📘 হাদিসের গল্প > 📄 প্রতিশোধ

📄 প্রতিশোধ


কুরাইশদের চোখে ঘুম নেই। মনে নেই শান্তি। নিজেদের গাত্রদাহে নিজেরাই ঝলসে যাচ্ছে। পুড়ে যাচ্ছে। আশ্চর্য, কিছুতেই কায়দা করা যাচ্ছে না লোকটাকে। একটা নিঃসম্বল লোক। কেউ ছিল না যার, আস্তে আস্তে তারই লোকসংখ্যা বাড়ছে। আগে দীন-দরিদ্রগুলো যেত, এখন গোত্রপতিরাও আসছে। মুসলমান হচ্ছে। গত মাসে সুমামা পর্যন্তও মুসলমান হয়ে গেল! খাদ্যশস্যের ভাণ্ডার ইয়ামামা, সে ধনী গোত্রের সর্দার সুমামাও মুসলমান! একি ভাবা যায়!
লোকটা ভেবেছে কি? মদীনায় পালিয়ে গিয়েও আমাদের জালাতে থাকবে এভাবে? আর আমরা সহ্য করব বসে বসে?
সঙ্গী সাথীরা গর্জে উঠল, কখনো নয়।
আবার একটা ভীষণ যুদ্ধের উত্তেজনায় উন্মত্ত হয়ে গেল সকলেই। কে, ওটা? দেখত ঠিক করে। সুমামা না?
হ্যাঁ, সুমামাই! ক্রুর হিংস্রতা মুখে মেখে এক রকম খুশি হয়ে উঠল কুরাইশগণ। সর্দার বলল, যা-ধরে নিয়ে আয় ওটাকে। একটু খেলান যাক।
একজন কুরাইশ ছুটে গিয়ে ব্যঙ্গ করে বলল, সেলাম। এরপর সুমামার পথরোধ করে দাঁড়াল। বলল, এদিকে নয়-ওদিকে। ওখানে আপনাকে অভ্যর্থনা করার জন্য বসে আছে সকলেই। যদি একটু দয়া করে তশরিফ আনেন।
সুমামাকে এক রকম ধরেই নিয়ে এল সে। আর দলের লোকেরা হৈ চৈ করে উঠল এক সাথে। বলল, এই যে সর্দার সাহেব, খুড়ি সদ্দার সাহেব- এখন আর অন্য কিছু বলা যাবে না- তা আছ কেমন আপনি?
একজন পাশ থেকে ছোট্ট একটা পাথরের টুকরা ছুড়ে মারল মাথায়। দলের একজন কপট প্রতিবাদে চিৎকার করে উঠল, কে রে ঢিল মারে। তার থেকে বরং ক্ষুরটা আন, মাথাটা কামিয়ে দেই। সে নিশ্চয় হজ্ব করে মাথা কামাবে-
পরপর কয়েকবার ঠিক একইভাবে সুমামাকে লাঞ্ছিত করল কুরাইশ দল। মক্কায় আসা তাঁর পক্ষে ভীষণ ব্যাপার হয়ে উঠল। ভীষন্ন মনে তিনি ফিরে গেল তাঁর দেশ ইয়ামামায়। ফিরে গিয়ে গোত্রের সকলকে ডেকে এ অপমানের বিষয় আলোচনা করলন। সেদিনই সকলে ঠিক করলন, মক্কায় আর কোন রকম খাদ্যশস্য পাঠাবে না তারা। কথা অনুযায়ী কাজ। সকল রকম লেনদেন বন্ধ হয়ে গেল সাথে সাথে। প্রমাদ গনল কুরাইশরা। আচমকা একটা দুর্যোগের মুখমুখী হয়ে গেল সকলেই। একটু ঠাট্টা একটু ইয়ার্কি করতে গিয়ে এখন জীবন নিয়ে টানাটানি। আতঙ্কিত হয়ে উঠল মক্কাবাসীরা। তাদের খাদ্য সরবরাহের প্রধান উৎস ছিল ইয়ামামা। অচিরেই হাহাকার পড়ে গেল মক্কায়। খাদ্যের জন্য সকলেই অস্থির।
