📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 হজ্জ/উমরাহ সফরে কসর ত্বলাতের বিধান

📄 হজ্জ/উমরাহ সফরে কসর ত্বলাতের বিধান


হজ্জ ও উমরাহযাত্রীদের মাঝে এই বিষয়টি নিয়ে প্রশ্ন ও সংশয় দেখা যায় কারণ বিভিন্নজন বিভিন্ন মত দিয়ে থাকেন। বিষয়টি দ্বিমত হওয়ার মতই কারণ কসর স্বলাতের বিষয়ে সকল হাদীসগুলো একত্রিত করে গবেষণা করলে দেখা যায় রাসূল (ﷺ) ও সাহাবীদের চর্চায় শুধু একধরনের আমল ছিল না। মূল কথা হলো রাসূল (ﷺ) তাঁর কথা বা কাজের মাধ্যমে কোন এক প্রকার আমলকে সুনির্দিষ্ট ও নির্ধারিত করে দিয়ে যাননি। এর মধ্যেই হিকমত নিহিত আছে। প্রায় সব হাদীসগুলোর বর্ণনায় দেখা যায় সাহাবীরা রাসূল (ﷺ) এর সাথে সফরে রাসূল (ﷺ) কে কিভাবে স্বলাত/নামায পড়তে দেখেছেন অথবা সাহাবীরা সফরে কেমনভাবে কসর করে স্বলাত পড়েছেন তার বর্ণনা পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক সফরের স্থান, কাল ও প্রেক্ষাপট ছিল ভিন্ন।
কসর জ্বলাতের দুটি মূল বিষয় হচ্ছে দূরত্ব এবং সময়। হাদীসে বিভিন্ন সংখ্যার দূরত্ব ও বিভিন্ন সময়ের বর্ণনা পাওয়া যায়। অতএব কোন একটিকে নির্ধারিত করে সেটিই সঠিক এমন কথা বলার অবকাশ নেই। তাহলে অন্য হাদীসগুলোকে অস্বীকার করা হয়ে যায়। ইসলাম মানুষের জন্য কল্যাণকামী ও বাস্তবতামূখী জীবনবিধান। আল্লাহ তাঁর বান্দাদের জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন এবং মধ্যমপন্থা অবলম্বন করার জন্য বলেছেন। একারণেই জমহুর ফকীহ এবং আলেমগণ সুন্নাহর আলোকে এমন মত দিয়েছেন যে কোন ব্যক্তি দূর গন্তব্যের উদ্দেশ্যে সফর শুরু করে তার পরিচিত লোকালয়/অঞ্চল থেকে বের হয়ে যখন যাত্রাপথে অপরিচিত এলাকায় প্রবেশ করবে তখন থেকে সে মুসাফির বলে গন্য হবে এবং কসর স্বলাত তার উপর প্রযোজ্য হবে। এবং সফরকালে কোথাও কিছু দিন অবস্থান করে যদি ফেরত আসার নিয়ত থাকে তবে সে ততদিন মুসাফির হিসাবে গন্য হবে, যদি না সে সেখানে স্থায়ীভাবে অবস্থানের ইচ্ছা পোষণ করে। তবে তার জন্য ভিন্ন কথা রয়েছে। অতএব উক্ত মাসআলার আলোকে যে কেউ সফরে এলাকা ও সময়ের ভিত্তিতে কসর করার সিদ্ধান্ত নিতে পারে। ওয়াল্লাহু আ'লামু বিস সাওয়াব।
কসর জ্বলাত আল্লাহর পক্ষ থেকে ছাড় যা তিনি বান্দাকে উপহার দিয়েছেন। তাই আল্লাহর উপহার গ্রহণ করা উচিত এবং এক্ষেত্রে বেশি পরহেজগারিতা দেখানো বর্জন করাই হবে একজন মুমিনের জন্য উৎকৃষ্ট পন্থা। সফরে ৫ ওয়াক্ত স্বলাতের আগে ও পরের সুন্নাত স্বলাতগুলো বর্জন করাই সুন্নাত। রাসূল (ﷺ) সফরে কখনোই ফজরের পূর্বে দুই রাকাআত সুন্নাত ও এশার পরে বিতর ছাড়া কোন সুন্নাত স্বলাত পড়তেন না। সকল ৪ রাকাআত বিশিষ্ট ফরজ স্বলাতগুলো (যোহর, আসর, এশা) সংক্ষেপ করে ২ রাকাআত পড়েছেন এবং ফজর ও মাগরিব জ্বলাত যথারীতি ২ ও ৩ রাকাআত পড়েছেন। তাই সফরে একাকী স্বলাত পড়লে কিংবা সফরসঙ্গীরা একত্রে জামআত করলে কসর করে পড়া উত্তম। আর যদি কোন মুকিম বা স্থানীয় ইমামের পিছনে জামআতে সামিল হওয়া হয় তবে ইমাম যা পড়ছেন তাই অনুসরণ করতে হবে। মুসাফির অবস্থায় প্রয়োজনে যোহর-আসর কে একত্রিত করে যোহর বা আসরের সময় পড়া যায়। আবার মাগরিব-এশাকে একত্রিত করে মাগবির বা এশার সময় পড়া যায়। এই পদ্ধতিকে 'জামাআন কাসরান' বলা হয়। অবশ্য আমাদের দেশে এই সুন্নাহ আমলটির চর্চা খুবই কম লক্ষ্য করা যায়।
তবে সফরে চাইলে অন্যান্য নফল স্বলাত সুবিধা ও ইচ্ছামত পড়া যায়েজ। সুন্নাত স্বলাত না পড়ার ঘাটতি পূরনের চিন্তা মাথায় রেখে আবার নফল স্বলাত পড়া ঠিক হবে না। যেহেতু উমরাহ ও হজ্জ সচারাচর সফরের মতো নয় বরং এটি ব্যতিক্রমী একটি ফযীলতময় সফর। এই সফরে হারামের মসজিদগুলোতে স্বলাতের নেকীর পরিমাণ অনেক বেশি সেহেতু হজ্জ ও উমরাহ সফরে আল্লাহর মেহমানগণ সকল সুন্নাত ও নফল স্বলাত পড়তে পারেন ইচ্ছা করলে। এখানে হজ্জ বা উমরাহযাত্রী হয়ে যতদিন অবস্থান করবেন ততদিন মুসাফির অবস্থায় আছেন। এটাই সুন্নাহর আলোকে সর্বাধিক গ্রহণযোগ্য ও উত্তম মত।
আমাদের লোকসমাজে ফরজ, সুন্নাত ও নফল স্বলাতের বিষয়ে একটি ব্যতিক্রমী ধারনা বিরাজমান আছে। বিষয়টি একটু পরিস্কার করার প্রয়োজন অনুভব করছি। প্রতিদিন ৫ ওয়াক্ত স্বলাতের ২+৪+৪+৩+৪=১৭ রাকাআত ফরজ স্বলাতগুলো হলো মূল স্বলাত যা আল্লাহ তাঁর বান্দার উপর ফরজ করেছেন। হাশরের মাঠে সর্বপ্রথম এই ১৭ রাকাআত জ্বলাতের হিসাব নেওয়া হবে। যদি ঘাটতি পরে তবে অন্যান্য নফল/সুন্নাত স্বলাত দ্বারা পূরণ করা হবে। শরীয়তসম্মত কারণ ছাড়া এই ১৭ রাকাআত স্বলাত মসজিদে গিয়ে জামাআতে পড়া পুরুষদের জন্য অত্যাবশ্যকীয় বা ওয়াজিব। কেউ যদি সারা জীবন কোন সুন্নাত ও নফল না পড়ে শুধু এই ১৭ রাকাআত ফরজ স্বলাত পড়ে এবং তা কবুল হয় তবে হাশরের মাঠে সে জ্বলাতের হিসাবে পার পেয়ে যাবে ইনশা-আল্লাহ। অনেকেই স্বলাত পড়ে না এই চিন্তায় যে স্বলাতে গেলে কত সময় লাগবে ফরজ, সুন্নাত ও নফল স্বলাত পড়তে। অনেকে বলে, এশার স্বলাত নাকি ১৭ রাকাআত! এতো স্বলাত কষ্ট করে পড়ার চিন্তায় অনেকে স্বলাতই বাদ দিয়ে দিয়েছে। অথচ কেউ যদি একটু বুঝাতো যে ৪ রাকাআত ফরজ স্বলাতটুকু পড়লেই পার পেয়ে যাবে তবে এই দেশের মসজিদগুলোতে নামাযীর সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেত। এই ১৭ রাকাআত স্বলাত জামআতে পড়তে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগে মাত্র। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে আল্লাহর (স্বলাতের) জন্য বরাদ্দ মাত্র ৪৫ মিনিট সময়। আমরা কি দিচ্ছি এই সময় আল্লাহকে!? কেমন কৃতজ্ঞ বান্দা হলাম তবে আমরা !?
