📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 হযরত আলী (রা)-এর বিলম্বিত বায়'আতের হিকমত

📄 হযরত আলী (রা)-এর বিলম্বিত বায়'আতের হিকমত


বিভিন্ন বিপ্লব ও সংস্কার আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, সেগুলোর উদ্ভব ও পরিণতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা খুবই তিক্ত। কেননা প্রতিটি সংস্কার প্রচেষ্টার সূচনা হতো 'মানব সমাজের সংশোধন এবং অন্যায় ও অসত্যের অপসারণ, এই উদাত্ত আহ্হ্বানের মাধ্যমে। কিন্তু তা পরিণতি লাভ করতো বিপ্লব ও আন্দোলনের প্রবর্তক যিনি তার 'শক্তি ও ক্ষমতা' প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তাই বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তিগণ যে কোন আদর্শিক বিপ্লব ও সংস্কার আন্দোলন সম্পর্কে অতি সতর্ক ও সংবেদনশীল মনোভাব প্রদর্শন করে থাকেন।
কুরায়শ নেতা আবু সুফিয়ানকে রোম-সম্রাট হিরাক্লিয়াসের 'জিজ্ঞাসাবাদ' থেকেও বিষয়টি বেশ পরিষ্কাররূপে ফুটে ওঠে।

ইসলামের নবীর পক্ষ হতে 'দাওয়া-পত্র' পেয়ে রোম সম্রাট হিরাক্লিয়াস আবূ সুফিয়ানকে তলব করে 'নবী' সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং যে অনুভূতি ও মন্তব্য প্রকাশ করেছিলেন তা একদিকে যেমন সম্রাটের গভীর জ্ঞান ও প্রজ্ঞার পরিচায়ক তেমনি তা কোন নব-বিপ্লব সম্পর্কে মানুষের স্বভাব সতর্কতার প্রমাণ। বিভিন্ন প্রশ্নের মাঝে আবু সুফিয়ানকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তাঁর পূর্বপুরুষের কেউ কি বাদশাহ ছিলেন? আবু সুফিয়ান বললেন, না।
শেষ পর্যায়ে সম্রাট মন্তব্য করলেন, তুমি বলেছ, তাঁর পূর্বপুরুষে কেউ বাদশাহ ছিলেন না, তখন আমি ভাবলাম যে, তেমন যদি হতো তাহলে বলতে পারতাম যে, একজন মানুষ তার পূর্বপুরুষের রাজত্ব পুনরুদ্ধারের মতলব করছে। [বুখারী: অহীর সূচনা অধ্যায়।

এখন প্রশ্ন হলো, নবী ও নবুয়ত এবং দাঈ ও দাওয়াত সম্পর্কে রোম সম্রাট হিরাক্লিয়াস যেখানে 'পূর্বপুরুষে কেউ বাদশাহ ছিলেন না' এই ঐতিহাসিক ভিত্তির ওপর সিদ্ধান্ত গ্রহণ করছেন সেখানে এই নবুয়তি দাওয়াত যদি নবী ﷺ-এর ইন্তিকালের পরই নবী-পরিবারে 'শাসনধারা' জন্মই দিতো তাহলে অবস্থা কী দাঁড়াতো? এমন ভুল ধারণা কি দাওয়াতের পথে অন্তরায় হতো না যে, আল্লাহ্ না করুন পরিবারের উজ্জ্বল ভবিষ্যত সংরক্ষণ ও পারিবারিক ব্যবস্থা প্রবর্তনই ছিলো নবুয়তি দাওয়াতের উদ্দেশ্য?

সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান আল্লাহ্র ফায়সালা হিসেবেই নবী ﷺ-এর ইন্তিকালের পর আহলে বায়ত ও হাশিমী পরিবারের কোন সদস্য মুসলমানদের শাসনভার ও খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন নি, বরং যথাক্রমে বনু তায়ম গোত্রের হযরত আবূ বকর (রা) ও বনূ আদী গোত্রের হযরত উমর (রা) এবং বনু উমাইয়া গোত্রের হযরত উসমান (রা), এরপর চতুর্থ পর্যায়ে খিলাফতের দায়িত্ব অর্পিত হয় হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা)-এর ওপর, যখন উম্মাহর মাঝে তাঁর চেয়ে শ্রেষ্ঠ ও খিলাফতের জন্য তাঁর চেয়ে যোগ্য আর কেউ ছিলেন না। ফলে ভুল ধারণারও কোন অবকাশ ছিলো না। কেননা বিষয়টি তখন গোষ্ঠী ও পরিবারের পর্যায় অতিক্রম করে অগ্রাধিকার ও যোগ্যতার পর্যায়ে এসে গিয়েছিলো। দুষ্ট কথার কোন সুযোগ সেখানে ছিলো না। আর আল্লাহ্র ফায়সালা তো চিরঅটল।

