📄 মানুষের পরিণাম তার শেষ কর্মের ওপর নির্ভরশীল
হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন যে, আমরা খয়বরের যুদ্ধে রাসূল (সাঃ)-এর সাথে অংশগ্রহণ করেছিলাম। তখন ইসলাম গ্রহণ করেছে বলে দাবী করতো এমন এক ব্যক্তি সম্পর্কে রাসূল (সাঃ) বললেনঃ “এই ব্যক্তি দোজখবাসী।” তারপর যুদ্ধ শুরু হলে লোকটি বীরত্বের সাথে যুদ্ধ করলো এবং আঘাতে আঘাতে জর্জরিত হলো। এক সময় আঘাতের চোটে সে অচল হয়ে পড়লো। তখন এক সাহাবী এসে রাসূল (সাঃ)-কে বললেনঃ “হে আল্লাহর রসূল! ঐ ব্যক্তির ব্যাপারে আপনার মত কী? যে ব্যক্তিকে আপনি দোজখবাসী বলেছিলেন, সেতো প্রচন্ডভাবে যুদ্ধ করেছে এবং আহত হয়েছে।” নবী করিম (সাঃ) বললেনঃ “শুনে রাখোও, সে দোজখবাসী।" এতে কোন কোন মুসলমান সন্দেহ পোষণ করতে লাগলেন।
ইত্যবসরে লোকটি ক্ষত স্থানের তীব্র যন্ত্রনা অনুভব করলো। অতঃপর সে নিজের তীর হাতে নিয়ে তা দ্বারা নিজের গলা ফুঁড়ে আত্মহত্যা করলো। এ ঘটনা প্রত্যক্ষ করে বহু সংখ্যক সাহাবী রাসূল (সাঃ)-এর নিকট ছুটে গিয়ে বললেনঃ “হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনার কথাকে সত্যে পরিণত করেছেন। অমুক লোকটি তো নিজের গলা ফুঁড়ে আত্মহত্যা করেছে।” তখন রাসূল (সাঃ) বললেনঃ “ওহে বিলাল! ওঠো। জনগণের মধ্যে ঘোষণা করে দাও যে, মুমিন ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর পাপী লোক দ্বারাও আল্লাহ কখনো কখনো এ দ্বীনের সাহায্য করে থাকেন।"
অন্য রেওয়ায়েতে আছে, রাসূল (সাঃ) বললেনঃ কোন কোন বান্দা দোযখীর ন্যায় আমল করে, অথচ সে বেহেস্তবাসী। আবার কোন কোন বান্দা বেহেশতবাসীর ন্যায় কাজ করে, অথচ সে দোজখবাসী। আর মনে রাখবে, কর্মের ফলাফল শেষ কর্মের ওপর নির্ভরশীল।
শিক্ষাঃ আত্মহত্যা কবীরা গুনাহ তথা মহাপাপই শুধু নয়, বরং তা ঈমানকেও ধ্বংস করে দেয় এবং সকল কৃত সৎ কাজ বিনষ্ট করে দেয়। তাই আত্নহত্যাকারী শত ভালো কাজ করলেও দোজখবাসী হয়ে থাকে।
📄 বিনা তদন্তে কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ ও অপপ্রচার
মুসনাদে আহমাদের বরাদ দিয়ে ইবনে কাছীর বর্ণনা করেন যে, বনুল মুস্তালিক গোত্রের সরদার, উন্মুল মুমিনীন হযরত জুয়াইরিয়ার পিতা হারেছ ইবনে যেরার রাসূল (সাঃ)-এর দরবারে হাজির হলে তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং যাকাত প্রদানের আদেশ দিলেন। হারেস ইসলামের দাওয়াত কবুল এবং যাকাত প্রদানের ওয়াদা করে বললেনঃ এখন আমি নিজ গোত্রে ফিরে গিয়ে তাদেরকেও ইসলাম ও যাকাত প্রদানের দাওয়াত দেব। যারা আমার কথা মানবে ও যাকাত দেবে, আমি তাদের যাকাত একত্রিত করে আমার কাছে জমা রাখবো। আপনি অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত কোন দূত