📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড > 📄 মক্কায় পৌঁছানো ও আইডি কার্ড সংগ্রহ

📄 মক্কায় পৌঁছানো ও আইডি কার্ড সংগ্রহ


■ মক্কায় পৌঁছানোর পর পরিবহন বাস হজ্জযাত্রীদের প্রথমেই নিয়ে যাবে মক্কা সৌদি মুআল্লিম অফিসে। সেখানে তারা আপনাকে কিছু ছোট উপহার দিবেন ও আপ্যায়ন করতে পারেন।
■ মুআল্লিম অফিস সকলের পাসপোর্ট পরীক্ষা এবং গণনা করবেন। তারা আপনার পাসপোর্ট রেখে দিবেন এবং এর পরিবর্তে পরিচয়ের জন্য আপনাকে হাতের ব্যান্ড ও হজ্জ পরিচয়পত্র (সাময়িক আইডি কার্ড) প্রদান করবেন। পরবর্তীতে ছবি সহ একটি স্থায়ী আইডি কার্ড প্রদান করা হবে।
■ এই হাতের ব্যান্ড ও আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার মক্কা মুআল্লিমের নাম, ঠিকানা ও ফোন নম্বর আরবিতে লেখা রয়েছে। আপনি যদি হারিয়ে যান তাহলে এটা আপনার মুআল্লিমকে খুঁজে বের করতে সাহায্য করবে।
■ এরপর মক্কায় হোটেল/বাড়িতে গিয়ে উঠবেন। হোটেলে অথবা ভাড়া করা বাড়িতে পৌছানোর সাথে সাথে আপনার রুমে উঠে পড়ুন। আপনার হজ্জ এজেন্সি আপনাদের আবাসনের জন্য বিভিন্ন রুম বরাদ্দ করে দিবেন।
■ দেখা যায় অনেক হজ্জযাত্রী নিজের রুমের ব্যাপারে সন্তুষ্ট হতে পারেন না এবং তারা রুম পরিবর্তনের চেষ্টা করেন। যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন করুন, আর তা না হলে বিষয়টি এখানেই ছেড়ে দিন। কিন্তু বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনি যা পেয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
■ রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন, গোসল করুন ও খাবার গ্রহণ করুন। তবে এ সময়ে কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকুন।
■ আপনি যে ইহরাম অবস্থায় আছেন সেটা ভুলে যাবেন না, তালবিয়া পাঠ করতে থাকুন। এরপর আপনার হজ্জ গাইড যে কোনো সময় সবাইকে একত্রিত করে পরবর্তী কাজ তাওয়াফ সম্পর্কে আলোচনা করতে পারেন।
■ হজ্জ ও উমরাহ সফরের যে ধারাবাহিক বর্ণনা এখানে করা হয়েছে তা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে একটি বাস্তব সফর সম্পর্কে ধারনা দিতে চেষ্টা করা হয়েছে। গাইডে আলোচিত কোন বিষয় আপনার জন্য ব্যতিক্রম হতে পারে, এটি সম্পূর্ণ হজ্জ ও উমরাহ ব্যবস্থাপনা বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে। হজ্জ ও উমরাহর কিছু প্রক্রিয়া বছরান্তে পরিবর্তনও হতে পারে। পাঠকবৃন্দের কাছে বিনীত অনুরোধ রাখবো আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00