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 নীতির প্রতি অবিচল সিদ্দীকে আকবরের প্রথম পরীক্ষা

📄 নীতির প্রতি অবিচল সিদ্দীকে আকবরের প্রথম পরীক্ষা


হাদীসবিশারদ ও ঐতিহাসিকগণ কর্তৃক সর্বসম্মতরূপে প্রমাণিত হাদীস এই যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,
انا معشر الانبياء لا نورت ما تركنا صدقة .
"আমরা নবীগণ মীরাস রেখে যাই না, আমরা যা রেখে যাই তা সাদাকারূপে গণ্য।" [মুসনাদে আহমাদ, ২য় খণ্ড, পৃষ্ঠা-৪৬৩]

নিজস্ব সনদে ইমাম আহমদ (র) হযরত আবূ হুরায়রা (রা) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا يقسم ورثتى دينارًا ولا درهماً ما تركت بعد نفقة نسائي ومعونة عاملي فهو صدقة .
"আমার ওয়ারিশগণ দীনার দিরহাম বাটোয়ারা করতে পারে না, আমার স্ত্রীদের খোরপোষ এবং আমার ব্যবস্থাপকের ভাতা বাবদ খরচের পর যা থাকবে তা সাদাকারূপে গণ্য হবে।"

বুখারী, মুসলিম ও আবু দাউদ (র) মালিক ইব্‌ন আনাস (র)-এর সূত্রে তাঁর নিজস্ব সনদে হযরত আবূ হুরায়রা (রা) হতে অভিন্ন শব্দে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া ইমাম বুখারী (র) উরওয়া (র)-এর সূত্রে, আর তিনি হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেছেন যে, নবী ﷺ-এর ইন্তিকালের পর স্ত্রীগণ মীরাস প্রার্থনা করে হযরত উসমান (রা)-কে হযরত আবূ বকর (রা)-এর নিকট পাঠাতে মনস্থ করলেন। তখন হযরত আয়েশা (রা) এই বলে বাধা দিলেন, আল্লাহ্র রাসূল তো বলেছেন, আমরা মীরাস রেখে যাই না, আমরা যা রেখে যাই তা সাদাকা।
ইমাম মুসলিম (র)-ও অনুরূপ হাদীস বর্ণনা করেন। বস্তুত এই নববী ফরমানই ছিলো শানে রিসালাতের উপযুক্ত এবং তাঁর সারা জীবনের নীতি ও আচরণের সাথে সঙ্গতিপূর্ণ। কেননা বিপদ-ঝুঁকির মুখে আহলে বায়ত ও বনূ হাশিমকেই তিনি আগে রাখতেন, অথচ গনীমত লাভের সময় তাদেরকে রাখতেন পেছনে। যেমন বদরের মাঠে কুরায়শের শ্রেষ্ঠ বীরদের বিরুদ্ধে দ্বন্দ্ব যুদ্ধের জন্য তিনি হামযা, আলী ও উবায়দা (রা)-কে ডেকেছিলেন, কিন্তু সাদাকা ও যাকাত গ্রহণ তাদের জন্য বারণ করেছেন, অথচ মুসলিম উম্মাহর ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সাদাকা যাকাতই হলো অন্যতম প্রধান অর্থ ক্ষেত্র। এ যেন ছিলো সম্পদের চিরপ্রবহমান এক স্রোতধারা যা কোনদিন শুকিয়ে যাবে না।

তদ্রূপ জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা অর্থের সুদ ও 'রক্তের শোধ' যখন বাতিল ঘোষিত হলো তখন তিনি চাচা আব্বাস ও আব্বাস (রা)-এর ভাতিজা ইব্‌ন রাবী'আকে দিয়ে তা শুরু করলেন। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে তিনি বললেন,
وربا الجاهلية موضوع ، واول ربا اضعه ربানা مربا العباس بن عبد المطلب ، ودماء الجاهلية موضوعة وان اول دم اضع من دمائنا دم ابن ربيعة بن الحارث .
"জাহিলিয়াতের সকল যুদ্ধ রহিত হলো এবং সবার আগে আমাদের আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিবের সুদ রহিত করলাম। তদ্রূপ জাহিলিয়াতের সকল 'রক্ত-শোধ' রহিত হলো এবং সবার আগে আমাদের ইব্‌ন রাবী'আ ইব্‌দুল হারিছের রক্ত শোধ রহিত করলাম।” [মুসলিম, অধ্যায়: হজ্জ, অনুচ্ছেদ: হিজ্জাতুন্নাবী।]