আমার কাছে পাঠাবেন। আমি তার কাছে যাকাতের জমাকৃত অর্থ দিয়ে দেব। এরপর হারেস ওয়াদা অনুযায়ী যাকাতের অর্থ জমা করলেন এবং দূত আগমনের নির্ধারিত মাস ও তারিখ অতিক্রান্ত হওয়ার পরও কোন দূত না আসায় হারেসের মনে সন্দেহের সৃষ্টি হলো। তিনি ভাবলেন, হয়তো রাসূল (সাঃ) কোন কারণে আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন। নতুবা ওয়াদা অনুযায়ী দূত না পাঠানোর কোন কারণ থাকতে পারে না। হারেস তার এই আশংকার কথা ইসলাম গ্রহণকারী নেতৃস্থানীয় লোকদের কাছেও ব্যক্ত করলেন। অতঃপর সবাই মিলে একদিন রাসূল (সাঃ) এর কাছে যাবেন বলে স্থির করলেন।
এদিকে রাসূল (সাঃ) নির্ধারিত তারিখে ওলীদ বিন উকবাকে যাকাত গ্রহণের জন্য পাঠিয়ে দেন। কিন্তু ওলীদের মনে এই ধারণা জন্মে যে, যেহেতু এই গোত্রের সাথে তার পুরানো শত্রুতা রয়েছে, তাই তারা হয়তো তাকে একা পেয়ে হত্যা করে ফেলবে। এই আশংকার ভিত্তিতে তিনি আর অগ্রসর না হয়ে সেখান থেকেই ফিরে আসেন এবং রাসূল (সাঃ) এর কাছে গিয়ে বলেন যে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকেও হত্যা করার হুমকি দিয়েছে। তখন রাসূল (সাঃ) রাগান্বিত হয়ে হযরত খালেদ বিন ওলীদের নেতৃত্বে একদল মুজাহিদ প্রেরণ করেন। ঠিক এই সময়ে হারেস মদীনার উপকণ্ঠে উপস্থিত হয়ে এই মুজাহিদ বাহিনীকে দেখতে পান। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কোন গোত্রের দিকে রওনা হয়েছেন। তারা বললেন, আমরা তোমার গোত্রের দিকেই যাচ্ছি। হারেস কারণ জিজ্ঞাসা করলে তাকে ওলীদ বিন উকবার কথিত পুরো কাহিনী শুনানো হলো। তাকে বলা হলো যে, বনুল মুস্তালিক গোত্র যাকাত দিতে অস্বীকার করে ওলীদকে হত্যা করার ফন্দি এঁটেছে। এ কথা শুনে হারেস বললেন, আল্লাহর কসম, আমি ওলীদ বিন উকবাকে দেখিওনি। সে আমার কাছে যায়নি। অতঃপর হারেস রাসূল (সাঃ) এর সামনে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি যাকাত দিতে অস্বীকার করেছ এবং আমার দূতকে হত্যা করতে চেয়েছ? হারিস বললেন, কখনো নয়। আল্লাহর কসম, সে আমার কাছে যায়নি এবং আমি তাকে দেখিওনি। নির্ধারিত সময়ে আপনার দূত যায়নি দেখে আমার আশংকা হয় যে, আপনি হয়তো কোন ত্রুটির কারণে আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন।
কোন কোন রেওয়ায়েতে আছে যে, ওলীদ বিন উকবা রাসূল (সাঃ) এর নির্দেশ মোতাবেক বনুল মুস্তালিক গোত্রে পৌ ছেন। গোত্রের লোকেরা আগেই জানতো যে, রাসূল (সাঃ) এর দূত অমুক তারিখে আসবে। তাই তারা অভ্যর্থনার উদ্দেশ্যে বস্তি থেকে বেরিয়ে আসে। ওলীদ সন্দেহ করলেন যে, তারা বোধ হয় পুরানো শত্রুতার কারণে তাকে হত্যা করতে এগিয়ে আসছে। তাই তিনি সেখান থেকেই ফিরে আসেন এবং রাসূল (সাঃ) এর কাছে