📘 হারাম রুযী ও রোযগার > 📄 হালাল কামাই

📄 হালাল কামাই


ধনলোভ মন্দ হওয়ার অর্থ এই নয় যে, ধনোপার্জন বৈধ নয় অথবা ধনের দিকে ভ্রূক্ষেপ করা যাবে না অথবা ধন পাওয়ার আশা মনে মোটেই রাখা চলবে না। বরং প্রয়োজনীয়তার পরিমাণ খেয়াল রেখে হালাল উপায়ে তা অনুসন্ধান ও অর্জন করতে হবে।

বলাই বাহুল্য যে, নবীদের মধ্যে কেউ কেউ রাজা ছিলেন। সাহাবাদের কারো মধ্যেই ধনলোভ ছিল না; কিন্তু তাঁদের অনেকেই ধনী ছিলেন এবং সেই ধন দ্বারা ইসলামের যথেষ্ট খিদমতও করেছেন।

একদা আইয়ুব নবী গোসল করছিলেন। এমতাবস্থায় তাঁর সম্মুখে একদল সোনার পঙ্গপাল পড়লে তিনি তা নিজের কাপড়ে ভরতে লাগলেন। মহান আল্লাহ তাঁকে বললেন, 'হে আইয়ুব! আমি কি তোমাকে এ সব থেকে অমুখাপেক্ষী (ধনী) করিনি?' আইয়ুব বললেন, 'অবশ্যই হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম! কিন্তু তোমার বর্কত থেকে আমার এতটুকু অমুখাপেক্ষিতা নেই।' (বুখারী) সুতরাং সৎ উপায়ে ধনী হওয়া কোন ত্রুটির কথা নয়। পবিত্র মাল পবিত্র পথে উপার্জন করে তা যদি পবিত্র পথে ব্যয় করা হয় এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, তাহলে তা নিশ্চয়ই এক মহান ইবাদত। আল্লাহর নবী বলেন, “সৎ মানুষের জন্য পবিত্র মাল কতই না উত্তম!” (আহমাদ, মিশকাত ৩৭৫৬নং)

তাছাড়া হালাল রুযী-রুটির জন্য মানুষকে উপার্জনের পথ অবলম্বন করতেই হয়। নচেৎ অভাবে স্বভাব নষ্ট হয়। আর আলস্য বা পরিশ্রম-বিমুখতা হল মা, তার ছেলের নাম ক্ষুধা এবং মেয়ের নাম চুরি।

মহান আল্লাহ বান্দাকে হালাল ও পবিত্র বস্তু আহার করতে আদেশ করেছেন। তিনি বলেন,
((يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مبين)) (١٦٨) سورة البقرة
অর্থাৎ, হে লোক সকল! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহ সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাকারাহ ১৬৮ আয়াত)

((يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ))
অর্থাৎ, হে বিশ্বাসীগণ! আমি তোমাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর; যদি তোমরা শুধু তাঁরই উপাসনা করে থাক। (সূরা বাকারাহ ১৭২ আয়াত)

তিনি আরো বলেন,
(( وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالاً طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ)) (۸۸) سورة المائدة
অর্থাৎ, আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা হতে বৈধ ও উৎকৃষ্ট বস্তু ভক্ষণ কর এবং আল্লাহকে ভয় কর, যাঁর প্রতি তোমরা সকলে বিশ্বাসী।

মানুষের জীবন-হেতুঃ
জীবন ধারণের উপায় ১০ প্রকারঃ বিদ্যা, শিল্প, ভূতি, সেবা, পশুপালন, বিপণি, কৃষি, বৃত্তি, ভিক্ষা, কুশীদ।
মানুষ যে সব উপায়ে বৈধ উপার্জন করে থাকে তা সাধারণতঃ ৪ প্রকারের:-
১। হস্তশিল্প বা নিজ হাত দ্বারা কারিগরীর কোন কাজ করে, কোন জিনিস প্রস্তুত করে তা বিক্রয়ের মাধ্যমে উপার্জন।
২। চাকুরি বা মজদুরীঃ নির্ধারিত অর্থের বিনিময়ে অপরের কাজ করে উপার্জন।
৩। ব্যবসা-বাণিজ্য: পণ্য ক্রয় করে অপেক্ষাকৃত বেশী মূল্যে বিক্রয় করে লাভ করার মাধ্যমে উপার্জন।
৪। চাষ বা কৃষিকাজের মাধ্যমে জমিতে ফসল ফলিয়ে খাদ্য ও অর্থ উপার্জন।

