📄 হজ্জ পূর্বপ্রস্তুতি : বৈষয়িক ও শারীরিক প্রস্তুতি
হজ্জের জন্য হালাল অর্থ নিশ্চিত করতে হবে। অবৈধ অর্থ বা সুদ মিশ্রিত টাকায় করা হজ্জ কবুল হবে না। হজ্জে যাওয়ার পূর্বে বকেয়া দেনমোহরসহ অন্যান্য সকল প্রকার দেনা-পাওনা ও ক্ষতিপূরণ থাকলে তা পরিশোধ করে ফেলা উত্তম। পুরুষদের যদি কোন বদ অভ্যাস/হারামের সাথে সম্পৃক্ত থাকার অভ্যাস থাকে; যেমন - ধূমপান, জর্দা, গুল, চুলে কালো কলপ, দাড়ি সেভ, স্বর্ণের অলংকার ব্যবহার করা; তবে এগুলো পরিহার করার এক আদর্শ সময় হলো হজ্জ সফর। মহিলাদের যদি কোন বদ অভ্যাস/হারামের সাথে সম্পৃক্ত থাকার অভ্যাস থাকে; যেমন- ভ্রুপ্লাক করা, হেয়ার রিমুভার ব্যবহার, কৃত্রিম/পর চুল ব্যবহার, ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করা; তবে এগুলো হজ্জ সফর থেকে পরিহার করা।
নিজেকে শারীরিকভাবে সুস্থ ও সবল রাখতে হবে। (পুষ্টিকর খাবার খাওয়া ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ/চিকিৎসা গ্রহণ করা।) বেশি বেশি হাঁটাহাঁটির অভ্যাস করা কারণ হজ্জের সময় প্রচুর হাঁটতে হয়। একবারে নতুন সেন্ডেল না নিয়ে আগে তা পরে হাঁটাহাঁটি করে মানিয়ে নেওয়া। মহিলাদের মসজিদে জামাতে নামায/স্বলাত আদায়ের নিয়ম-কানুন শিখে নেওয়া খুব জরুরী। জানাযার স্বলাত এর নিয়ম ও জানাযার দু'আ শিখে নেওয়া। সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবীদের কর্মপ্রতিষ্ঠান থেকে হজ্জ ছুটি অনুমোদন এবং জিও/এনওসি পত্র সংগ্রহ করতে হবে।
হজ্জের সময় হওয়ার আগেই সৌদি রিয়াল অথবা ডলার কিনে রাখা উত্তম। ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাইলে কার্ডে ডলার এনড্রোস করে নেওয়া। বয়স্ক ও বৃদ্ধ মানুষদের সিঁড়ি ও এস্কেলেটরে চড়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ওখানে প্রয়োজনের তাগিদে সেগুলো ব্যবহার করতেই হয়। ধার্মিক, সহায়ক, বিশ্বস্ত ও মানসিকতার মিল আছে এরকম ২/১ জনকে সঙ্গী হিসাবে হজ্জে নিয়ে যেতে পারলে ভাল হয় এবং তাদের সাথে একরুমে থাকা। হজ্জ সফরের পূর্বে পরিচিত হজ্জযাত্রীদের নিয়ে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিলে সবার সাথে যোগাযোগ করা ও প্রস্তুতি নেওয়া সহজ হয়।
বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে মিথ্যা বলা, খারাপ আচরণ করা, হক নষ্ট করা ও তাদের কষ্ট দেয়ার জন্য ক্ষমা চেয়ে নেওয়া। পরিবারের দায়িত্বশীল হলে এবং অসিয়তযোগ্য সম্পদ থাকলে অবশ্যই পরিবারের জন্য একটি উইল বা অসিয়তনামা করে রেখে যাওয়া। স্বামী-স্ত্রী হোটেলে এক রুমে থাকার চিন্তা করার চেয়ে আলাদাভাবে পুরুষ ও মহিলাদের সাথে শেয়ারিং রুমে থাকাই উত্তম, কারণ এতে মানুষের সাথে মেলা-মেশা হয়, সাহায্য-সহযোগিতা পাওয়া যায় এবং জ্ঞান আদান-প্রদান হয়।
📄 কিছু তথ্য জেনে রাখুন
| হতে | পর্যন্ত | দূরত্ব (আনুমানিক) | সময় (আনুমানিক) |
| --- | --- | --- | --- |
| ঢাকা বিমানবন্দর | জেদ্দা বিমানবন্দর | ৩২৫৩ মাইল/৫২৩৪ কি.মি | ৬-৭ ঘণ্টা (বিমানে) |
| জেদ্দা বিমান বন্দর | মক্কা | ৬৮ মাইল/১১১ কি.মি | ১-২ ঘণ্টা (বাসে) |
| জেদ্দা বিমানবন্দর | মদীনা | ২৪২ মাইল/৩৯০ কি.মি | ৫-৬ ঘণ্টা (বাসে) |
| মক্কা | মদীনা | ২৭১ মাইল/৪৩৭ কি.মি | ৫-৬ ঘণ্টা (বাসে) |
| মক্কা | আরাফা | ১৫ মাইল/২৫ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| মক্কা | মিনা | ৭ মাইল/১২ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| মিনা | আরাফা | ৯ মাইল/১৬ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| আরাফা | মুযদালিফা | ৬ মাইল/১০ কি.মি | ১৫মি. - ৩০মি. (বাসে) |
| মুযদালিফা | মিনা | ৩ মাইল/৬ কি.মি | ১০মি. - ১৫মি. (বাসে) |
সফর রুট: ভারত > পাকিস্তান > ওমান সাগর > আরব আমিরাত > সৌদি আরব
আবহাওয়া তাপমাত্রা: মক্কা (১৯-৪৪ ডিগ্রি সেঃ), মদীনা (১২-৪৫ ডিগ্রি সে:)
বাতাসে আর্দ্রতা: মক্কা (৩৩% - ৫৯%), মদীনা (১২% - ৩৮%)
ঋতুকাল: গ্রীষ্মকাল (মার্চ-সেপ্টেম্বর), শীতকাল (অক্টোবর-ফেব্রুয়ারি)
সময়ের ব্যবধান: তিন ঘণ্টা (ঢাকায় সকাল ৯টা, মক্কায় তখন সকাল ৬টা)
সৌদি রিয়াল রেট: ১ সৌদি রিয়াল = ২৬-২৭ টাকা। (বাজারদর সাপেক্ষে)
বিদ্যুৎ: ২২০ ভোল্ট
রাস্তায় গাড়ি চলাচল: রাস্তার ডান পাশ/লেন দিয়ে
সৌদি ফোন কোড: +৯৬৬ XXXXXXXXX
📄 হজ্জের প্রকারভেদ
হজ্জে ইফরাদ: উমরাহ (এক ইহরামে), হজ্জ (এক ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব নয়)
হজ্জে ক্বিরান: উমরাহ ও হজ্জ (একই ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব)
হজ্জে তামাতু: উমরাহ (আলাদা ইহরামে), হজ্জ (আলাদা ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব)
* এই বইয়ে হজ্জে তামাতু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং শেষে ক্বিরান ও ইফরাদ হজ্জ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে।
