📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 সুগন্ধি ব্যবহার করা

📄 সুগন্ধি ব্যবহার করা


আমর বিন সুলাইম আল-আনসারি রা. থেকে বর্ণিত, আবু সাইদ খুদরি রা. বলেন, 'আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبُ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ، وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ
“জুমআর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা আবশ্যক। আর মিসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।””

আমর (বিন সুলাইম) বলেন, 'গোসলের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো ওয়াজিব কি না, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হাদিসে এরূপই আছে।'¹²⁷

আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত, তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর (দৈহিক গঠনের) বর্ণনা দিতে গিয়ে বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝারি গঠনের ছিলেন; বেমানান লম্বাও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না। (তাঁর) শরীরের রং ছিল গোলাপি বর্ণের; ধবধবে সাদা কিংবা তামাটে বর্ণের নয়। মাথার চুল কুঁকড়ানোও ছিল না, আবার সম্পূর্ণ সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে তাঁর ওপর ওহি অবতীর্ণ হওয়া শুরু হয়। প্রথম দশ বছর মক্কায় অবস্থানকালে যথারীতি ওহি অবতীর্ণ হতে থাকে। এরপর মদিনায় অতিবাহিত করেন দশ বছর। অতঃপর তাঁর অফাত হয়; অথচ তাঁর মাথা ও দাড়িতে বিশটি সাদা চুলও ছিল না।'

রবিআ বলেন, 'আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি চুল দেখলাম, যা ছিল লাল বর্ণের। আমি এর কারণ জিজ্ঞেস করলে বলা হলো, “সুগন্ধি লাগানোর ফলে তা লাল হয়ে গেছে।””¹²⁸

আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'সর্বোত্তম সুগন্ধি যা আমি পেতাম, তা আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গায়ে লাগাতাম। ফলে তাঁর দাড়ি ও চুলে সুগন্ধির চমক দেখতে পেতাম।’¹²⁹

আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
حُبِّبَ إِلَيَّ مِنْ الدُّنْيَا النِّسَاءُ وَالطَّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي في الصَّلَاةِ
'দুনিয়ার বস্তুসমূহের মধ্যে নারী ও সুগন্ধি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আর সালাতে রাখা হয়েছে আমার চোখের শীতলতা।'¹³⁰

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রী আয়িশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গায়ে ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগিয়ে দিতাম এবং বাইতুল্লাহর তাওয়াফ করার পূর্বে হালাল হওয়ার জন্য সুগন্ধি লাগাতাম।’¹³¹

টিকাঃ
১২৭. সহিহুল বুখারি : ৮৮০
১২৮. সহিহুল বুখারি: ৩৫৪৭
১২৯. সহিহুল বুখারি: ৫৯২৩
১৩০. সুনানুন নাসায়ি : ৩৯৩৯
১৩১. সহিহুল বুখারি : ১৫৩৯

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 নতুন কাপড় পরিধানের সময় দুআ পড়া

📄 নতুন কাপড় পরিধানের সময় দুআ পড়া


আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন কোনো কাপড় পরিধান করতেন, তখন জামা, পাগড়ি, চাদর ইত্যাদি হলে সেটির নামকরণ করতেন। অতঃপর বলতেন :
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرٍ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ
“হে আল্লাহ, আপনার জন্যই সকল প্রশংসা। আপনিই এটি আমাকে পরিধান করালেন। আমি এটির কল্যাণ এবং যার জন্য এটিকে বানানো হয়েছে, তার কল্যাণ প্রার্থনা করছি। আর এটির অনিষ্টতা এবং যার জন্য এটি বানানো হয়েছে, তার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।””¹³²

টিকাঃ
১৩২. সুনানু আবি দাউদ: ৪০২০, সুনানুত তিরমিজি : ১৭৬৭

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 নতুন চাঁদ দেখার পর দুআ পাঠ করা

📄 নতুন চাঁদ দেখার পর দুআ পাঠ করা


তালহা বিন উবাইদুল্লাহ রা. থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, তখন বলতেন :
اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللهُ
'হে আল্লাহ, আমাদের ওপর এ চাঁদ উদিত করো বরকত ও ইমানের সাথে এবং শান্তি ও ইসলামের সাথে। '¹³³

টিকাঃ
১৩৩. সুনানুত তিরমিজি: ৩৪৫১, সুনানুদ দারিমি: ১৬৮৮

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 রান্নাবান্নাসহ ঘরের অন্যান্য কাজে পরিবার ও স্ত্রীকে সহযোগিতা করা

📄 রান্নাবান্নাসহ ঘরের অন্যান্য কাজে পরিবার ও স্ত্রীকে সহযোগিতা করা


আসওয়াদ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমি আয়িশা রা.-কে জিজ্ঞেস করলাম, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে কী কাজ করতেন?” তিনি বললেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারের খিদমত করতেন। তারপর যখন সালাতের সময় হতো, তখন বের হয়ে যেতেন।””¹³⁴

টিকাঃ
১৩৪. সহিহুল বুখারি : ৬৭৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00