📄 আপনার দায়িত্ব
আল্লাহ্আপনাকে তাঁর রহমতের কোলে ও সত্যের ছায়ায় আশ্রয় দিয়েছেন। তাঁর রহমতের কোলে আপনাকে স্থান দিয়েছেন। ঈমান এবং ইসলামের সত্যতা আপনার সামনে উদ্ভাসিত করে দিয়েছেন। অনেক মানুষের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছেনি। তাদেরকে ঈমানের সাথে পরিচয় করিয়ে দেয়া এখন আপনার দায়িত্ব। সত্যের দাওয়াত পৌঁছে দেয়াও আপনার রক্ষিত আমানত ও অধিকার। রাসূল এর মতো অন্তর্জালা নিয়ে আপনিও তাদেরকে ঈমানের পথে ডাকুন। ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার দাবিতে আল্লাহ্ গজব এবং জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। তাদের সুপথ প্রাপ্তির জন্য মালিকের দরবারে কান্নাকাটি করুন। অন্ধ মানুষ অজান্তে অগ্নিকুণ্ডে পড়তে যাচ্ছে দেখে কোন চক্ষুষ্মান ব্যক্তি যদি মুখ ঘুরিয়ে রাখে এ কথাটিও না বলে যে, তোমার এ পথ চলে গেছে সোজা অগ্নিকুণ্ডে। তাহলে মানুষ বলে পরিচয় দেয়ার কোন অধিকার তার আছে কি? মানবতার দাবি তো হলো, 'তাকে যে কোন মূল্যে আগুন থেকে ফেরাতে হবে এবং সাধ্য থাকতে তাকে কিছুতেই আগুনে পুড়তে দেয়া যাবে না' এই প্রতিশ্রুতি ব্যক্ত করা। ঈমান আনার পর সকল মুসলমানের কর্তব্য হলো-কুফর এবং শিরকের আগুন থেকে মানবজাতিকে উদ্ধার করার কাজে আত্মনিয়োগ করা। হাতে-পায়ে ধরে পথভোলাকে ঈমানের পথে তুলে আনার আপ্রাণ চেষ্টা করা। নিঃস্বার্থ এবং প্রকৃত সমব্যাথীর সুরে কথাবললে অন্তরে প্রভাব সৃষ্টি না করে পারে না। আল্লাহ্তা'আলা আপনাকে আমাকে এই তাওফিক দান করুন, আমরা যেন সকল মানুষকে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচাতে পারি। পাশাপাশি, আমাদের দায়িত্ব আদায় করতে পারি। আমিন।