* বদলি হজ্জ: কোন ব্যক্তি যদি ফরজ হজ্জ আদায় করতে অক্ষম হয় তবে কোন ব্যক্তিকে তার পক্ষ হতে হজ্জ (বদলি হজ্জ) পালন করার জন্য মনোনীত করতে পারে। এক্ষেত্রে মনোনীত ব্যক্তি ইতিপূর্বে নিজের হজ্জ পালন করেছে এমন হতে হবে। (আবু দাউদ-১৮১১, ইবনে মাজাহ-২৯০৩)
* আবু রাযিন আল আকিলি থেকে বর্ণিত; তিনি এসে রাসূল (ﷺ) - কে প্রশ্ন করে বললেন, আমার পিতা খুব বৃদ্ধ, তিনি হজ্জ ও উমরাহ পালন করতে পারেন না। সাওয়ারির উপর উঠে চলতেও পারেন না। রাসূল (ﷺ) বললেন, তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরাহ করো। (আবু দাউদ-১৮১০, নাসাঈ-২৬২১)
* তিন প্রকার হজ্জের মধ্যে বদলি হজ্জ কোন প্রকার হবে তা, যে ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা হচ্ছে তিনি নির্ধারণ করে দিবেন। বদলি হজ্জ - ইফরাদ হজ্জ হতে হবে, এমন কোন কথা নেই। বরং উপরের হাদীসে হজ্জ ও উমরাহ উভয়ের কথাই আছে। বদলি হজ্জ নিয়ে পরে বিস্তারিত আলোচনা আছে।
📄 হজ্জ সফর সামগ্রীর চেকলিস্ট (পুরুষ ও মহিলা)
পরিধেয় কাপড় সামগ্রী:
১. পুরুষের সাদা ইহরাম কাপড় (সুতি/টাওয়েল) - ২ সেট
২. ইহরাম কাপড় বাঁধার কোমর বেল্ট - ১ টি
৩. পাঞ্জাবী/জুব্বা এবং পায়জামা/ট্রাউজার প্যান্ট (টাখনুর উপর) - ৪/৫ সেট
৪. মহিলাদের পাতলা সুতি সালওয়ার-কামিজ জামা/ম্যাক্সি - ৪/৫ সেট
৫. মহিলাদের বুরকা/জিলবাব ও হিজাব/খিমার - ৩/৪ টি
৬. পুরুষদের টি-শার্ট/হাফ হাতা গেঞ্জি - ২/৩ টি
৭. লুঙ্গি - ২/৩ টি
৮. সেন্ডু গেঞ্জি - ৪/৫ টি
৯. আন্ডারওয়্যার/জাঞ্জিয়া - ৩/৪ টি
১০. গামছা/পাতলা টাওয়েল - ১/২ টি
১১. সেন্ডেল (ইহরামকালীন ২ ফিতা ও অন্য সময়ে চামড়ার সেন্ডেল) - ২ জোড়া
১২. মহিলাদের লেডিস ন্যাপকিন ও পায়ের ছোট মোজা
আনুষাঙ্গিক মিশ্র সামগ্রী:
১৩. নূন্যতম ১৫০০ সৌদি রিয়াল ও কয়েক হাজার বাংলাদেশী টাকা
১৪. বড় চাকাযুক্ত ট্রাভেল ব্যাগ (২৬/২৮ ইঞ্চি সাইজ) - ১ টি
১৫. স্কুল ব্যাগ/ছোট কাঁধ ব্যাগ - ১ টি
১৬. নাইলনের দড়ি (৭-৮ গজ) (কাপড় শুকানো ও ব্যাগ বাঁধার জন্য) - ১ পিস
১৭. ছোট ছাতা ও চশমা (এক্সট্রা) - ১ টি
১৮. ছোট সাইজ বেড শীট - ১ টি
১৯. মেলামাইন প্লেট ও গ্লাস/মগ - ১ টি
২০. প্লাস্টিক বক্স/মেলামাইন বাটি - ২/৩ টি
২১. স্টিল চামচ/ওয়ান টাইম চামচ - ২/৩ টি
২২. কাপড় ঝুলানোর হ্যাঙ্গার/কাপড়ের ক্লিপ - ৪/৫ টি
