📄 আল্লাহর নৈকট্য অর্জন করাই উদ্দেশ্য
বায়াজীদ খান পন্নীর মতে সমগ্র পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা ফরয আর আল্লাহর নৈকট্য অর্জন করা নফল। অথচ ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবরাহিম আলাইহিস সালাম তাঁর সন্তান এবং স্ত্রীকে মক্কায় জনশূন্য স্থানে রেখে এসেছিলেন এবং তাঁর কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাঈল আ. কে কুরবানী করতে গিয়েছিলেন।
আবু হুরাইরাহ রাযি. থেকে বর্ণিত হাদীসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা যথারীতি আমল করে আল্লাহর নৈকট্য লাভ কর।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে অবশ্যই কম হাসতে এবং বেশী কাঁদতে। অতঃপর তিনি চলে গেলেন এবং লোকজন কাঁদতে লাগলো। তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, হে মুহাম্মাদ! আমার বান্দাদেরকে কেন নিরাশ করছেন। নবী ফিরে এসে বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সরল পথ অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য লাভে তৎপর হও।” আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পন্নী বলছে, আল্লাহর নৈকট্য অর্জন করা অনাবশ্যক। হতে পারে পন্নীর এসলামে এটা অনাবশ্যক কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামে নিঃসন্দেহে এটা আবশ্যক।
টিকাঃ
২২১. বুখারী, হাদীস নং ৬০৯৯
২২২. আদাবুল মুফরাদ, হাদীস নং ২৫৩, ইবনে হিব্বান ১১৩