📘 হারিয়ে যাওয়া সুন্নাহ 📄 বিসমিল্লাহ পাঠ করা

📄 বিসমিল্লাহ পাঠ করা


আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, '(কোনো এক সফরে) নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক সাহাবি পানি তালাশ করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমাদের কারও নিকট কি পানি আছে?” (একজন পানি এনে দিলে) তিনি পানিতে হাত রাখলেন এবং বললেন, “বিসমিল্লাহ বলে অজু করো।” তখন আমি তাঁর আঙুলের ফাঁক হতে পানি বের হতে দেখলাম। অতঃপর উপস্থিত সাহাবিদের শেষ ব্যক্তিসহ সকলেই এই পানি দিয়ে অজু করলেন।'

সাবিত রহ. বলেন, 'আমি আনাস রা.-কে জিজ্ঞেস করলাম, “উপস্থিত সাহাবিদের সংখ্যা কতজন ছিল বলে আপনি মনে করেন?” তিনি বললেন, “৭০ জনের মতো।”’¹⁸²
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ
‘ওই ব্যক্তির সালাত হয়নি, যার অজু (সঠিকভাবে) হয়নি। আর যে আল্লাহ তাআলার নাম নেয়নি, তার অজু (সঠিকভাবে) হয়নি।’¹⁸³

টিকাঃ
১৮২. সুনানুন নাসায়ি : ৭৮
১৮৩. সুনানু আবি দাউদ: ১০১, সুনানু ইবনি মাজাহ : ৩৯৯

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ 📄 প্রথমে উভয় হাতের কব্জি পর্যন্ত ধৌত করা এবং তিনবার করে ধৌত করা

📄 প্রথমে উভয় হাতের কব্জি পর্যন্ত ধৌত করা এবং তিনবার করে ধৌত করা


হুমরান রহ. থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফফান রা.-কে দেখেছেন যে, তিনি পানির পাত্র আনালেন এবং উভয় হাতের তালুতে তিনবার পানি ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের ভেতর ঢোকালেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপর তিনবার মুখমণ্ডল এবং তিনবার দুহাত কনুইসহ ধুয়ে নিলেন। তারপর মাথা মাসেহ করলেন এবং উভয় পায়ের টাখনু পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। এরপর বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি আমার মতো এ রকম অজু করবে এবং পরে দুই রাকআত সালাত আদায় করবে, যাতে মনে মনে কোনো কথা বলবে না (অর্থাৎ পূর্ণ মনোযোগ নামাজের মধ্যে রাখবে), তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে।’¹⁸⁴

টিকাঃ
১৮৪. সহিহুল বুখারি : ১৬৪, সহিহু মুসলিম: ২২৬

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ 📄 নাক পরিষ্কার করা

📄 নাক পরিষ্কার করা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِر
‘যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে এবং যে ইসতিনজা করে সে যেন বিজোড় সংখ্যক (ঢিলা) ব্যবহার করে।’¹⁸⁵

টিকাঃ
১৮৫. সহিহুল বুখারি : ১৬১, সহিহু মুসলিম: ২৩২

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ 📄 দ্রুতগতিতে হাঁটা

📄 দ্রুতগতিতে হাঁটা


সাইদ বিন জুবাইর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আবু তুফাইল রা. বললেন, “আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখেছি।” আমি বললাম, “তাঁকে কেমন দেখলেন?” তিনি বললেন, “তিনি ছিলেন উজ্জ্বল ও লাবণ্যময়ী চেহারার অধিকারী। যখন পথ চলতেন, তখন মনে হতো, তিনি বুঝি কোনো নিচু জায়গা দিয়ে নামছেন।”১৮৬

টিকাঃ
১৮৬. সুনানু আবি দাউদ : ৪৮৬৪

ফন্ট সাইজ
15px
17px