📄 হযরত আলী (রা)-এর ভ্রাতৃবৃন্দ
আবূ তালিবের পুত্র সন্তান হলেন তালিব (এ নামেই তিনি আবু তালিব উপাধি ধারণ করেছেন), আকীল, জাফর ও আলী- এই চারজন। আর কন্যা সন্তান হলেন উম্মে হানী ও জুমানা- এ দু'জন। এঁরা সকলেই ছিলেন ফাতিমা বিনতে আসাদ-এর গর্ভজাত। চার পুত্রের প্রত্যেকেরই বয়সের ব্যবধান ছিলো দশ বছর করে অর্থাৎ আকীল ছিলেন তালিবের দশ বছরের ছোট এবং জাফর ছিলেন আকীলের দশ বছরের ছোট। আবার আলী ছিলেন জাফরের দশ বছরের ছোট। [আল-বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা-২২৩]
বদর যুদ্ধের পর মুশরিক অবস্থায় তালিবের মৃত্যু হয়েছিলো। কথিত আছে, ঘর থেকে বের হয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান। কারো কারো মতে, তিনি আর ফিরে আসেন নি এবং কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। তিনি হলেন আরবের হারিয়ে যাওয়া লোকদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি তাঁর শানে কিছু স্তুতি-কবিতা রচনা করেন। বদর যুদ্ধে তাঁর অংশ গ্রহণ ছিলো অনিচ্ছাপ্রসূত। সে সময় কথা প্রসঙ্গে কুরায়শরা তাঁকে বলেছিলো, আল্লাহর শপথ, তোমরা হাশেমীরা আমাদের সঙ্গে বের হলেও আমরা অধিক জ্ঞাত আছি, তোমাদের মন রয়েছে মুহাম্মদের সঙ্গে।
অন্যদের সাথে তালিবও মক্কায় ফিরে এসেছিলেন এবং নবীর শানে স্তুতি রচনা করেছিলেন এবং তাতে বদরের নিহতদের প্রতি শোক প্রকাশ করেছিলেন।
দ্বিতীয় পুত্র আকীল ইব্ন আবূ তালিবের (উপনাম আবূ ইয়াযীদ) ইসলাম গ্রহণ মক্কা বিজয় পর্যন্ত বিলম্বিত হয়েছিলো। অন্য মতে, হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করে অষ্টম হিজরীর শুরুতে তিনি হিজরত করেছিলেন। বদর যুদ্ধে বন্দী হওয়ার পর তাঁর চাচা আব্বাস তাঁর মুক্তিপণ আদায় করেছিলেন। সহীহ বুখারীর বিভিন্ন স্থানে তাঁর কথা এসেছে, মুতার যুদ্ধে তিনি শরীক হয়েছেন। তবে মক্কা বিজয় ও হুনায়ন যুদ্ধে তাঁর কোন উল্লেখ নেই। ইবনে সাআদের বর্ণনা মতে সম্ভবত তিনি তখন অসুস্থ ছিলেন। তবে হাসান ইন্ন আলীর সূত্রে যুবায়র ইব্ন বাক্কার বর্ণনা করেছেন যে, হুনায়ন যুদ্ধে যাঁরা অবিচল ছিলেন আকীল তাদের অন্যতম।
চার পুত্রের মাঝে আকীলই ছিলেন আবূ তালিবের প্রিয়তম। দুর্ভিক্ষের বছর রাসূলুল্লাহ ও হযরত আব্বাস (রা) তাঁর গুরুভার লাঘবের উদ্দেশে তাঁর পুত্রদের ভাগ করে নেয়ার প্রস্তাব করলেন। তখন তিনি বলেছিলেন, "আকীলকে আমার জন্য রেখে তোমাদের যা ইচ্ছা করতে পারো।" তখন রাসূলুল্লাহ ও হযরত আলী (রা)-কে ও হযরত আব্বাস হযরত জাফর (রা)-কে নিজের কাছে নিয়ে এলেন।