একেবারেই দুর্ভিক্ষের অবস্থা! দেখতে দেখতে নতজানু হয়ে গেল কুরাইশরা। দলবদ্ধ হয়ে তাঁরা ছুটল ইয়ামামায়। গিয়ে জনসাধারণকে ধরল, অনুরোধ করল। বলল, আমরা ঠিক কাজ করিনি। এমন আর হবে না। তোমরা আবার খাদ্য পাঠাও মক্কায়। নইলে সকলেই মারা পড়ব। জনসাধারণ বলল, যাও সুমামার কাছে তাঁর হুকুম ছাড়া একটা দানাও পাবে না। অগত্যা কুরাইশরা গেল সুমামার কাছে। সুমামা অত্যাচারী কুরাইশদের প্রত্যেককে চিনলেন কিন্তু কিছুই বললেন না। খাদ্য পাঠানোর জন্য অনুরোধ করাতে সুমামা অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ব্যাপারটা ত এখন আর আমার হাতে নেই। আপনারা সকলে রাসূলুল্লাহ (স)-এর কাছে যান। সেখান থেকে অনুমতি আনতে পারলেই আবার খাদ্যশস্য পাবেন আগের মতই।
কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল কুরাইশদের মাথায়। বাবা উজ্জার দুষমন, বাবা হোবলের দুষমন-সে শত্রুর কাছে যেতে হবে! কিন্তু কি আর করা যাবে।
জীবনের থেকে আর বড় কিছু নেই। সুতরাং কুরাইশরা ইয়ামামা থেকে ছুটল মদীনার। পথে যেতে যেতে একজন বলল, কেন তোমরা সুমামার পিছনে লাগতে গেলে! আর একজন বলল, উচিত শিক্ষা দিয়ে ছাড়ল সুমামা। যাকে মক্কা থেকে মেরে-ধরে তাড়ালাম সকলে, এখন গিয়ে তারই পায়ে ধরতে হবে। একজন বলল, মরে যেতে ইচ্ছা করছে। আর একজন বলল পাশ থেকে, এত করেও ফলাফল কি হবে কে জানে?
শেষ পর্যন্ত মদীনায় গিয়ে পৌঁছাল সকলে। পৌঁছে সকল কথা বলল রাসূলুল্লাহ (স)-কে। আতুর-ইয়াতীমের নবী, দীন-দুঃখীর নবী কথাগুলো শুনলেন কেবল। শুনেই ব্যথায় বিগলিত হয়ে গেলেন তিনি। সাথে সাথে সুমামাকে বলে পাঠালেন : কারও খাদ্য বন্ধ কর না। কারও মুখের গ্রাস কেড়ে নিও না। একজন মুসলমান ক্ষুধাতুরের খাদ্য কেড়ে নেয় না বরং ক্ষুধাতুরকে খাওয়ায়।
ফিরতি পথে কুরাইশগণ মুখ চাওয়া-চাওয়ি করল, তবে যে সকলে বলে মুহাম্মদ (স) ভাল নয়। লোকটা কঠোর! লোকটা নির্মম! লোকটা পাষাণ! তাদের গোপন মনে দোলা লাগে। তারা ভাবতে থাকে: এক কথায় যে লোক এভাবে রাজি হয়ে যায়....। সারা পথ এ নিয়ে তাদের মধ্যে ভীষণ আন্দোলন জেগে রইল। মক্কার কাছাকাছি এসে তাদের সর্দ্দার সকলকে উদ্দেশ্য করে বলল, আরে বুঝলি কিনা- মুহাম্মদ (স) আমাদের দেখে ঘাবড়ে গিয়েছিল। তাই ভয় পেয়ে এমন নির্দেশ দিয়ে ফেলেছে।
কিন্তু সর্দারের কথায় আর তেমন জোর ছিল না। তার কথায় সর্থনও কেউ দিল না। সে নিজেও উপলব্ধি করল, তার কথাগুলো তার নিজের কাছেই যেন উপহাসের মত শোনাচ্ছে। ইজ্জত রক্ষার্থে এছাড়া আর করারই বা কি ছিল? মানুষ অনেক সময় মিথ্যা অহমিকার দ্বারা আত্মপ্রসাদ লাভ করে। সর্দার নিজের মান-সম্মান রক্ষার্থেও তাই করে শান্তনা লাভ করেছিল।