নিজ ধারণা অনুযায়ী অভিযোগ পেশ করলেন যে, তারা যাকাত দেয়ার পরিবর্তে আমাকে হত্যা করতে চেয়েছে। তখন রাসূল (সাঃ) খালেদ বিন ওলীদকে প্রেরণ করলেন এবং বলে দিলেন যে পূর্ণ তদন্ত ও অনুসন্ধানের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খালেদ বিন ওলীদ রাতের বেলায় বস্তির নিকট পৌছে গোপনে কয়েকজন গুপ্তচর পাঠিয়ে দিলেন। তারা ফিরে এসে সংবাদ দিল যে তারা সবাই ঈমান ও ইসলামের ওপর কায়েম আছে এবং যাকাত দিতে প্রস্তুত আছে। তাদের মধ্যে ইসলামের বিপরীত কিছু নেই। খালেদ ফিরে এসে রাসূল (সাঃ) এর নিকট সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পবিত্র কুরআনের সূরা আল-হুজরাত নাযিল হয়। বিশেষতঃ এই ঘটনার সাথে সম্পৃক্ত আয়াতটি হলোঃ “হে মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।"
শিক্ষাঃ এই ঘটনা ও এই ঘটনা উপলক্ষে অবতীর্ণ সূরার সংশ্লিষ্ট আয়াতের প্রধান শিক্ষা এই যে, কোন প্রচারণা- চাই তা মৌখিক হোক বা লিখিত হোক- বক্তা বা লেখকের চারিত্রিক মান এবং খবরের গুরুত্ব বিবেচনা করে গ্রহণ বা বর্জন করতে হবে। খবর যদি এমন গুরুতর হয় যে, তার ভিত্তিতে জানমালের ক্ষয়ক্ষতি সংঘটিত হতে পারে তবে তা তদন্ত ছাড়া গ্রহণ করা যাবে না। সংবাদদাতা অসৎ হলে তো নয়ই, এমন কি সৎ হলেও নয়। কেননা খবরটি তার ইচ্ছাকৃত অপপ্রচার না হয়ে ভুল বুঝাবুঝির কারণেও উদ্ভূত হতে পারে। রাসূল (সাঃ) বলেছেন, একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায়।
📄 বদর যোদ্ধাদের মর্যাদা
বিভিন্ন সহীহ রেওয়ায়েত থেকে জানা যায় যে, বদর যুদ্ধের পর মক্কা বিজয়ের কিছু আগে মক্কার সারা নাম্মী এক গায়িকা মহিলা মদীনায় আগমন করে। রাসূল (সাঃ) তাকে জিজ্ঞেস করেন, তুমি কি হিজরত করতে এসেছ? সে বললো, না। পুনরায় জিজ্ঞাসা করা হলো, তবে কি মুসলমান হয়ে এসেছ? সে বললো, না। রাসূল (সাঃ) বললেন, তাহলে কি করতে এসেছ? সে বললো, আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আপনাদের ওপর নির্ভর করেই আমি জীবিকা নির্বাহ করতাম। এখন মক্কার বড় বড় সরদাররা বদর যুদ্ধে নিহত হয়েছে। আর আপনারাও এখানে চলে এসেছেন। ফলে আমার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আমি অনন্যোপায় হয়ে আপনাদের সাহায্য চাইতে এসেছি। রাসূল (সাঃ) বললেন, তুমি মক্কার পেশাদার গায়িকা। যে যুবকরা তোমার গানে মুগ্ধ হয়ে তোমাকে অনেক অর্থ দিত তারা কোথায়? সে বললো, বদর যুদ্ধের পর তাদের গান বাজনার জৌ লুস শেষ হয়ে গেছে। এ পর্যন্ত তারা কেউ আমার খোঁজ নেয়নি। অতঃপর রাসূল (সাঃ) কোরেশ বংশীয় মোহাজেরদেরকে তাকে সাহায্য করার জন্য উৎসাহ দিলেন। তাঁরা তাকে কিছু নগদ অর্থ ও কাপড় চোপড় দিয়ে বিদায় দিল!