কুরায়শ বংশের পরিচয় ও যশ-অপযশ সম্পর্কে তিনি বিজ্ঞ ছিলেন। মদীনার মসজিদে এ বিষয়ে তিনি শিক্ষা দান করতেন। তিনি তাৎক্ষণিক ভাবে অকাট্য যুক্তি প্রয়োগে পারদর্শী ছিলেন। হযরত ইবনে আব্বাস (রা)-এর সূত্রে হিশাম ইবনে কালবী বলেন, কুরায়শ গোত্রে চারজন লোক ছিলো, বিরোধ মীমাংসার জন্য লোকেরা তাদের শরণাপন্ন হতো। তাঁরা হলেন আকীল, মাখারামা, হুয়াইতিব ও আবু জাহম।
ঋণগ্রস্ততার কারণে একবার আকীল হযরত মু'আবিয়া (রা)-এর কাছে গিয়েছিলেন। ইবনে সা'দ বলেন, বর্ণনামতে মুআবিয়া (রা)-এর খিলাফতকালে তাঁর মৃত্যু হয়েছিলো, তবে বিশুদ্ধ সনদের বর্ণনামতে ইয়াযীদ ইব্ন মু'আবিয়ার আমলে হাররার¹ মর্মন্তুদ ঘটনার পূর্বে ছিয়ানব্বই বছর বয়সে তিনি ইন্তিকাল করেছেন। শেষ জীবনে তাঁর দৃষ্টিশক্তি লোপ পেয়েছিলো।
প্রশস্ত বাড়ির বড় পরিবার ছিলো তাঁর। বার পুত্র সন্তানের নয়জনই ইমাম হুসাইন (রা)-এর সাথে শহীদ হয়েছিলেন। তাঁদের মধ্যে মুসলিম ইন্ন আকীল ছিলেন সাহসিকতা ও শৌর্যবীর্যে শ্রেষ্ঠ। ইমাম হুসাইন তাঁকেই অগ্রদূতরূপে কুফায় পাঠিয়েছিলেন। সেখানে ইবনে যিয়াদ তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলো।²
হযরত জাফর ইব্ন আবু তালিব ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইবন সা'দ তাঁর তাবাকাতে বলেন, রাসূলুল্লাহ এর দারে আরকামে অবস্থান গ্রহণ করার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং সেখানে তিনি দাওয়াতী কাজ করেন। সীরাত বর্ণনামতে নবী তাঁর ও মু'আয ইব্ন্ন জাবালের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। আবূ হুরায়রা (রা) নবী-এর পর তাঁকেই শ্রেষ্ঠ মানুষ মনে করতেন। ইমাম বুখারী (র) বর্ণনামতে, জাফর (রা) ছিলেন দরিদ্রদের জন্য সর্বোত্তম। হযরত ইকরামা (র)-এ সূত্রে খালিদ আল হামযা (র) বলেন, হযরত আবূ হুরায়রা (রা)-কে আমি বলতে শুনেছি,
"রাসূলুল্লাহ এর পর পাদুকা পরিধানকারী কিংবা বাহনে আরোহণকারী কিংবা ভূমিতে পদাঙ্ক সৃষ্টিকারী কোন মানুষ জাফর ইব্ন আবূ তালিবের চেয়ে উত্তম ছিলো না।" [তিরমিযী, নাসায়ী ও হাদীসটির বর্ণনাসূত্র বিশুদ্ধ।]
আল মাকবারী-এর সূত্রে বাগাবী (র) আবূ হুরায়রা (রা) হতে বর্ণনা করেন, জাফরের ভালবাসা ও ওঠাবসা ছিলো হতদরিদ্রদের সাথে। তিনি তাদের সেবা করতেন। তারাও তাঁর সেবা করত। তিনি তাদের সাথে আলাপ-আলোচনা করতেন। তারাও তাঁর সাথে কথাবার্তা বলতো। তাই রাসূলুল্লাহ ﷺ তাঁকে 'আবুল মাসাকীন' (হতদরিদ্র দুঃস্থদের অভিভাবক) বলে ডাকতেন।
নবী ﷺ বলেছেন, অবয়বে ও চরিত্রে তুমি আমার মতো হয়েছ, [হযরত বারা রা-এর সূত্রে বুখারী ও মুসলিম]
হযরত জাফরের (রা) নেতৃত্বে হিজরত হওয়ার পর বাদশাহ নাজ্জাশী ও অন্য অনেকে তাঁর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। খায়বার বিজয়ের পরপর হযরত জাফর ও অন্যান্য মুহাজির রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে মিলিত হয়েছিলেন। আর আল্লাহর রাসূল তাঁর ললাট চুম্বন করে বলেছিলেন,