হযরত মু'আবিয়া (রা)-এর নামে লেখা এক পত্রে হযরত আলী (রা) নিজেও এ সত্য তুলে ধরেছেন এভাবে:
ঘোরতর যুদ্ধে মানুষের দিশেহারা অবস্থায় আপন পরিবারকেই তিনি আগে বাড়াতেন এবং তাদেরকে ঢাল বানিয়ে অন্যদেরকে তীর-তলোয়ারের সামনে থেকে রক্ষা করতেন। তাই বদরের যুদ্ধে ওবায়দার রক্ত ঝরেছে, ওহুদের মাঠে হামযা শহীদ হয়েছেন আর মুতার যুদ্ধে জাফর ইব্‌ন আবু তালিব জান দিয়ে ঝাণ্ডা রক্ষা করেছেন। [নাহজুল বালাগাহ, পৃষ্ঠা ৩৬৮-৩৬৯।]

ইতোমধ্যে এমন এক নাযুক পরিস্থিতির উদ্ভব হলো যা নীতি ও বিশ্বাসের প্রতি সিদ্দীকে আকবারের অবিচলতা ও আপন জ্ঞান মুতাবিক ন্যায় ও ইনসাফের প্রতি তাঁর চিরদায়বদ্ধতার উজ্জ্বলতম প্রমাণ হয়ে আছে। আর মানুষ তো নিজের জ্ঞান ও বিবেচনার কাছেই দায়বদ্ধ!
বস্তুত নীতি ও রাজনীতি এবং আবেগ ও শরীয়তের সমান্তরাল অবস্থানের কারণে বিষয়টি অতি সংবেদনশীল হয়ে পড়েছিলো। কিন্তু শরীয়তের বিধানকে তিনি আবেগ ও রাজনীতির ঊর্ধ্বে রেখেছিলেন এবং নবীর জীবন ও কর্ম সম্পর্কে তিনি যা জানতেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।

বুখারী শরীফে হযরত আয়েশা (রা)-এর বর্ণনায় ঘটনা এরূপ- হযরত ফাতিমা (রা) ও আব্বাস (রা) আবূ বকর (রা)-এর নিকট উপস্থিত হয়ে রাসূলুল্লাহ্ ﷺ -এর মীরাস হিসেবে খায়বার ও ফাদাক অঞ্চলের জমি ও হিস্সা দাবি করলেন। তখন আবূ বকর (রা) বললেন, রাসূলুল্লাহ্ ﷺ-কে আমি বলতে শুনেছি, আমরা মীরাস রেখে যাই না, আমরা যা রেখে যাই তা সাদাকা। মুহাম্মদের পরিবার এই মাল দ্বারাই শুধু জীবিকা নির্বাহ করবে।
অন্য বর্ণনামতে আবূ বকর (রা) বলেছেন, আমি শুনেছি যে, রাসূলুল্লাহ্ ﷺ মীরাস রেখে যান না, তবে তিনি যে ভরণ-পোষণ নির্বাহ করতেন আমিও তা করবো এবং তিনি যাদের জন্য খরচ করতেন আমিও তাদের জন্য খরচ করবো। [মুসনাদে আহমাদ, ১ম খণ্ড, পৃষ্ঠা-১০]

সহীহ বুখারীতে হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসে রয়েছে যে, আল্লাহ্ তাঁর রাসূলকে মদীনা ও ফাদাক অঞ্চলে যা দান করেছিলেন এবং খায়বারের পঞ্চমাংশ হতে যা কিছু অবশিষ্ট ছিলো নবী কন্যা ফাতিমা (রা) আবূ বকর (রা)-এর নিকট সেগুলোর মীরাস দাবি করে পাঠালেন। তখন হযরত আবু বকর (রা) বললেন, রাসূলুল্লাহ্ ﷺ তো বলেছেন, "আমরা মীরাস রেখে যাই না। আমরা যা রেখে যাই তা সাদাকা।" মুহম্মদের পরিবার শুধু এই সম্পদ হতে জীবিকা গ্রহণ করতে পারে।
"আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্ ﷺ -এর যামানায় সাদাকার মাল যে অবস্থায় ছিলো আমি তাতে সামান্য পরিবর্তনও করবো না, বরং এ ক্ষেত্রে তিনি যা করেছেন আমিও হুবহু তাই করবো।" [বুখারী, খায়বার যুদ্ধ]
হযরত আবূ বকর (রা) আরো বলেছেন, আল্লাহ্র রাসূলকে করতে দেখেছি, এমন কোন কাজ না করে আমি ক্ষান্ত হবো না।

