📘 হারাম রুযী ও রোযগার > 📄 পরের জমি জবরদখল করা

📄 পরের জমি জবরদখল করা


যেন-তেন-প্রকারেন পরের জমি অথবা জায়গা দখল করে ফসল উৎপাদন করে হারাম খায় এক শ্রেণীর হারামখোর। পদের জোরে অথবা জনশক্তির জোরে পরের জিনিসকে নিজের করে নিতে তাদের কোন অসুবিধা হয় না। ফলে 'লাঠি যার মাটি তারা। জোর যার মুলুক তার। জিসকী লাঠী উসকী ভ্যাইস।' একটি আইন বলে পরিগণিত হয়।

আল্লাহর রসূল বলেন, "যে ব্যক্তি (অন্যের) অর্ধহাত পরিমাণও জমি জবরদখল করবে (কিয়ামতের দিন) সে ব্যক্তির ঘাড়ে ঐ জমির (নীচের) সাত (তবক) জমিনকে বেড়িস্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে।” (বুখারী ২৪৫৩, মুসলিম ১৬১২নং)

অন্য এক বর্ণনায় তিনি বলেন, "যে ব্যক্তি অর্ধহাত পরিমাণও জমি জবর-দখল (আত্মসাৎ) করবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঐ জমির সাত তবক পর্যন্ত খুঁড়তে আদেশ করবেন। অতঃপর তা তার গলায় বেড়িস্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে; যতক্ষণ পর্যন্ত না সমস্ত লোকেদের বিচার-নিষ্পত্তি শেষ হয়েছে (ততক্ষণ পর্যন্ত ঐ সাত তবক আধ হাত জমি তার গলায় লটকানো থাকবে)!" (আহমাদ ৪/১৭৩, ত্বাবারানীর কাবীর, ইবনে হিব্বান ৫১৪২, সহীহুল জামে' ২৭২২নং)

আরো এক বর্ণনায় তিনি বলেন, “যে ব্যক্তি অর্ধহাত পরিমাণও জমি নাহক জবর-দখল (আত্মসাৎ) করবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঐ জমির সাত তবক পর্যন্ত নিচে ধসিয়ে দেবেন।” (বুখারী)

তিনি আরো বলেন, "যে ব্যক্তি সেই জিনিস দাবী করে, যে জিনিস তার নয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় এবং সে যেন নিজের ঠিকানা দোযখে বানিয়ে নেয়।” (মুসলিম ৬১নং)

তিনি আরো বলেন, "আল্লাহর অভিসম্পাত সেই ব্যক্তির উপর যে গায়রুল্লাহর উদ্দেশ্যে যবেহ করে, আল্লাহর অভিসম্পাত সেই ব্যক্তির উপর যে নিজ পিতামাতাকে অভিসম্পাত করে, আল্লাহর অভিসম্পাত সেই ব্যক্তির উপর যে কোন দুষ্কৃতকারী বা বিদআতীকে আশ্রয় দেয় এবং আল্লাহর অভিসম্পাত সেই ব্যক্তির উপর যে ভূমির (জমি-জায়গার) সীমা-চিহ্ন পরিবর্তন করে।” (মুসলিম ১৯৭৮নং)

অপরের স্থাবর-অস্থাবর ধন-সম্পত্তি দাবীর জোরে কাযীর কাছে কসম খেয়েও নিজের প্রমাণ করে খাওয়ার হারামখোর আল্লাহর নিকট অতি ঘৃণিত। মহানবী বলেন, “যে ব্যক্তি কোন মুসলিমের মাল অনধিকার আত্মসাৎ করার উদ্দেশ্যে কসম করে, সে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যখন তিনি তার উপর ক্রোধান্বিত থাকবেন।” আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, অতঃপর আল্লাহর রসূল এ কথার সমর্থনে আল্লাহর কিতাব থেকে এই আয়াত আমাদের জন্য পাঠ করলেন,
إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً أُوْلَبِكَ لَا خَلَقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ))
অর্থাৎ, যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্পমূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়ে দেখবেন না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (সূরা আ-লি ইমরান ৭৭ আয়াত) (বুখারী ৬৬৭৬, ৬৬৭৭, মুসলিম ১১০নং, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ)