২৩. বল সাবান/মিনি ডিটারজেন্ট প্যাকেট - ১/৭ টি
২৪. ওডোনিল/এয়ারফ্রেসনার ও মার্কার পেন - ১ টি
২৫. কিছু ১ ইঞ্চি স্টার স্ক্রু ও ছোট স্ক্রু ড্রাইভার (দড়ি টাঙ্গানোর জন্য) - ৪/৫ টি
২৬. নেইল কাটার ও রেজার/ট্রিমার - ১ টি
২৭. ছোট তালা-চাবি ও সুই-সুতা - ১ টি
২৮. কেঁচি ও চাকু/ছুরি - ১ টি
২৯. ছোট ডায়েরী ও কলম - ১/২ টি
৩০. সেফটিপিন ও ছোট কাপড়ের/পলিথিন ব্যাগ - ৪/৫ টি
প্রসাধন সামগ্রী:
৩১. সাবান (ছোট/বড়) ও সাবান কেস - ১/২ টি
৩২. তেল, শ্যাম্পু, লিপজেল, সানস্ক্রিন, পাউডার - ১ টি
৩৩. বডিলোসন/ভ্যাসলিন - ১ টি
৩৪. আতর/পারফিউম - ১/২ টি
৩৫. চিরুনি ও টয়লেট টিস্যু - ১/২ টি
৩৬. পেস্ট ও ব্রাশ/মিসওয়াক - ১ টি
৩৭. কটনবার, টুথপিক - ২০ টি
খাদ্য সামগ্রী:
৩৮. বিস্কুট, চানাচুর, চিড়া, গুড়, বাদাম
৩৯. আঁচার, আদা, টি ব্যাগ, চিনি
ঔষধ সামগ্রী:
৪০. ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পুরো সফরের ঔষধ
৪১. অ্যান্টিবায়োটিক জ্বর-কাশি (এজিথ্রোমাইসিন/সিপ্রোফ্লক্সাসিন) - ১/২ পাতা
৪২. জ্বর এবং সর্দি ও কাশি এর ঔষধ - ১/২ পাতা
৪৩. শরীর ও কোমর ব্যথা এর ঔষধ - ১/২ পাতা
৪৪. এসিডিটি ও পাতলা পায়খানা এর ঔষধ - ১/২ পাতা
৪৫. এলার্জি এর ঔষধ - ১/২ পাতা
৪৬. ফাঙ্গাস/ব্যাকটেরিয়া ক্রিম - ১ টি
৪৭. ইনসুলিন ও ইসবগুল
৪৮. স্যালাইন ও গ্লুকোজ - ৮/১০ টি
৪৯. তুলা ও ব্যান্ডেজ - ১ টি
৫০. ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপা মেশিন - ১ টি
ইলেক্ট্রনিক্স সামগ্রী:
৫১. স্মার্ট মোবাইল ফোন ও চার্জার - ১ টি
৫২. অতিরিক্ত একটি মোবাইল ফোন ও চার্জার (যদি নষ্ট/হারিয়ে যায়) - ১ টি
৫৩. পাওয়ার ব্যাংক - ১ টি
৫৪. মিনি সাইজ ওয়াটার হিটার (চা এর পানি গরম) - ১ টি
৫৫. এয়ার ফোন/হেড ফোন - ১ টি
৫৬. ইউএসবি মিনি ফ্যান - ১ টি
৫৭. ইউনিভার্সাল মাল্টিপিন কনভার্টার (ফ্ল্যাট ও গোল ২/৩ পিন) - ১ টি
৫৮. মোবাইল অ্যাপস: imo, athan, Messenger, হজ গাইড
■ একটি সাধারণ পরামর্শ হলো: আপনার নাম, পাসপোর্ট নম্বর, হজ্জ আইডি নম্বর, মুয়াল্লিম নাম ও নং, যোগাযোগের মোবাইল নম্বর আপনার সকল ব্যাগে ইংরেজিতে মার্কার পেন দিয়ে বড় করে লিখে রাখবেন।
■ যারা শুধু উমরাহ করতে যাবেন তাদের এতো বিশদ প্রস্তুতির প্রয়োজন হয় না। সাধারণত উমরাহ সফর ১০-১৫ দিনের জন্য হয়। সেই হিসাবে উপরের লিস্ট থেকে প্রয়োজন মতো কিছু কম প্রস্তুতি নিলে আশা করা যায় হয়ে যাবে।