📘 হারাম রুযী ও রোযগার > 📄 মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়

📄 মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়


মানুষ বড় সম্মানিত জীব। মহান সৃষ্টিকর্তা মানুষকে বড় সম্মানের অধিকারী করে সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বের সমস্ত জিনিসকে তারই খিদমতের জন্য অধীন করে দিয়েছেন। অতএব তার কেনা-বেচায় তার সম্মানহানি হওয়ার কথা অবশ্যই বটে। অনুরূপভাবে মানুষের কোন অঙ্গ ও অংশ বিক্রয় করাও বৈধ নয়। বৈধ নয় লাশ ও ভ্রূণ বিক্রয়। মানুষের রক্ত, চুল, চোখ, কিডনী প্রভৃতিও বিক্রয় করা হারাম।

তবে হ্যাঁ, রক্ত বা অঙ্গ দান করার পর যদি কোন পক্ষ খুশী হয়ে উপহার স্বরূপ দাতাকে কিছু দেয়, তাহলে তা গ্রহণ করায় দোষ নেই। যেহেতু তা বিক্রয়ের পর্যায়ভুক্ত নয়। (মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যাহ ৩৫/৩৪৩-৩৪৪)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 বীর্য বিক্রয়

📄 বীর্য বিক্রয়


এ কথা বিদিত যে, মানুষের কোন কিছু বিক্রয় বৈধ নয়; অতএব তার বীর্যও নয়। তাছাড়া তার বীর্য নিজ স্ত্রী ছাড়া অন্যের গর্ভে প্রক্ষেপ হারাম। সুতরাং তা কোন পর- মহিলার গর্ভের জন্য বিক্রয় করা হারাম।

গৃহপালিত পশুর বীর্যও বিক্রি করা বৈধ নয়। উট, ঘোড়া, ষাঁড় বা পাঁঠার বীর্য বিক্রি করে অর্থ বৈধ নয়। কোন মুসলিম ভাই তার গাভী বা ছাগীর মিলন সাধনের জন্য এলে বিনা পয়সায় ষাঁড় বা পাঁঠা ছেড়ে দেওয়া উচিত। যেহেতু আমাদের নবী ﷺ প্রজননের জন্য ষাঁড় ভাড়ায় দিতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম ১৫৬৫নং) ষাঁড় বা পাঁঠা মিলন ও প্রজনেনর জন্য কাউকে (পাল ধরাতে) দিয়ে তার মূল্য নিতে নিষেধ করেছেন। (সহীহুল জামে' ৬৯৪৮-নং)

অবশ্য যদি কেউ স্বেচ্ছায় কেউ উপহার স্বরূপ কিছু দেয়, তাহলে ষাঁড় মালিকের তা গ্রহণ করায় কোন দোষ নেই। (তিরমিযী ১২৭৪, নাসাঈ, মিশকাত ২৮৬৬নং)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 চালবাজি করে ব্যবসা

📄 চালবাজি করে ব্যবসা


কিছু ব্যবসায়ী আছে, যারা ব্যবসায় অতিরিক্ত লাভের জন্য চালাকির আশ্রয় নেয়। ক্রেতাকে নানাভাবে ধোকায় ফেলে তার অর্থ শিকার করে।

মহানবী ﷺ বলেন, "ধোকাবাজি ও চালবাজি জাহান্নামে হবে।” (বাইহাকী, সহীহুল জামে' ৬৭২৫নং)

ঠকবাজ ও ধরিবাজ সব ব্যাপারে ও সব সমাজেই ঘৃণ্য। ধোকাবাজি কোন ক্ষেত্রেই বৈধ নয়; বৈধ নয় ব্যবসার ক্ষেত্রেও। কিন্তু দুঃখের বিষয় যে, বহু ব্যবসায়ী ধোকা দিয়ে বোকা বানিয়ে হারাম অর্থ কামিয়ে আনন্দবোধ করে থাকে। যেমনঃ-

১। দালাল লাগিয়ে জিনিসের দাম বাড়ানো। নির্দিষ্ট ভাড়াটে দালাল লাগিয়ে খদ্দের লাগার সময় পাশ থেকে এসে যে জিনিস খদ্দের কিনতে চায় সেই জিনিসই কিনবার আগ্রহ দেখিয়ে দালাল তার মনে বিশ্বাস জন্মায় এবং মাঝখান থেকে দাম বাড়িয়ে সতর্কতার সাথে সরে পড়ে।
অনেক ক্ষেত্রে কোন মাল নিলামে বিক্রি হওয়ার সময় ঐ শ্রেণীর ভাড়াটে দালাল ভুয়া ডাক দিয়ে কেবল দাম বাড়িয়ে বড় কৌশলের সাথে কেটে পড়ে। পরিশেষে সাধারণ ক্রেতা ধোকায় পড়ে সেই মাল চড়া দামে ক্রয় করতে বাধ্য হয়।
অথচ আমাদের দয়ার নবী এইভাবে পণ্য ক্রয় করার নিয়ত ছাড়া তার মূল্য বৃদ্ধি করতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম প্রমুখ) সুতরাং বিক্রেতা ও দালাল উভয়েই উক্ত হারামে সমানভাবে শরীক।

