📄 এখলাস সম্পর্কে জ্ঞাতব্য বিষয়
তুমি আল্লাহর দাসত্ব বলতে কি বুঝায় জানতে চেয়েছ দাসত্ব হচ্ছে, প্রথমতঃ শরীয়তের আদেশ নিষেধকে সমীহ করা। দ্বিতীয়তঃ আল্লাহর নির্ধারিত তকদীরের ওপর রাযী থাকা। তৃতীয়তঃ আল্লাহ্র ইচ্ছা ও সন্তুষ্টিকে গ্রহণ করা আর নিজের ইচ্ছা ও সন্তুষ্টিকে পরিত্যাগ করা।
তুমি জানতে চেয়েছ, তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ্ তাআলা যে বিষয়ে ওয়াদা করেছেন সে বিষয়ে তার ওপর পুরোপুরি ভরসা রাখা। অর্থাৎ দৃঢ় প্রত্যয় হাসিল করবে যে, আল্লাহ্ তা'আলা তোমার জন্য যা নির্ধারিত করেছেন, অবশ্যই তা তোমার কাছে পৌঁছবে। এর থেকে পালিয়ে যাবার উপায় নেই। এমন কি দুনিয়ার সমস্ত মানুষ যদি তকদীরের নির্ধারিত বিষয়টিকে ফিরিয়ে দেয়ার চেষ্টাও করে। অনুরূপভাবে যে বিষয় তোমার ভাগ্যে নির্ধারিত হয়নি, তার হুকুমও ঐ রকমই।
তুমি এখলাস সম্পর্কেও জানতে চেয়েছ 'এক্লাস' এর তাৎপর্য হলো, তোমার সমস্ত কাজকর্ম শুধু আল্লাহ্ জন্য হবে। মানুষের প্রশংসায় তোমার মন প্রফুল্ল হবে না। তাদের তিরস্কারে, সমালোচনায় তুমি মনক্ষুন্নও হবে না। জেনে রেখো যে, মানুষ সম্মান করতে করতেই রিয়া বা বাহ্যিক প্রদর্শনেচ্ছার জন্ম নেয়। 'রিয়া'র চিকিৎসা হচ্ছে, সৃষ্টজীবকে আল্লাহর বাধ্যগত বলে মনে করবে। তাদেরকে অক্ষমতায় বা কারো ক্ষতি বা লাভ করার ব্যাপারে জড় পদার্থের মতো বলে গণ্য করবে। তাহলেই রিয়া ও ভনিতা থেকে মুক্তি পাবে। যতদিন পর্যন্ত মানুষকে ক্ষমতাবান মনে করবে ততদিন তোমার কাছ থেকে রিয়া দূর হবে না।
📄 পরিত্যজ্য বিষয়সমূহ
প্রথমত
যতদূর পার কারো সাথে কোনো তর্ক বাহাসে জড়াইওনা। কারণ, এর দ্বারা অনেক ক্ষতি ও আপদ আপত্তিত হয়। এর গোনাহ্ লাভের চাইতে অনেক বেশি। কারণ হচ্ছে, তর্ক বাহাস প্রত্যেক বদ-স্বভাবের উৎস। রিয়া, প্রদর্শনেচ্ছা, ভনিতা, বিদ্বেষ, গর্ব-অহংকার, শত্রুতা, হিংসা, বন্ধু মহল ও সমগোত্রীয়দের ওপর বড়াই করা প্রভৃতি স্বভাব এর থেকেই জন্ম নেয়।
যদি তোমার ও অন্য কারো মধ্যে অথবা কোনো সম্প্রদায়ের সাথে তোমার কোনো সমস্যা দেখা দেয় এবং সত্য বিষয়টি উদঘাটিত হওয়া তোমার উদ্দেশ্য হয়, তাহলে এই নিয়তে ঐ বিষয়ে বাহাস জায়েয। নিয়ত সহীহ শুদ্ধ আছে কিনা তার দুটি আলামত আছে।
প্রথম আলামত: সত্য কথাটি তোমার মুখ দিয়ে উচ্চারিত হোক বা অন্যের মুখ দিয়ে, তাতে মনে কোনো তারতম্য অনুভব করবে না।
দ্বিতীয় আলামত: জনসমক্ষে বাহাস করার চাইতে নিরিবিলিতে একাকী বাহাস করা তোমার কাছে অধিক পছন্দনীয় হবে।
শোনো, এখানে তোমার কাছে কয়েকটি শিক্ষণীয় বিষয় ব্যক্ত করছি।
জেনে রেখো যে, কোনো সমস্যা সম্পর্কে প্রশ্ন করার উদাহরণ হচ্ছে, ডাক্তারের কাছে অন্তরের রোগের কথা ব্যক্ত করা। আর প্রশ্নের জবাব দেয়ার মানে, রোগের চিকিৎসা ও স্বাস্থ্য ফিরিয়ে দেয়ার চেষ্টা করা। এ কথা তুমি নিশ্চিত জেনে রেখো যে, মূর্খ লোকের অন্তরে রোগ আছে। আলেমরা তাদের সামনে ডাক্তারের ন্যায়। যে আলেম অপরিপক্ক হবে, তার চিকিৎসায় কাজ হবে না। আবার কামিল আলেমও যে-কোন রোগের চিকিৎসা করেন না। তারা এমন রোগীর চিকিৎসা করেন, যাদের আরোগ্য লাভ বা ভালো এবং সংশোধন হবার আশা আছে। যদি অবস্থা এমন হয় যে, রোগ খুব জটিল অথবা চিকিৎসা ব্যর্থ হবে, রোগীর ভালো হবার আশা নেই; এমন পরিস্থিতিতে ডাক্তারের দক্ষতার অন্যতম প্রমাণ হচ্ছে, তিনি বলে দেবেন যে, এই রোগীর চিকিৎসা সম্ভব নয়। তার চিকিৎসায় তিনি আর সময় নষ্ট করবেন না। কারণ, তিনি জানেন যে, এমন রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকা জীবনের মূল্যবান সময় নষ্ট করার সমান। মনে রাখবে যে, অজ্ঞতা ও মূর্খতার রোগ চার প্রকারের হয়ে থাকে।