এ সময় মক্কার কাফেররা হুদাইবীয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছে। ফলে রাসূল (সাঃ) কাফেরদের বিরুদ্ধে একটি চূড়ান্ত অভিযান পরিচালনার সংকল্প নিয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন। এই প্রস্তুতির কথা যেন কিছুতেই মক্কার লোকেরা আগে ভাগে জানতে না পারে, সে জন্য তিনি সর্বোচ্চ গুরুত্ব সহকারে গোপনীয়তা রক্ষা করে যাচ্ছিলেন।
মদীনায় যারা প্রথম প্রথম হিজরত করেন তাদের মধ্যে একজন ছিলেন বিশিষ্ট সাহাবী হাতেব ইবনে আবি বালতা'য়া। ইয়েমেনী বংশোদ্ভূত এই সাহাবী ইসলাম গ্রহণের পর মক্কায়ই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। মক্কায় তাঁর রক্ত সম্পর্কীয় বা ঘনিষ্ঠ কোন আত্মীয় স্বজন ছিল না। তিনি হিজরত করে মদীনায় চলে যাওয়ার পর তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা মক্কাতেই ছিল। রাসূল (সাঃ) ও অন্যান্য সাহাবীর হিজরতের পর মক্কায় বসবাসকারী মুসলমানদের ওপর কাফেররা নানাভাবে জুলুম করতো। যে সব মোহাজিরের আত্মীয় স্বজন মক্কায় ছিল, তাদের সন্তান-সন্ততিরা কোন রকমে নিরাপদে থাকতো। হাতেবের তেমন কোন আত্মীয়-স্বজন না থাকায় তার পরিবার পরিজন মারাত্মক ঝুঁকি ও নির্যাতনের সম্মুখীন ছিল। তাই তিনি ভাবলেন, তার পরিবারকে রক্ষা করার মত কেউ যখন নেই, তখন তিনি যদি মক্কাবাসীদের কোন উপকার করে তাদের সহানুভূতি অর্জন করেন, তাহলে তারা হয়তো তার পরিবারের ওপর জুলুম করবে না। তাই ঐ গয়িকা মহিলার মক্কা গমনকে তিনি একটি সুবর্ণ সুযোগ মনে করলেন।
হাতেবের নিশ্চিত বিশ্বাস ছিল যে, রাসূল (সাঃ) কে আল্লাহ তায়ালা মক্কা অভিযানে বিজয় দান করবেন। তাই তিনি যদি আগে ভাগে মক্কা অভিযানের বিষয়টি মক্কাবাসীর নিকট ফাঁস করে দেন, তাহলে তাঁর কিংবা ইসলামের কোন ক্ষতি হবে না। তিনি ভাবলেন, একটি পত্র লিখে মক্কাবাসীকে জানিয়ে দেবেন যে, রাসূল (সাঃ) মক্কা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এতে তাঁর পরিবারের হেফাযতের ব্যবস্থা হয়ে যাবে। তাই তিনি একটি চিঠি লিখে গায়িকা সারার হাতে দিয়ে দিলেন, যাতে সে মক্কার বিশিষ্ট লোকদের নিকট তা পৌছেঁয়ে দেয়। গায়িকা চিঠিটি নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়ে গেল। (তাফসীরে কুরতুবী, মাযহারী)