অপরের গাফলতি অথবা সরলতার সুযোগ নিয়ে তার জমি অথবা জায়গা ছলে-বলে কলে-কৌশলে রেকর্ড করে নেওয়াও জমি জবর-দখলের শামিল। অতএব মুসলিম হুশিয়ার!
কয়েক বছরের জিন্দেগীর জন্য পরের জমি নাহক দখল করে কবরে গেলে তার দ্বারা উপকৃত হবে উত্তরাধিকারীরা। আর দখলকারী কবরে কয়েক হাত জায়গা নিয়ে আযাব ভোগ ও আফশোস করতে থাকবে。

📘 হারাম রুযী ও রোযগার > 📄 পরের গাই দুইয়ে নেওয়া

📄 পরের গাই দুইয়ে নেওয়া


পরের উটনী, গাই বা ছাগল লুকিয়ে দুইয়ে নেওয়া এক প্রকার চুরি। সুতরাং ঐ দুধ খাওয়া হালাল নয়। মহানবী বলেন, "তোমাদের কেউ যেন অপরের পশু তার বিনা অনুমতিতে অবশ্যই না দোয়ায়। তোমাদের কেউ কি পছন্দ করবে যে, তার খাদ্য ও পানীয়র পাত্র ভেঙ্গে দেওয়া হোক এবং খাবারগুলো ছড়িয়ে পড়ুক? লোকেদের পশুর স্তন তো তাদের খাবার সঞ্চয় করে রাখে। সুতরাং তোমাদের কেউ যেন অপরের পশু তার বিনা অনুমতিতে অবশ্যই না দোহায়।” (বুখারী, মুসলিম ১৭২৬নং)

মহানবী আরো বলেন, "ছিনিয়ে নেওয়া মাল মৃত প্রাণী অপেক্ষা অধিক পবিত্র নয়।” (আবু দাউদ, সহীহুল জামে' ১৯৮৬নং)

এ হল চুরি-ডাকাতির কয়েকটি নমুনা মাত্র। এ ছাড়া কত চোর যে কত রকমভাবে চুরি করে খায় এবং হারাম খায় তার সঠিক হিসাব কে জানে?
কিন্তু ঐ শ্রেণীর যালেম হারামখোরদের তওবা করা উচিত। যাতে তারাও আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে পারে এবং আল্লাহর বান্দারাও তাদের অত্যাচার থেকে মুক্তি পেয়ে শান্তিতে বসবাস করতে পারে।
মহানবী বলেন, "যদি কোন ব্যক্তি তার মুসলিম ভায়ের প্রতি তার সম্ভ্রম বা অন্য কিছুতে কোন যুলুম ও অন্যায় করে থাকে, তাহলে সেদিন আসার পূর্বেই সে যেন আজই তার নিকট হতে (ক্ষমা চাওয়া অথবা প্রতিশোধ দেওয়ার মাধ্যমে) নিজেকে মুক্ত করে নেয়; যেদিন (ক্ষতিপূরণ দেওয়ার জন্য) না দীনার হবে না দিরহাম। (সেদিন) যালেমের নেক আমল থাকলে তার যুলুম অনুপাতে নেকী তার নিকট থেকে কেটে নিয়ে (মযলুমকে দেওয়া) হবে। পক্ষান্তরে যদি তার নেকী না থাকে (অথবা নিঃশেষ হয়ে যায়) তাহলে তার (মযলুম) প্রতিবাদীর গোনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে।” (বুখারী ৩৫৩৪, তিরমিযী ২৪১৯নং)