"জানি না, আমার বেশি আনন্দ কিসে; জাফরের আগমনে না খায়বার বিজয়ে।"
হযরত আবদুল্লাহ ইবনে জাফর (রা) বলেন, "আলী (রা) আমার কোন আবদার না-মঞ্জুর করলে আমি জাফরের দোহাই দিতাম, আর তিনি আমার আবদার রক্ষা করতেন।"
জুমাদাল উলা অষ্টম হিজরীতে রাসূলুল্লাহ ﷺ-এর জীবদ্দশায় রোমকদের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং পিছু না হটে বীরের মতো লড়াই করে সিরিয়ার মুতা এলাকায় শহীদ হয়েছেন। যুদ্ধের ঘোরতর সময়ে তিনি ঘোড়া ছেড়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শাহাদাত পর্যন্ত জিহাদ করেছিলেন।
ইবনে উমর (রা) বলেন, মুতা যুদ্ধে জাফরকে আমরা যখন খুঁজে পেলাম তখন দেখি, তাঁর শরীরের সম্মুখে অংশে নব্বইটির বেশি তীর বর্শার যখম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"আমি জাফরকে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে উড়ে বেড়াতে দেখেছি।"
তাবারানীর আরেক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তমাখা দুই ডানাবিশিষ্ট ফেরেশতার বেশে জাফরকে দেখানো হয়েছে। কারণ যুদ্ধে তাঁর উভয় হাত কর্তন করা হয়েছিলো।
যুদ্ধফেরতা বাহিনীকে মদীনার উপকণ্ঠে আল্লাহর রাসূল ও তাঁর সাহাবাগণ আন্তরিক মোবারকবাদ জানিয়েছিলেন। তিনি তখন এক সওয়ারিতে আরূঢ় ছিলেন। দেখা গেলো, একদল বালক দৌড়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শিশুদের সওয়ারিতে তুলে নাও আর জাফরের ইয়াতীম শিশুকে আমার কাঁধে দাও। অতঃপর আবদুল্লাহ ইব্ন জাফরকে তিনি সওয়ারিতে নিজের সামনে বসালেন। [মুসনাদে আহমাদ]
হযরত আয়েশা (রা) বলেন, জাফরের ইন্তিকালের সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় আমরা বিমর্ষ ভাব ফুটে উঠতে দেখেছিলোম।¹ জাফর পরিবারকে তিনি বলেছিলেন, আমার ভাতিজাদেরকে কাছে আনো। কাছে আনা হলে দেখা গেলো তারা যেন পাখির অসহায় বাচ্চা! অতঃপর তিনি ক্ষৌরকারকে ডেকে আনালেন। আর সে তাদের মাথা মুড়িয়ে দিলো। অতঃপর তিনি তাদের মাকে বললেন, তুমি কি তাদের অভাবের আশংকা কর, অথচ দুনিয়া ও আখিরাতে আমি হলাম তাদের অভিভাবক। [ইবনে সা'দ, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-৩৭]
অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফরের বিধবা স্ত্রীকে বললেন, জাফরের সন্তানদেরকে আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসা হলে তিনি কাছে টেনে, আদর করে তাদের ঘ্রাণ নিলেন। আর তখন তাঁর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিলো। তখন তিনি হযরত জাফরের শাহাদাতের বিষয় তাদের অবহিত করলেন।