এদিকে রাসূল (সাঃ) কে আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে ব্যাপারটা জানিয়ে দিলেন এবং মহিলাটি কোন্ পর্যন্ত পৌছেছে, তাও জানালেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, রাসূল (সাঃ) হযরত আলী, আবু মুরসাদ ও যুবাইর ইবনুল আওয়ামকে আদেশ দিলেন ঘোড়ায় সওয়ার হয়ে মহিলাকে ধরার জন্য। তার কাছে মক্কাবাসীর নামে হাতেব ইবনে আবি বাল'তায়ার চিঠি রয়েছে। তাকে পাকড়াও করে চিঠিটা উদ্ধার করে নিয়ে এস। তারা দ্রুত ঘোড়া ছুটিয়ে গিয়ে পথিমধ্যেই তাকে ধরে ফেললেন। তারা মহিলাকে বললেন, তোমার কাছে একটা চিঠি আছে ওটা দিয়ে দাও। সে বললো, আমার কাছে কোন চিঠি নেই। তারা প্রাথমিক তল্লাশীতে চিঠি পেলেন না। কিন্তু তারা দমলন না। কেননা রাসূল (সাঃ) এর কথা মিথ্যা হতে পারে না। তাই তারা কঠোর ভাষায় বললেন, চিঠিটা বের করে দাও। নচেত আমরা তোমাকে নগ্ন করে তল্লাশী চালাবো।
সে নিরুপায় হয়ে চিঠিটা বের করে দিল। আমরা চিঠিটা নিয়ে রাসূল (সাঃ) এর কাছে হাজির হলাম। হযরত ওমর (রাঃ) ঘটনা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে বললেনঃ হে রাসূল, এই ব্যক্তি আল্লাহ, তাঁর রাসূল ও সকল মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমাদের গোপন তথ্য কাফেরদের কাছে লিখে পাঠিয়েছে। অতএব, অনুমতি দিন। আমি ওর গর্দান উড়িয়ে দেই।
রাসূল (সাঃ) হাতেবকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমার এই কাজের কারণ কি? হাতেব বললেন, হে রাসূল, আমার ঈমানে কোন ত্রুটি হয়নি। ব্যাপার এই যে, আমি ভাবলাম, আমি যদি মক্কাবাসীর একটু উপকার করি, তাহলে তারা আমার পরিবারের কোন ক্ষতি করবে না। ভেবে দেখুন, আমিই একমাত্র মোহাজের, যার কোন আপনজন মক্কায় নেই, অথচ তার পরিবার মক্কায় রয়েছে। অন্য সবার স্বগোত্রীয়রা তাদের পরিবারের তদারকী করে। কিন্তু আমার তেমন কেউ নেই।
রাসূল (সাঃ) হাতেবের বক্তব্য শুনে বললেন, সে সত্য বলেছে। অতএব, তোমরা তার সম্পর্কে ভালো ছাড়া মন্দ বলো না। হযরত ওমর (রাঃ) তথাপি ঈমানের আবেগে অধীর হয়ে তার আগের উক্তিটি পুনরায় উচ্চারণ করলেন।
তখন রাসূল (সাঃ) বললেন, সে একজন বদর যোদ্ধা। আল্লাহ তায়ালা বদর যোদ্ধাদের সকল গুনাহ মাফ করেছেন ও তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। কোন কোন রেওয়ায়েতে আছে, রাসূল (সাঃ) বলেন, "আল্লাহ হয়তো বদর যোদ্ধাদের বলে দিয়েছেন, তোমরা যা খুশী তাই কর।” এ কথা শুনে হযরত ওমর (রাঃ) চোখের পানি ফেলে বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। (ইবনে কাছির) কোন কোন রেওয়ায়েতে হাতেবের এই উক্তিও বর্ণিত হয়েছে যে, আমি এ কাজ ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য করিনি। কেননা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, রাসূল (সাঃ) বিজয়ী হবেনই। মক্কাবাসী জেনে গেলেও ক্ষতি হবে না।
