📘 হারাম রুযী ও রোযগার > 📄 দাঁড়ি মেরে জিনিস বিক্রয়

📄 দাঁড়ি মেরে জিনিস বিক্রয়


ইসলাম আমাদেরকে দাঁড়ি মেরে জিনিস বিক্রয় করতে নিষেধ করেছে। যারা এ ধোকাবাজির কাজ করে, কুরআন কারীমে তাদেরকে ভীতি-প্রদর্শন ও সতর্ক করা হয়েছে। মহান আল্লাহ বলেন,
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُواْ عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (3) وَإِذَا كَالُوهُمْ أَو وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُوْلَئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ) لِيَوْمٍ عَظِيمٍ (4) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ ﴾ (المطففين ١-٦)
অর্থাৎ, দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়; যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন তাদেরকে (কিছু) মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। সে মহান দিবসে; যেদিন সমস্ত মানুষ সারা জগতের প্রতিপালকের সামনে খাড়া হবে। (সূরা মুত্বাফফিফীন ১-৬ আয়াত)

ন্যায়পরায়ণ বাদশাহ স্রষ্টা মানুষের জন্য "আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলাদন্ড। যাতে তোমরা সীমালংঘন না কর। ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা কর এবং ওজনে কম না দাও।” (সূরা রহমান ৭-৯ আয়াত)

মহান আল্লাহ আরো বলেন, ج وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا الْمُسْتَقِيمِ بِالْقِسْطَاسِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا )
অর্থাৎ, মেপে দেওয়ার সময় পূর্ণমাপে দাও এবং ওজন কর সঠিক দাঁড়িপাল্লায়, এটাই উত্তম ও পরিণামে উৎকৃষ্ট। (সূরা ইসরা ৩৫ আয়াত)

পৃথিবীর আইকাহ ও মাদইয়ান শহরে এক জাতি ছিল; যে জাতি এই প্রকার নিকৃষ্ট কাজে ব্যাপক আকারে লিপ্ত হয়ে পড়েছিল। মহান আল্লাহ সেই জাতির মাঝে নবী শুআইব-কে প্রেরণ করলেন। কিন্তু তারা নবীর কথা প্রত্যাখ্যান করে তাদের সেই হীন আচরণ চালিয়ে যেতে লাগল। নবী তাদেরকে বুঝাতে লাগলেন, "তোমরা ওজন ও মাপ পূর্ণ মাত্রায় দাও। সঠিক মাপযন্ত্র দিয়ে মাপ-ওজন কর। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করো না এবং পৃথিবীতে ঝগড়া-ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করো না।”

কিন্তু তারা আপোসে বলল, "আমরা যদি শুআইবের কথা মেনে নিই, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব।” তারা নবীকে বলল, "আমরা নিজেদের মধ্যে তোমাকে দুর্বল দেখছি। যদি তোমার স্বজনবর্গ না থাকত, তাহলে আমরা তোমাকে প্রস্তরাঘাতে চূর্ণ করে ফেলতাম। আর আমাদের নিকট তোমার কোন মর্যাদা নেই।” মোট কথা তারা নবীকে মিথ্যায়ন করল এবং তাঁর বিরুদ্ধে নানা সমালোচনা ও ষড়যন্ত্র শুরু করল। পরিশেষে মহান আল্লাহ বিকট গর্জন ও ভূ-কম্পন দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। (সূরা আ'রাফ ৮৫-৯৩, সূরা হূদ ৮৪-৯৫, সূরা শুআরা ১৭৬-১৯০ আয়াত)

সে কাজ করলে তার সত্বর শাস্তির কথাও ঘোষণা করা হয়েছে:-
আল্লাহর রসূল বলেন, "---- যে জাতি দাঁড়ি-মারা শুরু করবে, সে জাতি ফসল থেকে বঞ্চিত হবে এবং দুর্ভিক্ষে আক্রান্ত হবে।” (ত্বাবারানীর কাবীর, সহীহ তারগীব ৭৬০নং)

তিনি আরো বলেন, "--- যে জাতিই মাপ ও ওজনে কম দেবে, সে জাতিই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য-সংকট এবং শাসকগোষ্ঠীর অত্যাচারের শিকার হবে।” (বাইহাকী, ইবনে মাজাহ ৪০১৯নং, সহীহ তারগীব ৭৫৯নং)

দাঁড়ি মারারও বিভিন্ন পদ্ধতি রয়েছে হারামখোরদের; যেমন পাল্লা হিলিয়ে ওজনে কম দেওয়া। কাঁটা অথবা বাটখারা কমিয়ে রাখা অথবা যে পাল্লায় জিনিস রাখা হয়, সেই পাল্লার নিচে এমন ভারী জিনিস রাখা; যাতে ধরা পড়লে সহজে তা সরিয়ে ফেলা যায়। চোখে ধুলো দিয়ে দাঁড়ি মারা বা জিনিস পাল্টে দেওয়া। যুবতীদের নিজ ইজ্জত দেখিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে দাঁড়ি মারা। পায়ের দিকে অথবা অন্য কোন দিকে ইঙ্গিত করে ক্রেতার দৃষ্টি ফিরিয়ে দাঁড়ি মারা বা জিনিস পাল্টে দেওয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00