ইয়ামামা থেকে খাদ্যশস্যের আমদানি শুরু হল ফের। মৃতমুখী মক্কা যেন বেঁচে উঠল। অর্ধ উপোসী মক্কাবাসীরা সে খাদ্য খেয়ে তাজা হয়ে উঠল ধীরে ধীরে। প্রাণ ফিরে পেল আবালবৃদ্ধবনিতা।
প্রাণ ফিরে পেয়ে প্রাণদানকারীর প্রাণ হরণের জন্য আবারো ভীষণ চক্রান্তে লিপ্ত হয়ে গেল সকলেই।

📘 হাদিসের গল্প > 📄 আর এক যুদ্ধ

📄 আর এক যুদ্ধ


একটি যুদ্ধে বিরাট জয়লাভ করে সসৈন্যে মদীনায় ফিরলেন হযরত মুহাম্মদ (স)। মদীনা আজ আনন্দে উতরোল। মুসলিম জাহানে খুশির দোলা। খুশির হিল্লোল সকলের চোখে মুখে। কেবল স্থির হয়ে আছ রাসূলুল্লাহ (স)। অতিরিক্ত কোন হাসি নেই তাঁর মুখে। জয়-পরাজয় নিয়ে উল্লসিত নন তিনি। জয়-পরাজয় আল্লাহর কাছে। তাঁর বিবেচনার মধ্যে রয়েছে শুধু কাজ। নিরলস কর্তব্য সাধনা। আল্লাহ্ যে নির্দেশ দিয়েছেন, যেমন দিয়েছেন সেমত কাজটি সম্পূর্ণ হলেই তিনি খুশি। এর অন্যথা হলে ব্যথা পান। দুঃখিত হন।
মদীনায় এসে প্রথমেই তিনি গেলেন মসজিদ নববীতে। কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়লেন সেখানে। শুকরিয়ার সিজদা। আল্লাহ্ অসীম রহমতের কাছে মাথা নোয়ালেন তিনি। মহান প্রভুর কথা স্মরণ করে দু চোখ ভিজে আসছিল তাঁর। নামায থেকে উঠে অপেক্ষমান সাহাবীদের নিয়ে বসলেন। জরুরী কথাবার্তা ছিল কিছু। সে প্রয়োজনীয় কথাবার্তায় মগ্ন হয়ে গেলেন এরপর।
অন্দর মহলে সাগ্রহে অপেক্ষা করছেন হযরত আয়েশা (রা)। যুদ্ধজয়ের সংবাদে অন্তপুরেও আলোড়ন। এক আকাশ খুশি যেন দোল খেয়ে ফিরছে সেখানে। সে আন্দোলনের ঢেউ জেগেছে হযরত আয়েশা (রা)-এর বুকেও। তিনিও উল্লসিত। বিজয়ী বীর সেনাপতি, দুর্জয় সৈন্যাধ্যক্ষকে সাদরে অভ্যর্থনা জানাবার জন্য তিনি প্রস্তুত। কখনো যা করেন নি, তাই করেছেন। রাসূলুল্লাহ (স)-কে চমকে দেয়ার জন্য তিনি আজ কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর বীর স্বামীকে অবাক করে দেবেন তিনি। নিশ্চয়ই এতে খুশি হবেন রাসূলুল্লাহ (স)।
হযরত আয়েশা (রা) বড় আনন্দিত আজ। স্বামীকে অভ্যর্থনা করার জন্য সাগ্রহে অপেক্ষমান।
এটাই সে ঘর; সে পর্ণ কুটির-যে কুটির থেকে অনির্বান জ্যোতি বিচ্ছুরিত হয়ে সমগ্র জগতের অন্ধকার দূর করছে; আলোকিত করছে বিশ্ব নিখিলকে। অথচ সামান্য একটু তেলের অভাবে মাঝে মাঝে অন্ধকার হয়ে থাকে এ পবিত্র গৃহাঙ্গণে। খেজুর পাতার ছাদ দিয়ে পানি পড়ে। সূর্যও আড়াল হয় না ঠিক মত।