মোটকথা, আবূ বকর (রা) যা সত্য বলে বিশ্বাস করেছিলেন তার ওপর অবিচল ছিলেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নবীর অসিয়ত বাস্তবায়ন করেছিলেন। অন্যদিকে ফাতিমা (রা)-ও মীরাসের দাবির ওপর অটল ছিলেন। কেননা সম্ভবত এ হাদীস তাঁর জানা ছিলো না কিংবা হয়তো তিনি মনে করতেন যে, তাঁর 'পিতৃ-চিহ্ন' লাভের আরযু রক্ষা করার নৈতিক ক্ষমতা ও অবকাশ আল্লাহ্র রাসূলের প্রথম খলীফার ছিলো। মোটকথা, উভয়ে ইজতিহাদ করেছেন এবং উভয়ের নিজস্ব কৈফিয়ত রয়েছে।
মুসনাদে আহমাদের বর্ণনামতে হযরত ফাতিমা (রা) বলেছিলেন, রাসূলুল্লাহ হতে আপনি যা শুনেছেন সে সম্পর্কে আপনিই ভালো জানেন। [মুসনাদে আহমাদ, ১ম খণ্ড, পৃষ্ঠা-৪]

মহানবী ﷺ -এর ইন্তিকালের পর হযরত ফাতিমা (রা) ছয় মাস বেঁচেছিলেন এবং এ কারণে মৃত্যু পর্যন্ত তিনি আবূ বকর (রা)-এর প্রতি অপ্রসন্ন ও বিমুখ ছিলেন।
বলা বাহুল্য, মানব স্বভাবের প্রকাশ হিসেবে যে কোন সমাজ-জীবনে এ ধরনের ঘটনা অতি স্বাভাবিক। কেননা আবেগ ও সংবেদনশীলতা এবং নিজস্ব জ্ঞান ও বিশ্বাসের প্রতি অবিচলতা দু'টোই মানুষের স্বভাব ও ফিতরাতের অবিচ্ছেদ্য অংশ, তবে এটা অবহারিত যে, নবী-কন্যার এই মতভিন্নতা ও অপ্রসন্নতা শরীয়তের সীমাবহির্ভূত ছিলো না কিংবা তাঁর স্বভাব মহত্ত্ব ও চিত্ত ঔদার্যের পরিপন্থীও ছিলো না। হযরত আমির (রা) বলেন, নবী-কন্যার অসুস্থতা যখন তীব্র রূপ ধারণ করেছিলো তখন হযরত আবূ বকর (রা) তাঁর সাক্ষাত প্রার্থনা করলেন। হযরত আলী (রা) বললেন, এই দেখো, আবূ বকর দরজায় এসেছেন। ইচ্ছা করলে তুমি অনুমতি দিতে পার। হযরত ফাতিমা বললেন, এটাই কি আপনার পছন্দ? হযরত আলী (রা) বললেন, হ্যাঁ। তখন হযরত আবূ বকর (রা) গৃহে প্রবেশ করে কৈফিয়তমূলক কথা বললেন আর নবী-কন্যা তাঁর প্রতি প্রসন্নতা প্রকাশ করলেন।

আল-আবকারিয়াতুল ইসলামিয়্যাহ গ্রন্থে গবেষক আল আক্কাদের যে মন্তব্য সেটাই এ আলোচনার শেষ কথা হতে পারে।
তিনি বলেন, এ অজুহাতে নবী ﷺ -এর প্রতি সিদ্দীকে আকবারের বিশ্বস্ততা ও আনুগত্য সম্পর্কে প্রশ্ন তোলা বিবেকসম্মত নয়। কেননা আপন কন্যা আয়েশাকেও তিনি একইভাবে বঞ্চিত করেছেন। আসল কারণ এই যে, মুহাম্মদী শরীয়ত মতে নবীগণ কোন মীরাস রেখে যান না। সুতরাং আপন কন্যা আয়েশাসহ নবী-পরিবারকে মীরাস না দেয়ার কারণ 'কৃপণতা' ছিলো না, বরং দীনে মুহাম্মদী ও অসিয়তে মুহম্মদীকে রক্ষা করাই ছিলো এর অন্তর্নিহিত উদ্দেশ্য। আর মন রক্ষার পরিবর্তে দীন রক্ষাই তো কর্তব্য! [আল-আবকারিয়াতুল ইসলামিয়্যাহ, পৃষ্ঠা-৪৪৬]