১. এর মধ্যে একটি রোগ আরোগ্য লাভের উপযুক্ত। বাকীগুলো দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য রোগে আক্রান্ত একটি শ্রেণী হচ্ছে, সেই লোক যার প্রশ্ন ও আপত্তিগুলো হিংসা বিদ্বেষ ও শত্রুতা থেকে সৃষ্টি হয়।
অতএব তার জবাব যতই সুন্দর, শুদ্ধ ও পরিস্কারভাবে দেয়া হোক না কেন, তার হিংসা-বিদ্বেষ ও শত্রুতা সে অনুপাতে আরো বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে সবচে' উত্তম পন্থা হচ্ছে, ঐ লোকের জবাব দানে নিজেকে ব্যস্ত না করা। বলা হয়েছে যেঃ
كُلُّ الْعَدَاوَةِ قَدْ تُرْجِي إِزَالَتُهَا إِلَّا عَدَاوَةَ مَنْ عَادَاكَ عَنْ حَسَدٍ
যে কোনো শত্রুতা দূর হয়ে যাবার আশা থাকে।
কিন্তু, যে হিংসার বশে তোমার শত্রুতায় লিপ্ত, তা দূর হবার নয়।
কাজেই বিচক্ষণতা হলো, হিংসুককে তার রোগের মধ্যে ছেড়ে দেবে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে। আল্লাহ্ তাআলা এরশাদ করেন:
فَأَعْرِضْ عَمَّنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا -
হে রাসূল! যে ব্যক্তি আমার (স্মরণ) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছু কামনা করে না, তার থেকে আপনি মুখ ফিরিয়ে নিন (তাকে পরিত্যাগ করুন)। (সূরা নাজম: ২৯)
হিংসুক ব্যক্তি যা কিছু বলে এবং যে কাজই করে তা দ্বারা সে তার আমলের ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। যেমন, হযরত নবীয়ে করীম (স) এরশাদ করেছেনঃ
الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ -
হিংসা নেক আমলসমূহ এমনভাবে খেয়ে ফেলে যেমন করে আগুন লাকড়ি (জ্বালিয়ে) খেয়ে ফেলে।
২. দ্বিতীয় যে রোগটির চিকিৎসা নেই তা হচ্ছে, আহাম্মকি-বোকামী। যেমন হযরত ঈসা (আ:) বলেছেন যেঃ
إِنِّي مَا عَجَرْتُ عَنْ إِحْيَاءِ الْمَوْتَى وَقَدْ عَجَزْتُ عَنْ مَعَالَجَةِ الْأَحْمَقِ -
আমি মৃত লোককে জীবিত করতে ব্যর্থ হই নি, বরং আহাম্মক লোকের চিকিৎসা করতে গিয়ে ব্যর্থ হয়েছি।
এই আহাম্মক হচ্ছে ঐ ব্যাক্তি, যে কিছু দিন জ্ঞান চর্চা করে শরীয়ত ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের যৎসামান্য শিক্ষা করে আর আহাম্মকির পরাকাষ্ঠা দেখিয়ে এমন লোকের বিরুদ্ধে নানা আপত্তি তোলে ও সমালোচনা করতে থাকে, যিনি নিজের সারাটা জীবন শরীয়ত ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান সাধনায় অতিবাহিত করেছেন। অথচ এই আহাম্মক না জেনে ধারণা করে যে, যে সব বিষয় তার কাছে কঠিন ও বোধগম্য নয়; বুযর্গ আলেমটির জন্যেও কিনা তা কঠিন এবং তার সমাধান নেই। যে ব্যক্তি এতখানি বোকামী ও আহাম্মকীতে ডুবে থাকে, তার প্রশ্নগুলো আহাম্মকি থেকেই জন্ম নেয়। কাজেই নিজেকে ঐ লোকের প্রশ্নের জবাব দানে ব্যস্ত না রাখাই বিজ্ঞতার পরিচায়ক।
৩. তৃতীয় রোগ হলো, যদি প্রশ্নকারী কোনো ছাত্র হয় বা সত্য পথের সন্ধানী হয়, যে বড়দের বক্তব্য ও উক্তিগুলো বুঝতে না পারলে মনে করে যে, আমার দুর্বলতা এর জন্য দায়ী। এমন ছাত্র নিজে উপকৃত হবার জন্যেই প্রশ্ন করে। কিন্তু তার বুঝ ও বোধশক্তি যদি গুঢ়তত্ত বুঝতে অক্ষম হয় তাহলে উচিৎ হবে, ঐ ছাত্র বা শিষ্যের প্রশ্নের জবাব দানে নিজেকে ব্যস্ত না করা। যেমন, হযরত নবী করীম (স) এরশাদ করেছেনঃ
نَحْنُ مَعَاشِرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ تُكَلِّمَ النَّاسَ عَلَى قَدْرِ عُقُولِهِمْ -
আমরা পয়গাম্বররা, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে মানুষের আকল ও বোধশক্তি অনুপাতে তাদের সাথে কথা বলি।