এই ১৭ রাকাআত ফরজ স্বলাত বাদে বাকি সকল স্বলাত হলো ঐচ্ছিক বা নফল স্বলাত। অর্থাৎ স্বলাত পড়লে নেকী, না পড়লে কোন গুনাহ নেই। বিতর জ্বলাতের বিষয় নিয়ে যদিও কিছু মতভেদ আছে। মূল কথা হলো, ফরজ স্বলাত বাদে সকল স্বলাতের নাম হলো 'নফল' আর কিছু নফল স্বলাতের গুরুত্বের কারণে তার মান হলো 'সুন্নাত'। ৫ ওয়াক্ত স্বলাতের আগে ও পরে রাসূল (ﷺ) সচারাচর যে ১২ রাকাআত স্বলাতগুলো সবসময় পড়তেন সেগুলো আমরা সুন্নাত হিসাবে জানি। অনেকে সুন্নাতে রাতেবা বা সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি নামে ডেকে থাকেন। এই স্বলাতগুলোর গুরুত্বের কারণে এর মান বৃদ্ধি পেয়েছে তাই সুন্নাত নামে ডাকা হচ্ছে কিন্তু স্বলাতটি মূলত ঐচ্ছিক বা নফল। মূল কথা হলো সকল সুন্নাত স্বলাত হলো নফল স্বলাত আবার সকল নফল জ্বলাতই সুন্নাত, কারণ রাসূল (ﷺ) এর পালন করা প্রতিটি আমলই হলো তাঁর সুন্নাত। শেষ কথা; সুন্নাত ও নফল দুটি আলাদা স্তরের স্বলাত নয়, বরং একই স্তরের যা মূলত নফল।
■ আল্লাহর তাআলার নিকটবর্তী হওয়ার এবং আমলনামাকে সমৃদ্ধ করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নফল স্বলাত। নফলকে মোটেই কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়। বরং বেশি বেশি নফল পড়া উচিত। ইচ্ছাকৃতভাবে নফল বর্জন করে থাকা মোটেই কাম্য নয়। তবে ফরজ এর হক্ব আদায়ের পর সম্ভব হলে নফল পড়তে হবে। সমাজে এমন অনেক নামাযী দেখা যায় যাদের ফরজের খবর নাই কিন্তু তারাবীহর স্বলাত পড়াকে খুব গুরুত্ব দেন। এগুলো হলো আমাদের অজ্ঞতা। আর সকল সুন্নাত বা নফল জ্বলাত মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া অধিক ফযিলতের কারণ রাসূল (ﷺ) এমন করতেন।

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 এক হজ্জ/উমরাহ সফরে একাধিক উমরাহ করা

📄 এক হজ্জ/উমরাহ সফরে একাধিক উমরাহ করা


■ এই বিষয়টি নিয়েও বর্তমান সময়ে হজ্জযাত্রীদের মাঝে অনেক প্রশ্ন এবং এর চর্চা দেখা যায়। অনেকে হজ্জ করে দেশে এসে বলেন ৫/৭ টা উমরাহ করেছেন! আপনি হজ্জে গেলে দেখবেন অনেকে উমরাহ সম্পন্ন করার পর বাবা, মা, দাদা, দাদী, নানা, নানি, ছেলে, মেয়ের নামে একাধিক উমরাহ করেন আয়েশা মসজিদ গিয়ে ইহরাম করে। আবার কেউ কেউ একই দিনে ২/৩ টি করে উমরাহ করেন। উমরাহ নিঃসন্দেহে একটি নেকীর ইবাদত কিন্তু এমনভাবে গণহারে উমরাহ যদি রাসূল (ﷺ) ও সাহাবাদের জামানায় কেউ করে থাকেন কিংবা তারা অনুমোদন দিয়ে থাকেন তবে আপনিও নিঃসন্দেহে তা করতে পারেন।
■ কিন্তু সকল হাদীসগ্রন্হ ও ইতিহাস থেকে এক সফরে একাধিক উমরাহ করার কোন নথী খুঁজে পাওয়া যায় না। কোন সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ী হজ্জ সফরে এসে আয়েশা মসজিদ গিয়ে উমরাহ করেছেন এমন কোন দলিল পাওয়া যায় না। বরং তামাত্তু হজ্জকারীরা উমরাহ আদায়ের পর হালাল (সাধারণ পোশাক পরে) অবস্থায় থাকা হজ্জ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। তাই উচিত হবে এক সফরে অন্যের জন্য নফল উমরাহ করার নিয়তে বা উদ্দেশ্যে হারামের অথবা মীকাতের সীমানার বাইরে না যাওয়া। বরং বেশি তাওয়াফ করাই উত্তম। দেখা গেছে এমন একাধিক উমরাহ পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন হজ্জের পূর্বে। তখন হজ্জ সম্পাদন করাটাই কষ্টকর হয়ে যায়।
■ সাহাবায়ে কেরাম কখনই এক সফরে একের অধিক উমরাহ করেন নাই তবে তাঁরা বছরে একাধিকবার উমরাহ পালন করতেন। রাসূল (ﷺ) জীবনে ৪ বার উমরাহ পালন করেছেন। আয়েশা (রাঃ) বছরে ৩টি পর্যন্ত উমরাহ করেছেন।
■ এক হাদীসে এসেছে, "তোমরা পরস্পর হজ্জ ও উমরাহ আদায় করো। কেননা এ দুটি দারিদ্রতা ও গুনাহ বিমোচন করে দেয়।" সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখা গেছে, এক উমরাহ আদায়ের পর তাদের মাথার চুল বড় হয়ে কালো হয়ে যাওয়ার পর আবার উমরাহ করতেন, তার আগে করতেন না।
■ অপর এক হাদীস থেকে আমরা জানতে পারি আয়েশা (রাঃ) হজ্জের পর উমরাহ আদায় করেছিলেন কারণ তিনি হায়েজ অবস্থায় ছিলেন হজ্জের পূর্বে। তখন তিনি আগে উমরাহ করতে পারেন নাই। তাই রাসূল (ﷺ) তাঁকে হজ্জের পর উমরাহ করার অনুমতি দেন। এ থেকে বুঝা যায় হজ্জের পর উমরাহ পালন করা যায় তাও শুধুমাত্র বিশেষ কারণে মহিলাদের জন্য। বুখারী-১৫১৮
■ অপর একটি বিষয় হলো বর্তমানে হজ্জ সফরের অংশ হিসাবে প্রায় সকলে মদিনায় যান আবার মদিনা থেকে মক্কায় ফেরত আসেন বা অনেকে তায়েফ ঘুরতে যান আবার মক্কায় ফেরত আসেন। আর শুধু উমরাহযাত্রীরা সৌদিআরবের অন্যান্য জায়গায় ঘুরতে যেতে পারেন জেনারেল অথরিটি ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ ইন কিংডম অব সৌদি আরাবিয়ার অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে এবং তারা আবার অনেকে মক্কায় ফেরত আসেন। এমন ক্ষেত্রে কেউ চাইলে একটি নফল উমরাহ করতে পারেন কারণ যেহেতু এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল উমরাহ করার জন্য নয় বরং সাধারণ ঘুরতে যাওয়া বা কোন স্থান যিয়ারতের উদ্দেশ্যে। তাই মক্কায় ফেরত বা প্রবেশ করার সময় নিকটবর্তী মীকাত সীমানা থেকে ইহরাম করে অপর একটি উমরাহ করার বিষয়ে অধিকাংশ উলামা যায়েজ মত দিয়েছেন। আবার প্রয়োজনে ইহরাম না করে (যদি উমরাহ করার নিয়ত না থাকে) মক্কায় প্রবেশ করার বিষয়েও উলামারা মত দিয়েছেন, যাতে কোন গুনাহ হবে না তবে ইহরাম করে প্রবেশ করে একটি উমরাহ করা উত্তম। এক্ষেত্রে হজ্জ সফরে এসে করা প্রথম উমরাহটি হজ্জে তামাতুর উমরাহ হিসাবে বিবেচিত হবে। পরবর্তী উমরাহগুলো স্বতন্ত্র নফল উমরাহ বলে গণ্য হবে। ওয়াল্লাহু আ'লামু বিস সাওয়াব।

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 ত্বলাতীর সুতরা বিষয়ে ধারণা

📄 ত্বলাতীর সুতরা বিষয়ে ধারণা


মক্কা ও মদীনার মসজিদ দুটিতে লক্ষ্য করা যায় মানুষজন অবলীলায় স্বলাতীর মুসল্লা/জায়নামায এমনকি সুতরার মধ্য দিয়ে চলাফেরা করছে। অবশ্য যাদের সঠিক জ্ঞান আছে তারা সতর্কতার সাথে চলাফেরা করেন যদিও বেশিরভাগ মানুষই বেখেয়াল এবং অজ্ঞ। একটি দুর্বল হাদীসের উপর ভিত্তি করে হারামাইনের মসজিদ দুটিতে বিশাল জনসমাগমের কারণে অনেকে স্বলাতীর মুসল্লা/সুতরার মধ্য দিয়ে চলাফেরা করাকে শিথিল ভাবছেন। আমাদের দেশ থেকে যারা প্রথম উমরাহ বা হজ্জ করতে যান তাদের কাছে বিষয়টি অবাক করার মতো এবং খারাপ মনে হয়। কারণ আমাদের দেশে আমরা শিরক, কুফরী, বিদআত, সুদকে যত না ভয় পাই ও গুনাহের কাজ মনে করি তার চেয়ে বেশি মসজিদে নামাযীর সামনে দিয়ে হেঁটে যাওয়াকে মহা পাপ মনে করি এবং তা এড়িয়ে চলি। অবশ্য সকল ছোট-বড় গুনাহের কাজকে এড়িয়ে যাওয়াই মুমিনের কর্তব্য। তবে ইসলাম যেখানে যতটুকু সর্তকতার কথা বলেছে সেখানে ততটুক সর্তকতা অবলম্বন করাই যথেষ্ট। অনেক সময় অতি সর্তকতা/ পরহেজগারীতা ইসলামের সহজ ও সাধারণ বিষয়কে কঠিন করে ফেলে।