জাফরের পরিবারের শোকের সময় আল্লাহর রাসূল তাঁর স্ত্রীগণকে বললেন, তাদের জন্য খাবার তৈরি করো (পরবর্তীতে এটি সুন্নাতে পরিণত হয়েছে)। কেননা তাদের ওপর শোকে কাতরকরা বিপদ নেমে এসেছে। আর তাঁর চেহারায় তখন শোকের ছায়া দেখা যাচ্ছিলো। [সীরাতে ইবনে হিশাম (সংক্ষেপিত); বর্ণনাটি তিরমিযী শরীফেও আছে]
জাফর-তনয় আবদুল্লাহ হলেন আবিসিনিয়ায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম শিশু। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ দানশীল। তার অন্য ভাইয়েরা হলেন মুহাম্মদ ইব্ন জাফর ও আওন ইব্ন জাফর।
টিকাঃ
১. ইয়াযীদ বাহিনী কর্তৃক মদীনা আক্রমণ ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালনার মর্মন্তুদ ঘটনা হাররার ঘটনা নামে ইতিহাসে পরিচিতি লাভ করেছে।
২. আল-ইসাবা শিহাবুদ্দীন আবুল ফযল আহমদ ইব্ন আলী ইন্ন হাজার আসকালানী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা-৪৯৪।
৩. আল-জাওহারা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা- ৪০-৪১; ইবনে সাআদ, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-৩৪ (দারু সাদির বৈরুত)।
১. আল-ইসাবা, ১ম খণ্ড, পৃষ্ঠা-২৩৭-৩৮।
📄 আবিসিনিয়ার বাদশাহ নাজাশী
নাজাশী যখন মুসলিম মুহাজিরদের প্রশ্ন করলেন, এ কোন্ ধর্ম যার জন্য তোমরা স্বজাতিকে পরিত্যাগ করলে এবং সনাতন কোন ধর্মে প্রবেশ করলে না?
হযরত জাফর তখন জবাব দিতে অগ্রসর হলেন এবং কথা না বাড়িয়ে শুধু জাহিলিয়্যা যুগের বাস্তব চিত্র তুলে ধরলেন। অতঃপর ইসলাম তার অনুসারীদের জীবনে যে মহাবিপ্লব সাধন করেছে তা তুলে ধরলেন। বিতর্ক সৃষ্টি হতে পারে কিংবা খ্রীস্ট ধর্মের অনুরাগী ও পৃষ্ঠপোষক একজন শাসক উত্তেজিত হতে পারেন, এমন কি একজন সাধারণ অমুসলিমের অন্তরে জাহিলিয়াতের উন্মাদনা মাথা চাড়া দিতে পারে, এমন কোন বিষয় তিনি আদৌ উত্থাপন করলেন না, বরং তাঁর বক্তব্য ছিলো আগাগোড়া বাস্তব অবস্থার নিখুঁত বিবরণ। বস্তুত এ ছিলো স্থান-কাল-পাত্র উপযোগী এমন প্রজ্ঞাপূর্ণ ভাষণ, যা শুধু তার উচ্চাঙ্গ আরবী অলংকার জ্ঞানের পরিচ্ছদই নয়, বরং চিন্তা ও বুদ্ধিগত প্রজ্ঞারও পরিচায়ক। সেই সাথে তাঁর স্বভাব বিশুদ্ধতা ও জ্ঞানের গভীরতার পরিচায়ক যা কুরায়শ গোত্রে হাশিম পরিবারের বৈশিষ্ট্য ছিলো। আর সকলের মাঝে জাফরের ছিলো ভিন্নতর বৈশিষ্ট্য। [আস-সীরাতুন নবুবিয়াহ, পৃষ্ঠা-১৩৩-৩৪)
নবী-এর চাচাত বোন আবূ তালিব-তনয়া উম্মে হানীর নাম ফাখিতা মতান্তরে ফাতিমা বা হিন্দা, তবে তাঁর প্রথম নামটি প্রসিদ্ধি লাভ করেছে। তিনি হোবায়রা ইব্ন আমর ইবন 'আইস আল-মাখযুমীর স্ত্রী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই চাচাত বোন সম্পর্কেই বলেছেন, কুরায়শের নারীরা শ্রেষ্ঠ।