উপরোক্ত ৪টি পেশাই মানব-সমাজের জন্য সমানভাবে জরুরী। মানুষের জীবন পথে জীবিকা নির্বাহের জন্য ৪টির মধ্যে একটি পেশা অবলম্বন করতেই হয়। সমষ্টিগতভাবে সকল বৈধ পেশাই জরুরী দ্বীন ও দুনিয়া চলার জন্য। তবে অনেকে বলেছেন, তুলনামূলকভাবে চাষই উত্তম। কারণ, তাতে সন্দিগ্ধ মাল থাকে না এবং আল্লাহর উপর ভরসা থাকে অধিক।

অবশ্য অধিক অর্থ সমাগমের জন্য ব্যবসাই উত্তম পন্থা। কথায় বলে, 'চলে যদি মনোহারি, কি করিবে জমিদারি?' 'জেলের পাছায় টেনা, আর নিকারির (মৎস্য-ব্যবসায়ীর) কানে সোনা।'

মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তিনিই সকলকে রুযী দিয়ে থাকেন। কিন্তু তিনি কোন কারণের মাধ্যমেই সেই রুযী বন্টন করে থাকেন। আর সেই কারণ ও উপকরণ অবলম্বন করতে হয় মানুষকে।

শিল্পের কাজ ও মজদূরী
কাজ করে খাওয়া কোন ত্রুটি নয়। লজ্জার কিছু নয়। তাওয়াক্কুলের খেলাপও নয়। উপার্জন দ্বারা মানুষের ইজ্জত রক্ষা পায়। এক ব্যক্তিকে মহানবী কাঠ কাটতে আদেশ দিয়ে তা বিক্রয় করে খেতে বললেন; তাওয়াক্কুল করতে বললেন না। আসলে উট বেঁধে তাওয়াক্কুল করাই হল শরয়ী তাওয়াক্কুল।

আম্বিয়ায়ে কিরাম আল্লাহর উপর যেরূপ তাওয়াক্কুল করতেন, সেরূপ তাওয়াক্কুল কোন সাধারণ মানুষ করতে পারে না। তবুও তাঁরা রুযী-রোযগারের পথ হিসাবে এক একটি পেশা অবলম্বন করেছেন।
বলা বাহুল্য, আদম চাষ করেছেন। নূহ কাঠমিস্ত্রী বা ছুতোর ছিলেন। ইবরাহীম চাষের কাজ করতেন এবং তিনি কাপড়ের ব্যবসাও করতেন। দাউদ কামার ছিলেন, তিনি লৌহবর্ম বানাতেন। সুলাইমান খেজুর পাতা ইত্যাদির ডালি বুনতেন। লুকুমান দর্জী অথবা কাঠমিস্ত্রী বা ছুতোর ছিলেন। যাকারিয়া কাঠমিস্ত্রী বা ছুতোর ছিলেন। সালেহ ব্যবসায়ী ছিলেন। ইদরীস দর্জী ছিলেন। শুআইব বকরী বা উঁট চড়িয়েছেন। ত্বালুত চামড়া পবিত্রকরণের কাজ করতেন। মুসা আট অথবা দশ বছর ধরে মজদুরী করেছেন ও ছাগল চড়িয়েছেন। ঈসা -এর মাতা মারয়‍্যাম সুতা কাটার কাজ করতেন। মুহাম্মাদ বকরী চড়িয়েছেন এবং ব্যবসাও করেছেন। (কোন কোন নবীর পেশার কথা দুর্বল হাদীসে বর্ণিত হয়েছে, দেখুনঃ মুস্তাদরাকুল হাকেম ২/৬৫২, ফাতহুল বারী ৪/৩০৬)

এ ছাড়া এমন কোন নবী নেই যিনি তাঁর জীবনে রাখালের কাজ করেননি। (বুখারী মুসলিম, মিশকাত ২৯৮৩, ৪১৮৬নং)
আল্লাহর রসূল বলেছেন, "স্বহস্তে উপার্জন করে যে খায় তার চেয়ে উত্তম খাদ্য অন্য কেউ ভক্ষণ করে না। আল্লাহর নবী দাউদ স্বহস্তে উপার্জিত খাদ্য ভক্ষণ করতেন।” (বুখারী ২০৭২ নং)
তিনি আরো বলেন, "তোমরা যে খাদ্য ভক্ষণ কর তার মধ্যে সবচেয়ে উত্তম খাদ্য হল তোমাদের নিজের হাতে কামাই করা খাদ্য। আর তোমাদের সন্তানগণ তোমাদের উপার্জিত ধনের পর্যায়ভুক্ত।” (বুখারীর তারীখ, তিরমিযী, নাসাঈ, বাইহাক্বী, সহীহুল জামে' ১৫৬৬ নং)