৪. চতুর্থ রোগ: যে রোগটি চিকিৎসাযোগ্য তা হচ্ছে, কোনো ছাত্র বা শিষ্য যদি সত্যের সন্ধানী হয়, নিজে জ্ঞানী ও বুদ্ধিমানও হয়, যে হিংসা, ক্রোধ, নফসের কামনা-বাসনা, ধন-সম্পদ ও ক্ষমতার লোভের কাছে পরাস্ত না হয়, সত্য ও সঠিক পথের সন্ধানকারী হয়, তার প্রশ্নও হিংসার বশে বা পরীক্ষা করার উদ্দেশ্যে কিংবা কষ্ট দেয়া অথবা জটিলতা সৃষ্টির নিয়তে না হয়, তাহলে এ ধরনের লোকের চিকিৎসা সম্ভব। এমন লোকের জিজ্ঞাসার জবাব দেয়া শুধু যে উচিৎ তাই নয়, বরং তার প্রশ্নের জবাব দেয়া ও সঠিক পথ দেখানো ওয়াজিব।
দ্বিতীয়ত
যেসব বিষয় ত্যাগ করা উচিৎ তন্মধ্যে বর্জনীয় দ্বিতীয় বিষয় হচ্ছে, ওয়াজ করা বা উপদেশ দেয়ার পেশা থেকে বিরত থাকা। কারণ, তাতে অনেক আপদ ও মুসিবত নিহিত। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে, প্রথমে, যেন তুমি যা বলছো সে অনুযায়ী আমল করো। এরপর নিজের আমল দ্বারা মানুষকে উপদেশ প্রদান করবে। হযরত ঈসাকে (আ) যে কথাটি বলা হয়েছে, তা নিয়ে চিন্তাভাবনা করে দেখঃ
يَا ابْنَ مَرْيَمَ عِظْ نَفْسَكَ فَإِنِ اتَّعَظَتَ فَعِظِ النَّاسَ وَإِلَّا فَاسْتَحْيِ مِنْ رَبِّكَ -
হে মরিয়মের ছেলে! তোমার নক্সকে নসীহত করো। অতঃপর নিজে যখন নসীহত কবুল করবে, তখন লোকদেরকে নসীহত করো। অন্যথায় তোমার পারওয়াদেগারকে লজ্জা করো।
আর যদি তুমি এই কাজে (ওয়াজ নসীহত ও উপদেশ দানের কাজে) জড়িয়ে পড়, তাহলে দুটি জিনিষ থেকে বিরত থাক।
১. প্রথমত: নানান ভাষা ও অলংকার, উপমা ব্যবহার, কোনো কোনো সূফী দরবেশের ভাষায় শরীয়ত পরিপন্থি আস্ফালন, বড় বড় কথা বলা, কবিতা, ছন্দ প্রভৃতি নিয়ে ভনিতা দেখানো প্রভৃতি থেকে অবশ্যই বিরত থাকবে। কেননা, আল্লাহ্ তা'আলা ভনিতা প্রদর্শনকারীদের সাথে শত্রুতা পোষণ করেন। ভনিতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন অন্তর নষ্ট হয়ে যায়, কুলবে গাফিলতি সৃষ্টি হয়। এর কারণ হলো, নসীহত ও উপদেশ দানের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ্র বান্দারা যাতে পরকালের আগুনের কথা স্মরণ করে এবং নিজেকে আল্লাহর ধ্যানে ও দাসত্বে নিবেদিত রাখে আর জীবনের হারানো দিনগুলো নিয়ে চিন্তা-ভাবনা করে। তাদের সামনে যে সব বিরাট বিরাট গিরি সংকট আছে এবং ঈমান সালামতে পার হওয়ার পথে যা হুমকির সৃষ্টি করে তা নিয়ে যেন চিন্তা করে। মালেকুল মাওত যে রূহ্ কবজ করবেন, তখনকার অবস্থার কথা যেন স্মরণ করে। এ কথাও যেন তাদের চিন্তায় আসে যে, তারা কি মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে? কিয়ামতে কি অবস্থা হবে, বিভিন্ন গিরিসংকট কিভাবে অতিক্রম করবে, পুলসিরাতের ওপর দিয়ে কি সহী সালামতে পার হতে পারবে? নাকি হাবিয়া দোযখে পড়ে যাবে? সেখানেই কি তাকে থেকে যেতে হবে? এগুলো স্মরণ করিয়ে দেয়াই নসীহতের উদ্দেশ্য। এসব বিষয় তাদের অন্তরে সদা স্মরণ রাখা আখেরাতের চিন্তায় তাদের মনের স্বস্তি ও স্থিরতা রহিত করা, মনে সেই আগুনের স্ফুলিঙ্গ আর দুঃখ মুসিবতের ক্রন্দন আহাজারী সৃষ্টি করা এগুলোকেই বলা হয় দীক্ষা। এসব বিষয়ে মানুষকে সজাগ ও নফসের দোষ-ত্রুটি সম্পর্কে সতর্ক করা এর অন্তর্ভূক্ত। ওয়াজের মজলিসে যারা বসা থাকে, তাদের অন্তরে অনুতাপের আগুন প্রজ্জলিত করা, যাতে যতখানি সম্ভব অতীত জীবনের ক্ষতি পূরণ করে এবং আল্লাহ্র বন্দেগীতে কাটায়নি এমন দিনগুলোর জন্য হাহুতাশ আফসোস করে। আমি যেভাবে বললাম, এই পদ্ধতির উপদেশ দানকেই বলা হয় ওয়াজ। তুমি যদি দেখো যে, হঠাৎ বন্যার পানি কারো ঘরে ঢুকে পড়েছে আর ঐ ঘরের ভেতর বাড়িওয়ালা ও অন্যান্য লোকেরা বসা থাকে, তখন তুমি ভেসে গেল ভেসে গেল, বিপদ বিপদ বলে বন্যার স্রোত থেকে বাঁচার জন্য চিৎকার দাও। আচ্ছা, ঠিক এই পরিস্থিতিতে বাড়ির ভেতরের লোকদেরকে ভাষার মারপ্যাঁচ, উপমা উৎপ্রেক্ষা দিয়ে ভনিতা করে ঘর থেকে বেরিয়ে আসতে বলার জন্য কি তোমার মন চাইবে? নিশ্চয় তোমার মন রাজি হবে না যে, এমন পরিস্থিতিতে বাক্যবিলাস করে বিপদগ্রস্থ মানুষদের ডাকাডাকি করবে। ওয়ায়েজের (উপদেশদানকারীর) দৃষ্ঠান্তও অনুরূপ। কাজেই তোমার উচিৎ ওয়াজের সময় কথায় রং চড়ানো ও কৃত্রিমতা থেকে বেঁচে থাকা।
