📄 ধোপা
ধোপা ও লোন্ড্রির কাজও হালাল রুযী সন্ধানের একটি বৈধ পেশা। অবশ্য তাতেও আছে নৈপুণ্য ও আমানতদারির আদব। তা মেনে চললে হালাল রুযী অর্জন হবে সেই পথে।
📄 নাপিত
নাপিতের চুল কাটা পেশা অবৈধ বা ঘৃণিত নয়। এ পেশার মাধ্যমে হালাল রুযী লাভ করা যায়। তবে অন্যান্য পেশার মত এ পেশাতেও নৈপুণ্য ও আমানতদারির কথা খেয়াল অবশ্যই রাখতে হবে।
যেমন শরীয়তে যে লোম বা চুল কাটা হারাম তা কিন্তু কাটলে চলবে না। অতএব কারো দাড়ি কেটে দেওয়া বৈধ নয় নাপিতের জন্য। বৈধ নয় গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা। যেমন কোন মহিলার চুল পুরুষের জন্য এবং পুরুষের চুল মহিলার জন্য কাটা বৈধ নয়। বৈধ নয় কাফেরদের অনুকরণে নানা কাটিং-এর চুল কাটা। যেহেতু তাতে অন্যায়ের সহযোগিতা হয় তাই।
📄 হাজাম
শৃঙ্গ বা কোন নলের মাধ্যমে দেহ থেকে বদ বা দূষিত রক্ত বের করার পেশাদার লোককে হাজ্জাম বলা হয়। অবশ্য আমাদের দেশে কোন কোন এলাকায় যে লোক লিঙ্গত্বকছেদ (খতনা) করে তাকেও হাজাম বলা হয়ে থাকে। পেশা হিসাবে লোকে তা ঘৃণা করলেও তার উপার্জন কিন্তু হারাম নয়। যেহেতু মহানবী নিজে দূষিত রক্ত বের করিয়ে হাজ্জামকে তার পারিশ্রমিক প্রদান করেছেন। যদি তার কামাই অপবিত্র হত, তাহলে তিনি তা প্রদান করতেন না। (আবু দাউদ ৩৪২৩নং)
📄 মেথর
মেথরের কাজ ঘৃণ্য হলেও সমাজে এমন লোকের প্রয়োজন আছে। কেউ যদি উত্তম কাজ না পেয়ে ঐ কাজকেই নিজের পেশা বলে বরণ করে অর্থোপার্জন করে তবে তা হারাম নয়। অবশ্য এ ক্ষেত্রে শরীয়তের আদব পবিত্রতার সময় পবিত্রতা ইত্যাদির কথা খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে।