📄 জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া
জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আমাদের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তাঁর সাথে আমরাও দাঁড়ালাম। আমরা বললাম, “ইয়া রাসুলাল্লাহ, এটি একটি ইহুদির জানাজা!” তিনি বললেন, “তোমরা যখন কোনো জানাজা দেখবে, দাঁড়িয়ে যাবে।””¹⁷⁵
টিকাঃ
১৭৫. সহিহুল বুখারি : ১৩১১, সহিহু মুসলিম : ৯৬০
📄 জানাজা নিয়ে দ্রুত চলা
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرُ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرُّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ
'তোমরা জানাজা নিয়ে দ্রুত চলবে। কারণ, সে যদি পুণ্যবান হয়, তবে এটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ। আর যদি সে অন্য কিছু হয়, তবে সে একটি আপদ, যাকে তোমরা তোমাদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে ফেলছ। '¹⁷⁶
টিকাঃ
১৭৬. সহিহুল বুখারি : ১৩১৫, সহিহু মুসলিম : ৯৪৪
📄 জানাজা রাখার আগে না বসা
আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلَا يَقْعُدْ حَتَّى تُوضَعَ
'যখন তোমরা জানাজা দেখতে পাবে, তখন দাঁড়িয়ে যাবে। আর যে তার অনুসরণ করবে, জানাজা রাখার আগে সে বসবে না।'¹⁷⁷
টিকাঃ
১৭৭. সহিহুল বুখারি : ১৩১০, সহিহু মুসলিম : ৯৫৯
📄 নাকে পানি দেওয়া এবং কুলি করা
আয়িশা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : عَشْرُ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللَّحْيَةِ، وَالسَّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ الْأَخْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ
‘দশটি কাজ ফিতরাত (মানুষের প্রকৃতিগত স্বভাব)- এর অন্তর্ভুক্ত : গোঁফ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙুলের গিরাসমূহ ধোয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কাটা এবং পানি দ্বারা ইসতিনজা করা।'
হাদিসের রাবি মুসআব বলেন, 'আমি দশম কাজটি ভুলে গেছি, তবে সেটি “কুলি করা” হতে পারে।'
কুতাইবা রহ. আরও কিছু বৃদ্ধি করে বলেন, 'ওয়াকি রহ. বলেন, “পানি ঢালা, অর্থাৎ ইসতিনজা করা (এটাও মানুষের প্রকৃতিগত স্বভাবের অন্তর্ভুক্ত)।”’¹⁷⁸
টিকাঃ
১৭৮. সহিহু মুসলিম: ২৬১