২. দ্বিতীয় হচ্ছে: তুমি ওয়াজ করবার সময় এর জন্য লালায়িত হবে না যে, তোমার মজলিসের লোকেরা চিৎকার দেবে, ওয়াজের মধ্যে এসে বিহবলচিত্ত হয়ে যাবে, উত্তেজনায় জামা ছিঁড়ে ফেলবে, যার ফলে মানুষ বলবে যে, ইনি ভাল মজলিস জমাতে পারেন (দারূণ ওয়ায়েজ)। কারণ হচ্ছে, এ সব কিছু হলো দুনিয়ার আকর্ষণ। অন্তরে গাফিলতি (আল্লাহ্ থেকে বিস্মৃত হবার রোগ) থেকেই এ ধরণের ইচ্ছা জন্ম নেয়। বরং উচিৎ হবে, তোমার সকল উদ্যোগ ও উদ্যমের লক্ষ্য যেন হয় মানুষকে দুনিয়া থেকে আখেরাতের দিকে, নাফরমানী থেকে বন্দেগীর দিকে, কৃপণতা-বখিলী থেকে দানশীলতার পানে, সংশয় থেকে একীন আর গাফিলতি থেকে জাগৃতির দিকে আর গর্ব অহংকার থেকে তাকওয়া পরহেযগারীর দিকে আহবান; আখেরাতকে তাদের সামনে প্রিয় আর দুনিয়া (ভোগ-বিলাস)-কে অপ্রিয় করবে। তাদেরকে আল্লাহর ইবাদত-বন্দেগী, তাকওয়া-পরহেযগারির জ্ঞান শিক্ষা দেবে। তাদেরকে আল্লাহ্ দয়া ও রহমতের প্রতি সীমাতিরিক্ত প্রলুব্ধ করবে না। কারণ হচ্ছে, মানুষের স্বভাবের মধ্যেই শরীয়তের পথ থেকে বিচ্যুত হবার প্রবণতা বিদ্যমান। আল্লাহ্ যাতে রাজি নেই, তার জন্য চেষ্টা এবং মন্দ চরিত্রের দিকে পদস্খলিত হবার স্বভাব তাদের ওপর ভর করে থাকে। তাদের অন্তরে ভয় ও সমীহ সৃষ্টি করো। তাদের সামনে যে সব ভয়ানক স্থান ও অবস্থা আছে, তার ব্যাপারে সতর্ক করো। হয়ত তাদের বাতেনী বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন হবে। তার ফলে তাদের বাহ্যিক আমলসমূহও পরিবর্তিত হবে। আল্লাহ্ বন্দেগীর প্রতি প্রবল আগ্রহ, অদম্য স্পৃহা ও লোভ তাদের মধ্যে ফুটে উঠবে। গোনাহ থেকে ফিরে আসবে। এটাই হচ্ছে, ওয়াজ করার নিয়ম ও প্রক্রিয়া। যে ওয়াজ ও উপদেশ এ ধরণের হবে না, তা ওয়াযকারী ও শ্রোতার জন্য ধ্বংস ডেকে আনবে। এমন কি বলা হয়েছে যে, এ ধরনের ওয়াজ ও নসীহতকারী (যার মধ্যে উপরোল্লেখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে না) দৈত্য ও শয়তান। কেননা সে মানুষকে পথহারা করে, তাদের ধ্বংসের পথে নিয়ে যায়। মানুষের উচিৎ এসব লোক থেকে পালিয়ে বাঁচা। কারণ এই ধরনের ওয়াজ ও বক্তৃতা প্রদানকারীর দ্বারা আল্লাহর দ্বীনের যে অনিষ্ট ও ফিতনার সৃষ্টি হয়; কোনো শয়তানের দ্বারা তেমনটি হয়না। সামর্থ আছে, শক্তির জোর আছে এমন লোকদের ওপর কর্তব্য হচ্ছে, এ ধরনের বক্তাকে ওয়াজের মিম্বর (মঞ্চ) থেকে নীচে নামিয়ে ফেলা এবং ওয়াজকে যে পেশা হিসেবে গ্রহণ করেছে, তা থেকে বিরত রাখা। কেননা, এ ধরণের পদক্ষেপ 'আমর বিল্ মারুফ ও নাহী আনিল মুনকার' হিসেবে গণ্য।
তৃতীয়ত
যে সমস্ত কাজ পরিত্যাগ করা উচিৎ, তন্মধ্যে তৃতীয় কাজ হচ্ছে: আমীর ওমরা-রাজা বাদশাহদের সাথে ওঠাবসা করবে না। তাদের সাথে মেলামেশায় বহু ধরনের আপদ ও ক্ষতি আছে। যদি তাদের সাথে সাক্ষাৎ করতে বাধ্য হও, তাহলে তাদের প্রশংসা ও গুণকীর্তন পরিহার করবে। কারণ হচ্ছে যখন কোন জালিম বা ফাসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহ্ তা'আলা ভীষণভাবে রাগান্বিত হন। যারা এদের হায়াত দীর্ঘ হবার জন্য দো'আ করে তারা নিশ্চিতভাবে এ কথাই পছন্দ করে যে, পৃথিবীর বুকে যেন আল্লাহ্ নাফরমানী করা হয়।
চতুর্থত