আল আক্কাদ আরো লিখেছেন,
মীরাস প্রশ্নে হযরত আবু বকর (রা) যা করেছেন তা থেকে ভিন্ন কিছু করা তাঁর পক্ষে সম্ভব ছিলো না। কেননা তাঁর সামনে হাদীস ছিলো যে, নবী মীরাস রেখে যান না।
এ ক্ষেত্রে কন্যা আয়েশা (রা)-এর প্রতিও তাঁর আচরণ ছিলো অভিন্ন। মৃত্যুর সময় হযরত আয়েশা (রা)-কে তিনি অসিয়ত করেছিলেন যে, তাঁকে যে মাল তিনি হেবা করেছিলেন তা যেন মুসলমানদের অনুকূলে তিনি ছেড়ে দেন, অথচ হেবা ও মীরাস সূত্রে হযরত আয়েশা (রা)-এর জন্য ঐ মাল সম্পূর্ণ হালাল ছিলো। [প্রাগুক্ত, পৃষ্ঠা-৪৪৮]

ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এই যে, হযরত আবূ বকর (রা) তাঁর পূর্ণ খিলাফতকালে আহলে বায়তের যথাযথ হক আদায় করেছেন এবং খায়বারের পঞ্চমাংশ ফাদাক অঞ্চলের সম্পদ ও মদীনার যে সকল ফায় রাসূলুল্লাহ্ ﷺ এর মালিকানায় ছিলো তা থেকে আহলে বায়তের প্রাপ্য যথারীতি আদায় করেছেন। এতে হাদীসের ভিত্তিতে ঐ সম্পদে মীরাস অনুমোদন করেন নি।
মুহম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়ন (যিনি মুহম্মদ বাকির নামে সুপরিচিত) ও যায়দ ইব্‌ন আলী শহীদ বলেছেন, তাঁদের পূর্বপুরুষদের প্রতি কোন অবিচার বা অভিযোগযোগ্য কোন আচরণ হয়নি।

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 ফাতিমাতুয যোহরা (রা)

📄 ফাতিমাতুয যোহরা (রা)


নবীজীর কলিজার টুকরা ও জান্নাতী নারী সমাজের সভানেত্রী হযরত ফাতিমা (রা) সম্পর্কে এখানে কিছু না লিখে কলম যেন অগ্রসর হতে চায় না। আল্লাহ্ তাঁর প্রতি সন্তুষ্ট হোন। তিনি ছিলেন নবী ﷺ -এর সর্বকনিষ্ঠা ও প্রিয়তমা দুহিতা। ওয়াকিদীর বর্ণনায় আবু জাফর আল-বাকির-এর সূত্রে হযরত আব্বাস (রা) বলেছেন,
নবীজীর পঁয়ত্রিশ বছর বয়সে কা'বা ঘর পুনর্নিমাণকালে ফাতিমা জন্মগ্রহণ করেছিলেন। মাদায়েনী এ বিষয়ে অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে, নবুয়ত লাভের মাত্র দু'এক বছর পূর্বে তাঁর জন্ম এবং দ্বিতীয় হিজরীর মুহররমের মাথায় হযরত আলী (রা)-এর সাথে তাঁর বিবাহ। কিতাবুল আমালী গ্রন্থে শায়খ আবু জাফর তৃসী প্রমাণ করেছেন যে, নবী-কন্যার বিবাহ, যৌতুক পছন্দ ও সংগ্রহ করার ক্ষেত্রে আবূ বকর (রা) সক্রিয় ভূমিকা পালন করেছেন। [১ম খণ্ড, পৃষ্ঠা-৩৯]

অনুরূপভাবে নববধূর 'সাজসজ্জা' ও নব দম্পতির 'বাসর শয্যা আয়োজনের ক্ষেত্রে হযরত আয়েশা ও উম্মে সালমা (রা)-এর বিশেষ ভূমিকা ছিলো। [ইবনে মাজাহ, অধ্যায়: নিকাহ]

একমাত্র হযরত ফাতিমা (রা) দ্বারাই রাসূলুল্লাহ্ ﷺ -এর বংশধারা বিস্তার লাভ করেছে, তাঁর বিবাহ হয়েছিলো আঠারো বছর বয়সে। এক বর্ণনামতে তাঁর বয়স হয়েছিলো পনের কিংবা পনের বছর ছয় মাস।
হযরত আয়েশা (রা) বলেন, ফাতিমার আব্বাকে ছাড়া তাঁর চেয়ে উত্তম কোন মানুষ আমি দেখিনি। [তাবারানী]