আবু হুরাইরা বলেন, একদা আমরা আল্লাহর রসূল -এর সাথে ছিলাম। এমন সময় পাহাড়ের পাদদেশ থেকে একজন (সুস্বাস্থ্যবান) যুবক বের হয়ে এল। আমরা যখন তাকে দেখলাম এবং তার প্রতি দৃষ্টি ফেলে রাখলাম, তখন বললাম, যদি এই যুবক তার যৌবন, উদ্যম ও শক্তিকে আল্লাহর পথে ব্যয় করত! (তাহলে কতই না উত্তম হতো।) আল্লাহর রসূল আমাদের এ কথা শুনে বললেন, “(যুদ্ধে) খুন হওয়া ছাড়া কি আর আল্লাহর পথ নেই? যে ব্যক্তি নিজ পিতামাতার জন্য রুযী-সন্ধান করে, তার কাজ আল্লাহর পথে, যে ব্যক্তি নিজ ছেলেমেয়ে জন্য রুযী-সন্ধান করে, তার কাজ আল্লাহর পথে এবং যে ব্যক্তি নিজেকে সৎ রাখার জন্য রুযী-সন্ধান করে, তার কাজও আল্লাহর পথে। কিন্তু যে ব্যক্তি ধনবৃদ্ধিতে গর্ব করার জন্য কর্ম করে, তার কাজ তাগূত অথবা শয়তানের পথে।” (বায্যার, বাইহাকী, প্রমুখ, সিলসিলাহ সহীহাহ ২২৩২নং)

ব্যবসা-বাণিজ্য
পুঁজি থাকলে সদুপায়ে ব্যবসার পথও হালাল রুযী সন্ধান করার একটি বৈধ পথ। মহানবী বলেন, “সবচেয়ে পবিত্র উপার্জন হল, যা মানুষের নিজ হাতের কাজ এবং সদুপায়ে ব্যবসার মাধ্যমে করা হয়।” (আহমাদ প্রমুখ) তিনি আরো বলেন, “আমানতদার, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন আম্বিয়া, সিদ্দীকীন ও শহীদগণের সাথে অবস্থান করবে।” (সহীহ তারগীব ১৭৮৩, সিলসিলাহ সহীহাহ ৩৪৫৩নং) আল্লাহর রসূল আরো বলেন, "(বিক্রয়-স্থল হতে) ক্রেতা-বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত (উক্ত ক্রয়-বিক্রয়ে) উভয়ের এখতিয়ার রয়েছে। সুতরাং যদি উভয়ে (ক্রয়-বিক্রয়ে) সত্য বলে ও (পণ্যদ্রব্যের দোষ-গুণ) প্রকাশ করে বলে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বর্কত লাভ হয়। অন্যথা যদি তারা মিথ্যা বলে ও (পণ্যদ্রব্যের দোষ-গুণ) গোপন করে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ের বর্কত নিশ্চিহ্ন হয়ে যায়।” (বুখারী ২০৭৯ নং, মুসলিম ১৫৩২ নং)

চাষ বা কৃষিকাজ
চাষ মানুষের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ পেশা। চাষ মানব-জীবনে একটি জরুরী কর্ম, রুযীর প্রধান উৎস। শিল্পের কাজ, চাকুরি, মজদূরী অথবা ব্যবসা-বাণিজ্য করে অর্থ উপার্জন করা যায়, কিন্তু ফসল উৎপাদন করা যায় না। সুতরাং চাষ ও চাষী না হলে যে রুযীর পথ একেবারেই বন্ধ হয়ে যাবে তা বলাই বাহুল্য। কৃষিকাজ করার মাহাত্ম্য বর্ণনা করেছেন আমাদের নবী। তিনি বলেন, "কিয়ামত কায়েম হয়ে গেলেও তোমাদের কারো হাতে যদি কোন গাছের চারা থাকে এবং সে তা এর আগেই রোপন করতে সক্ষম হয়, তবে যেন তা রোপন করে ফেলে।" (আহমাদ, সহীহুল জামে' ১৪২৪নং)

"যে ব্যক্তি কোন মৃত ভূমিকে জীবিত করে, সে ব্যক্তির তাতে সওয়াব রয়েছে। --" (আহমাদ, নাসাঈ, সহীহুল জামে' ৫৯৭৪নং)
"যে কোন মুসলিম যখন কোন গাছ লাগায় অথবা ফসল বোনে অতঃপর তা হতে কোন পাখী, মানুষ অথবা পশু (তার ফল ইত্যাদি) খায়, তখন ঐ খাওয়া ফল-ফসল তার জন্য সদকাহ স্বরূপ হয়।” (বুখারী ২৩২০ নং, মুসলিম ১৫৫৩ নং)
"যে কোন মুসলিম যখন কোন গাছ লাগায় অতঃপর তা হতে যা (পাখী, মানুষ অথবা পশু দ্বারা তার ফল ইত্যাদি) খাওয়া হয়, তা তার জন্য সদকাহ স্বরূপ হয়। যা চুরি হয়ে যায়, তাও তার জন্য সদকাহ স্বরূপ হয় এবং যে কেউ তা (ব্যবহার) দ্বারা উপকৃত হয়, তাও তার জন্য কিয়ামত অবধি সদকাহ স্বরূপ হয়।” (গায়াতুল মারাম ১৫৮নং)