যে সব কাজ ত্যাগ করা উচিৎ তন্মধ্যে চতুর্থ কাজ হচ্ছে, আমীর ওমরা ও রাজা বাদশাহদের পক্ষ হতে হাদীয়া, উপহার-উপঢৌকন ধরণের কিছু গ্রহণ করবে না। যদিও তুমি জানো যে, তোমাকে যা দেয়া হচ্ছে তা হালাল। কারণ, তাদের সম্পদের প্রতি লোভ দ্বীনের কাজে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করে। এর ফলে চাটুকারিতা, ওদের পক্ষপাতিত্ব এবং তাদের জুলুম অত্যাচারে সম্মতি দানের মনোবৃত্তি জন্ম নেয়। এ সবই হচ্ছে, দ্বীনের ক্ষতি ও বিপর্যয়ের কারণ। যদি রাজা-বাদশাহদের উপহার গ্রহণ করো এবং তাদের পার্থিব সম্পদের অধিকারী হও তাহলে তোমার সর্বনিম্ন যে ক্ষতিটি হবে তা হচ্ছে, তুমি তাদের ভালোবাসবে। কেউ যদি কাউকে ভালোবাসে অবশ্যই তার দীর্ঘ জীবন ও স্থায়িত্ব কামনা করে। আর জালিমদের স্থায়িত্ব ও ঠিক থাকার ভালোবাসার মধ্যে আল্লাহ্ বান্দাদের ওপর জুলুম এবং বিশ্বে বিপর্যয় সৃষ্টির কামনা (নিহিত) থাকে। অতএব এর চাইতে (আল্লাহর বান্দাদের ওপর জুলুমের ইচ্ছার চাইতে) আর কোন জিনিসটি মানুষের দ্বীন ও পরকালের জন্য অধিক ক্ষতিকর? হ্যাঁ, সাবধান! শয়তান যেন তোমাকে পথহারা করতে না পারে অথবা এই শ্রেণীর লোকের কথা ও যুক্তি যেন তোমাকে প্রতারিত না করে-যারা বলে যে, রাজা-বাদশাহদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তা গরীব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়াই উত্তম হবে। কারণ, রাজা বাদশাহরা আল্লাহর নাফরমানী, গোনাহ ও পাপকার্যে এ সব অর্থ খরচ করে। তুমি তা নিয়ে গরীব ও খাঁটি মানুষদের মধ্যে দান খয়রাত করবে। কাজেই তাদের হাতে খরচ করার চাইতে তোমার হাতে খরচ করাই অনেক উত্তম। (এই কু-যুক্তি যেন তোমাকে প্রতারিত না করে) কেননা, অভিশপ্ত শয়তান এই ওয়াসওয়াসা (কুমন্ত্রণা) দিয়েই বহু লোকের গর্দান দ্বিখণ্ডিত করেছে। বহু মানুষের রক্ত প্রবাহিত করেছে। আমি এ বিষয়টি এহইয়াউ উলূমে বিষদভাবে আলোচনা করেছি। সেখানেই দেখে নিও।
📄 করণীয় চারটি বিষয়
প্রথমত
আল্লাহ্র সাথে তোমার আচার আচরণ এমনভাবে করবে যদি ঐ রকম আচরণ তোমার কোনো চাকর তোমার সাথে করে তাহলে তুমি তার প্রতি সন্তুষ্ট থাকবে, তার ওপর তোমার মন খারাপ হবে না বা তার ওপর রাগান্বিতও হবে না। তোমার সাথে আচরণে তোমার চাকর বাকরের যে জিনিসটি অপছন্দ করো, আসল মালিক ও মনিব আল্লাহর আনুগত্যের বেলায় তোমার মধ্যেও সে জিনিসটি অপছন্দ করো।
দ্বিতীয়ত
অন্য লোকদের সাথে লেনদেনের বেলায় তুমি এমন আচরণ করো, যে ধরনের আচরণ তারা তোমার সাথে করলে তোমার পছন্দ হবে, তাতে মনে কষ্ট পাবে না। কারণ, কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত কামিল (পূর্ণাঙ্গ) হবে না, যতক্ষণ না অন্যের জন্য যা পছন্দ করবে তা নিজের জন্যও বৈধ মনে করবে (পছন্দ করবে)।
তৃতীয়ত
যদি কোনো জ্ঞান গবেষণা করো বা কোনো বিদ্যা শিক্ষা করো, তাহলে (লক্ষ্য রাখবে) তোমার সেই ইল্ল্ম যেন তোমার অন্তরে সংশোধনের কাজে লাগে, তোমার আত্মাকে পরিশুদ্ধ করে। যদি জানো যে, তোমার হায়াতের মাত্র একটি সপ্তাহ বাকী আছে, তাহলে এই এক সপ্তায় তুমি প্রয়োজনের তাগিদে ফিকাহ, নীতিশাস্ত্র, উসূল, কালামশাস্ত্র প্রভৃতিতে ব্যস্ত হবে না। কেননা তুমি জানো যে, এগুলো তোমাকে বে-নেয়াজ করবে না (তোমার মুক্তির ব্যবস্থা করবে না) বরং নিজের অন্তরের ওপর খবরদারী, নজরদারী, নফসের গুণাগুণ ও বেশিষ্ট্য চেনা, দুনিয়াবী আকর্ষণ থেকে বিমুখ হওয়া, মন্দ চরিত্র থেকে নক্সকে মুক্ত ও শুদ্ধ করা, আল্লাহর মহব্বত ও বন্দেগীতে নিমগ্ন হওয়া এবং নেক গুণাবলীতে সজ্জিত হওয়ার দিকে ধাবিত হবে। কেননা, (তুমি জানো যে) মানুষের জীবনে এমন কোনো দিন ও রাত অতিবাহিত হয় না; বরং ঐ রাতে বা দিনে তার মৃত্যু বরণ করা সম্ভব।
হে বৎস!
