📄 অভিনেতা-অভিনেত্রী, মডেলিং
অবৈধ অভিনয় কোন মুসলিম করতে পারে না। বর্তমান চলচিত্র জগতের যে সকল ছবি তৈরী হয়, তার প্রায় সবটাই প্রেম ও যৌনতা থেকে মুক্ত নয়। অতএব ঐ শ্রেণীর কোন অভিনয়ে অংশগ্রহণ করা মুসলিমের জন্য বৈধ নয়।
অভিনয় হল প্রদর্শনের জন্য। মুসলিম মহিলা বেগানা কোন পুরুষকে এমনিই দেখা দিতে পারে না। না সরাসরি, আর না ক্যামেরা বা ছবির মাধ্যমে। সুতরাং কোন মুসলিম মহিলার অভিনেত্রী হওয়ার কোন প্রশ্নই ওঠে না। বলাই বাহুল্য যে, কোন মুসলিম নারী নিজ রূপ-লাবণ্যের ব্যবসা করে খেতে পারে না।
📄 হাস্য-কৌতুক
হাস্য-কৌতুককে একটি কলা ও পেশা হিসাবে অবলম্বন করে কোন কোন মুসলিম এর শিল্পী হয়ে মানুষের মনজয় করে থাকে। অথচ প্রিয় রসূল বলেন, “দুর্ভোগ সেই ব্যক্তির, যে মিথ্যা বলে লোকেদেরকে হাসায়। দুর্ভোগ তার জন্য, দুর্ভোগ তার জন্য।” (আবুদাউদ ৪৯৮৯নং, তিরমিযী, সহীহুল জামে' ৭০১৩)
তিনি আরো বলেন, “শোনো! যে ব্যক্তি এমন কথা বলে; যার দ্বারা সে লোকেদেরকে হাসাতে চায় সে ব্যক্তি সম্ভবতঃ আকাশ হতে দূরবর্তী স্থানে নিপতিত হয়। শোনো! তোমাদের মধ্যে কোন মানুষ এমন কথা বলে; যার দ্বারা সে নিজ সঙ্গীদেরকে হাসাতে চায় সম্ভবতঃ তার দরুন আল্লাহ ঐ মানুষের উপর ক্রোধান্বিত হন এবং তাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হন না।” (সহীহ তারগীব ২৮৭৭নং)
বলাই বাহুল্য যে, এ পেশা কোন মুসলিমের জন্য বৈধ নয়। হালাল নয় এর মাধ্যমে উপার্জিত ধন।
📄 লটারীর এজেন্ট
ইসলামে জুয়া ও লটারী বৈধ নয়। অতএব কোন মুসলিম লটারী খেলা ছেড়ে অথবা লটারী টিকিটের এজেন্ট হয়ে অর্থ উপার্জন করতে পারে না।
📄 বিমার এজেন্ট
সূদী বিমা বা ইনশুরেন্স ইসলামে বৈধ নয়। অতএব সূদী কারবারের কোন ব্যাংকে অথবা বিমা অফিসে চাকরী করে অথবা তার এজেন্ট হয়ে বেতন অথবা কমিশন নিয়ে অর্থ উপার্জন করতে পারে না। যেহেতু সূদের অর্থ অপবিত্র। অপবিত্র সূদের মাধ্যমে অর্জিত অর্থও।