আর এ কথা বিদিত যে, দীর্ঘস্থায়ী গাছ লাগানো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। (সহীহুল জামে' ৩৬০২নং)
সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত, কোন একটি উপায় অবলম্বনের মাধ্যমে হারাম বর্জন করে হালাল পথে অর্থ উপার্জন করা। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার সাথে সাথে নিজের পেটের জন্য, স্ত্রী-পরিজনের ভরণ-পোষণ করার জন্য, ছেলেমেয়েদেরকে যথার্থরূপে মানুষ করার জন্য একটা হালাল পথ বেছে নেওয়া দরকার। উচিত নয়, আল্লাহর উপর ভরসার নাম নিয়ে পরের মুখাপেক্ষী হওয়া অথবা পরের দ্বারস্থ হওয়া।

মামুন বলেন, মানুষ তার জীবনে চার শ্রেণীর একটি হয়ে থাকে। তা না হলে সে পরের মুখাপেক্ষী হয়। আর তা হল, নেতৃত্ব, ব্যবসা, চাষ এবং কারিগরি।
মানুষ যে উপার্জন করে থাকে, সে উপার্জিত অর্থের মধ্যে ২ প্রকার অর্থ হল নিকৃষ্টঃ (১) যা আল্লাহর অবাধ্য হয়ে কামানো হয় এবং পাপের পথে ব্যয় করা হয়। আর এ হল নিকৃষ্টতম অর্থ। (২) যা কোন মুসলিমকে কষ্ট দিয়ে কামানো হয় এবং কোন মুসলিমকে কষ্ট দেওয়ার পথে ব্যয় করা হয়। আর তাও নিকৃষ্ট অর্থ।

অসৎ-পথে টাকা-পয়সা উপার্জন করে বিরাট অট্টালিকার মালিক হলেও, মানুষ নিজ বিবেকের কাছে চির অপরাধী থাকে। আর এ জন্যই জ্ঞানীরা বলেন, 'পাপ করে পয়সা উপার্জন করার চেয়ে একজন স্ত্রীলোকের দাস হওয়া অনেক ভাল।'
তাছাড়া যদি কেউ পরের প্রত্যাশী হয় এবং তাতে লাভও করে বহু অর্থ। তবুও অন্যের দেওয়া অর্থ দ্বারা বড় একটা কিছু করলেও যাতে মানুষের নিজের কোন কৃতিত্ব নেই, তার মূল্য আর কতটুক? আসলে নিজের কামানো অর্থে সামান্য কিছু করাই হল মানুষের বড় কৃতিত্ব।
বলাই বাহুল্য যে, এ দুনিয়ার আকাশে-বাতাসে পয়সা উড়ে বেড়াচ্ছে। তা ধরার মত জাল ও কৌশল চাই। ওড়ার সঠিক স্থান জানা চাই, পয়সা অনায়াসে ধরা পড়বে।
মুদ্রা চাকার মত গোল। সে চলতে থাকে। এক ব্যক্তির হাতে স্থির থাকে না। যে মানুষ চেষ্টা করে, আল্লাহর ইচ্ছায় তার দিকে সে মুদ্রা গড়িয়ে এসে পড়ে।

সেই সম্পদ কতই না উৎকৃষ্ট; যার দ্বারা ইজ্জত রক্ষা হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কিন্তু সৎ লোকের মাঝেও কুঁড়েমি পরিদৃষ্ট হয়। অথচ অর্থের জন্য বেইজ্জতও হয়। সে মানুষ কি ভালো বলছেন?
সাঈদ বিন মুসাইয়েব বলেন, সেই ব্যক্তির মধ্যে কোন মঙ্গল নেই, যে নিজের মান-সম্ম্রম বজায় রাখার জন্য এবং আমানত রক্ষা করার জন্য অর্থ উপার্জন করে না।
একদা হযরত উমার মসজিদে এক ব্যক্তিকে ই'তিকাফে বসে থাকতে দেখে বললেন, তোমার খাওয়ার ব্যবস্থা কোত্থেকে হয়? বলল, আমার ভাই তার নিজের জন্য, তার পরিবারের জন্য এবং আমার জন্য রোযগার করে। উমার বললেন, তাহলে তোমার ভাইই তোমার চেয়ে বড় আবেদ।
হযরত উমার আরো বলেন, কোন কোন লোক দেখে আমি মুগ্ধ হই। কিন্তু যখনই শুনি যে, ওর কোন ব্যবসায় নেই, তখনই সে আমার চোখ থেকে পড়ে যায়।