সে কুটিরে আজ যেন আনন্দ ধরে না। খেজুর পাতাগুলো ঢাকা পড়েছে রঙিন কাপড়ের আড়ালে। ছাদে সুন্দর একটি সামিয়ানা টাঙিয়ে দিয়েছেন হযরত আয়েশা (রা)। দেয়ালগুলো ঢেকে দিয়েছেন ডুরিদার রঙিন কাপড়ের টুকরা দিয়ে। সবটা ঢাকা পড়েনি। টুকরাগুলো জুড়ে জুড়ে যতটা আড়াল করা যায়, নিজে হাতে করে দিয়েছেন। এটা তাঁর অনেক দিনের বাসনা। ছাদে সামান্য একটা সামিয়ানা আর দেয়ালে কয়েক টুকরা কাপড়। তাতেই ঝকঝক করছে। যুদ্ধজয়ের হাসি। বিজয়ীর হাসি।
নিশ্চয় খুব খুশি হবেন রাসূলুল্লাহ (স)। হযরত আয়েশা (রা) ভাবেন আর উল্লসিত হন। কতদিনের মনোবাঞ্ছা আজ তাঁর পূর্ণ হতে চলেছে। এমন ঘরে তিনি কখনো কোন দিন স্বামীকে অভ্যর্থনা করতে পারেন নি।
এসে কি বলবেন রাসূলুল্লাহ (স)? নিশ্চয়ই আনন্দিত কণ্ঠে বলবেন.....। কি বলবেন? তা জানে না হযরত আয়েশা (রা)। কেবল ভাবেন আর আবেগহারা আনন্দ ফুটে ওঠে তাঁর মুখে।
এমন সময় মসজিদ নববী থেকে হঠাৎ এসে দাঁড়ালেন রাসূলুল্লাহ। উঠে দাঁড়িয়ে খুশিতে বুঝি কাঁপতে থাকেন হযরত আয়েশা (রা)। রাসূলুল্লাহ (স) মুখের দিকে দৃষ্টি ছিল তাঁর। ঘরের দিকে তাকিয়ে কতখানি আনন্দ ঝলমলিয়ে ওঠে সে মুখে তাই দেখতে চাইলেন। কিন্তু এ কি? তিনি লক্ষ্য করলেন, ঘরের দিকে দৃষ্টি পাড়ায় হঠাৎ মুখটা গম্ভীর হয়ে গেল রাসূলুল্লাহ (স)। বেশ বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে সে মুখে। হযরত আয়েশা (রা) বুঝতে পারলেন, তাঁর স্বামী ক্ষুন্ন হয়েছেন। অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু কারণ? কি অন্যায় তাঁর? জিজ্ঞেস করতে যাব এমন সময় রাসূলুল্লাহ (স) তাকালেন তাঁর মুখের দিকে? হঠাৎ যেন অনেক গভীর হয়ে গেলেন। কিন্তু নীরবতার পর বলল, দেখ আয়েশা- ইট-পাথরকে পোশাক পরানোর জন্য আল্লাহ্ আমাদের দৌলত দেননি।
বলেই আশ্চর্য রকম নিশ্চুপ হয়ে গেলেন আবার।
মসজিদ নববীতে তখন অসংখ্য সাহাবীর কণ্ঠে যুদ্ধজয়ের উল্লাস। হযরত আয়েশা (রা)-এর ঘরে তখন আর এক যুদ্ধের সূচনা। এ যুদ্ধ আড়ম্বরের বিরুদ্ধে আত্মসংযমের, বিলাসিতা বিরুদ্ধ বর্জনের।
মানুষের নবী মুহাম্মদ (স) সারাজীবন মানুষকে এই না দেখা যুদ্ধের সৈনিক করে গেলেন।

📘 হাদিসের গল্প > 📄 আর একটি পরিচয়

📄 আর একটি পরিচয়


এতগুলো মানুষের একদল কণ্ঠ হঠাৎ যন্ত্রণায় কাত্রে উঠল, আহা! এত বড় পাথর কেউ চাপায়, এতটুকু বালকের মাথায়। ঘাড়টা ভাঙল বুঝি!
ছেলেটা কাত হয়ে পড়ে আছে বালুর ওপর। শ্বেত শুভ্র কুরাইশ বালক। যেন বাকল ছড়ান কলা গাছ। এরপর পায়ে পায়ে ছুটে আসছিল কেউ কেউ। ততক্ষণে সামলে নিয়ে উঠে বসেছে বালকটি। ঠিক আছে, বয়ে নিতে যেতে পারব আমি, তোমরা কেউ মাথায় তুলে দাও।
কণ্ঠ আহত হয়নি ছেলেটার, উল্লাস ঝরছিল বরং। কাবা ঘর ভাংচুর করে নতুন গাঁথা হচ্ছিল। সে পাথর বইছিলেন সকলে। এমন সৌভাগ্যের কাজে যদি অংশ নিতে না পারলাম! পানি তুলছিলেন কেউ কেউ। পাথর বইছিলেন অনেকেই। কাঠ ফাড়াই হচ্ছিল একদিকে। এ পবিত্র ঘরকে আরো মজবুত, আরো সুদৃঢ় করা হবে। সকল কণ্ঠের উল্লাসে, কাজের ব্যগ্রতায় একটা পবিত্র আকুলতা উপছে পড়ছিল।
আর এক যুবকের চলার ছন্দে এ পবিত্র বোধ যেন ফুল হয়ে ঝরছিল। তাঁর মুখে কোন কথা ছিল না। নবীবে কাজ করছিলেন তিনি। অথচ সকলেই তাঁর দিকে তাকিয়ে ছিলেন অসম্ভব রকম। সকলেই দেখছিলেন তাঁর ক্ষিপ্রগতি, তাঁর নিপুন শ্রম। অনেকেই নীরবে মেনে নিচ্ছিলেন তাঁর নির্দেশ। অথচ তাঁর উজালা মুখে বিশেষ কথা ছিল না। পূর্ণিমার চাঁদ যেমন নিশ্চুপ, কথা বলে না- শুধু আলো ছড়ায়-তেমনি। সে নিশ্চুপ আলোর দিকে তাকিয়ে কথা বলে আর সকলে। মনের কথা, প্রাণের কথা, জীবনের কথা।
অন্যকে ভাল কাজ করতে দেখলে অনেক সময় অনেকের ভাল হতে ইচ্ছা করে।
সে যুবকও ঘাড়ে তুলে নিয়েছিলেন একটা বড় পাথর। আল্লাহ্র ঘর গাঁথা হবে এ পাথরে। সুতরাং জীবন পণ! কিন্তু এবারের পাথরটা বুঝি প্রকাণ্ড ছিল। ভীষণ ভারি। পরণে একটি মাত্র কাপড়, আর কিছু নেই সারা অঙ্গে। অসমতল পাথরের সুচাঁলো কোনগুলো চামড়া কেটে বসে যেতে চাইছে। রক্ত বের হবে বোধ হয়। তবুও পাথরটা বয়ে আনছিলেন তিনি। ঘাড় কাঁপছিল, দেহটা যন্ত্রণায় নুয়ে পড়ছিল বার বার। লম্বা কলার পাতায় পাখি এসে বসলে যেমন নীরবে নুয়ে পড়ে-তেমনি নুয়ে পড়ছিল। তবুও শেষ চেষ্টা করছিলেন তিনি। অনেকেই বললেন, এত কষ্ট করার দরকার কি বাবা! পাথরটা রেখে একটু জিরিয়ে নাও না। পরে চেষ্টা কর আবার।
শেষ পর্যন্ত পাথরটা ফেলেই দিলেন তিনি। সারা দেহের রক্তে ভীষণ যন্ত্রণারা চিৎকার করছিল; কাঁধে হাত দিয়ে মুঠো করে সে যন্ত্রণাগুলোকে তিনি যেন ধরতে চাইলেন। না- কাঁধ রক্তাক্ত হয় নি, পাথরটা আর কয়েক মুহূর্ত ঘাড়ে থাকলে হয়ত হত। শুভ্র মুখ এখন ঘর্মাক্ত এবং রক্তাভ।
একজন এগিয়ে এসে বলল, আল্ আমীন! এত বড় পাথর কেন বইছ তুমি? আমরা ত আছি। ছোট দেখে নিয়ে এস।
আর একজন সমবেদনায় সিক্ত স্বরে গভীর গলায় বলল, মুহাম্মদ তুমি বস না বাবা। আমরা কিন্তু মরে যাইনি।
সকলের সকল কথা শুনছিলেন তিনি। তাঁর মুখে তখন যন্ত্রণা ছিল, হাসি ছিল। যেমন তারারা হাসে। মেঘে ঢাকা পড়লেও যেমন তাদের হাসি ফুরায় না। তেমনি। তবুও কারো কথা যে ভাল লাগে নি এমন একটা ভাব তাঁর নির্বাক কাতর মুখে ভাসছিল।
তাঁর চাচা হযরত আব্বাস ছিলেন সেখানে। সব ব্যাপারটা লক্ষ্য করছিলেন তিনি। মুহাম্মদ-এর স্বভাব তিনি জানতেন। এ কাজ থেকে যে তাঁকে নিরস্ত করা যাবে না তাও তাঁর অজানা ছিল না। অথচ চোখের সামনে ছেলেটা কষ্ট পাবে! পাথর বলে কথা!
পাখি পালক ফুলিয়ে যেমন বাচ্চাকে কোলে টানে, অসম্ভব সমব্যথী আদরের গলায় তিনি ডাকলেন, মুহাম্মদ!