আবদুর রহমান ইব্‌ন আবূ নাঈম হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে মারফু হাদীস বর্ণনা করেন। "ফাতিমা হলেন জান্নাতের নারীকুলের সভানেত্রী, অবশ্য মারয়াম বিনতে ইমরানের কিছু স্বাতন্ত্র্য রয়েছে।"

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদীসে মিসওয়ার ইব্‌ন মাখরামাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে মিম্বরে থাকা অবস্থায় বলতে শুনেছি:
فاطمة بضعة منى ، يؤذيني ما اذاه ويريبني مارابها .
"ফাতিমা আমার সত্তার অংশ, তার যাতে কষ্ট, আমারও তাতে কষ্ট এবং তার যা পছন্দ, আমারও তা পছন্দ।"

হযরত আয়েশা (রা) বলেন, একবার দেখলাম, ফাতিমার হাঁটার ভঙ্গিটা ঠিক যেন আল্লাহর রাসূলের মতো!
আবু উমর বলেন, তিনি হাসান, হুসায়ন, উম্মে কুলসুম ও যায়নাবের আম্মা, তাঁর মৃত্যু পর্যন্ত হযরত আলী (রা) দ্বিতীয় বিবাহ করেন নি।
আবূ সা'লাবা আল খাশানী-এর সূত্রে উকবা বলেন, রাসূলুল্লাহ ﷺ জায়গা বা সফর থেকে ফিরে প্রথমে মসজিদে দু'রাকাত সালাত আদায় করতেন। তারপর কন্যা ফাতিমা (রা)-এর সাথে দেখা করে স্ত্রীদের ঘরে যেতেন। আয়েশা বিনতে তালহার বর্ণনায় উম্মুল মু'মিনীন আয়েশা (রা) বলেন:
মা رأيت احدا كان اشبه كلامًا وحديثا برسول الله صلى الله عليه وسلم من فاطمة .
"বচনে ও বাচনে আল্লাহর রাসূলের সাথে ফাতিমার চেয়ে অধিক মিল কারো দেখিনি।" [ইস্তিআব, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৩৭৪-৩৭৭]

সর্বউপায়ে রাসূলুল্লাহ্ ﷺ -এর তুষ্টি ও সন্তুষ্টি সাধনই ছিলো তাঁর সর্ব সময়ের চিন্তা। সন্তানের স্বাভাবিক ভালোবাসা ছাড়াও তাঁর প্রতি ছিলো তাঁর এক প্রকার 'মাতৃমমতা'। এখানে এমন কতিপয় ঘটনার নমুনা তুলে ধরছি।

১. হযরত ইবনে উমর (রা) বলেন, নবী ﷺ সফরে যাওয়ার সময় শেষ দেখা এবং ফিরে আসার পর প্রথম দেখা হযরত ফাতিমার সঙ্গে করতেন। তাবুক অভিযান থেকে ফেরার পর যথারীতি তিনি ফাতিমাকে দেখতে গেলেন। ফাতিমা নতুন কাপড়ে জাফরান মেখে দরজায় পর্দা ঝুলিয়েছিলেন কিংবা চাদর বিছিয়েছিলেন। এটা দেখে নবী চলে এলেন এবং মসজিদে বসে থাকলেন। ফাতিমা (রা) তখন বিলাল (রা)-কে খবর পাঠালেন, খোঁজ নিয়ে দেখুন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে গেলেন? বিলাল (রা) বিষয়টি আল্লাহ্ রাসূলকে অবহিত করলেন। তখন তিনি বললেন, ফাতিমাকে কী সমস্ত করতে দেখলাম। একথা শুনে হযরত ফাতিমা (রা) পর্দাসহ নতুন যা কিছু তৈরি করেছিলেন তা ছিঁড়ে ফেললেন এবং নতুন সাজ-পোশাক ফেলে পুরনো সাধারণ পোশাক পরিধান করলেন। হযরত বিলাল (রা)-এর মাধ্যমে ঘটনা জেনে নবী হযরত ফাতিমার গৃহে প্রবেশ করলেন এবং বললেন, আমার পিতা-মাতা তোমার প্রতি উৎসর্গীকৃত! এমনভাবেই থেকো না! [বুখারী ও আবূ দাউদ]

২. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। নবী ﷺ দেখা করতে এসে হযরত ফাতিমা (রা)-এর গৃহে প্রবেশ না করেই ফিরে গেলেন। পরে হযরত আলী (রা) ঘরে এসে ঘটনা জানলেন এবং দরবারে নববীতে হাযির হয়ে বিষয়টি আরয করলেন। তখন তিনি বললেন, ফাতিমার দরজায় পর্দা ঝোলানো দেখলাম। দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক বলো!
বর্ণনাকারী বলেন, পর্দাটা ছিলো নকশাদার। হযরত আলী (রা)-এর মুখে ঘটনা শুনে ফাতিমা (রা) বললেন, তিনি যা ইচ্ছা আদেশ করুন। তখন নবী বলে পাঠালেন, এটা অমুক পরিবারকে দিয়ে দাও, তাদের প্রয়োজন রয়েছে। [আহমাদ]

৩. রাসূলুল্লাহ্ ﷺ -এর মুক্ত দাস হযরত সাওবান (রা) বলেন, সফরে বের হওয়ার সময় রাসূলুল্লাহ্ পরিবার- পরিজনের মধ্যে সবার শেষে ফাতিমা (রা)-এর সঙ্গে দেখা করতেন এবং ফেরার পর সর্বপ্রথম তাঁর ঘরে যেতেন। একবার তিনি এক অভিযান থেকে মদীনায় ফিরে এলেন। এদিকে ফাতিমা (রা) ঘরের দরজায় পর্দা ঝুলিয়েছিলেন এবং হাসান ও হুসায়ন (রা)-কে রূপোর বালা পরিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ্ মনঃক্ষুণ্ণ হয়ে দেখা না করেই চলে এলেন। ফাতিমা (রা) ভাবলেন, আর কিছু নয়, এগুলোই তাঁর অপ্রসন্নতার কারণ। তাই তিনি পর্দা ছিঁড়ে ফেললেন এবং বালা খুলে ফেললেন, তাতে বাচ্চাদের কান্না শুরু হলো। তখন তিনি বালা দু'টি তাদের হাতে দিয়ে দিলেন আর তারা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ্ ﷺ -এর কাছে গেলেন। তিনি বালা দু'টি নিয়ে মদীনার একটি পরিবারের নাম করে বললেন, হে সাওবান, এটা অমুককে দিয়ে দাও। এরা আমার আহলে বায়ত। নিজেদের উত্তম বস্তুগুলো দুনিয়ার জীবনেই এরা ভোগ করে ফেলবে- এটা আমার পছন্দ নয়। হে সাওবান! ফাতিমার জন্য একটি পুঁতির হার ও হাতির দাঁতের দু টি বালা খরিদ করো। [আবু দাউদ ও মুসনাদে আহমাদ]

পিতার প্রতি, যিনি ছিলেন তাঁর ও সমগ্র মানব জাতির নবী ﷺ ভালোবাসা ও 'মাতৃমমতার' পূর্ণ প্রকাশ ঘটেছিলো হৃদয় বিদীর্ণকারী সেই একটিমাত্র শোক- বাক্যে পৃথিবীর সেরা শোকগাথাও যার সমতুল্য হতে পারে না। নবী ﷺ -এর জানাযার পর চিরবিদায়ের সময় তিনি বলেছিলেন,
ইয়া আনাস! আতাবাত আনফুসিকুম আন তাহছু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব।
"হে আনাস! আল্লাহর রাসূলের ওপর মাটি ছড়িয়ে দিতে মন তোমাদের সায় দিলো কীভাবে?" [বুখারী, অনুচ্ছেদ: মারাদুন্নাবী ওয়া ওয়াফাতিহ।]

প্রসিদ্ধতম মতে, নবী-এর ইন্তিকালের ছয় মাস পর হযরত ফাতিমার ইন্তিকাল হয়েছিলো। মৃত্যুশয্যায় আল্লাহর রাসূল তাঁকে কথা দিয়েছিলেন যে, নবী-পরিবারে সবার আগে তিনিই তাঁর সঙ্গে মিলিত হবেন। আর বলেছিলেন,
আমাতুর দ্বিনা আনতাকুনি সাইয়্যিদাতা নিসা আহলিল জান্নাহ।
"মা, তুমি কি 'তুষ্ট' নও যে, জান্নাতের নারীকুলে তুমি হবে সভানেত্রী!" [আল বিদায়া ওয়ান নিহায়া, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা-৩৩২]

ইব্‌ন জোরায়হ-এর সূত্রে আবদুর রাযযাক বলেন, চার কন্যার মাঝে বয়সে ফাতিমা (রা) ছিলেন সর্বকনিষ্ঠা কিন্তু নবীর আদর-সোহাগে সবার 'ওপরে।'
আবু উমর বলেন, মন স্বতঃস্ফূর্তভাবে এদিকেই সায় দেয় যে, যায়নাব সবার বড়, এরপর যথাক্রমে রোকাইয়াহ, উম্মে কুলছুম ও ফাতিমা (রা)-(মুসনাদে ফাতিমাতুয-যাহরা)। তাঁর মৃত্যু তারিখ ১১ হিজরীর ৩ রামাযান, রোজ মঙ্গলবার। [আল-ইসাবা, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-৩৮০]