মহান আল্লাহ আমাদেরকে নির্দেশ করেন, "হে ঈমানদারগণ! জুমআর দিন আযান হলে, তোমরা আল্লাহর যিক্র (নামায) এর জন্য (মসজিদে) দ্রুত উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বর্জন কর। এটাই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা জ্ঞান রাখ। অতঃপর নামায সম্পন্ন হলে তোমরা যমীনের বুকে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান কর। আর আল্লাহকে অধিকভাবে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।” (সূরা জুমআহ ৯-১০ আয়াত)

এখন ইসলামের হালাল-হারামের এই সুন্দর বিধান জানার পরেও যদি কেউ প্রশ্ন করে যে, হারাম মেনে নিলে খাব কি? ঐ চাকরি যদি হারাম হয়, তাহলে তা ছেড়ে দিলে ছেলে-মেয়ে না খেয়ে মরবে না কি? এটা হারাম, ওটা হারাম বলে যদি বহু অর্থকরী ব্যবসায় ও কর্ম যদি বাদ দেওয়া হয়, তাহলে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা কি হবে?

প্রত্যেক মুসলিমকেই এ কথায় একীন রাখতে হবে যে, যিনি সৃষ্টি করেছেন, তিনিই রুযী দেন। উন্নতির মালিক তিনিই। তাঁর হাতেই রুযী ও উন্নতির চাবিকাঠি। মহান আল্লাহ বলেন,
(( وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ)) (٦٠)
অর্থাৎ, এমন অনেক জন্তু আছে, যারা তাদের রুযীর ভার বহন করে না। আল্লাহই তাদেরকে রুযী দান করে থাকেন এবং তোমাদেরকেও। আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। (সূরা আনকাবুত ৬০ আয়াত)

তিনি আরো বলেন,
((وَمَا مِن دَابَّةٍ فِي الأَرْضِ إِلَّا عَلَى اللهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مبين)) (هود : ٦ )
অর্থাৎ, পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নেই, যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি তাদের স্থায়ী-অস্থায়ী অবস্থান-ক্ষেত্র সম্বন্ধে অবগত। সব কিছুই একটি সুস্পষ্ট গ্রন্থে সন্নিবেশিত রয়েছে। (সূরা হুদ ৬ আয়াত)

রুযীর ভার যে কোন মানুষের হাতে নেই; বরং তা কেবল তাঁর হাতেই আছে সে কথার স্পষ্ট বর্ণনা দিয়ে তিনি বলেন,
((أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُم بَعْضاً سُخْرِيّاً وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ)) (الزخرف : ٣٢)
অর্থাৎ, ওরা কি তোমার প্রতিপালকের অনুগ্রহ বন্টন করে! পার্থিব জীবনে আমিই ওদের জীবিকা ওদের মধ্যে বন্টন করে দিয়েছি এবং এককে অপরের উপর মর্যাদায় উন্নত করেছি, যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। আর ওরা যা জমা করে তা হতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর। (সূরা যুখরুফ ৩২ আয়াত)

তাছাড়া হারাম বর্জন করে হালাল পথে রুযী অর্জন করার চেষ্টা করলে আল্লাহ সহায় হন। সে কথার বয়ানে তিনি বলেন,
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
অর্থাৎ, যে কেউ আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার উপায় বের করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস হতে রুযী দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে ব্যক্তির জন্য তিনিই যথেষ্ট হন। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেন। আল্লাহ সমস্ত কিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করে রেখেছেন। (সূরা ত্বালাক ২-৩ আয়াত)

আল্লাহর রসূল বলেছেন, "--- আর যে ব্যক্তি পবিত্র থাকতে চেষ্টা করবে আল্লাহ তাকে পবিত্র রাখবেন, যে ব্যক্তি (অপরের) অমুখাপেক্ষী থাকতে চেষ্টা করবে আল্লাহ তাকে (সকল থেকে) অমুখাপেক্ষী করে দেবেন এবং যে ব্যক্তি ধৈর্য ধরতে চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধরতে সাহায্য করবেন। আর ধৈর্যের চেয়ে অধিক উত্তম ও ব্যাপক দান কাউকে দেওয়া হয়নি।” (বুখারী ১৪৬৯ নং, মুসলিম ১০৫৩ নং)

অতএব হারাম পথ বর্জন করে হালাল পথ অনুসন্ধান করুন। হালাল পথে রুযী অন্বেষণের চেষ্টা তো করুন। আল্লাহ অবশ্যই আপনার পথ বের করে দেবেন। আর কষ্ট এলে ধৈর্য ধারণ করার সাথে সাথে আল্লাহর কাছে হারাম থেকে বাঁচার তওফীক কামনা করুন। দুআ করুন এই বলে,
اللَّهُمَّ اكفني بحلالك عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سَوَاكَ.
উচ্চারণঃ- আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিক, অআগনিনী বিফাযলিকা আম্মান সিওয়া-ক।
অর্থ- হে আল্লাহ! তোমার হালাল রুযী দিয়ে হারাম রুযী থেকে আমার জন্য যথেষ্ট কর এবং তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী কর। (সহীহ তিরমিযী ৩/১৮০)