শিক্ষা: (১) এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বদর যুদ্ধের ন্যায় ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ সাহাবায়ে কেরামের ভুলত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ মুমিনদেরকে তাদের ভুল ত্রুটির জন্য সন্দেহের চোখে দেখা উচিত নয় এবং বিনা তদন্তে ত্বরিত সিদ্ধান্ত নেয়াও উচিত নয়। (২) ক্ষমার ঘোষণা সত্ত্বেও এটা মানতে হবে যে, এ ধরনের কাজ ভুল। মুসলমানদের স্বার্থের ক্ষতিকর কোন কাজ কোন অবস্থায়ই করা চাই না। হযরত হাতেবের এই ঘটনাকে উপলক্ষ্য করে সূরা মুমতাহিনা নাযিল হয় এবং তাতে এ কাজের কঠোর সমালোচনা করে মুসলমানদেরকে কাফেরদের সাহায্য ও সহানুভূতি গ্রহণ করতে নিষেধ করা হয়। কাজটি যদি ভুল ও অন্যায় না হতো তাহলে রাসূল (সাঃ) চিঠিটা আটকাতেন না এবং সূরা মুমতাহিনায় এর সমালোচনা করা হতো না।
📄 সুরাকার বিবেক জেগে উঠলো
সুরাকা ইবনে মালেক। কুরাইশ বংশের এক দুঃসাহসী যুবক। রাসূল (সাঃ) যেদিন হযরত আলীকে বিছানায় শুইয়ে রেখে হযরত আবু বকর (রাঃ) কে সাথে নিয়ে মদীনায় হিজরত করার জন্য মক্কা থেকে বেরুলেন, সেই দিনই কুরাইশ নেতারা ঘোষণা দিল যে, মুহাম্মদকে যে ব্যক্তি খুঁজে ধরে আনতে পারবে, তাকে একশো উট পুরস্কার দেয়া হবে। এই পুরস্কার লাভের নেশায় চারদিকে ঘোড়া ছুটাতে লাগালো দুর্ধর্ষ যুবক সুরাকা ইবনে মালেক এবং আরো অনেকে। রাসূল (সাঃ) ও আবু বকর (রাঃ) দিন কয়েক মক্কায় পার্শ্ববর্তী সূর পর্বত গুহায় কাটিয়েছিলেন। সে সময় অনেকেই তাদের ঘোড়ার পদচিহ্ন ধরে সুর পর্বত গুহার কাছে গিয়েছিল। কিন্তু গুহার মুখে আল্লাহ নিযুক্ত রক্ষী মাকড়সা জাল বুনে তাদের গতি রুখে দেয়। সবাই মনে করলো যে, তারা এই গুহার ভেতরে থাকলে মাকড়সার জাল ছিঁড়ে যেত। অগত্যা সবাই ওখান থেকে ফিরে যায়। এর পর মুহাম্মদ (সাঃ) ও আবু বকর (রাঃ) কে খোঁজার চেষ্টা থেকে সুরাকা ছাড়া আর সবাই বিরত হয়। একা সুরাকা মক্কার চারপাশের মরুভূমিতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে।
যেদিন আল্লাহর হুকুমে হযরত আবু বকরকে সাথে নিয়ে রাসূল (সাঃ) সুর পর্বত গুহা থেকে বেরিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। সেদিন সহসা সূরাকার নজরে পড়ে গেলেন। তারা দু'জন যাচ্ছিলেন উটের পিঠে সওয়ার হয়ে। তাই সূরাকা ঘোড়া ছুটিয়ে খুব দ্রুত তাদের কাছে পৌছে গেল। পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনে উভয়ে চমকে উঠলেন। দেখলেন পেছনে অতি নিকটেই যমদূতের মত ছুটে আসছে সূরাকা ইবনে মালেক। হযরত