📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 হজ ও উমরার সময় সাফা-মারওয়ায় অবস্থান করা এবং দুআ করা

📄 হজ ও উমরার সময় সাফা-মারওয়ায় অবস্থান করা এবং দুআ করা


জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হজের বর্ণনা দিতে গিয়ে বলেন, '...তারপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন। যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হলেন, এই আয়াত পাঠ করলেন :
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ
“নিশ্চয় সাফা-মারওয়া পাহাড়দ্বয় আল্লাহ তাআলার নিদর্শনাবলির অন্যতম।”

তিনি আরও বললেন, 'আল্লাহ তাআলা যে পাহাড়ের কথা শুরুতে উল্লেখ করেছেন, আমি সে পাহাড় দিয়ে আরম্ভ করব।' এ বলে তিনি সাফা পাহাড় দিয়ে শুরু করলেন। এরপর এতটা ওপরে আরোহণ করলেন যে, সেখান থেকে বাইতুল্লাহ দেখতে পেলেন। তারপর তিনি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার একত্ব এবং বড়ত্বের ঘোষণা দিয়ে বললেন :
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
“আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি একক; তাঁর কোনো শরিক নেই। তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা। তিনি প্রতিটি জিনিসের ওপর ক্ষমতাবান। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি নিজ প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, আপন বান্দাকে সাহায্য করেছেন এবং একাই বাহিনীকে পরাভূত করেছেন।”
অতঃপর তিনি দুআ করলেন। এভাবে তিনবার করলেন। এরপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন। যখন তিনি উপত্যকার সমতল ভূমিতে (বাতনে ওয়াদিতে) পৌঁছলেন, তখন তিনি উপত্যকা অতিক্রম করা পর্যন্ত দ্রুত চললেন। অতঃপর তিনি স্বাভাবিকভাবে হেঁটে মারওয়া পাহাড়ে উঠলেন। তারপর মারওয়া পাহাড়েও তা-ই করলেন, যা করেছেন সাফা পাহাড়ে। '¹⁵⁹

টিকাঃ
১৫৯. সহিহু মুসলিম : ১২১৮

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 সালাতে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে বাম দিকে থুথু ফেলা

📄 সালাতে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে বাম দিকে থুথু ফেলা


উসমান বিন আবুল আস রা. থেকে বর্ণিত, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বললেন, 'হে আল্লাহর রাসুল, শয়তান আমার এবং আমার সালাত ও কিরাতের মাঝে প্রতিবন্ধক হয়ে আমার জন্য তা এলোমেলো করে দেয়।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'এটা “খানজাব” নামক শয়তানের কাণ্ড। তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে, তখন (আউজুবিল্লাহ পড়ে) তার কবল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং তিনবার তোমার বাম দিকে থুথু নিক্ষেপ করবে।'

তিনি বলেন, 'পরে আমি তা করলে আল্লাহ তাআলা আমার থেকে শয়তানকে দূর করে দেন।'¹⁶⁰

টিকাঃ
১৬০. সহিহু মুসলিম : ১৫৭৩

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 পায়ে হেঁটে ইদগাহে যাওয়া এবং ভিন্ন পথে ইদগাহ থেকে ফিরে আসা

📄 পায়ে হেঁটে ইদগাহে যাওয়া এবং ভিন্ন পথে ইদগাহ থেকে ফিরে আসা


জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিন পথ পরিবর্তন করতেন (অর্থাৎ এক রাস্তা দিয়ে ঈদগাহে গিয়ে অপর রাস্তা দিয়ে ফিরে আসতেন)।’¹⁶¹

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে বের হতেন এবং অপর রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন।'

ইমাম তিরমিজি রহ. বলেন, 'কোনো কোনো আলিম এ হাদিসের ওপর আমল করত ইমামের জন্য এক রাস্তা দিয়ে বের হয়ে অপর রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা মুসতাহাব বলেছেন।' এটি ইমাম শাফিয়ি রহ.-এরও অভিমত। ¹⁶²

টিকাঃ
১৬১. সহিহুল বুখারি: ৯৮৬
১৬২. সুনানুত তিরমিজি: ৫৪১

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 ঈদের সালাতের আগেই সদকাতুল ফিতর উপযুক্ত ব্যক্তিকে দিয়ে দেওয়া

📄 ঈদের সালাতের আগেই সদকাতুল ফিতর উপযুক্ত ব্যক্তিকে দিয়ে দেওয়া


ইবনে উমর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'মুসলিমদের প্রত্যেক আজাদ ও গোলাম, পুরুষ ও নারী এবং ছোট-বড় সকলের পক্ষ হতে সদাকাতুল ফিতর হিসেবে খেজুর অথবা যবের এক সা' পরিমাণ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন এবং মানুষ নামাজে বের হওয়ার আগেই তা আদায় করে দেওয়ার আদেশ করেছেন। ¹⁶³

টিকাঃ
১৬৩. সহিহুল বুখারি : ১৫০৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00