একজন স্বলাতীর দন্ডায়মান অবস্থা থেকে তার সামনে তিন হাত পরিমান জায়গা অর্থাৎ সিজদা পর্যন্ত হলো তার স্বলাতের মুসল্লা (অপর মতে দুই কাতার পর্যন্ত)। এই জায়গাটুকুর মধ্য দিয়ে অতিক্রম করার বিষয়ে নিষেধ আছে। এর বাইরে সামনে দিয়ে হেঁটে গেলে ইনশা-আল্লাহ গুনাহ হবে না এবং স্বলাতীর জন্য স্বলাতে বাধা ও মনসংযোগের কোন ব্যাঘাত হবে না কারণ স্বলাতীর দৃষ্টি থাকে তার সিজদার জায়গা পর্যন্ত এবং জ্বলাতের সকল কাজ সিজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ। নাসাঈ-৭৪৯
জামআতের স্বলাতে ইমামের সুতরাই সকল মুকতাদীর সুতরা। অর্থাৎ জামআত চলাকালীন মুসল্লীর মুসল্লার মধ্য দিয়ে হেঁটে গেলেও কোন গুনাহ হবে না। কিন্তু যখন কেউ একাকী স্বলাত পড়বে তখন তার দায়িত্ব হবে তার সামনে সুতরা হিসাবে সেন্ডেল, ব্যাগ, টুপি, কাপড়, কাঠদন্ড দিয়ে নেওয়া। এক্ষেত্রে সুতরা এক হাত/হাফ হাত উঁচু হওয়া জরুরী নয়। কেউ যদি দেখে বুঝে স্বলাতীর সুতরার মধ্য দিয়ে ইচ্ছাকৃত অতিক্রম করে তবে সে গুনাহগার হবে। আর কেউ যদি ভুলক্রমে লক্ষ্য না করে সুতরার মধ্য দিয়ে চলে যায় তবে তা ইনশা-আল্লাহ ক্ষমা পাওয়ার যোগ্য। তাই যখন দেখবেন কেউ একাকী স্বলাত পড়ছে তখন চলাফেরার জন্য যতটা সম্ভব বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করবেন অথবা তার সিজদার জায়গার সামনে দিয়ে অতিক্রম করে চলে যান। ওয়াল্লাহু আয়লামু বিস সাওয়াব। বুখারী-৪৯৩, ৫০৯, মুসলিম-১০২৬, নাসাঈ-৭৫০

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 মক্কায় অবস্থানকালে দৈনন্দিন আমল

📄 মক্কায় অবস্থানকালে দৈনন্দিন আমল


লক্ষ্য করেছি হজ্জ ও উমরাহ যাত্রীদের জন্য এই বিষয়ে কোন গাইড বইয়ে তেমন দিকনির্দেশনা দেওয়া নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মক্কার এই পবিত্র হারামের জমীনে অবস্থান করা প্রতিটি মুহুর্ত অনেক মূল্যবান এবং প্রতিটি আমল অত্যন্ত দামী। পরে দেশে ফিরে গিয়ে অনেকে আফসোস করেন; হায় হায় কি সময় পার করে আসলাম.. যদি ঐ ঐ আমলগুলো করতাম! এখানে আল্লাহর কাছে করা দু'আ কবুলের সম্ভাবনা অনেক বেশি এবং এখানে করা বিবিধ আমলের নেকীও আল্লাহর কাছে অনেক বেশি হিসাবে গৃহীত হবে ইনশা-আল্লাহ। আপনি মক্কায় এসেছেন নেকী শপিং বা আমল কেনাকাটা করার জন্যই! আর এই শপিং করতে কোন টাকা লাগে না। শুধু জানতে হবে কোথায়, কখন, কি কি আমল করতে হবে। আগেভাগে এগুলো না জেনে গেলে ও প্রস্তুতি না নিয়ে গেলে কিভাবে করবেন এই শপিং? উমরাহ করতে লাগে মাত্র ২-৩ ঘন্টা আর পরে হজ্জ মূলত ৫/৬ দিন। তো সফরের বাকি দিনগুলো কিভাবে পার করবেন আর কি করবেন? এই বিষয়ে লক্ষ্য করেছি সাধারণ মানুষজন একদম বেখবর, কোন পরিকল্পনা নাই। একারণেই এই দীর্ঘ অধ্যায় রচনা করেছি যাতে হাজীসাহেবগণ মক্কায় কর্মবিহীন অবসর দিনগুলোতে এমন কিছু আমল শিখবেন আর চর্চা শুরু করবেন যাতে বাকি জীবন সেই আমল চর্চাগুলো ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।
সাধারণত দেখা যায় বাংলাদেশী হজ্জযাত্রীরা মক্কায় পৌছে উমরাহ শেষ করার পর ১০-২০ দিন মক্কায় অবস্থান করেন। তারপর হয়তোবা মদীনায় যাওয়া হয় অথবা হজ্জ শুরু হয়ে যায়। এই দীর্ঘ সময় মক্কায় অবস্থান করা আমাদের দেশী হজ্জযাত্রীদের বেশিরভাগের চিত্র আগে আপনার সামনে তুলে ধরবো। বেশিরভাগ কাফেলা বা মুয়াল্লিম হজ্জযাত্রীদের উমরাহ শেষ করানোর পর সবাই কোন পথ দিয়ে মসজিদে যাবেন, কোথায় বাথরুম টয়লেট আছে, কেউ হারিয়ে গেলে কি করবেন, কোথায় কি কেনাকাটা করবেন এগুলো চিনিয়ে দেন। অতঃপর তারা হাজীসাহেবদের ৩ বেলা খাওয়া-দাওয়া যেন ঠিকমত হয়, মক্কায় জিয়ারার ব্যবস্থা করা, অসুস্থ হয়ে গেলে হজ্জ মিশন অফিস বা হাসপাতাল নিয়ে যাওয়া, মদীনা যাওয়ার বাস ঠিক করা ইত্যাদি বিবিধ ব্যবস্থাপনায় কাজ করে যান।
আর হজ্জযাত্রীরা ৫ ওয়াক্ত স্বলাতে দলবেঁধে মসজিদে যান, স্বলাত শেষে হোটেলে ফিরে এসে খাওয়া-দাওয়া করেন আর ঘুমান, দেশের আত্মীয়স্বজনদের সাথে ফোনে কথা আর কথা চলে, হোটেল রুমে টিভি দেখা চলে, শপিংমলে ঘোরাঘুরি আর কেনা-কাটা করেন, কেনাকাটায় কে জিতলো আর কে ঠকলো এই নিয়ে গবেষণা চলে, হোটেলে কত রকমের আজগুবি গল্প-গুজব আর গীবত চলে, রাজনৈতিক গল্প আর নিজের ছেলে-মেয়ে ও বাড়ি-গাড়ির গর্বভরা গল্প চলে, এমনকি পান-জর্দার আসর বসে, হোটেলে মহিলাদের পর্দাবিহীন ঘোরাঘুরি আর অট্ট হাসা-হাসির গল্প চলে, অবাধে পুরুষ মহিলা রুমে যাতায়াত চলে, হোটেলের রুমের এসি কম-বেশি করা নিয়ে মনোমালিন্য চলে, খাওয়া-দাওয়ার মান নিয়ে সমালোচনা চলে, বাথরুম আগে-পরে যাওয়া নিয়ে দ্বন্দ্ব চলে, কাপড় ধুয়া আর শুকানো নিয়ে ঝামেলা চলে, ঘুমের সময় অন্যের মোবাইলে ফোন আসলে বিরক্ত লাগে, কেউ টয়লেট-বাথরুম করতে বেশি সময় নিলে মনে রাগ উঠে, হোটেল রুম বা বাথরুম অপরিষ্কার ও গন্ধ করে রাখলে এক অপরকে কথা শোনানো হয় ইত্যাদি ইত্যাদি। এগুলোই হলো বাস্তবতা যার কিছু আপনি নিজে গেলে হয়তোবা ওখানে দেখতে পাবেন।
■ আর মসজিদের ভিতরে হজ্জযাত্রীদের দেখবেন চিল্লাচিল্লি করে কথা বলে এমনকি অনেকে ঝগড়া করে, ফোনে জোরে জোরে কথা বলে, ফোনে ভিডিও কল দিয়ে মসজিদের ভিতরে ঘোরাঘুরি করে এমনকি তাওয়াফ করে, বল্লাহীনভাবে সেলফি আর ছবি তোলে, মসজিদের ভিতরে যত্রতত্র শুয়ে গভীর ঘুম যায়, প্যান্ট বা পায়জামা টাখনুর নিচে পরিধান করে থাকে, এমন পাতলা সুতি সাদা পান্জাবী পরিধান করে যাতে শরীর দেখা/বুঝা যায়, শরীর/পোষাকের দুর্গন্ধ নিয়ে স্বলাত পড়ে, মসজিদে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বিভিন্ন দেশের মানুষ দেখে, বসে বসে মানুষদের কাবা ঘর তাওয়াফ করতে দেখে, কাবা ঘর সোজা স্বলাতে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বা এদিক সেদিক তাকিয়ে স্বলাত পড়ে, চোখ বন্ধ করে স্বলাত পড়ে, মুখ বন্ধ করে অর্থাৎ ঠোঁট না নাড়িয়ে মনে মনে সূরা পড়ে স্বলাত পড়ে, ১০০ কি.