আর খবরদার! হারাম উপার্জনের মাধ্যমে যারা এ দুনিয়ায় উন্নত, তাদের প্রতি যেন আপনার দৃষ্টি না যায়। যেহেতু মহান আল্লাহ বলেন, “আমি অবিশ্বাসীদের কতককে তাদের পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য-স্বরূপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়ে রেখেছি, তার প্রতি তুমি কখনো দৃষ্টি ফিরিয়ে দেখো না। তোমার প্রতিপালকের উপজীবিকাই উৎকৃষ্টতর ও চিরস্থায়ী। (সূরা ত্বাহা ১৩১)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 হারাম করার অধিকার কেবল সৃষ্টিকর্তার

📄 হারাম করার অধিকার কেবল সৃষ্টিকর্তার


কোন কিছুকে হারাম জানা, মানা ও বলার পূর্বে এ কথা জানতে হবে যে, হালাল অথবা হারাম করার অধিকার একমাত্র মহান আল্লাহর। কোন মানুষ নিজের তরফ থেকে কোন কিছুকে হারাম ঘোষণা করতে পারে না। যেহেতু প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা তিনিই এবং তিনিই মানুষকে আহার দান করে থাকেন। অতএব তাঁরই অধিকারে থাকবে হারাম-হালালের বিধান। তাছাড়া কোন সৃষ্টি সঠিকরূপে জানে না যে, কোন্ খাদ্যের ভিতর কোন্ শ্রেণীর অনিষ্টকারিতা বর্তমান আছে। কিন্তু সৃষ্টিকর্তা তা জানেন। আর এ কথা অবশ্যই জানতে হবে যে, যে জিনিস ইসলামে হারাম, অপবিত্র বা নিষিদ্ধ সে জিনিসের ভিতরে কোন না কোন অনিষ্টকারিতা ও ক্ষতি আছে বান্দার জন্য। মানুষ সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহরই বন্দেগীর উদ্দেশ্যে। হারাম-হালালের বিধান দিয়ে তিনি তাঁর অনুগত ও অবাধ্য বান্দাকে পরীক্ষা ও পার্থক্য করে নিতে পারেন। ইসলাম এসেছে মানুষের ঈমান, জান, মান, জ্ঞান ও ধন এই ৫টি জিনিসের মঙ্গল সাধনের জন্য এবং যাতে উক্ত ৫টি বিষয়ে মুসলিম কোন প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, তার বিশেষ বিধান নিয়ে। সুতরাং মহান আল্লাহই জানেন, মানুষের অমঙ্গল ও ক্ষতি কিসে। একমাত্র তিনিই আনুগত্য ও ইবাদতের যোগ্য। তিনিই মানুষকে পথ দেখান এবং অপূর্ণ জ্ঞানের মানুষ সে পথ চলতে বাধ্য। তাঁর সে পথে না চললে মানুষ অংশীবাদী বলে বিবেচিত হবে।

মহান আল্লাহ বলেন,
((قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللَّهُ لَكُم مِّن رِّزْقِ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ اللَّهُ أَذِنَ لَكُمْ أَمْ عَلَى الله تَفْتَرُونَ)) (৫৯) সূরা ইউনুস
অর্থাৎ, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রুযী অবতীর্ণ করেছেন, তার মধ্যে হারাম-হালাল নির্ধারিত করে নিয়েছ? বল, আল্লাহ কি তোমাদেরকে তা করার অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ? (সূরা ইউনুস ৫৯ আয়াত)

তিনি কিছু জিনিসকে হারাম ঘোষণা করার পর বলেন,
((وَلَا تَقُولُواْ لمَا تَصفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَذَا حَلاَلٌ وَهَذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللهِ الْكَذِبَ لاَ يُفْلِحُونَ)) (১১৬) সূরা নাহল
অর্থাৎ, তোমাদের জিহবা থেকে মিথ্যা বের হয়ে আসে বলে তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তারা সফল হবে না। (সূরা নাহল ১১৬ আয়াত)

কোন মানুষ - সে যত বড়ই মর্যাদাবান হোক - হালাল-হারাম করার অধিকার তার নেই। এমনকি আল্লাহর হাবীব মহানবী -এরও সে ক্ষমতা ও অধিকার ছিল না। তাইতো একদা তিনি নিজের জন্য মধু খাওয়া হারাম করলে মহান আল্লাহ তাঁকে সতর্ক করে বলেন,
{يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ} (১)
অর্থাৎ, হে নবী! আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি তা হারাম করছো কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা তাহরীম ১)