আমার কাছ থেকে শেষ কথাটি শোনো। তার ওপর চিন্তাভাবনা করো, যাতে নাজাত পেতে পারো। যদি তুমি অবগত হও যে, এক সপ্তাহ পর বাদশাহ তোমার সাথে সাক্ষাত করতে আসবেন; তাহলে আমি জানি যে, তুমি যে যে জিনিসের ওপর বাদশাহর নজর পড়তে পারে; যেমন- শরীর, কাপড়-চোপড়, বাড়ি, কামরা, বিছানাপত্র প্রভৃতি - এগুলোর সংশোধন (ধোয়ামাছা) পরিপাটি করা ছাড়া এ সময়ের মধ্যে অন্য কোনো কাজ তুমি করবে না। এখন কোন দিকে আমি ইঙ্গিত করছি, তুমি চিন্তা করে দেখ। কেননা তুমি বিচক্ষণ। আর বিচক্ষণদের জন্য ইঙ্গিতে একটি কথাই যথেষ্ট। হযরত রাসূলে আকরাম (স) এরশাদ করেছেন যেঃ
إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُورِكُمْ وَلَا إِلَى أَعْمَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَنِيَّاتِكُمْ -
আল্লাহ্ তা'আলা তোমাদের চেহারা সুরত বা তোমাদের আমলের দিকে তাকান না! বরং তিনি তোমাদের অন্তরসমূহ ও নিয়তের দিকে তাকান।
যদি অন্তরে অবস্থাদি সম্পর্কিত জ্ঞান শিখতে চাও, তাহলে এহয়াউ উলূমুদ্দীন ও আমার অন্যান্য রচনাবলী অধ্যয়ন করো। ওখান থেকে সন্ধান করো। ইল্ম (অন্তরের অবস্থাদি ও নফসের সংশোধন সম্পর্কিত জ্ঞান) ফরযে আইন। অন্যান্য ইল্ম ফরযে কেফায়া। তবে যে পরিমাণ ইল্ল্ম আল্লাহ্ তা'আলার হুকুম আহকাম পালনের জন্য জরুরী তা ফরয। আল্লাহ্ তা'আলা তোমাকে তা হাসিল করার তওফীক দিন।
চতুর্থত
তোমার খোরাক ও ভরণ-পোষণ এক বছরের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করবে না। যেমন, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার (বিবিগণের) বিভিন্ন হুজরার জন্য এক বছরের খোরাকী যোগাড় করে দিতেন এবং বলতেন:
اللَّهُمَّ اجْعَلْ قُوْتَ آلِ مُحَمَّدٍ كَفَافًا -
ইয়া আল্লাহ্! মুহাম্মদের আহলে বাইতের খোরাকীকে পর্যাপ্ত করে দাও।
তিনি সকল হুজরার জন্য তা (এক বছরের খোরাকী) যোগাড় করতেন না। বরং যাদের সম্পর্কে তিনি জানতেন যে, তাদের মন একটুখানি দুর্বল তাদের হজরার জন্য এই ব্যবস্থা করতেন। কিন্তু যে হুজরাগুলোতে আস্থা ও একীন বিদ্যমান ছিল সেখানে একদিন বা অর্ধদিবসের বেশি খোরাকী যোগাড় রাখতেন না।
📄 মোনাজাত
ওহে বৎস!