মি বেগে স্বলাত পড়ে, মুরগীর ঠোক দেওয়ার মতো রুকু ও সিজদাহ করে স্বলাত পড়ে, স্বলাতরত মানুষদের সুতরার মধ্য দিয়ে অবাধে চলাফেরা করে, মসজিদে প্রবেশ করে তাহিয়‍্যাতুল মসজিদ স্বলাত না পড়ে বসে যায়, জানাযার স্বলাত চলা অবস্থায় জানাযা বাদ দিয়ে সুন্নাত বা নফল স্বলাত পড়ে, বেশিরভাগ মহিলারা জানাযার স্বলাতই পড়ে না, সামনে কাতার খালি রেখে পিছনে দাঁড়ায়, কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, মসজিদের ভিতরে প্রবেশ না করে সবসময় বাইরের চত্বরে স্বলাত পড়ে, স্বলাতের মধ্যে দৃষ্টি উপরে/আকাশের দিকে তাকায়, স্বলাতের মধ্যে মুখ হা করে বড় করে খুলে এমনকি শব্দ করে হাই তোলে, স্বলাতে দাঁড়িয়ে হাতের আঙ্গুল ফুটায়, স্বলাতে অযথা ও অতিরিক্ত নড়াচড়া এবং কাপড় ঠিক করে, পুরুষরা জামার হাত গুটিয়ে স্বলাত পড়ে, শারীরিক/দাঁড়িয়ে সামর্থ্য থাকা সত্বেও সুন্নাত বা নফল স্বলাত বসে বসে পড়ে, পুরুষ-মহিলা পাশাপাশি দাঁড়িয়ে স্বলাত পড়ে, তন্দ্রাবস্থায় স্বলাত পড়ে, মহিলারা মাথার চুল, গলা ও পা খোলা রেখে স্বলাত পড়ে তথা পরিপূর্ণ পর্দা করে না, কিছু মহিলা ফ্যাশন বোরখা ও টাইট ফিটিং বোরখা পরে, কিছু মহিলা মেকআপ করে ও লিপষ্টিক দেয়, মাথায় স্টাইল করে হিজাব পরে, মহিলাদের গহনা তথা হাতের চুড়ি ও পায়ের নুপুরের শব্দ শোনা যায়, মহিলারা পারফিউম মেখে ঘোরাঘুরি করে ও মসজিদে যায়, অনেকে দৌড় দিয়ে গিয়ে স্বলাতের শুরু ধরে/রুকু ধরে, স্বলাতের মাকরুহ সময়ে নফল স্বলাত পড়তে থাকে, ইকামত হয়ে জামাআত শুরু হয়ে গেছে তবুও অনেকে সুন্নাত স্বলাত পরতে থাকে, স্বলাতের মধ্যে অনবরত মোবাইল রিং বাজতে থাকে যা বন্ধ করে না, সিজদায় কুকুরের মতো হাত বিছিয়ে সিজদা করে, নাক মাটিতে না লাগিয়ে তথা সাত অঙ্গের মাধ্যমে পরিপূর্ণ সিজদা করে না, ইমামের সিজদায় যাওয়ার তাকবীর শোনার আগেই সিজদার জন্য ঝুকে যায়, জ্বলাতে পড়ে এসে ইমামকে সিজদা অবস্থায় পেলে সিজদায় সামিল না হয়ে ইমামের দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করে, ইমামের সালাম ফিরানো শেষ করার আগেই সালাম ফিরিয়ে স্বলাত শেষ করে ফেলে, শর্টকার্ট/অপরিপূর্ণভাবে ওযু করে, প্রসাব করে কুলুক নিয়ে টয়লেটে ৪০ কদম হাঁটাহাটি/লাফালাফি করে, কিবলার দিকে থুথু/পানের পিক ফেলে, মসজিদের চত্তর পার করেই সিগারেট ধরায় ইত্যাদি ইত্যাদি। এগুলোই হলো বাস্তবতা। হজ্জযাত্রীদের সংশোধন ও কল্যাণের জন্যই এই কথাগুলো বলতে হচ্ছে।
■ উপরের এই ভুল-ত্রুটির বিষয়গুলো হওয়ার কারণ কি? এক; হজ্জ ও উমরাহ সফরের যাবতীয় মানসিক প্রস্তুতি ও বাস্তবতার বিষয়গুলো সম্পর্কে পূর্বে থেকে দিকনির্দেশনা না পাওয়া। দুই; সফরে গিয়ে করণীয় আমল বা সময়কে কাজে লাগানোর বিষয়ে সচেতন না হওয়া এবং তিন; সর্বোপরি ইসলামের সাধারণ মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকা। এখন এর জন্য দায়ী কে? প্রথমত: আপনি নিজে, দ্বিতীয়ত: আপনার কাফেলা। হজ্জে যাওয়ার আগে স্বভাবতই পুরুষরা চাকুরী বা ব্যবসা নিয়ে ব্যস্ত মানুষ, আর মহিলারা ঘর-সংসার। কোনমতে দৌড় দিয়ে হজ্জে চলে যায় আর হজ্জ থেকে ফিরে এসেই আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার আগে তেমন কোন মানসিক প্রস্তুতি নেই বা জ্ঞানার্জন নেই এজন্য এসেও কোন পরিবর্তন নেই। এক অন্তরসার শূন্য হলিডে ট্যুর হয়ে গেল। আর হজ্জ কাফেলারা যে মানুষগুলোকে নিয়ে হজ্জে নিয়ে গেলেন তাদের মানসিক প্রস্তুতি এবং ঈমান, আমল, আখলাক পরিশুদ্ধ করার জন্য কোন কিছুই কি করার ছিল না? এমন কিছু হজ্জ কাফেলা দেখেছি যারা হজ্জে যাওয়ার পূর্বে হজ্জযাত্রীদের নিয়ে প্রস্তুতিমূলক এক/দুই দিন পুরো দিনব্যাপী তালিম বা প্রশিক্ষণ দেন এবং পুরো হজ্জ সফরজুড়ে প্রতিদিন বিষয়ভিত্তিক ইসলামি ক্লাস নেন, প্রশ্ন-উত্তর পর্ব করেন, ক্লাস নোট দেন, হোম ওয়ার্ক দেন এবং সফর শেষে পরীক্ষা নিয়ে পুরস্কার দেন। ঠিক যেন এক ট্রেনিং প্রোগ্রাম বা শিক্ষা সফর!
■ মক্কায় অবস্থানকালে আমল ও নেকীর কাজে একে অপরের সাথে প্রতিযোগীতা করা উচিত। আর এমন সঙ্গীর সাথে থাকা ভালো যে নেক আমল করতে অগ্রগামী ও অন্যকে নেক আমলে উৎসাহিত করে। নেক আমলে প্রতিযোগীতা করা যায়েজ যা আল্লাহ কুরআনে বলেছেন। আপনি যখন জানবেন আপনার রুমের এক ভাই/বোন আজকে ৪টা তাওয়াফ করেছেন। তখন আপনি মনে মনে হিংসা করে ভাববেন কাল আমি ইনশা-আল্লাহ ৫টা তাওয়াফ করবো। এই হিংসা করাও যায়েজ। এটি আসলে একটি ভালো কাজ করার অনুপ্রেরণা। রাসূল (ﷺ) এর যুগে সাহাবীরা এমন কতো আমল নিয়ে হিংসা আর আমলের প্রতিযোগীতা করতেন গোপনে গোপনে। তবে আমল করে এসে সবাইকে বলে বেড়ানো যাবে না তাহলে আবার রিয়া (লোক দেখানো অহংকার/গর্ব) হয়ে যেতে পারে। আর রিয়া থেকে খুব সাবধান, কারণ রিয়া আমলসমূহেকে ধ্বংস করে দেয়। আবার নিজের স্বাস্থ্য ও সামর্থ্য বিবেচনা করে প্রতিযোগীতায় নামতে হবে। সাধ্যের বাইরে বেশি ইবাদত করতে গিয়ে নিজেকে অসুস্থ্য করে ফেলা যাবে না যেন পরবর্তীতে অন্যান্য ফরজ ইবাদত পালন করা কষ্টকর হয়ে যায়। এমন পরিকল্পনা বা টার্গেট করা উচিত যে; আপনি মক্কায় এই ১০-২০ দিন অবস্থানকালে প্রতিদিন নির্দিষ্ট কিছু আমল করবেন যা সবচেয়ে নেকীপূর্ণ এবং প্রতিদিন ধারাবাহিকতা বজায় রাখবেন।
■ এবার আসুন পুরুষ ও মহিলা উভয়ের জন্য সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে দৈনন্দিন আমলের কিছু দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করি:
■ আমল-১: তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল স্বলাত প্রতিদিন ভোররাতে মসজিদে গিয়ে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল স্বলাত আদায় করা। মোবাইলে এলার্ম দিয়ে তাহাজ্জুদের আযানের (ফজরের আযানের ১ ঘন্টা আগে) আগে উঠে মসজিদে গিয়ে ২/৪/৬/৮.. যে কয় রাকাআত সম্ভব তাহাজ্জুদ স্বলাত পড়া। দেখা যায়, হোটেলের রুমে যিনি আগে বাথরুম করে ওযু করে পোষাক পরে রেডি হয়ে যান তিনি তার সঙ্গী সাথীদের রেডি হওয়ার জন্য ১৫-২০ মিনিট অপেক্ষা করেন তারপর একসাথে মসজিদে রওয়ানা হন। অথচ এতক্ষণে মসজিদে গিয়ে ২/৪ রাকাআত তাহাজ্জুদ পড়া হয়ে যেত! তাই অন্যদের জন্য অপেক্ষা না করে নিজের স্বার্থের কথা ভেবে তাড়াতাড়ি একা বের হয়ে যাওয়া উত্তম। আপনারা সকলে মিলে আগেভাগে ঠিক করে রাখতে পারেন মসজিদের কোন গেটে দিয়ে ঢুকে কোথায় গিয়ে বসবেন বা পরে একসাথে কোথায় মিলিত হবেন। তবে সাথে অসুস্থ ও দুর্বল সাথী থাকলে একসাথে তাদের সহযোগীতা করে মসজিদে নিয়ে যাওয়া ভালো।
■ সকালে মসজিদে যাওয়ার সময় ভালো মতো বাথরুম করে পেট খালি করে যাওয়া উচিত কারণ মসজিদে পরবর্তী ৩-৪ ঘন্টা অতিবাহিত করতে হবে। সাথে ২/৩টি ছোট ৫০০ মিলি পানির খালি বোতল ও শুকনো কিছু খাবার ও ফল যেমন-বিস্কুট, কেক, খেজুর ইত্যাদি নিয়ে যাবেন সাময়িক ক্ষুধা নিবারনের জন্য। খালি বোতল এজন্য নিবেন যেন মসজিদ থেকে ফেরার সময় বোতল ভর্তি করে জমজম পানি নিয়ে রুমে আসতে পারেন তাহলে সবসময় জমজম পানি পান করতে পারবেন। এই খালি বোতল নিয়ে যাওয়ার পদ্ধতি প্রতি ওয়াক্তে স্বলাতের সময় অনুসরণ করলে মক্কায় অবস্থান করা পুরো সময় জমজমের বরকতময় পানি পান করার সুযোগ লাভ করতে পারবেন।