২। দামী কিছু খাইয়ে খদ্দের বাঁধা। কোন কোন অসৎ ব্যবসায়ী আছে, যারা তাদের দোকান ঢুকতেই মিষ্টি অথবা পেপসী খাইয়ে বাহ্যতঃ বড় সম্মান প্রদর্শন করে। অবশ্য তারা যে নিজেদের পকেট থেকে খরচ করে না, তা সুনিশ্চিত। যেহেতু তারা যখনই খদ্দেরকে খাইয়ে আপ্যায়ন করবে, তখন কোন্ লজ্জায় খদ্দের তাদের দোকানে মাল না কিনে বের হতে পারবে? আর মাল কিনলেই তার আপ্যায়নের পয়সা সূদ সহ ওসূল করে নেবে ঐ শ্রেণীর ধোকাবাজ ব্যবসায়ীরা।

৩। ব্যবসার পণ্য খাদ্যদ্রব্য হলে যথেষ্ট পরিমাণ টেষ্ট করতে দিয়ে ক্রেতাকে বেঁধে নিয়ে ইচ্ছামত দামে তা বিক্রয় করা।

৪। প্যাঁচের কথা বলে খদ্দের শিকার করা। এক শ্রেণীর ব্যবসায়ী এমনভাবে কথা বলে, যাতে মনে হয় জিনিস সস্তা। অতঃপর ওজন করা, প্যাকিং খোলা বা খাওয়ার পর বেশী দাম চেয়ে বসে। ৫ টাকা কেজি শুনে দাম দেওয়ার সময় যখন ৫ টাকা পোয়া চায় তখন লজ্জায় আপনি দিতে বাধ্য। নতুবা ঝগড়া সৃষ্টি হয়ে গালিমন্দ খেয়ে অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় মারও খেতে পারেন।

৫। অনেক হারামখোর ব্যবসায়ী আছে, যারা তাদের দোকানে ঢুকলে এবং পছন্দ না হয়ে পণ্য না নিতে চাইলে লজ্জা বা গালি দিয়ে কিনতে বাধ্য করে। আর মান রক্ষার জন্য তাদের কথা উপেক্ষা করে আপনি দোকান থেকে বের হয়ে আসবেন তার উপায় নেই। অবশেষে পছন্দ ও মাপ মত না হলেও কথার বাঁধুনি ও বিঁধুনির জ্বালায় তাই কিনে আনতে বাধ্য হবেন।

৬। চোখে ধুলো দিয়ে, যুবতীর ইজ্জত দেখিয়ে দাঁড়ি মেরে ব্যবসা হারাম ব্যবসা সে কথা অন্যত্র আলোচিত হয়েছে।

৭। তদনুরূপ একটি তার জুড়ে ম্যাকানিকদের মোটা পারিশ্রমিক নেওয়া হারাম, সে কথাও উল্লেখ করা হয়েছে।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 নিষিদ্ধ সময় ও স্থানে ব্যবসা

📄 নিষিদ্ধ সময় ও স্থানে ব্যবসা


শরীয়তের আইনে যে কাল-পাত্রে ব্যবসা নিষেধ, সে কাল-পাত্রে ক্রয়-বিক্রয় করলে তা হারাম এবং শরীয়তের কথা লংঘন করার ফলে সে উপার্জন হারাম।

যেমন জুমআর দিন দ্বিতীয় আযানের (অর্থাৎ খুতবার আযানের) পর ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। বৈধ নয় কোন প্রকার কাজ করতে থাকা। যেহেতু মহান আল্লাহ বলেন,
يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ))
অর্থাৎ, হে ঈমানদারগণ! যখন জুমআর দিন নামাযের জন্য আহবান করা হবে, তখন তোমরা সত্বর আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বর্জন কর। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা উপলব্ধি কর। (সূরা জুমআহ ৯ আয়াত)

অনুরূপভাবে ফরয নামাযের আযান শোনার পর কোন মুসলিমের জন্য ক্রয়-বিক্রয়ে বিভুল থাকা বৈধ নয়। বৈধ নয় 'হাইয়া আলাস স্বালাহ, হাইয়া আলাল ফালাহ'র আহ্বানে সাড়া না দিয়ে দুনিয়াদারি কাজে ব্যস্ত থাকা। আল্লাহ তাআলা বলেন,
(( فِي بُيُوتِ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ (٣٦) رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ)) (۳۷) سورة النور
অর্থাৎ, আল্লাহ যে সব গৃহকে (মর্যাদায়) উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম স্মরণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এমন লোকেরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ, নামায কায়েম এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বল হয়ে পড়বে। (সূরা নূর ৩৬-৩৭ আয়াত)

যেমন মসজিদ আল্লাহর ঘর। সেখানে কেবল ইবাদত হয়। সেখানে দুনিয়াদারি নিষিদ্ধ। তাই মসজিদের ভিতর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
আল্লাহর রসূল বলেন, "যখন তোমরা মসজিদে কাউকে কেনা-বেচা করতে দেখবে তখন বলবে, 'আল্লাহ তোমার ব্যবসায় যেন বর্কত না দিন।' আর যখন কাউকে কোন হারানো জিনিস খুঁজতে দেখবে তখন বলবে, 'আল্লাহ যেন তোমাকে তা ফিরিয়ে না দিন।' (তিরমিযী, নাসাঈ, ইবনে খুযাইমা, হাকেম, সহীহ তারগীব ২৮৭নং)

যে জায়গায় শির্ক ও বিদআত ও পাপাচরণের আড্ডা, সে জায়গায়, সে (মূর্তি, মাযার, উরস, আস্তানার) মেলায় জন-সমাবেশের সুযোগ গ্রহণ করে কোন কিছু বিক্রি করে অর্থ উপার্জন করা মুসলিমের জন্য বৈধ নয়।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, সূর্য ওঠার পূর্বে কোন জিনিসের দর-দাম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে বর্ণিত হাদীস সহীহ নয়। (সিলসিলাহ যয়ীফাহ ৪৭১৯নং)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00