📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারাহ

📄 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারাহ


আপনার হজ্জ এজেন্সি যে কোন একদিন যিয়ারাহ ট্যুরের ব্যবস্থা করতে পারে এবং আপনাদের সকলকে নিয়ে বাস ভাড়া করে মক্কার কাছাকাছি ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরতে নিয়ে যাবে। আপনি অবশ্যই এই ট্যুরটি উপভোগ করবেন। মক্কার চারদিকে ঘুরে দেখার এটাই আপনার সুযোগ। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, মক্কার জমজম টাওয়ার অনেক দূরদূরান্ত থেকেও দেখা যায়। মক্কার চারপাশে আপনি বেশ কিছু পাহাড় ও সুরঙ্গ সড়ক দেখতে পাবেন।
কিছু জিয়ারাতের স্থান খুব কাছে, ইচ্ছা করলে পায়ে হেঁটেই দেখে আসতে পারেন, যেমন- রাসূল (স.) এর কথিত জন্মস্থান, জিন মসজিদ, মাআল্লা কবরস্থান (মারওয়া থেকে ২০ মিনিট হাঁটার পথ)। তবে পরামর্শ হলো একা একা কোথাও যাবেন না এবং কয়েকদিন মক্কায় থাকার পর স্থানগুলোতে যাবেন।
এছাড়া ফজরের স্বলাতের পর লক্ষ্য করবেন কিছু মাইক্রোবাস অথবা প্রাইভেট কার ড্রাইভার 'যিয়ারাহ, যিয়ারাহ' বলে ডাকবে। তারা আপনাকে কিছু স্থান ঘুরে দেখাবে। সবচেয়ে ভালো হয় ছোট ছোট দল করে ঘুরতে বের হওয়া, কারণ ড্রাইভার জনপ্রতি ২০-৩০ রিয়াল ভাড়া দাবি করে থাকে। সমস্যা হলো এসব বেশিরভাগ ড্রাইভাররা (বাঙ্গালী, ভারতীয়, পাকিস্থানী) বিভিন্ন যিয়ারাহর জায়গার উল্টা-পাল্টা ও অতিরঞ্জিত ইতিহাস বর্ণনা করে এবং বিভিন্ন আমল করার কথা বলে থাকে যা ইসলামি শরীয়াহ সম্মত নয়। এসব স্থান ভ্রমণ করার সময় অবশ্যই আপনার হজ্জ পরিচয়পত্র ও হোটেলের ঠিকানা সঙ্গে রাখুন। অনেক সময় রাস্তায় পুলিশ আপনার হজ্জের পরিচয়পত্র চেক করতে পারে।
মক্কা থেকে দূরবর্তী স্থান- জেদ্দা ও তায়েফ দলগতভাবে কার/মাইক্রো রিজার্ভ করে ঘুরতে যেতে পারেন। জনপ্রতি ৬০-৭০ রিয়াল করে ভাড়া লাগতে পারে। জেদ্দা সমুদ্র সৈকত ও তায়েফ (আল হাদা) এর আকাঁবাঁকা পাহাড়ি রাস্তা খুবই রোমাঞ্চকর। তায়েফে বুড়ির বাড়ির নামে যা কিছু শুনবেন সব ভুয়া ও মিথ্যা।
মক্কার কোন স্থান যিয়ারাহ করার মধ্যে বিশেষ কোন নেকী বা ফযীলত নেই। যিয়ারতের স্থানে গিয়ে বিশেষ কোন আমল বা দু'আ নেই। শুধু মসজিদ হলে দুই রাকাআত তাহিয়্যাতুল মসজিদ স্বলাত পড়া ও কবরস্থান হলে কবরবাসীর জন্য দু'আ করা। অনেক মানুষ যিয়ারতের স্থানগুলোতে গিয়ে আবেগতাড়িত হয়ে শিরক ও বিদআত জাতীয় কাজ করে ফেলেন। তাই সতর্ক থাকা বাঞ্চনীয়। যিয়ারতের উদ্দেশ্য হবে অতীত স্থান ও নিদর্শনসমূহ অবলোকনের মাধ্যমে ইসলামের ইতিহাস জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা। মনে ইসলামি চেতনা জাগ্রত করা ও ঈমানকে মজবুত করা। যারা যুগে যুগে ইসলামের জন্য কষ্ট ও ত্যাগ স্বীকার করে গত হয়ে গেছেন তাদের মাগফিরাতের জন্য দু'আ করা।
মক্কা লাইব্রেরী: রাসূল (ﷺ) এর (কথিত) জন্মস্থান, যদিও তা সঠিকভাবে প্রমাণিত নয়। মসজিদুল হারামের খুবই নিকটে অবস্থিত। মারওয়া পাহাড় থেকে অদূরে শিআবে আলী প্রবেশমুখে অবস্থিত।
জাবালে নূর/হেরা গুহা - এই পাহাড়ের গুহায় রাসূল (ﷺ) এসে চিন্তা মগ্ন থাকতেন এবং এখানে প্রথম কুরআন ওহী হিসাবে নাজিল হয়। উচ্চতা ৬৩৪ মি.। পাহাড়ের চূড়া উটের কুজের মতো।
নামিরা মসজিদ - আরাফায় অবস্থিত। মসজিদের কিছু অংশ আরাফার সীমানার বাইরে অবস্থিত। আরাফা দিবসে ইমাম এখানে খুতবা দেন।
জাবালে সাওর - এই পাহাড়ের গুহায় রাসূল (ﷺ) মক্কা থেকে মদীনা হিযরত করার সময় আবু বকর (ﷺ) কে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ও লুকিয়ে ছিলেন। হারাম থেকে ৪ কি.মি দূরে অবস্থিত। উচ্চতা ৭৪৮ মি.।
জাবালে আরাফা - আরাফার ময়দানে অবস্থিত পাহাড় যেখানে রাসূল (ﷺ) বিদায় হজ্জের ভাষণ দেন।
খাইফ মসজিদ - মিনায় অবস্থিত। জামরাত এর খুব কাছে অবস্থিত। ৭০ জন নবী এখানে স্বলাত আদায় করেছেন।
জিন মসজিদ - মসজিদুল হারামের অদূরে অবস্থিত। এখানে জিনেরা রাসূল (ﷺ) এর কুরআন তিলাওয়াত শুনতে এসেছিল এবং কথা বলেছিল।
মাআল্লা কবরস্থান - মক্কার ঐতিহাসিক কবরস্থান। জিন মসজিদের পাশে অবস্থিত। খাদিজা (ﷺ) এর কবর আছে এখানে।
কিসওয়াহ ফ্যাক্টরী - কাবার গিলাফ তৈরীর কারখানা। পুরাতন জেদ্দা রোডে অবস্থিত।
মক্কা ইসলামী যাদুঘর - কাবার গিলাফ তৈরীর কারখানার পাশে অবস্থিত। পুরাতন জেদ্দা রোডে অবস্থিত।
বিল্লাল মসজিদ - আবু কুবাইস পাহাড়ের উপর অবস্থিত। এখানে রাসূল (ﷺ) দাঁড়িয়ে চাঁদকে দুই ভাগ করেছিলেন।
আবু-কুবাইস পাহাড়- হাজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে এনে প্রথমে আবু কুবাইস পাহাড়ের উপর রাখা হয়েছিল। বর্তমানে এর উপর বাদশার বাড়ি রয়েছে। পাশেই আজইয়াদ পাহাড় অবস্থিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00