■ একটি পরীক্ষিত ও লক্ষ্যনীয় বিষয় হলো মসজিদে একসাথে পরিচিত কয়েকজন মিলে বসলে গল্প ও অপ্রয়োজনীয় কথা হয় বেশি। মানুষ দেখানো আমল করার সম্ভাবনাও থাকে। তাই কিছু কিছু আমল করার সময় একাকী থাকাই উত্তম। আপনাকে কেউ চিনে না আর আপনিও কাউকে চিনেন না, এতো লোকের মাঝে নিজে যখন একা আল্লাহর সামনে দন্ডায়মান হবেন জ্বলাতের জন্য বা আল্লাহর জন্য চোখের পানি ফেলে দু'আ করবেন; দেখবেন এক অন্য রকম অনুভূতি কাজ করবে নিজের মাঝে। তখন ইবাদতে মনোযোগ বেশি দিতে পারবেন। তাই সকালে তাহাজ্জুদের সময় সম্ভব হলে একাকী থাকার চেষ্টা করবেন কারণ এই সময়টি বেশি বেশি ইবাদতের জন্য উপযুক্ত।
■ জীবনের সবচেয়ে সেরা তাহাজ্জুদ স্বলাত পড়ার চেষ্টা করতে হবে। স্বলাতে দাঁড়িয়ে দীর্ঘ কিরাত বা বড় সূরা পড়বেন। বড় সূরা মুখস্থ না থাকলে পরপর কয়েকটি ছোট ছোট সূরাই মিলিয়ে ধীরে ধীরে সুন্দর তিলাওয়াত করে পড়বেন। অতঃপর দীর্ঘ রুকু ও সিজদা করবেন। রুকু ও সিজদার তাসবীহগুলো ৫/৬/৭/৮/৯.. বার করে ধীরে ধীরে পড়বেন। অতঃপর সিজদায় আল্লাহর কাছে যা দু'আ করার আছে, যা চাওয়ার আছে তা করবেন। আরবীতে সম্ভব না হলে প্রয়োজনে সিজদায় মাতৃভাষায় দু'আ করুন যা বিশ্বের অধিকাংশ ফাতওয়া বোর্ড ও আলেমগণ মত দিয়েছেন। সিজদায় দু'আর সাথে একটু চোখের পানি আনার চেষ্টা করবেন। অতঃপর বৈঠকে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে আবার কিছুক্ষণ দু'আ করে সালাম ফিরান। ২ রাকাআত তাহাজ্জুদ স্বলাত পড়তে অন্তত ১০-১৫ মিনিট সময় ব্যয় করবেন। দেখবেন অন্তরে অনেক প্রশান্তি নেমে আসবে ইনশা-আল্লাহ। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ কুরআনে বলেছেন 'আহসান আমল'; উত্তম/সুন্দর আমল করার জন্য। 'আকসার আমল'; বেশি আমল বলেন নি কারণ আল্লাহর কাছে কোয়ান্টিটি-র (পরিমান) চেয়ে কোয়ালিটি (গুণমান) পছন্দ। এভাবে ফজরের আজানের আগ পর্যন্ত ২,২,.. রাকাআত করে যে কয় রাকাআত সম্ভব তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল পড়বেন। ফজরের আযানের যখন আর ৫-৭ মিনিট বাকি তখন ১/৩ রাকাআত বিতর স্বলাত পড়ে নিবেন।
■ আমল-২: আযানের জবাব ও দু'আ: এবার যখন ফজরের আযান শুরু হবে তখন আযানের সাথেসাথে আযানের জবাব দিবেন। মুয়ায্যিন আযানে যা বলছেন ঠিক তাই বলতে হবে শুধু 'হাইয়‍্যা আলাস সলাহ' ও 'হাইয়‍্যা আলাল ফালাহ' এরপর 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' বলতে হবে। এই আযানের জবাব দেওয়ার অভ্যাস আজীবনের জন্য গড়তে হবে। প্রত্যেক স্বলাতের আযান শুনলেই এরপর থেকে আযানের জবাব দিবেন সাথে সাথে। দেখা যায় আমরা অবজ্ঞায় ও বেখেয়াল হয়ে কথা বলি আযানের সময় অথচ কি বিশাল নেকী ও ফযীলত থেকে বঞ্চিত হই। আযান শেষ হওয়ার পরপরই দুরূদে ইবরাহীম পাঠ করবেন এবং আযানের একটি দু'আ আছে তা পাঠ করবেন। এই দু'আটি মুখস্থ থাকা জরুরী। দু'আটি হচ্ছে:
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدَانِ الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُودَا نِ الَّذِي وَعَدْتَهُ.
"আল্লাহুম্মা রববা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ, ওয়াস সালা তিল ক্বাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ, ওয়াব'আছহু মাক্বামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ।” বুখারী-৬১৪।
■ এই আযানের জবাব ও দু'আ পড়ার বিশুদ্ধ ফযীলত রাসূল(ﷺ) বলেছেন, "তোমরা যখন মুয়ায্যিনকে আযান দিতে শোন তখন সে যা বলে তোমরা তাই বলো। অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো। কেননা, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করেন। অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসীলাহ প্রার্থনা কর। কেননা ওয়াসীলাহ জান্নাতের একটি সম্মানজনক স্থান। এটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনকেই দেয়া হবে। আমি আশা করি, আমি হব সে বান্দা। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওয়াসীলাহ প্রার্থনা করবে হাশরের ময়দানে তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব (আবশ্যকীয়) হয়ে যাবে।" মুসলিম-৭৩৫,৭৩৬। উল্লেখ্য, উক্ত দু'আর মধ্যে ও শেষে কিছু বাড়তি কথার সংযোজন লক্ষ্য করা যায় যা নিতান্তই দুর্বল হাদীসের উপর ভিত্তি করে সুতরাং তা আমলযোগ্য নয়। এবার ফজরের ফরজ জ্বলাতের পূর্বের দুই রাকাআত সুন্নাত পড়ে নিবেন। উত্তম ও সুন্নাহ পদ্ধতি হলো সূরা কাফিরুন ও সূরা ইখলাস দ্বারা এই স্বলাত পড়া।
■ আমল-৩: আযান ও ইকামতের মাঝে দু'আ: এবার দু'আ করার জন্য ৫-১০ মিনিট সময় পেয়ে যাবেন ফরজ জ্বলাতের আগে। এখন দু'আ কবুলের সময়। মনে রাখবেন, প্রত্যেক স্বলাতের আযান ও ইকামতের মাঝের সময়টি হলো দু'আ কবুলের সময়। হাদীসে এসেছে এসময়ের দু'আ প্রত্যাখান করা হয় না। এটি শুধু এই মক্কার মসজিদের আযানের জন্য নয় বরং সমগ্র পৃথিবীর যে কোন জায়গার আযান ও ইকামতের মাঝের সময়টি হলো দু'আ কবুলের খুবই ফযীলতপূর্ণ সময়। অথচ এই বিষয়টি আমরা জানিও না, আমলও করি না। পাশাপাশি আরও একটি বিষয় বিশুদ্ধ হাদীস দ্বারা স্বীকৃত রাসূল(ﷺ) বলেছেন, "মহামহিম আল্লাহ তা'আলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী প্রথম আসমানে অবতরণ করেন এবং তিনি ঘোষনা করতে থাকেন; কে আছো এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছো এমন, যে আমার নিকট চাইবে? আমি তাকে তা দিব। কে আছো এমন, যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিবো।" বুখারী-১১৪৫। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার নিকটবর্তী হয়ে আপনাকে ডাকছেন, আপনি কি তাঁর ডাকে সারা দিবেন না? আপনি এই যে এতক্ষণ তাহাজ্জুদ পড়লেন আর সিজদায় দু'আ করলেন আর এখন আবার আল্লাহর কাছে দু'আ করবেন এই পুরো সময়টি জুড়ে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে দেখছেন ও আপনার কথা শুনছেন। ও আল্লাহর মেহমানগণ, এমনভাবে আল্লাহকে ডাকুন যেন তিনি আপনার ডাকে সাড়া দেন। এটাই সময়।
