📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাতিদের জন্য বিশেষ ঘোষণা

📄 জান্নাতিদের জন্য বিশেষ ঘোষণা


আবু সাঈদ খুদরি রা. ও আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন; তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য; তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন; তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ; তোমরা আর কখনো দুঃখ-কষ্ট পাবে না।”

টিকাঃ
২০৮. সহিহ মুসলিম: ১৯০১।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 নিম্ন জান্নাতিদের মর্যাদা...

📄 নিম্ন জান্নাতিদের মর্যাদা...


আবু হুরাইরা রা. হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে নিম্নতম জান্নাতির মর্যাদা এই হবে যে, তাকে আল্লাহ তায়ালা বলবেন, 'তুমি আকাঙ্ক্ষা প্রকাশ কর (আমি অমুক জিনিস চাই, অমুক বস্তু চাই ইত্যাদি)।' সুতরাং সে কামনা করবে আর কামনা করতেই থাকবে। তিনি বলবেন, 'তুমি কামনা করলে কি?' সে উত্তর দেবে, 'হ্যাঁ।' তিনি তাকে বলবেন, 'তোমার জন্য সেই পরিমাণ রইল, যে পরিমাণ তুমি কামনা করেছ এবং তার সাথে সাথে তার সমতুল্য আরও কিছু রইল।”

টিকাঃ
২০৯. সহিহ মুসলিম: ১৯০২।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাতিদের প্রতি আল্লাহ তায়ালা কখনই অসন্তুষ্ট হবেন না...

📄 জান্নাতিদের প্রতি আল্লাহ তায়ালা কখনই অসন্তুষ্ট হবেন না...


আবু সাঈদ খুদরি রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান প্রভু জান্নাতিদেরকে সম্বোধন করে বলবেন, 'হে জান্নাতের অধিবাসীগণ!' তারা উত্তরে বলবে, 'হে আমাদের প্রতিপালক! আমরা হাযির আছি, যাবতীয় সুখ ও কল্যাণ তোমার হাতে আছে।' তখন আল্লাহ তায়ালা বললেন, 'তোমরা কি সন্তুষ্ট হয়েছ?' তারা বলবে, 'আমাদের কি হয়েছে যে আমরা সন্তুষ্ট হব না? হে আমাদের প্রতিপালক! তুমি তো আমাদেরকে সেই জিনিস দান করেছ, যা তোমার কোন সৃষ্টিকে দান করনি।' তখন তিনি বলবেন, 'এর চেয়েও উত্তম কিছু তোমাদেরকে দান করব না কি?' তারা বলবে, 'এর চেয়েও উত্তম বস্তু আর কি হতে পারে?' মহান প্রভু জবাবে বলবেন, 'তোমাদের উপর আমার সন্তুষ্টি অনিবার্য করব। অতঃপর আমি তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না।”

টিকাঃ
২১০. সহিহ বুখারি: ১৯০৩।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাতের অধিবাসিরা আল্লাহ তায়ালাকে স্পষ্ট দেখতে পাবে...

📄 জান্নাতের অধিবাসিরা আল্লাহ তায়ালাকে স্পষ্ট দেখতে পাবে...


জারীর ইবনু আব্দুল্লাহ রা. হতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, “শোন! নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে, যেমন স্পষ্ট ঐ চাঁদকে দেখতে পাচ্ছ। তাঁকে দেখতে তোমরা কোন ভিড়ের সম্মুখীন হবে না।”

টিকাঃ
২১১. সহিহ বুখারি: ১৯০৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00