আবু বকর যিনি সুর পর্বতের গুহায় বসেও এক একবার কাফেরদের পদ শব্দে চমকে উঠে রাসূল (সাঃ) কে নিজের অজানা আশংকার কথা জানাচ্ছিলেন, তখন রাসূল (সাঃ) তাকে এই বলে প্রবোধ দিচ্ছিলেন যে, "আবু বকর চিন্তা করোনা, আল্লাহ আমাদের সাথে আছেন।” সেই প্রবোধ বাক্যে আবু বকর শান্ত হয়েছিলেন। কিন্তু এখন? সে সময় আর যা হোক, কাফেররা তাঁদেরকে সাক্ষাত দেখতে পায়নি। কিন্তু এখন কী হবে? এখন যে শত্রু তাদেরকে সরাসরি দেখতে পাচ্ছে, দিনের আলোয় দেখে চিনতেও পারবে এবং ঘোড়সওয়ারের পক্ষে উষ্ট্রারোহীকে ধরা একবারেই সহজ। ওদিকে সূরাকা বিকট শব্দে শাসাচ্ছে আর বলছে, আবু বকর, এখন তোমাদের আর নিস্তার নেই। ছুটাছুটি করে লাভ নেই। থামো। রাসূল (সাঃ) আবু বকরের বিহ্বল অবস্থা দেখে আবারও তাকে শান্ত হতে বললেন এবং বললেন "ভয় পেয়োনা, আল্লাহ আমাদের সাথে আছেন"।
আবু বকর যতটা দ্রুত সম্ভব উটকে হাঁকাতে লাগলেন। ওদিকে সূরাকা যখন একেবারে তাদের কাছে এসে পড়লো, অমনি ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সূরাকার ঘোড়ার পা হাঁটু সমান মাটিতে ডেবে গেল। সূরাকা অনেক চেষ্টা করে তাকে ওঠালো। ইত্যবসরে রাসূল (সাঃ) ও আবু বকর আরো বেশ খানিকটা দূরে চলে গেলেন। সূরাকা আবার প্রবল জোরে ঘোড়া হাঁকালো। আবার কাছে এসে গেল। কিন্তু আবার সেই একই ঘটনা ঘটলো। আবারো সূরাকার ঘোড়ার পা হাঁটু সমান মাটিতে ডেবে গেল। সূরাকা আবার তাকে ওঠালো এবং আবারো হাঁকিয়ে কাছে গেল। আবারো একই ঘটনা ঘটলো। এভাবে ক্রমাগত কয়েকবার ঘটার পর সূরাকার বিবেক জেগে উঠলো। সে আর তাদের পদানুসরণ না করে ফিরে গেল আবু জাহলের কাছে। তখন আবু জাহলের নাম ছিল "আবুল হিকাম” অর্থাৎ বুদ্ধিমান বা প্রাজ্ঞ। আবু জাহল যখন তাকে তার অভিযান সম্বন্ধে জিজ্ঞাসা করলো। সে একটি কবিতার মাধ্যমে পুরো ঘটনা বিবৃত করলো। কবিতাটির প্রথম কয়টি লাইন এরূপঃ “ওহে আবুল হিকাম, তুমি যদি আমার ঘোড়ার অবস্থা স্বচোখে দেখতে যে, কিভাবে তার পাগুলো মাটিতে দেবে যাচ্ছিল, তাহলে তুমি অবাক হতে এবং তোমার কোন সন্দেহ থাকতোনা যে, মুহাম্মদ (সাঃ) একজন নবী ও পথ প্রদর্শক, তাঁর মোকাবিলা করার ক্ষমতা কারো নেই।"
যতদূর জানা যায়, সূরাকা এরপর ইসলাম গ্রহণ করেন। কিন্তু নিজের মুসলমান হওয়ার কথা গোপন রাখেন এবং মক্কাতেই অবস্থান করেন। মক্কা বিজয়ের পর তিনি রাসূল (সাঃ) এর সাথে দেখা করেন এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন।
শিক্ষাঃ সত্যকে উপলব্ধি করার পর সত্যের বিরোধীতা থেকে বিরত হলে আল্লাহর গযব থেকে রক্ষা পাওয়া ও হেদায়াত লাভ করার আশা করা যায়।