পক্ষান্তরে কেউ তা করলেও কোন মানুষের জন্য তা মেনে নেওয়া বৈধ নয়। আর তা মানলে যে আসলে তার ইবাদত করা হয়, সে কথা বর্ণনা করে মহান আল্লাহ বলেন,
(( أَتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَها وَاحِدًا لا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ)) (۳۱) سورة التوبة
অর্থাৎ, ওরা আল্লাহর পরিবর্তে ওদের পন্ডিত (পাদরী) ও সংসার বিরাগীদেরকে এবং মারয়‍্যাম-পুত্র মাসীহকে প্রভু বানিয়ে নিয়েছে। অথচ তারা আদিষ্ট ছিল কেবল একমাত্র মা'বুদের ইবাদত করার জন্য। তিনি ছাড়া কোন সত্য মা'বুদ নেই। ওরা যে অংশী সাব্যস্ত করে, তা হতে তিনি পবিত্র। (সূরা তাওবাহ ৩১ আয়াত)

ওরা ওদের এক প্রকার উপাসনা করত। যে উপাসনার ব্যাখ্যা হল, আল্লাহ যা হারাম করেছেন তা ওদের কথামত হালাল মেনে নিয়ে এবং তিনি যা হালাল করেছেন তা ওদের কথামত হারাম মেনে নিয়ে পাপ কাজে ওদের আনুগত্য করা।
অথচ মহানবী বলেন, "স্রষ্টার অবাধ্যাচরণ করে কোন সৃষ্টির আনুগত্য নেই।" (সহীহ, মুসনাদে আহমদ)
সাহাবী আদী বিন হাতেম বলেন, আল্লাহর নবী যখন ঐ আয়াত পাঠ করলেন, তখন আমি বললাম, (আল্লাহ তো ইবাদতের কথা বলেছেন। কিন্তু) আমরা তো পাদরীদের ইবাদত করতাম না। তিনি বললেন, "তারা যা হালাল বলত, তোমরা তাই হালাল এবং যা হারাম বলত, তাই হারাম বলে মেনে নিতে না কি?" আদী বললেন, জী হ্যাঁ। তিনি বললেন, “এটাই হল তাদের ইবাদত করা।” (তিরমিযী ৩০৯৫নং)

সুতরাং মহান আল্লাহর নির্দেশ হল,
((يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُواْ طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (۸۷) وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللهُ حَلاَلاً طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ))
অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমরা ঐ সব পবিত্র বস্তু হারাম করো না, যেগুলিকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা লংঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লংঘনকারীকে পছন্দ করেন না। আর আল্লাহ তোমাদেরকে যে সকল বস্তু রুযী স্বরূপ দান করেছেন তার মধ্য হতে হালাল ও পবিত্র বস্তু আহার কর এবং তোমরা সেই আল্লাহকে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাসী। (সূরা মাইদাহ ৮৭-৮৮- আয়াত)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 হারামকৃত বস্তু আল্লাহর সীমারেখা

📄 হারামকৃত বস্তু আল্লাহর সীমারেখা


মহান আল্লাহ চলার পথে আমাদের জন্য সীমারেখা নির্ধারিত করেছেন, আমরা তা উল্লংঘন করতে পারি না। বিভিন্ন বিধান দিয়ে তিনি বলেন,
تلْكَ حُدُودُ الله فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ))
অর্থাৎ, এ হল আল্লাহর সীমা, অতএব তোমরা তার নিকটেও যাবে না। (সূরা বাকারাহ ১৮৭ আয়াত)

তিনি আরো বলেন,
(( تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ))
অর্থাৎ, এ হল আল্লাহর সীমা, অতএব তোমরা তা অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করে, বস্তুতঃ তারাই হল অত্যাচারী। (সূরা বাক্বারাহ ২২৯ আয়াত)

তিনি আরো বলেন,
(( تِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (۱۳) وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ)) (١٤) سورة النساء
অর্থাৎ, এ হল আল্লাহর সীমা। অতএব যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নিম্নে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর এটাই হল বড় সফলতা। পক্ষান্তরে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে এবং তাঁর নির্ধারিত সীমাসমূহ লংঘন করে, তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরকাল অবস্থান করবে এবং তার জন্য থাকবে লাঞ্ছনাকর শাস্তি। (সূরা নিসা ১৩-১৪ আয়াত)