■ আমরা বাঙালিরা আসলে ভালোমতো নিজেরা দু'আ করতে জানি না, এটা আমাদের ব্যর্থতা স্বীকার করতেই হবে কারণ আমরা হুজুর ভাড়া করে দু'আ-মুনাজাত করাই আর আখেরী মুনাজাত ধরি। আমরা ভাবি; আমি গুনাহগার বান্দা আল্লাহ হয়তো আমার কথা শুনবে না কিন্তু হুজুরেরা তো আল্লাহওয়ালা মানুষ, তারা আল্লাহর কাছে আমার কথা বললে আল্লাহ শুনবেন! আমরা নিজেদেরকে অবমূল্যায়ণ করে রেখেছি। আপনি লক্ষ্য করে দেখবেন এই আযান ও ইকামতের মাঝে কতো দেশের কতো সাধারণ লোক বসে কিংবা দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে আকাশের দিকে তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে কিভাবে দু'আ করছে। তারা জানে কখন কিভাবে আল্লাহকে ডাকতে হয়। আমরা বাঙালিরা অবশ্য এসময় স্বলাত শুরু হওয়ার আগে ঝিমায় ঝিমায় একটু ঘুম দিয়ে নেই অথবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অন্যদের দু'আ করা দেখি। এরপর ফজরের স্বলাতের ইকামত হয়ে গেলে যথারীতি ফজর স্বলাত জামাআতের সাথে আদায় করবেন।
■ আমল-৪: ফরজ স্বলাতের পর দুআ ও তাসবীহ ইমামের সালাম ফিরানোর পরপরই বেশকিছু তাসবীহ, দু'আ ও যিকির আছে সুন্নাহ দ্বারা সাব্যস্ত যা করতে হবে। এই তাসবীহ, দু'আ ও যিকিরগুলো এখন থেকে প্রত্যেক ফরজ স্বলাতের সালাম ফিরানোর পরপরই করার অভ্যাস গড়ে তুলবেন আজীবনের জন্য। এটাই সর্বোত্তম সুন্নাহ পদ্ধতি। অশেষ নেকী ফযীলত নিহীত আছে এর মধ্যে। এই তাসবীহ, দু'আ ও যিকিরগুলো করতে আনুমানিক ৭-৮ মিনিট সময় লাগবে। এই মাসনূন দু'আ ও যিকির করার মাঝে জানাযার জ্বলাত হতে পারে। জানাযা আদায় করে দু'আ ও যিকিরসমূহ শেষ করবেন।
■ আমল-৫: সকাল-সন্ধ্যার দুআ ও যিকির জানাযার পর জ্বলাতের জায়গায় বসেই তাসবীহ, তাহলীল, দু'আ এবং বেশকিছু সকাল ও সন্ধ্যার যিকির আছে যেগুলো পাঠ করে পার করতে হবে পরবর্তী ১ ঘন্টা সময়। সূর্য পূর্ণ উদয় হওয়া পর্যন্ত এই দু'আ ও যিকির জারি রাখতে হবে। হিসনুল মুসলিম মোবাইল এ্যাপসের যিকর-ঘুম অধ্যায়ের ২৭ নং (সকাল ও বিকালের যিকরসমূহ) ধারাবাহিকভাবে সবগুলো পড়তে পারেন। অথবা "তাফসীরুল উশরিল আখীর মিনাল কুরআনিল কারীম" বইয়ের ১৬৩-১৬৬ পৃষ্ঠা পর্যন্ত সকল দু'আ-যিকিরগুলো পড়তে পারেন।
■ আমল-৬ : ইশরাক জ্বলাত সূর্য উদয় হওয়া থেকে শুরু করে ১৭/১৮ মিনিট পর অর্থাৎ সূর্য পূর্ণ উদয় হওয়ার পর ২ রাকাআত যোহা/ইশরাক (নফল) স্বলাত পড়তে হবে। দেখবেন মসজিদে সময়ের ঘড়িতে ইশরাক লিখে সময় দেওয়া আছে। ঐ ইশরাক সময় হলো সূর্য উদয় হওয়ার সময়। তার সাথে আরও ১৭/১৮ মিনিট যোগ করে নিবেন। আপনার সাথে যদি স্বলাতের সময়ের মোবাইল এ্যাপস থাকে তবে সহজেই বুঝতে পারবেন।
■ ইশরাক জ্বলাতের ফযীলত; রাসূল(স) বলেছেন, "সকাল হতেই তোমাদের প্রত্যেকের শরীরের প্রতিটা অস্থির জন্য সাদাকাহ দেওয়া অবশ্য দায়িত্ব। অতএব প্রতিটা তাসবীহ অর্থাৎ সুবহানাল্লাহ বলা সাদাকাহ, প্রতিটা তাহমীদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা সাদাকাহ, প্রতিটা তাহলীল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকাহ, প্রতিটা তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা সাদাকাহ। নেক কাজের নির্দেশ করা সাদাকাহ। মন্দ কাজের নিষেধ করা সাদাকাহ। আর এসবের পরিবর্তে যোহার দুই রাকাআত স্বলাত আদায় করে নেওয়া যথেষ্ট।” মিশকাতুল মাসাবিহ-১৩১১। আরও বড় একটি ফযীলত শুনুন; রাসূল (স) বলেছেন, "যে ব্যক্তি ফজরের স্বলাত জামআতে আদায় করে তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহর যিকির করে, তারপর দুই রাকাআত নামায আদায় করে তার জন্য একটি হজ্জ ও একটি উমরাহর সাওয়াব রয়েছে। আনাস(রা.) বলেন, রাসূল(স) বলেছেন: পূর্ণ, পূর্ণ, পূর্ণ (হজ্জ ও উমরাহর সাওয়াব)।" তিরমিযী-৫৮৬।
■ আমল-৭: নফল তাওয়াফ ইশরাক স্বলাত পড়া হয়ে গেলে অতঃপর ১টি নফল তাওয়াফ করার জন্য এখন তাওয়াফের গ্রাউন্ড ফ্লোর মাতাফে চলে আসবেন। সাধারণত দেখা যায় ইশরাকের পর তাওয়াফের ভীড় কম থাকে। এ সময়ে ৭ চক্কর দিয়ে ১টি তাওয়াফ শেষ করতে ৩০-৪০ মিনিট সময় লাগতে পারে। অবশ্য হজ্জ এর সময় নিকটবর্তী হলে তখন ১টি তাওয়াফ করতে ১ ঘন্টাও লেগে যায়। তাওয়াফ একাকী করবেন অথবা সাথে মহিলা থাকলে সাথে নিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে করবেন। মানুষজনের সাথে পাল্লা দিয়ে হেঁটে হেঁটে বা ঠেলা-ঠেলি করে আগে যাওয়ার তাড়না নিয়ে তাওয়াফ না করা উত্তম। প্রশান্তির সাথে দু'আ- যিকির ও তিলাওয়াত করতে করতে স্বভাবিকভাবে হেঁটে হেঁটে তাওয়াফ করবেন। তাওয়াফে চোখের পানি নিয়ে আসুন। এই নফল তাওয়াফে কোন ইযতেবা নেই, রমল নেই উমরাহর প্রথম তাওয়াফ করার মতো। শুধুই সাধারণ ভাবে হাঁটা। বাকি তাওয়াফ করার অন্যান্য সকল নিয়ম প্রযোজ্য হবে উমরাহ'র তাওয়াফ করার মতো। তাওয়াফ শেষে ২ রাকাআত নফল স্বলাত পড়তে হবে। ১টি তাওয়াফ করার পর যদি শরীরে সামর্থ্য থাকে তবে চাইলে আরও ১/২টি তাওয়াফ করা যেতে পারে। তাওয়াফ করার নেকী অপরিসীম। দেশে ফিরে এসে স্বলাত অনেক পড়া যাবে কিন্তু এই তাওয়াফ আর করা যাবে না। তাই একটু কষ্ট করে তাওয়াফ করার চেষ্টা করতে পারেন। যেহেতু তখনো তাওয়াফের ফ্লোরে সূর্যের তেমন আলো পড়ে নাই এবং লোকের ভীড় কম থাকে তাই তখনই তাওয়াফ করার সবচেয়ে উপযুক্ত সময়। এবার তাওয়াফ ও স্বলাত শেষ করে খালি বোতলগুলো জমজমের পানি ভরে নিয়ে এবং পেট ভর্তি করে জমজমের পানি পান করে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে হবে। এভাবে দৈনন্দিন আমলের সকালের প্রথম পর্ব সম্পন্ন হলো।
■ আমল-৮: চাশত ও আউয়াবিনের স্বলাত হোটেলে এসে সকালের চা-নাস্তা খেয়ে এবার একটা ঘুম দিবেন অথবা বিশ্রাম নিবেন। সম্ভব হলে সকাল ৮.৩০/৯.০০ টার পর ২ রাকাআত যোহা/চাশতের স্বলাত পড়বেন। এরপর সম্ভব হলে সূর্য মধ্যম আকাশে পৌঁছনোর আগে অর্থাৎ যোহরের ওয়াক্ত হওয়ার একটু আগে ২ রাকাআত যোহা/আউয়াবিনের জ্বলাত পড়বেন। যোহার স্বলাতের ফযীলত বর্ণনায় রাসূল(ﷺ) বলেছেন, "এক স্বলাতের পড়ে আরেক স্বলাত যার মধ্যবর্তী সময়ে কোন গুনাহ হয়নি, তা ইল্লীয়িয়নে (উচ্চ মর্যাদায়) লিপিবদ্ধ করা হয়।” আর দাউদ-১২৮৮। এই সুন্নাহ আমলগুলো আমাদের একদম অজানা ও অপ্রচলিত। এই মৃত সুন্নাহগুলো জানুন এবং পালন করে তা জীবিত করুন। রাসূল (স) বলেছেন, "যে ব্যক্তি আমার একটি (মৃত) সুন্নাতকে জীবিত করলো এবং লোকেরা তদানুযায়ী আমল করলো, সেও আমলকারীদের সমপরিমান পুরষ্কার পাবে এবং তাতে আমলকারীদের পুরস্কার আদৌ হ্রাস পাবে না..।" ইবনে মাজাহ-২০৯।