এ অধ্যায়ে (রেসালায়) তোমার সকল চাওয়া (জিজ্ঞাসা)-র ব্যাপারে লিখেছি। তুমি যেন এগুলোর ওপর আমল করো এবং আমাকে দো'আয়ে খায়র থেকে মাহরুম না করো। আর যে দো'আর অনুরোধ তুমি আমাকে জানিয়েছ, তা সেহাহ্ এর দো'আসমূহ থেকে সন্ধান করো। এই দো'আটি দিনের সব সময় বিশেষ করে প্রত্যেক নামাযের পরে পড়বে।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ النِّعْمَةِ تَمَامَهَا وَمِنَ الْعِصْمَةِ دَوَامَهَا وَمِنْ الرَّحْمَةِ شُمُولَهَا وَمِنَ الْعَافِيَةِ حُصُولَهَا وَمِنَ الْعَيْشِ أَرْغَدَهُ وَمِنَ الْعُمْرِ أَسْعَدَهُ وَمِنَ الْإِحْسَانِ اَتَمَهُ وَمِنَ الْإِنْعَامِ أَعَمَّهُ وَمِنَ الْفَضْلِ أَعْدَ بهُ وَمِنَ اللُّطْفِ أَقْرَبُهُ - اَللَّهُمَّ عَنْ لَنَا وَ لَا تَكُنْ عَلَيْنَا اللَّهُمَّ اخْتِمْ بِالسَّعَادَةِ أَجَالَنَا وَحَقِّقَ بِالزِّيَادَةِ أَمَالَنَا وَأَقْرِنْ بِالْعَافِيَةِ غُدُونَا وَاصَالَنَا وَاجْعَلْ إِلَى رَحْمَتِكَ مَصِيرُنَا وَمَا لَنَا وَاصْبِبْ سَجَالَ عَفْول عَلَى ذُنُوبِنَا وَمَنْ عَلَيْنَا بِإِصْلاحِ عُيُوبِنَا وَاجْعَلِ التَّقْوى زَادَنَا وَفِي دِينِكَ اجْتِهَادَنَا
بَاعِدْنَا فِي الدُّنْيَا مِنْ مُرْجِبَاتِ النَّدَامَةِ يَوْمَ الْقِيَامَةِ وَخَفِّفْ عَنَّا تقلَ الْأَوْزَارِ، وَارْزُقْنَا عِيشَةَ الْأَبْرَارِ وَاكْفِنَا وَاصْرِفْ عَنَّا شَرِّ الْأَشْرَارِ
وَاعْتِقَ رِقَابَنَا وَرِقَابَ أَبَائِنَا وَأُمَّهَا تِنَا وَإِخْوَانِنَا وَأَخَوَاتِنَا مِنَ النَّارِ بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا غَفَّار يَا كَرِيمُ يَا سَتَارُ يَا عَلِيمُ يَا جَبَّارُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَيَا أَوَّلَ الْأَوَّلِينَ وَبَاذُو الْقُوَّةِ الْمَتِينِ وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ -
পুরো দোয়াটির আলাদা করে উচ্চারণ ও তরজমা দেয়া হলো, যাতে বুঝা ও আমল করা সহজ হয়।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ - (আল্লাহুম্মা ইন্নি আসআলুকা) 'হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি।'
مِنَ النِّعْمَةِ تَمَامَهَا (মিনান নে'মাতি তামামাহা) 'নেয়ামত, যা হবে পরিপূর্ণ।'
وَمِنَ الْعِصْمَةِ دَوَامَهَا (ওয়ামিনাল ইসমাতি দাওয়ামাহা) 'গোনাহ থেকে বাঁচার নিরাপত্তা, যা হবে স্থায়ী।
وَمِنَ الرَّحْمَةِ شُمُولَهَا (ওয়া মিনার রাহমাতি শুমূলাহা) 'এমন রহমত, যা হবে সর্বব্যাপী।'
وَمِنَ الْعَافِيَةِ حُصُولَهَا (ওয়া মিনাল আফিয়াতি হুসূলাহা) 'এমন সুস্থতা, যা পুরোপুরি হাসিল হবে।'
وَمِنَ الْعَيْشِ أَرْغَدَهُ (ওয়া মিনাল আইশি আরগাদাহু) 'এমন যিন্দেগানী, যা হবে সবচে সুখময়।'
وَمِنَ الْعُمْرِ أَسْعَدَهُ (ওয়া মিনাল ওমরি আসআদাহু) 'এমন হায়াত, যা হবে সর্বাধিক সৌভাগ্যপূর্ণ।'
وَمِنَ الْإِحْسَانِ أَتَمَّهُ (ওয়া মিনাল ইহসানি আতাম্মাহু) 'এমন এহসান ও দান, যা সবচে পরিপূর্ণ হবে।'
وَمِنَ الْإِنْعَامِ أَعَمَّهُ (ওয়া মিনাল ইনআমি আআম্মাহু) 'এমন এনাম ও পুরস্কার, যা হবে সর্বব্যাপী।'
وَمِنَ الْفَضْلِ أَعْذَبَهُ (ওয়া মিনাল ফাযলি আ'যাবাহু) এমন ফযল ও দয়া, যা হবে সর্বাধিক হৃদয়গ্রাহী।
وَمِنَ اللَّطْفِ أَقْرَبُهُ (ওয়া মিনাল লুতফি আক্বারাবাহু) 'এমন লুতফ (দয়া ও ভালোবাসা) যা হবে একান্ত নিকটবর্তী।'
اللَّهُمَّ كُنْ لَنَا وَلَا تَكُنْ عَلَيْنَا (আল্লাহুম্মা কুন লানা ওয়ালা তাকুন আলাইনা) 'ইয়া আল্লাহ্! তুমি আমাদের হয়ে যাও, তুমি আমাদের বিপক্ষে যেওনা।'
اللَّهُمَّ اخْتِمْ بِالسَّعَادَةِ أَجَالَنَا (আল্লাহুম্মা আখতিম বিস-সাআদাতি আ-জালনা) 'ইয়া আল্লাহ! সৌভাগ্যের মধ্য দিয়ে আমাদের হায়াতকে পরিসমাপ্ত করো।
وَحَقِّقْ بِالزِّيَادَةِ أَمَالَنَا (ওয়া হাক্কিক বিয যিয়াদাতি আ-মালনা) 'আমাদের আশা ও আরযুসমূহ বেশি বেশি করে বাস্তবে রূপায়িত করো।'
وَأَقْرِنْ بِالْعَافِيَةِ غُدُونَا وَأَصَالَنَا (ওয়া আকরিন বিল আফিয়াতি গুদুওয়ানা ওয়া আ-সালনা) 'সুস্থতার মধ্য দিয়ে আমাদের সকাল ও আমাদের বিকালকে মিলিয়ে দাও।'