মহানবী বলেন, “মহান আল্লাহ কিছু আমলকে ফরয বলে বিধান দিয়েছেন; সুতরাং তোমরা তা (পালন না করে) বিনষ্ট করো না, কিছু সীমারেখা নির্ধারিত করেছেন; সুতরাং তোমরা তা লংঘন করো না, তিনি অনেক কিছুকে হারাম (নিষিদ্ধ) ঘোষণা করেছেন; সুতরাং তোমরা তা লংঘন (ও অমান্য) করো না এবং তিনি তোমাদের প্রতি দয়া প্রদর্শন করে ও না ভুলে গিয়ে অনেক কিছুর ব্যাপারে নীরব আছেন; সুতরাং তোমরা সে সব নিয়ে প্রশ্ন (বা খোঁজাখুঁজি) করো না।” (ত্বাবারানী, দারাক ত্বনী, আত্তারগীব ওয়াত তাহরীব ৩৩৮-পৃঃ)

বলাই বাহুল্য যে, যারা আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ থেকে দূরে থাকে। আর হারাম থেকে দূরে থাকলে অবশ্য তাতে তাদের জন্য কল্যাণ আছে। মহান আল্লাহ বলেন,
((ذَلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ وَأُحِلَّتْ لَكُمُ الْأَنْعَامُ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّور)) (٣٠) سورة الحج
অর্থাৎ, এটিই বিধান, আর কেউ আল্লাহর নিষিদ্ধ বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার প্রতিপালকের নিকট তার জন্য সেটিই উত্তম। তোমাদের নিকট উল্লেখিত ব্যতিক্রমগুলি ছাড়া অন্যান্য পশু তোমাদের জন্য বৈধ করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তিরূপ অপবিত্রতা বর্জন কর এবং মিথ্যা কথন হতে দূরে থাক। (সূরা হাজ্জ ৩০ আয়াত)

📘 হারাম রুযী ও রোযগার > 📄 অখাদ্য বা হারাম খাদ্য

📄 অখাদ্য বা হারাম খাদ্য


মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তার জীবন ধারণের জন্য এ পৃথিবীকে খাদ্য সম্ভার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি পৃথিবীর সকল কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। (সূরা বাক্বারাহ ২৯ আয়াত) অতএব যে কোন খাদ্যের আসল হল তা হালাল। কিন্তু মহান আল্লাহ বান্দার নিরাপত্তা ও ঈমান পরীক্ষার জন্য কোন কোন খাদ্যকে হারাম বা অপবিত্র ঘোষণা করেছেন এবং সেই সাথে হালাল বা পবিত্র খাদ্য ভক্ষণ এবং হারাম বা অপবিত্র খাদ্য ভক্ষণ করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, (يَتَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَكُمْ) অর্থাৎ, হে মুমিনগণ! আমি তোমাদেরকে যে সব রুজী দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার কর---। (সূরা বাক্বারাহ ১৭২ আয়াত) তিনি আরো বলেন, ((يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ)) (٤) سورة المائدة অর্থাৎ, ওরা তোমাকে প্রশ্ন করে যে, ওদের জন্য কি হালাল করা হয়েছে? বল, তোমাদের জন্য সকল পবিত্র বস্তু হালাল করা হয়েছে। (সূরা মাইদাহ ৪ আয়াত) সুতরাং আল্লাহর অনুগত প্রত্যেক সেই বান্দার জন্য (প্রাণী ও মাটি থেকে উৎপাদিত বস্তুসমূহের মধ্য হতে সকল পবিত্র ও ক্ষতিকর নয় এমন) খাদ্যকে বৈধ করা হয়েছে; যে বান্দা তাঁর দেওয়া সেই খাদ্য খেয়ে তাঁর আনুগত্য ও ইবাদত করবে এবং কোন প্রকার অবাধ্যতা ও পাপাচরণ করবে না। পরন্তু তাঁর দেওয়া এই নেয়ামত সম্পর্কে কাল কিয়ামতে বান্দাকে প্রশ্ন করা হবে। (সূরা তাকাযুর ৮ আয়াত) অতএব বান্দার উচিত হল, মহান আল্লাহর খাদ্য প্রয়োজন মত ব্যবহার করা, তাতে তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তা খেয়ে তাঁর ইবাদত করা এবং তাঁর ঘোষিত কোন নিষিদ্ধ বা অবৈধ খাদ্য ভক্ষণ না করা। বলা বাহুল্য, তাকে জানতে হবে যে, কোন্ কোন্ খাদ্যকে তিনি অবৈধ ঘোষণা করেছেন। অতঃপর যখন সে অবৈধ খাদ্য চিনে নেবে, তখন বাকী সমস্ত খাদ্যকে বৈধরূপে ব্যবহার করতে পারবে। যেহেতু মহান আল্লাহ বলেন, (( وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ)) (۱۱۹) سورة الأنعام
অর্থাৎ, আর তিনি তোমাদের জন্য যা হারাম করেছেন, তা বিস্তারিতভাবে বিবৃত করে দিয়েছেন। (সূরা আনআম ১১৯ আয়াত)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00