■ আমল-৯: তাহিয়াতুল মসজিদের জ্বলাত যোহরের জ্বলাতের সময় মসজিদে প্রবেশ করে আযান না হয়ে থাকলে অবশ্যই ২ রাকাআত তাহিয়‍্যাতুল মসজিদ স্বলাত পড়ে অতঃপর মসজিদে বসতে হবে। এই সুন্নাহ আমলটির চর্চা আমাদের মাঝে একদম নাই বললেই চলে বরং আমরা এর বিপরীত আমল করি। অর্থাৎ আগে মসজিদে ঢুকে একটু বসি তারপর উঠে স্বলাত পড়ি অথচ এমন করা সুষ্পষ্ট হাদীসের বিপরীত কাজ। যে কোন মসজিদে প্রবেশ করলে আগে মসজিদের হকু আদায় করে (২ রাকাআত স্বলাত পড়ে) বসতে হবে, এমনটাই রাসূল(ﷺ) এর নির্দেশ; যদি না কোন ফরজ স্বলাতের ইকামত/জামাআত শুরু হয়ে যায়। এমনকি স্বলাতের মাকরুহ সময়ে ও জুমআর খুতবা চলাকালিন মসজিদে প্রবেশ করা সাহাবীকে রাসূল(১) ২ রাকাআত স্বলাত পড়ে তারপর বসতে বলেছেন। রাসূল(ﷺ) বলেছেন, "তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুই রাকাআত স্বলাত আদায় করে নেয়।" বুখারী-৪৪৪, মুসলিম-৭৩০। অতএব রাসূল(ﷺ) এর উম্মত হিসাবে এখন থেকে এই চর্চা গড়ে তুলুন বাকি জীবনের জন্য। যদি আযান হয়ে যাওয়ার পর মসজিদে প্রবেশ করে যোহরের ৪ রাকাআত সুন্নাত পড়া শুরু করে দেওয়া হয় তবে উক্ত স্বলাত দ্বারাই তাহিয়্যাতুল মসজিদ আদায় হয়ে যায়। আর আলাদা তাহিয়্যাতুল মসজিদ পড়ার প্রয়োজন নাই। যোহরের আযান ও ইকামতের মাঝে দু'আ কবুলের সময় হাত তুলে কিছুক্ষণ দু'আ করা।
■ আমল-১০: তাহিয়াতুল ওযুর স্বলাত আরও একটি আমল করতে পারেন - তাহিয়‍্যাতুল ওযুর ২ রাকাআত স্বলাত পড়ুন। এটিও একটি মৃত সুন্নাত। মাঝেমাঝে ওযু করার পর ২ রাকাআত স্বলাত পড়বেন। এসব ছোট ছোট আমলকে মোটেই তুচ্ছ মনে করা উচিত নয়। না জানি কোন আমলের ওসিলায় আল্লাহ আপনার উপর খুশি হয়ে যান, না জানি কোন আমলের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেন। তাহিয়‍্যাতুল ওযুর ফযীলত নিয়ে একটি হাদীস শুনুন - রাসূল(ﷺ) ঊর্ধ্বগগণে মিরাজে গিয়ে জান্নাত দেখেছেন তখন তিনি জান্নাতের ভিতরে বেলাল (রাঃ) এর পায়ের হাঁটার শব্দ শুনতে পেয়েছেন। পরবর্তীতে এসে তিনি বেলাল (রাঃ) কে জিজ্ঞাসা করেছিলেন তুমি এমন কি আমল করো যার কারণে তোমার পায়ের হাঁটার শব্দ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল(রাঃ) বলেছিলেন, আমি তো তেমন ব্যতিক্রমী আমল কিছু করি না, তবে আমি যখন ওযু করি তখন সবসময় ২ রাকাআত তাহিয়্যতুল ওযুর স্বলাত পড়ি।
■ আমল-১১: সকাল-সন্ধ্যার দুআ ও যিকির যোহরের স্বলাতের পর হোটেলে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়ে বিশ্রাম নিয়ে বা সংক্ষিপ্ত ঘুম দেওয়া যেতে পারে। এরপর আসরের স্বলাতের জন্য প্রস্তুতি। এমন প্রস্তুতি নিতে হবে যাতে একেবারে আসর, মাগরিব ও এশা পড়ে হোটেলে ফেরা হবে। কারণ এই স্বলাতগুলোর মাঝে সময় কম থাকে। প্রতি ওয়াক্তে বারবার হোটেলে যাওয়া আসা করলে যাওয়া-আসাতে অনেক সময় চলে যায়। আর দিনের ২য় পর্বের দৈনন্দিন আমল করার বিষয় আছে। তাই সেভাবে প্রস্তুতি নিয়ে আসরের স্বলাতের সময় বের হতে হবে। আসরের স্বলাতের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত তাসবীহ, তাহলীল, দু'আ, ইসতিগফার ও কুরআন তেলাওয়াত করতে হবে এবং সকাল ও বিকালের যিকিরগুলো করে পার করতে হবে পরবর্তী ১ ঘন্টা ৩০ মিনিট সময়। বিশেষ করে জুমআর দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু দু'আ কবুলের বিশেষ গুরুত্বপূর্ণ সময়। এসময় বেশি বেশি দুরূদ পড়বেন ও দু'আ করবেন আল্লাহর কাছে। আসর থেকে মাগরিবের মাঝে চাইলে ১টি তাওয়াফও করে ফেলা যেতে পারে যেহেতু এসময় সূর্যের তাপ কমে যায় এবং ভীড় কিছুটা কম থাকে। তবে মাগরিবের পর থেকে তাওয়াফের চাপ বাড়তে থাকে।
■ আমল-১২: তাওবা-ইসতেগফার ইতিপূর্বে হজ্জের পূর্বপ্রস্তুতির সময় বলা হয়েছিল সাথে করে কবীরাহ গুনাহের লিষ্ট করে নিয়ে আসার জন্য। জীবনে করা কবীরাহ গুনাহের বিষয়ে একাকী তাওবা ইসতিগফার করার উত্তম সময় এটি। নিজের গুনাহের বিষয় গোপনীয় রাখতে হবে এবং কারো কাছে তা প্রকাশ করা যাবে না। মক্কায় মদীনায় এবং হজ্জের সময় মিনা ও আরাফায় কবীরাহ গুনাহের থেকে তাওবা ইসতিগফার করবেন।
■ আমল-১৩: ইসলামী জ্ঞান আহোরণ মাগরিব থেকে এশা পর্যন্ত সময় জ্ঞান অন্বেষণে ও পড়াশুনায় ব্যয় করা যেতে পারে। মসজিদের দ্বিতীয় তলার লাইব্রেরীতে অথবা মসজিদের যে কোন জায়গায় বসে কুরআন অধ্যয়ন করা। মসজিদের কিং ফাহাদ গেট (৭৯ নং গেট) এর ডানপাশের সিড়ি দিয়ে উপরে দ্বিতীয় তলায় উঠে গেলে একটি লাইব্রেরী দেখতে পাবেন। সেখানে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রচুর বই, অডিও, ভিডিও দেখতে পাবেন যেগুলো নিয়ে পড়াশুনা ও গবেষণা করতে পারেন। লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সময় নির্ধারণ করে রাখা আছে। বাংলা বইও আছে ওখানে বেশ কিছু। লাইব্রেরীতে দারুস সালাম প্রকাশনীর বাংলা কুরআন ও হাদীসগ্রন্থসমূহ পেয়ে যাবেন।
■ আমল-১৪: কুরআন পড়া ও মুখস্ত আগেই অবগত করেছিলাম এই পুরো হজ্জ সফরে টার্গেট রাখতে হবে পুরো কুরআনের অর্থ বুঝে পড়ে শেষ করতে হবে। অতএব সেভাবে প্রতিদিন কয়েক পৃষ্ঠা করে বুঝে কুরআন পড়তে হবে। মসজিদের ভিতরে বুক শেলফে মদিনার কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে ছাপানো ২ খন্ডের বাংলা অর্থসহ আবু বকর জাকারিয়া'র সংক্ষিপ্ত তাফসীর দেখতে পাবেন। সেটি নিয়েও পড়তে পারেন। আবার যেসব নতুন সূরা ও দু'আ মুখস্থ করার টার্গেট নিয়ে এসেছেন সেগুলো মুখস্থ করতে পারেন।
■ আমল-১৫: দারস/হালাকা অংশগ্রহণ এছাড়াও মসজিদের ভিতরে বিভিন্ন জায়গায় বাংলা/উর্দু/ইংরেজী/আরবী ভাষায় হালাকা/দারস বা আলোচনা হয়। যে ভাষার আলোচনা আপনার বুঝার সামর্থ্য আছে সেখানে বসে কিছুক্ষণ আলোচনা শুনুন। কিছু না বুঝলেও কিছুক্ষণ বসে দেখুন আরবের আলেমগণ কিভাবে ও কেমন আলোচনা করেন। কুরআনের ও দ্বীনের আলোচনায় বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে। অতএব এই সুযোগগুলো গ্রহণ করবেন।
■ আমল-১৬: ইসলামি বই সংগ্রহ ও বিতরণ মসজিদের ভিতরে ও বাইরে বেশ কিছু বুথ থেকে ফ্রি বই ও লিফলেট বিতরণ করে বিভিন্ন ভাষার। ওখানে গিয়ে শুধু বলবেন 'বাংলা'। বাংলা বই থাকলে আপনাকে কয়েক কপি দিয়ে দিবে। বই না থাকলে পরে আবার অন্য সময় গিয়ে খোঁজ করবেন। কিছু সুপ্রসিদ্ধ বই "হাজ্জীদের সম্বল", "হিসনুল মুসলিম", "তাওহীদ সংরক্ষণ", "তাওহিদী দূর্গ”, "আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ এর আক্বীদা", "হজ্জ, উমরাহ ও মসজিদে রাসূল যিয়ারাহ গাইড" ইত্যাদি পাবেন। "তাফসীরুল উশরিল আখীর মিনাল কুরআনিল কারীম" এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। ইসলামের মৌলিক জ্ঞান ও আমলসমূহ ও প্রচুর সহীহ দু'আ পাবেন এই বইটিতে। মক্কা লাইব্রেরী (রাসূল (ﷺ)এর কথিত জন্মস্থান) থেকে আসর-মাগরিব স্বলাতের পর প্রচুর পরিমানে বই বিতরণ করে। এছাড়াও ওখানে আশেপাশে অনেক বইয়ের দোকানে দারুস সালাম প্রকাশনীর ছাপানো বাংলায় বেশ কিছু ভালো ভালো বই পাবেন যা ক্রয় করে পড়তে পারেন। কিছু বই সংগ্রহ করে নিজে পড়বেন ও অন্যদের মাঝেও বই বিতরণ করবেন। বই বিতরণ মানেই জ্ঞান বিতরণ। যে ঐ বই পড়ে আমল করবে তখন তার আমলের নেকীর সমপরিমান আপনি কমিশন পাবেন!
