📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জুতা পূর্ণরূপে পাক-পবিত্র থাকলে জুতা পায়ে সালাত আদায় করা

📄 জুতা পূর্ণরূপে পাক-পবিত্র থাকলে জুতা পায়ে সালাত আদায় করা


আনাস বিন মালিক রা.-কে জিজ্ঞেস করা হলো, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জুতা পায়ে সালাত আদায় করেছেন?' তিনি বললেন, 'হ্যাঁ।'¹⁷

আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথিদের নিয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি নিজ জুতা খুলে বাম পাশে রেখে দিলেন। যখন অন্যরা তা দেখল, তারাও নিজেদের জুতা খুলে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বললেন, “তোমাদের জুতা খুলতে কীসে উদ্বুদ্ধ করল?” তারা বলল, “আমরা আপনাকে জুতা খুলতে দেখে আমাদের জুতা খুলে নিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার নিকট জিবরাইল আ. এসে সংবাদ দিলেন, (আমার) জুতায় নাপাকি বা ময়লা আছে (তাই আমি খুলে ফেলেছি)।” এরপর তিনি বললেন :

إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا
“যখন তোমাদের কেউ মসজিদে আসে, সে যেন দেখে নেয়, তার জুতাজোড়ায় নাপাকি-ময়লা আছে কি না। থাকলে সে তা মুছে ফেলবে এবং জুতা পায়ে রেখেই নামাজ আদায় করবে।””¹⁸

টিকাঃ
১৭. সহিহুল বুখারি: ৩৮৬
১৮. সুনান আবি দাউদ: ৬৫০

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জুতা পরার সময় ডান পায়ে আগে পরা এবং খোলার সময় বাম পা থেকে আগে খোলা

📄 জুতা পরার সময় ডান পায়ে আগে পরা এবং খোলার সময় বাম পা থেকে আগে খোলা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأُ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأُ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ
"যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে, তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে। আর যখন জুতা খুলবে, তখন বাম পা থেকে আগে খুলবে। যাতে ডান দিকটা পরিধানের সময় প্রথম হয় এবং খোলার সময় শেষে হয়।"¹⁹

টিকাঃ
১৯. সহিহুল বুখারি: ৫৮৫৫

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 পান করার সময় বসা

📄 পান করার সময় বসা


আনাস রা. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদা রা. বলেন, 'আমরা বললাম, “দাঁড়িয়ে আহার করা কেমন?” আনাস রা. বললেন, “তা আরও মন্দ ও নিকৃষ্ট।”'²⁰

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا، فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِى
“তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে যেন তা বমি করে ফেলে।”'²¹

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা এক লোককে দাঁড়িয়ে পান করতে দেখে বললেন, “বমি করে ফেলো।” সে বলল, “কেন?” তিনি বললেন, “তুমি বিড়ালের সাথে পান করে আনন্দিত হবে কি?” সে বলল, “না।” তিনি বললেন, “কিন্তু (দাঁড়িয়ে পান করায়) তোমার সাথে শয়তান পান করেছে, যে কিনা বিড়ালের চেয়েও খারাপ।””²²

• আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পান করাকে কঠোর ভাষায় নিষেধ করেছেন।'²³

অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে পান করাও বৈধ। তার প্রমাণ হচ্ছে :

• নাজ্জাল রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, 'কুফা মসজিদের ফটকে আলি রা.-এর নিকট পানি আনা হলে তিনি দাঁড়িয়ে পান করলেন। এরপর বললেন, “লোকজনের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে পান করাকে মাকরুহ মনে করে; অথচ আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এভাবে (দাঁড়িয়ে) পান করতে দেখেছি, যেভাবে তোমরা আমাকে দেখলে।””²⁴

* আমর বিন শুআইব রহ. তাঁর পিতা থেকে বর্ণনা করেন এবং তাঁর পিতা তাঁর দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 'আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দাঁড়িয়ে ও বসে—উভয় অবস্থায় পান করতে দেখেছি।'²⁵

* আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দাঁড়িয়ে পান করতে দেখেছি এবং বসেও পান করতে দেখেছি। খালি পায়ে সালাত আদায় করতে দেখেছি, জুতা পরিধান করেও আদায় করতে দেখেছি। সালাত আদায় শেষে ডান দিক থেকে ফিরে বসতে দেখেছি এবং বাঁ দিক থেকেও ফিরে বসতে দেখেছি।'²⁶

টিকাঃ
২০. সহিহু মুসলিম : ২০২৪
২১. সহিহু মুসলিম : ২০২৬
২২. মুসনাদু আহমাদ: ৮০০৩
২৩. সহিহু মুসলিম: ২০২৪
২৪. সহিহুল বুখারি: ৫৬১৫
২৫. সুনানুত তিরমিজি: ১৮৮৩
২৬. সুনানুন নাসায়ি: ১৩৬১

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ছাড়া এবং তিনবারে পান করা

📄 পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ছাড়া এবং তিনবারে পান করা


• আব্দুল্লাহ বিন কাতাদা তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلَا يَتَنَفَّسُ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلَاءَ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلَا يَتَمَسَّحْ بِيَمِينِهِ
“তোমাদের কেউ যখন পান করে, তখন যেন পাত্রের ভেতর নিশ্বাস না ফেলে। আর যখন টয়লেটে যায়, তখন যেন ডান হাত দ্বারা নিজের লজ্জাস্থান স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা ইসতিনজা না করে।”²⁷

আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস গ্রহণ করতেন এবং (এ সম্পর্কে) বলতেন, “এতে উত্তমরূপে তৃপ্তি লাভ হয়, পিপাসার ক্লেশ দ্রুত দূর হয় এবং অতি সহজে গলাধঃকরণ হয়।”'

আনাস রা. বলেন, 'পান করার সময় আমিও তিনবার শ্বাস গ্রহণ করে থাকি।'²⁸

টিকাঃ
২৭. সহিহুল বুখারি: ১৫৩
২৮. সহিহু মুসলিম: ২০২৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00