আবূ আমর বলেন, মক্কা বিজয়ের পর হোবায়রা নাজরান এলাকায় পলাতক ছিলেন। এ সম্পর্কে তিনি কৈফিয়তমূলক কবিতা বলেছেন। আবার উম্মে হানীর ইসলাম গ্রহণের খবর পেয়েও এক কবিতায় ক্ষোভ প্রকাশ করেছেন। উম্মে হানীর গর্ভে তাঁর আমর নামে যে পুত্র সন্তান ছিলো সে নামেই তিনি উপনাম ধারণ করেছিলেন।
মক্কা বিজয়কালে উম্মে হানী তাঁর শ্বশুরকুল বনু মাখযূমের দু'জনকে হযরত আলী (রা)-এর হত্যার হুমকি প্রদানের প্রেক্ষিতে নিরাপত্তা দান করেছিলেন। এ প্রসঙ্গে উম্মে হানী রাসূলুল্লাহ-এর কাছে হাযির হলে তিনি তাঁকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বললেন, "তুমি কাকে নিয়ে এসেছো?" তিনি দুই ব্যক্তি সম্পর্কে তাকে অবহিত করলে তিনি বললেন,
"যারা তোমার আশ্রয় ও নিরাপত্তা পেয়েছে আমিও তাদের আশ্রয় ও নিরাপত্তা দিলাম। আর তাদের হত্যা করা হবে না।"
বর্ণিত আছে যে, আল্লাহর রাসূল তার বাড়িতে গোসল করে আল্লাহর উদ্দেশ্যে বিজয়ের আট রাকাত শোকরানা সালাত আদায় করেছিলেন। [আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৩০০]
সহীহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উম্মে হানী বিনতে আবূ তালিবের ঘরে যান এবং গোসল করে আট রাকআত শোকরানা সালাত আদায় করেন।
সিহাহ্ সিত্তা ও অন্যান্য গ্রন্থে রাসূলুল্লাহ হতে উম্মে হানী থেকে বর্ণিত হাদীস রয়েছে। তিরমিযী ও অন্যদের মতে হযরত আলী (রা)-এর পরেও তিনি বেঁচে ছিলেন। [আল-ইসাবা, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৩১৭-৩১৮]
আবূ আহমদ আল-আসকারী বলেন, জুমানাহ বিনতে আবূ তালিব হলেন আবদুল্লাহ ইব্ন আবূ সুফিয়ান ইব্ন হারিছ ইব্ন আবদুল মুত্তালিবের মাতা। এই মত সমর্থন করে 'কিতাবুল উখওয়া' গ্রন্থে ইমাম দারে কুতনী (বিনা সনদে) বলেছেন, আবু সুফিয়ান ইব্ন হারিছ তাঁকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে আবদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন।
যুবায়র ইব্ন বাক্কার (রা) বলেন, ইনি উম্মে হানীর বোন, খায়বারের ফসল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য ত্রিশ 'ওয়াসাক' নির্ধারণ করেছিলেন তাদের তালিকা দিতে গিয়ে ইবনে ইসহাক জুমানা বিনতে আবূ তালিবের নামও উল্লেখ করেছেন।
আল্লামা ফাকেহী (র) প্রণীত মক্কা গ্রন্থে আবদুল্লাহ ইবনে উছমান ইব্ন জুশম বলেন, হযরত আতা, মুজাহিদ ইবনে কাছীর ও অন্যদের দেখেছি, সাতাশে রমযান রাতে তাঁরা তানঈমের উদ্দেশে বের হতেন এবং আবু তালিব তনয়া জুমানার তাঁবু থেকে উমরার ইহরাম করতেন। ইবনে সা'দ (র) জুমানার আলোচনা তাঁর মাতা ফাতিমা বিনতে আসাদ প্রসঙ্গে এনেছেন। আবার নবী -এর চাচাত ভগ্নিগণ শিরোনামে আলাদাভাবেও এনেছেন এবং বলেছেন, আবু সুফিয়ানের পুত্র জাফর তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছেন। খায়বারের ফসল থেকে আল্লাহর রাসূল তাঁকে ত্রিশ ওয়াসাক পরিমাণ দান করেছিলেন। [প্রাগুক্ত, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা- ২৫৯-২৬০]