■ আমল-১৭: নফল তাওয়াফ এবং রাতে ঘুমানোর পূর্বে দুআ ও যিকির এশার স্বলাতের পর বিতর স্বলাত পড়বেন না যেহেতু ভোররাতে তাহাজ্জুদ পড়বেন। কারণ বিতর হলো রাতের শেষ স্বলাত যা তাহাজ্জুদ পড়ার পর পড়বেন। এশার পর চাইলে একটা তাওয়াফ করে হোটেলে ফিরতে পারেন। এশার পর অন্তত ১ ঘন্টা তাওয়াফের ভীড় থাকে। এই ভীড়ের মধ্যে তাওয়াফ করে ফেলতে পারেন। সাধারণত এশার পর ধীরে ধীরে সবাই রাতের খাবার খাওয়ার জন্য মসজিদ ছেড়ে চলে যায়। হোটেল কাছাকাছি হলে রাতের খাবার খেয়ে এসে একটা তাওয়াফ করতে পারেন। তখন একদম হালকা পাবেন তাওয়াফের ভীড়। রাতে ঘুমানোর পূর্বে ঘুমানোর সুন্নতি আমল ও বিবিধ যিকির করার মাধ্যমে ঘুমাতে যাবেন যেন রাতের পুরো ঘুমটি ইবাদত হিসাবে পরিগনিত হয়। ঘুমানোর পূর্বের আমলগুলো আপনার জন্য হোম ওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম।
■ আলহামদুলিল্লাহ, এভাবে যদি অন্তত আপনি দিন অতিবাহিত করার পরিকল্পনা করেন তবে আশা করা যায় আপনি সময়ের সদ্ব্যবহার করেছেন এবং উত্তম আমল দ্বারা দিন অতিবাহিত করেছেন। আপনাকে আরও বেশি আমল করতে নিষেধ করবো না। আপনি যদি সাধ্যমত আরও অন্য কিছু বা বেশি আমল করতে পারেন তবে অবশ্যই করবেন। সুন্নাহর আলোকে উত্তম পন্থা হলো কম আমল কিন্তু বিশুদ্ধ আমল এবং প্রতিদিন ধারাবাহিকভাবে করা।
■ নিম্নে কিছু ব্যতিক্রমী আমলের কথা উল্লেখ করছি যা করার পরিকল্পনা রাখতে পারেন। যেমন -
■ আমল-১৮: ইতেকাফ এক রাত ও এক দিন (২৪ ঘন্টা) মসজিদে নফল ইতেকাফ করতে পারেন। ইতেকাফ এর নিয়তে প্রস্তুতি নিয়ে মাগরিবের আযানের আগে মসমজিদে প্রবেশ করে পর দিন মাগরিবের পর মসজিদ থেকে বের হবেন। ইতেকাফকালীন সময়ে মসজিদে অবস্থান করে বেশি বেশি আমল করতে পারবেন। মহিলারাও মসজিদে ইতেকাফ করতে পারেন। আপনার অন্য হজ্জ সাথীরা আপনার জন্য মসজিদে হালকা কিছু খাবার নিয়ে আসতে পারে যা খেয়ে আপনি থাকতে পারেন।
■ আমল-১৯: সোমবার ও বৃহস্পতিবার সিয়াম: সোমবার ও বৃহস্পতিবার নফল সিয়াম বা রোজা রাখতে পারেন। দেখবেন অনেক লোক এই দুইদিন রোজা রাখে এবং মসজিদে মাগরিবের আগে প্রচুর ইফতারের ব্যবস্থা করা হয়।
■ আমল-২০: স্বলাতুল কুসূফ ও খুসূফ এবং ইসতিসকার স্বলাত স্বলাতুল কুসূফ (সূর্যগ্রহণ) ও খুসূফ (চন্দ্রগ্রহণ) এর স্বলাত পড়া। যদি আপনার সফরের মাঝে কোন গ্রহণ হয় তবে দেখবেন ঐ সময়ে দীর্ঘ ২ রাকাত স্বলাত জামাআতে পড়া হবে। ২ রাকাআত স্বলাত পড়তে ৩০-৪০ মিনিট সময় নিয়ে থাকে সাধারণত। এই স্বলাতের নিয়ম কিছুটা ভিন্ন। এমন বিরল সুন্নাহ পালন করার সুযোগ পেলে অবশ্যই তা গ্রহণ করবেন। আবার ইসতিসকার স্বলাত (বৃষ্টি প্রার্থনা) পড়ার সুযোগ পেলে অবশ্যই পড়বেন।
■ আমল-২১: সাদাকা সামর্থ্য থাকলে একটি চেয়ার বা কয়েক কেজি খেজুর বা যে কোন খাবার বা কিছু মিসওয়াক কিনে মসজিদের ভিতরে বা বাইরে লোকজনের মাঝে বিতরণ করবেন। এটা একটি সাদাকাহ হিসাবে বিবেচিত হবে। কত লোককে দেখবেন এমন কাজ করছে ওখানে।
■ আমল-২২: পানি পান করানো জমজম পানি ও টিস্যু বিতরণ করতে পারেন তাওয়াফরত বা সাঈরত মানুষদের মাঝে। আপনি গেলেই দেখবেন এমন তুচ্ছ ও ক্ষুদ্র কাজ করছে কত আল্লাহর বান্দা ওখানে অথচ খোঁজ নিয়ে দেখবেন কত বড় পেশাজীবি বা অর্থসম্পদের মালিক সেই মানুষগুলো। মানুষকে পানি করানোর উত্তম আমল এবং এর নেকী অপরিসীম।
■ আমল-২৩: বিপদগ্রস্থকে সাহায্য করা মসজিদে প্রথমবার এসে অনেক বয়স্ক মানুষ দল ছাড়া হয়ে হারিয়ে যান। দেখা যায় তারা মসজিদে ঘোরাফেরা করে মানুষের কাছে ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন। এমন কাউকে পেলে যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করবেন। তার হোটেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন অথবা সৌদি পুলিশের কাছে পৌঁছে দিবেন। পুলিশ তার এজেন্সী খুঁজে পেতে সাহায্য করবে।
■ আমল-২৪: মিসওয়াক, ওযু ও সালাম চর্চা: প্রত্যেক ওযুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস গড়ে তুলতে পারেন। সর্বদা পাক পবিত্রতা অবলম্বনের জন্য ওযু অবস্থায় থাকার চেষ্টা করা উত্তম। যখনই প্রসাব-পায়খানা করবেন তখনই ওযু করে ওয়াসরুম থেকে বের হবেন। পরিচিত কি অপরিচিত সকলের সাথে বেশি বেশি সালাম আদান-প্রদান করার অভ্যাস গড়ে তুলুন। সালাম যে কত বড় ও গুরুত্বপূর্ণ আমল তা একটু পড়াশোনা করে জানার চেষ্টা করবেন।
■ আমল-২৫: দৈনন্দিন দুআ চর্চা: দৈনন্দিন সাধারণ কাজকর্মের ক্ষেত্রে কিছু সুন্নাহ আমল ও দু'আ চর্চা শুরু করবেন। যেমন ঘুম থেকে উঠার পর দু'আ, বাথরুম প্রবেশ ও বের হওয়ার দু'আ, পানাহারের শুরু ও শেষে দু'আ পড়া, পোষাক পরিধানের দু'আ, ঘর থেকে বের হওয়া ও প্রবেশের সময় দু'আ, হাঁচিদাতা ও শ্রোতার জন্য দু'আ, ঘুমাতে যাওয়ার সময় দু'আ ইত্যাদি।
■ আমল-২৬: ইসলাহ ও তাবলীগ আপনি দৈনন্দিন যে আমলগুলো করবেন তা অন্যদের শিক্ষা দিন। উদ্দেশ্য হবে আপনি কি আমল করেন তার প্রচার করা নয় বরং আপনি অন্যদের কোন আমলগুলো এখানে করলে বেশি সাওয়াব অর্জন করা যাবে সেই বিষয়ে তাগীদ দিবেন। পাশাপাশি আপনি দৈনন্দিন পড়াশুনার মাধ্যমে যে জ্ঞান অর্জন করবেন তা অন্যদের সাথে শেয়ার করবেন, ইসলামের বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করবেন। নিজেদের আত্মশুদ্ধি ও দ্বীনমুখি হওয়ার বিষয়গুলো নিয়ে আপোষে আলোচনা করবেন।
■ উপরোক্ত যে আমলগুলো জানলেন ও করলেন তা শুধু এই মক্কার দিনগুলোর জন্য নয় বরং মদিনায় অবস্থান করা দিনগুলোর জন্যও। এমনকি হজ্জ শেষে জীবনের বাকি দিনগুলোতে এই আমলগুলো প্রতিনিয়ত করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন এবং দেশে ফিরে এসে আমলগুলো করার বিষয়ে সচেষ্ট হবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00