وَاجْعَلْ إِلَى رَحْمَتِكَ مَصِيرَنَا وَمَالَنَا (ওয়াজআল ইলা রাহমাতিকা মাসীরানা ওয়া মাআলানা) 'তোমার রহমতের দিকেই আমাদের যাত্রাপথ ও গন্তব্য করো।'
واصْبِبْ سِجَالَ عَفْوِكَ عَلَى ذُنُوبِنَا (ওয়াসবিব সিজালা আফ্ওয়িকা আলা যুনূবিনা) 'তোমার মার্জনার মেঘমালা আমাদের গোনাহসমূহের ওপর বর্ষণ করো।'
وَمُنَّ عَلَيْنَا بِإِصْلَاحِ عُيُوبِنَا (ওয়া মুন্না আলাইনা বি ইসলাহি উয়ুবিনা) 'আমাদের ওপর অনুগ্রহ করো, আমাদের দোষসমূহ সংশোধন করে দিয়ে।'
وَاجْعَلِ التَّقْوى زَادَنَا (ওয়াজআলিত্ তাকওয়া যাদানা) 'তাকওয়া (তোমার ভয়)-কে আমাদের সম্বল করে দাও।'
وَفِي دِينِكَ اجْتِهَادَنَا (ওয়া ফী দীনিকা ইজতিহাদানা) 'তোমার দ্বীনের ইজতেহাদ (গবেষণা ও সাধনা) আমাদের নসীব করো।'
بَاعِدْ نَا فِي الدُّنْيَا مِنْ مُوجِبَاتِ النَّدَامَةِ يَوْمَ الْقِيَامَةِ (বা-য়িদনা ফিদ্ দুনিয়া মিন মূজিবাতিন্ নাদামাতি ইয়াউমাল কিয়ামাতি) 'দুনিয়ার জীবনে, কেয়ামতের দিন লজ্জিত হবার যতো উপকরণ আছে, তা থেকে আমাদের দূরে রাখ।'
وَخَفِّفْ عَنَّا تَقْلَ الْأَوْزَارِ (ওয়া খাফিফ আন্না সাকলাল আওযারি) 'আমাদের ওপর থেকে গোনাহের বোঝা ও ভারত্ব কমিয়ে দাও।'
وَارْزُقْنَا عِيْشَةَ الْأَبْرَارِ (ওয়ারযুকুনা ঈশাতাল আবরারি) 'আমাদেরকে নেক্কার (পুণ্যাত্মা)দের জীবন দান করো।'
وَاكْفِنَا وَاصْرِفْ عَنَّا شَرَّ الْأَشْرَارِ (ওয়াকফিনা ওয়াসরিফ আন্না শাররাল আশরারি) 'আমাদেরকে মুখাপেক্ষীহীন করো এবং আমাদের থেকে দুষ্ট লোকদের অনিষ্টতা দূর করে দাও।'
وَاعْتِقْ رِقَابَنَا وَرِقَابَ أَبَاءنَا وَ أُمَّهَاتِنَا وَإِخْوَانِنَا وَأَخَوَاتِنَا مِنَ النَّارِ (ওয়া-তিক রেক্বাবানা ওয়া রেক্বাবা আবায়িনা ওয়া উম্মাহাতিনা ওয়া ইখওয়ানিনা ওয়া আখওয়াতিনা মিনান্নার।) 'আমাদের পিতাদের, মায়েদের, ভাইদের ও বোনদের গর্দানকে দোযখ থেকে মুক্তি দান করো।'
بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا غَفَّارُ (বিরাহমাতিকা ইয়া আযীযু ইয়া গাফ্ফার) 'তোমার রহমতের উসিলায় হে ক্ষমতাময়, হে ক্ষমাশীল!'
يَا كَرِيمُ يَا سَتَّارُ (ইয়া কারীমু ইয়া সাত্তার) 'হে দয়াময়; হে দোষখাতা গোপনকারী!'
يَا عَلِيمُ يَا جَبَّارُ (ইয়া আলীমু ইয়া জাব্বার) 'হে সর্বজ্ঞানী, হে পরাক্রমশালী!'
يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ (ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ্) 'হে আল্লাহ! হে আল্লাহ! হে আল্লাহ!'
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ (বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন) 'তোমার রহমতের উসিলায়, হে সর্বশ্রেষ্ঠ দয়াময়'
وَيَا أَوَّلَ الْأَوَّلِينَ (ওয়ায়া আওয়ালাল আওয়ালীন) 'ওহে প্রথমদের চাইতেও সর্বপ্রথম সত্তা!'
وَيَا ذُو الْقُوَّةِ الْمَتِينِ (ওয়া ইয়া যুল কুওয়াতিল মাতীন) 'ওহে অবিচল শক্তির অধিকারী!'
وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ (ওয়াইয়া রাহেমাল মাসাকীন) 'ওহে মিসকীনদের ওপর দয়া অনুগ্রহকারী!'
وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ (ওয়াইয়া আরহামার রাহেমীন) 'ওহে সবচে' বড় দয়ালু!'
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায় যোয়ালেমীন) 'নেই কোনো মাবুদ একমাত্র তুমি ছাড়া, তুমি অতি পবিত্র; নিশ্চয়ই আমি (নিজের প্রতি) যুলুমকারীদের অন্তর্ভুক্ত।'
وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ (ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন)
'আল্লাহ্ তা'আলা দরূদ ও রহমত বর্ষণ করুন আমাদের সরদার হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধর ও সাহাবাগণ, সবার ওপর।
وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
(ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন) 'সমস্ত প্রশংসা আল্লাহ্ তাআলার জন্যে, যিনি সমগ্র জাহানের প্রতিপালক।'