📄 সিফফীন যুদ্ধ
সিরিয়ায় প্রবেশের উদ্দেশে আমীরুল মুমিনীন আলী ইব্ন আবূ তালিব (রা) কুফা থেকে রওয়ানা হলেন। মু'আবিয়া (রা) সিরিয়ার সকল বাহিনীকে তলব করে জড়ো করলেন এবং ফুরাতের সিফফীন অঞ্চলের উদ্দেশে যাত্রা করলেন। আলী (রা) তাঁর বাহিনীকে নির্দেশ দিলেন যেন লড়াইয়ের আগে বারবার বায়'আত গ্রহণের আহ্বান জানানো হয়। উভয় পক্ষ সিফফীনে মুখোমুখি হলো। যুদ্ধ কয়েক দিনব্যাপী চললো। উভয় পক্ষই বীরত্বের পরিচয় দিলো।
বেলা বাড়ার সাথে সাথে বিজয়ের পাল্লা সিরীয়দের প্রতিকূলে ও ইরাকীদের অনুকূলে ঝুঁকতে লাগলো, এমন কি সিরীয় বাহিনীর পরাজয় আসন্ন হয়ে উঠলো। ঠিক সেই মুহূর্তে সিরীয়রা বর্শার অগ্রভাগে কুরআন শরীফ উত্তোলন করে আওয়াজ তুললো, এই কুরআন হলো আমাদের ও তোমাদের মাঝে ফায়সালাকারী। এতে ইরাকী বাহিনীর বড় একটি অংশ লড়াই বন্ধ করে কিতাবুল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা বললো। আলী (রা) তাদেরকে অনেক বোঝাতে চাইলেন যে এটি একটি কৌশল মাত্র, কিন্তু তারা নিবৃত্ত হলো না। [আল ইসাবা, ২য় খণ্ড, পৃষ্ঠা ৫১৩]
📄 মীমাংসা
ইরাকীদের অধিকাংশ ও সিরীয়দের সর্বাংশ সমঝোতা ও যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহী হয়ে উঠলো। ফলে দীর্ঘ পত্র-বিনিময় ও আলাপ-আলোচনার পর উভয় পক্ষ সালিসী ব্যবস্থায় সম্মত হলো অর্থাৎ আলী ও মু'আবিয়া (রা) উভয়ে নিজ নিজ পক্ষে একজন করে সালিস নিযুক্ত করবেন। অতঃপর উভয় সালিস মুসলমানদের জন্য যা কল্যাণকর সে বিষয়ে একমত হবেন। হযরত মু'আবিয়া (রা) আমর ইবনুল 'আস (রা)-কে উকিল নিযুক্ত করলেন। হযরত আলী (রা)-এর পক্ষে একদলের চাপে আবু মূসা আশ'আরী (রা)-কে মীমাংসাকারী সাব্যস্ত করা হলো। সালিসদ্বয় আলী ও মু'আবিয়া (রা) এবং উভয় সেনা শিবির হতে এ মর্মে ওয়াদা ও প্রতিশ্রুতি নিলেন যে, সালিসন্বয় ও তাদের পরিবার-পরিজন সর্বাবস্থায় নিরাপদ থাকবেন এবং যে সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন তাতে উম্মাত তাদের সাহায্যকারী হবে।
📄 খারিজীদের দলত্যাগ
সালিস-বিষয়ক পত্র শোনার পর বনী তামীম গোত্রের উরওয়া ইব্ন ওয়ায়না নামক এক ব্যক্তি বলে উঠলো, "আল্লাহর দীনের ব্যাপারে মানুষকে তোমরা বিচারক সাব্যস্ত করছো?" এখান থেকেই প্রথম দলত্যাগের সূচনা হয় যা খারিজী সম্প্রদায়ের জন্ম দেয়। তাদের স্লোগান ছিলো: لا حكم الا الله "আল্লাহ্ ছাড়া কারো বিধান প্রদানের অধিকার নেই।"
আলী (রা) কুফায় প্রত্যাবর্তন করলেন। শহরে প্রবেশের পূর্ব মুহূর্তে তাঁর বাহিনীর প্রায় বার হাজার সৈন্য দলত্যাগ করলো। তারা 'হারুরা' নামক এলাকায় জমায়েত হলো। এরপর তারা নাহরওয়ান অঞ্চলে সংঘবদ্ধ হলো। এদিকে সালিসদ্বয় দাওমাতুল জান্দাল এলাকায় বৈঠকে মিলিত হলেন। তাঁরা সিদ্ধান্ত নিলেন যে আলী ও মু'আবিয়া উভয়কে অপসারিত করে বিষয়টি মুসলমানদের পরামর্শের ওপর ন্যস্ত করবেন। কিন্তু জনসমক্ষে ঘোষণার সময় আমর ইবনুল আ'স (রা) চাতুর্য অবলম্বন করে মু'আবিয়াকে বহাল রাখার ঘোষণা দিলেন। এতে উভয় সালিসের মাঝে বাদানুবাদ হলো। অন্যদিকে খারিজীরা আবদুল্লাহ্ ইব্ন ওয়াহব রাসেদীর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করলো। [আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭ম খণ্ড, পৃষ্ঠা-২৮৭]
📄 হযরত আলী (রা)-এর সালিসী প্রস্তাব গ্রহণ ও তাঁর প্রতি খারিজীদের অবিচার
গবেষক আল আক্কাদ বলেন, সালিসী প্রস্তাব গ্রহণের 'অপরাধে' যারা আলী (রা)-এর সমালোচনায় মুখর হয়েছে, তারা আসলে ভুলে যান যে, আলী (রা) তাঁর সৈন্যবাহিনীর যুদ্ধ পরিত্যাগের মুখে এবং আপন শিবিরে সংঘর্ষের আশংকার মুখে অনন্যোপায় হয়েই তা মেনে নিয়েছিলেন। সমালোচক ঐতিহাসিকদের নিকট এর চেয়ে উত্তম কোন সমাধান কিন্তু ছিলো না। [আল-আবকারিয়াতুল ইসলামিয়্যাহ, পৃষ্ঠা ৯২৫-৬]