একদা আল্লাহর রসূল বললেন, "তোমরা কি জানো, নিঃস্ব কাকে বলে?” সকলে বলল, 'আমাদের মধ্যে নিঃস্ব তো সেই ব্যক্তি যার টাকা-পয়সা নেই এবং কোন সম্পদও নেই।' তিনি বললেন, "কিন্তু আমার উম্মতের মধ্য হতে (প্রকৃত) নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামায, রোযা, যাকাত নিয়ে উপস্থিত হবে, পক্ষান্তরে সে একে গালি দিয়ে থাকবে, ওকে মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, এর ধন আত্মসাৎ করে থাকবে, ওর রক্তপাত ঘটিয়ে থাকবে এবং একে মেরে থাকবে (ইত্যাদি)। ফলে সেদিন তার নেকী তার প্রতিবাদীকে প্রদান করে (প্রতিশোধ) দেওয়া হবে। অনুরূপ দেওয়া হবে অন্যান্য (মযলুম) প্রতিবাদীকেও। এতে যদি তার বিচার নিষ্পত্তি শেষ হওয়ার পূর্বেই তার সমস্ত নেকী নিঃশেষ হয়ে যায়, তাহলে তার প্রতিবাদীদের গোনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে এবং পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” (মুসলিম ২৫৮১, তিরমিযী ২৮১৮নং)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 ধোকা-ধাপ্পা দিয়ে চুরি

📄 ধোকা-ধাপ্পা দিয়ে চুরি


এক শ্রেণীর চোর আছে, যারা গোপনে চুরি করে না। তারা বরং চোখের সামনে ধোকা-ধাপ্পা দিয়ে লোকের কাছ থেকে মাল বাগিয়ে নেয়। যেমন, ক্রেতার বেশে দোকানে মাল নিয়ে দাম না দিয়ে উল্টে বাকী টাকা চাওয়া, বিক্রেতার বেশে মাল বা টিকিটের দাম টাকা নিয়ে নিইনি বলে অস্বীকার করে দ্বিতীয়বার টাকা নেওয়া। জ্ঞাননাশক কিছু খাইয়ে অজ্ঞান করে মাল নিয়ে চম্পট দেওয়া।
গাড়ি ভাড়া করে মাল নিয়ে যেতে যেতে মাঝ পথে স্টার্ট বন্ধ করে মুসাফিরকে গাড়ি ঠেলতে বলে স্টার্ট করে তার মাল সহ চম্পট।
হোটেলে খেয়ে পয়সা না দিয়ে কৌশলের সাথে পলায়ন। গাড়িতে তেল ভরে পয়সা না দিয়ে ভোঁ করে উধাও হওয়া।
পার্টস সারা যাবে না বলে পরিবর্তে নতুন লাগিয়ে দিয়ে ফেলে যাওয়া ঐ পার্টস সেরে বিক্রয় করা।

মহান আল্লাহ বলেন,
(( وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ)) (٤٣) سورة فاطر
অর্থাৎ, কুচক্র কুচক্রীদেরকেই পরিবেষ্টন করে। (সূরা ফাত্বির ৪৩ আয়াত)

আল্লাহর রসূল বলেন, “যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ধোকা ও চালবাজ জাহান্নামে যাবে।” (ত্বাবারানীর কাবীর ও সাগীর, ইবনে হিব্বান ৫৫৩৩, সহীহুল জামে’ ৬৪০৮ নং)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 সুদী কারবার ও তার উপার্জন

📄 সুদী কারবার ও তার উপার্জন


হারাম আল্লাহ তাআলা সূদকে সর্বতোভাবে কঠোররূপে হারাম গণ্য করেছেন এবং সুদখোরদের বিরুদ্ধে তিনি ও তাঁর রসূলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করে মানবজাতিকে ভীতিপ্রদর্শন করেছেন। তিনি বলেন,
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَوْا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبوا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَوْا فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُوْلَبِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (9) يَمْحَقُ اللَّهُ الرِّبَوا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ()
অর্থাৎ, যারা সূদ খায় তারা সেই ব্যক্তির মত দণ্ডায়মান হবে যাঁকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তা এ জন্য যে, তারা বলে, 'বেচা-কেনা তো সূদের মতই।' অথচ আল্লাহ বেচা-কেনাকে বৈধ ও সূদকে অবৈধ করেছেন। সুতরাং যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে, তারপর সে বিরত হয়েছে, অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর অধিকারভুক্ত। আর যারা পুনরায় (সূদ) নিতে আরম্ভ করবে, তারাই দোযখবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করেন। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। (সূরা বাক্বারাহ ২৭৫-২৭৬ আয়াত)

يَتَأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَوا إِن كُنتُم مُّؤْمِنِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ )
অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং বকেয়া সুদ ছেড়ে দাও; যদি তোমরা মু'মিন হও। যদি তোমরা না ছাড় তাহলে জেনে রাখ যে, এ হল আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা অত্যাচারী হবে না এবং অত্যাচারিতও না। (ঐ ২৭৮-আয়াত)

يَٰأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأْكُلُواْ ٱلرِّبَوٰاْ أَضْعَافًا مُّضَٰعَفَةً وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِىٓ أُعِدَّتْ لِلْكَٰفِرِينَ
অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সূদ খেয়ো না এবং আল্লাহকে ভয় কর, তবেই তোমরা সফলকাম হতে পারবে। আর তোমরা সেই আগুনকে ভয় কর, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আ-লি ইমরান ১৩০ আয়াত)

মহানবী বলেন, "সাতটি ধ্বংসকারী কর্ম হতে দূরে থাক।” সকলে বলল, 'হে আল্লাহর রসূল! তা কি কি?' তিনি বললেন, "আল্লাহর সাথে শির্ক করা, যাদু করা, ন্যায় সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা, সূদ খাওয়া, এতীমের মাল ভক্ষণ করা, (যুদ্ধক্ষেত্র হতে) যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা কলঙ্ক দেওয়া।” (বুখারী ২৭৬৬, মুসলিম ৮৯নং, আবু দাউদ, নাসাঈ)

"সুদখোর, সূদদাতা, সূদের লেখক এবং তার উভয় সাক্ষ্যদাতাকে অভিশাপ করেছেন। আর বলেছেন, "(পাপে) ওরা সকলেই সমান।” (মুসলিম ১৫৯৮নং)

"জেনেশুনে মানুষের মাত্র এক দিরহাম খাওয়া সূদ আল্লাহর নিকটে ৩৬ ব্যভিচার অপেক্ষা অধিক গুরুতর।” (আহমাদ ৫/৩৩৫, ত্বাবারানীর কাবীর ও আউসাত্ব, সহীহুল জামে' ৩৩৭৫নং)
অর্থাৎ, এক দিরহাম পরিমাণ সুদ খাওয়ার গোনাহ ৩৬ বার ব্যভিচার করার গোনাহ অপেক্ষা অধিক গুরুতর ও বড়। বরং সুদ খাওয়ার সবচেয়ে ছোট গোনাহ হল নিজ মায়ের সাথে ব্যভিচার করার সমান!!

"সূদ খাওয়ায় রয়েছে ৭০ প্রকার পাপ। এর মধ্যে সবচেয়ে ছোট পাপ হল নিজ মায়ের সাথে ব্যভিচার করার মত!” (ইবনে মাজাহ ২২৭৮, সহীহ ইবনে মাজাহ ১৮৪৪নং)

আবূ জুহাইফা কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল চামড়ায় দেগে নকশা করায় ও করে এমন মহিলাকে, সুদখোর ও সূদদাতাকে অভিশাপ করেছেন। কুকুর বিক্রয়ের মূল্য, বেশ্যাবৃত্তির উপার্জন গ্রহণ করতে তিনি নিষেধ করেছেন। আর মূর্তি (বা ছবি) নির্মাণকারীদেরকেও অভিশাপ করেছেন। (বুখারী ২২৩৮, আবু দাউদ ৩৪৮৩নং সংক্ষিপ্তভাবে) ('ব্যাংকের সূদ কি হালাল' এবং 'দেনা-পাওনা' বই দুটি একবার করে অবশ্যই পড়ে নিন।)

বলাই বাহুল্য যে, সূদের টাকা এবং সেই টাকার খাদ্য নিঃসন্দেহে হারাম। পেনসনে যদি সূদের গন্ধ থাকে, তাহলে তা হারাম। সুতরাং বেতন থেকে যা কাটা যায় তা বাদ দিয়ে বাকী বাড়তি টাকা খরচ করে দিতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00