হযরত আলী ইব্‌ন হুসায়ন হতে বর্ণিত, তিনি বলেন, মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে তাঁর ইন্তিকাল হয়েছিলো। হযরত আবূ বকর, উমর, উসমান, যোবায়র ও আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) জানাযায় শরীক হয়েছিলেন।
জানাযার নামাযের সময় হযরত আলী (রা) বললেন, হে আবু বকর, অগ্রসর হোন। তিনি বললেন, হে আবুল হাসান, আপনার উপস্থিতিতে আমি নামায পড়াবো! হযরত আলী (রা) বললেন, অবশ্যই, আগে বাড়ুন। আল্লাহ্র কসম! আপনি ছাড়া অন্য কেউ নন। তখন হযরত আবূ বকর (রা) জানাযা পড়ালেন এবং রাতেই তাঁকে দাফন করা হলো। [মুসনাদে ফাতিমাতুয যাহরা।]

তাবাকাত গ্রন্থে ইবন সা'দ নিজস্ব সনদে বলেন, নবী-কন্যা হযরত ফাতিমার জানাযা আবূ বকর (রা) পড়িয়েছেন এবং চার তাকবীর বলেছেন। তাঁর সন্তানেরা হলেন হযরত হাসান, হুসায়ন, মুহসিন ও উম্মে কুলছুম। [ইবন সা'দের তাবাকাত কুবরা, ৭ম খণ্ড, পৃষ্ঠা-২৯]
নবী-দুলালী ফাতিমার প্রতি আল্লাহ্ সন্তুষ্ট হোন এবং তাঁকে তুষ্ট করুন।

📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 হযরত আলী (রা)-এর বায়'আত গ্রহণ

📄 হযরত আলী (রা)-এর বায়'আত গ্রহণ


হযরত আলী (রা)-এর বায়আত গ্রহণের সময়কাল সম্পর্কে ঐতিহাসিকগণ বিভিন্ন অভিমত দিয়েছেন। হাকিম আবু বকর আল-বায়হাকী নিজস্ব সনদে আবু সাঈদ আল-খুদরী (রা) হতে বর্ণনা করেছেন, আবু বকর (রা) মিম্বরে দাঁড়িয়ে সমবেত লোকদের মাঝে আলী (রা)-কে দেখতে না পেয়ে তাঁকে ডেকে পাঠালেন এবং অভিযোগের সুরে বললেন, হে নবীর পিতৃব্য পুত্র ও তাঁর কন্যার জামাতা! আপনি কি মুসলমানদের ঐক্যে ফাটল দেখতে চান? তিনি বললেন, হে খালীফাতুর রাসূল! কোন তিরস্কার নয়। এরপর তিনি আবূ বকর (রা)-এর হাতে বায়আত গ্রহণ করলেন। [আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ম খণ্ড, পৃষ্ঠা-২৪৯]

আল্লামা ইব্‌ন কাছীর (র) অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে, বিশুদ্ধতম মতে নবী ﷺ-এর ইন্তিকালের প্রথম বা দ্বিতীয় দিনেই হযরত আলী (রা) বায়আত গ্রহণ করেছিলেন। জীবনের কোন মুহূর্তেই আবু বকর (রা)-কে সঙ্গ দান ও তাঁর পেছনে নামায আদায় হতে তিনি বিরত থাকেন নি। [প্রাগুক্ত, ৫ম খণ্ড, পৃষ্ঠা-২৪৯]

তবে প্রসিদ্ধতম মত এই যে, ফাতিমা (রা)-এর কিছুটা মন রক্ষার জন্য প্রথম দিকে তিনি বায়আত গ্রহণ করেন নি। নবী-এর ইন্তিকালের ছয় মাস পর যখন তাঁর ইন্তিকাল হলো তখন তিনি জনসমক্ষে বায়'আত করেছেন। তবে ইব্‌ন কাছীর ও অন্যান্য বহু 'আহলে ইলম' মনে করেন যে, এটা ছিলো প্রথম বায়আতের নবায়নমাত্র। বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে এর অনুকূলে কিছু বর্ণনাও রয়েছে। [প্রাগুক্ত, পৃষ্ঠা-২৪৬]

ফন্ট সাইজ
15px
17px