুমহান ব্যক্তিত্বে ঘটেছিলো এ যেন ছিলো আল্লাহপ্রদত্ত সেই প্রতিভা-সম্পদের অবশ্যম্ভাবী 'যাকাত'।

ফন্ট সাইজ
15px
17px