টিকাঃ
২. নাজাশী উদ্দেশে প্রদত্ত হযরত জাফরের জবাব পড়ুন সীরাতে ইবনে হিশামে, ১ম খণ্ড, পৃষ্ঠা- ৩৩৪-৩৮)
📄 জন্ম
বিশুদ্ধ মতে নবুয়তের দশ বছর পূর্বে হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) জন্মগ্রহণ করেছেন। [আল-ইসাবা, ২য় খণ্ড, পৃষ্ঠা-৫০৭]
ইবন সা'আদ বলেন, খ্রীস্টীয় ষষ্ঠ শতাব্দীর ত্রিশতম হস্তিবর্ষের রজব মাসের বার তারিখ রাতে তাঁর জন্ম। [ইবন সা'দ, ৩য় খণ্ড, পৃষ্ঠা ১১, আল-বাদরীন অধ্যায়]
হাকীম বিন হিযাম (রা)-এর পরিচিতি প্রসঙ্গে ইমাম হাকিম (র) বলেন, প্রসিদ্ধ বর্ণনা এই যে, ফাতিমা বিনতে আসাদ আমীরুল মু'মিনীন আবী ইব্ন আবূ তালিব (রা)-কে কা'বার অভ্যন্তরে প্রসব করেছেন। অনুরূপভাবে হাকীম ইবন হিযাম (রা)-ও কাবাগৃহে জন্মগ্রহণ করেছেন। কিন্তু 'নাহজুল বালাগাহ'-এর ভাষ্যকার ইবনু আবিল হাদীদ বলেন, আলী (রা)-এর ভূমিষ্ঠ স্থান সম্পর্কে মতভেদ রয়েছে। বহু শিয়া কা'বাঘরকে চিহ্নিত করলেও হাদীসশাস্ত্রবিশারদগণ তা স্বীকার করেন না। তাঁদের মতে কাবাঘরে জন্মগ্রহণকারী হলেন হাকীম ইব্ন হিযাম ইব্ন খোয়ায়লিদ ইবনে আসাদ ইবনে আবদুল উযযা ইব্ন কুসাঈ। [ইবনে আবুল হাদীদ: শারহু নাহজিল বালাগাহ, ১ম খণ্ড, পৃষ্ঠা-১৪]
📄 রাসূলুল্লাহ (সা)-এর তত্ত্বাবধানে প্রতিপালন
নিজস্ব সনদে তাবারী তার ইতিহাস গ্রন্থে মুজাহিদ হতে বর্ণনা করেন। মুজাহিদ বলেন, আলী ইব্ন আবূ তালিবের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ছিলো যে, আল্লাহ তাঁর কল্যাণের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। কুরায়শের দুর্ভিক্ষকালে আবূ তালিবের বিরাট পরিবারের কথা ভেবে রাসূলুল্লাহ তাঁর চাচা আব্বাসকে বললেন (তিনি ছিলেন সচ্ছলতম হাশেমী), হে আব্বাস, আপনার ভাই আবূ তালিবের পরিবার বড়, আর দুর্ভিক্ষে মানুষের দুর্দশা তো দেখতেই পাচ্ছেন। আসুন, আমরা তাঁর ভার লাঘব করি। আমি একজন, আপনি একজন এভাবে আমরা তার ঘরের দু'জনের দায়িত্ব গ্রহণ করি। আব্বাস তাতে সায় দিলেন।
তখন তাঁরা আবু তালিবের কাছে গিয়ে বললেন, সংকটকাল পর্যন্ত আমরা আপনার ভার কিছুটা লাঘব করতে চাই। তখন আবু তালিব বললেন, আকীলকে আমার জন্য রেখে তোমাদের যা ইচ্ছা করতে পারো। তখন রাসূলুল্লাহ আলীকে ও আব্বাস (রা) জাফরকে নিজের সঙ্গে যুক্ত করে নিলেন। এভাবে রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হন আলী ইব্ন আবূ তালিব তখন নবীগৃহে নবীর সান্নিধ্যে বাস করছিলেন এবং নবুয়তের সত্যতা স্বীকার করে তার অনুসরণ করেছিলেন। অন্যদিকে হযরত জাফরও আব্বাস (রা)-এর প্রতিপালনে থেকে এক সময় ইসলাম গ্রহণ করলেন এবং পৃথক হয়ে গেলেন। [তাবারী, ২য় খণ্ড, পৃষ্ঠা-৩১৩]