সে প্রশান্ত যুবকটি কাছে এলেন। তাঁর কাঁধে মমতার হাত রেখে স্নিগ্ধ কণ্ঠে আব্বাস বললেন, পরণের কাপড়টা কাঁধে দিয়ে নাও-তাহলে পাথর বইতে সুবিধা হবে।
তাঁর বয়সী অনেকেই যখন তখন উলঙ্গ হয়ে ঘোরা ফেরা করত মক্কার পথে। যুবক যুবতীরাও উলঙ্গ হয়ে তওয়াফ করত কাবাঘর। সুতরাং ....
একজন এসে মুহাম্মদ-এর পরণের কাপড়াটা টান মেরে খুলে নিলেন। এ কাপড়টাই এবার সে ভাঁজ করে তাঁর কাঁধে দেবে। এর উপর তুলে দেবে পাথর। কিন্তু ভালবাসার এ নির্বোধ পরিবেশন মারাত্মক হয়ে দেখা দিল প্রায় সাথে সাথে। আসার আগে কেউ বুঝতে পারে না যে এ ঝড় কতটা ওলট-পালট ঘটাবে, অথবা কটা জীবন-সংশয়ের কারণ হবে।
গুরুজনদের শত নিষেধকে উপেক্ষা করে চলে যায় অনেকে। সকল নিষেধের উপর থুতু ছিটিয়ে বুড়া আঙ্গুল দেখিয়ে নিজের পথে পা বাড়ায় কেউ কেউ। অনেকে আবার পাহাড় ভিঙাতে পারলেও গুরুজনদের চোখের পলককে অতিক্রম করতে পারে না। তাঁর বয়সী অনেক লোক যখন বিনা কাপড়ে ধেই ধেই করে নাচে, মুহাম্মদ তখন শরমের শুভ্র লেবাসে নিজেকে ঢেকে নিয়েছেন। তাই উলঙ্গ হবার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। কাপড়ে টান পড়ার সাথে সাথেই তাঁর গলায় যেন ফাঁস পড়ল। এতগুলো মানুষের সামনে উলঙ্গ হওয়া! কোথা থেকে এক আকাশ লজ্জা এসে তাঁর চেতনাকে গ্রাস করে ফেলল। পাহাড় সমান যন্ত্রণা ব্যথা আতঙ্ক তাঁর বোধকে রগড়ে পিষে একাকার করে দিল। ডালে ঘা পড়লে পাখিরা যেমন অকস্মাৎ ডাল শূন্য করে উড়ে যায়, কাপড়ে টান পাড়ার সাথে চেতনাবোধ সব কিছু যেন এক সাথে তাঁর দেহ ছেড়ে গিয়েছিল। খোলসের মত অত বড় দেহটা পড়ে থাকল বালির উপর। গোটান লজ্জাবতীর পাতার মত অত বড় দেহটা শরমে যেন এতটুকু হয়ে গেছে। চোখ দুটি আকাশের দিকে নিস্পন্দ।
ভীষণ ব্যগ্রতায় ঝাঁপিয়ে পড়লেন সকলেই, মুহাম্মদ- অ মুহাম্মদ! বুকে ব্যাকুল হাতের স্পর্শ বুলিয়ে দেখলেন, না- স্পন্দন ঠিকই আছে।
কিন্তু?
হাতটা যেন বাড়িয়ে আছে না? একজন কাপড়টা ফেলে দিলেন তাঁর উলঙ্গ দেহের উপর। সুবাসের আন্দোলনে চারদিক থেকে মৌমাছি-প্রজাপতিরা যেমন বাতাসে ডানা মেলে ছুটে আসে পাপড়িতে, বোধ লজ্জা চেতনারা তেমনি ধীরে ধীরে ফিরে এলে মুহাম্মদ-এর চেতনাহীন দেহে। তাঁর চোখের পাতা নড়ল আবার, হাত দিয়ে কি যেন অন্বেষণ করলেন এর পরেই কাপড় পরে উঠে বসলেন।
মুহাম্মদ এর আল আমীন পরিচয় পূর্বেই পেয়েছিলেন সকলে, সমবেত কুরাইশরা আজ পেলেন তাঁর আর এক পরিচয়। তারা সকলেই দলবদ্ধ বিস্ময়ে ভাবতে শুরু করলেন, মানুষের এত লজ্জা।

📘 হাদিসের গল্প > 📄 বিচারের কণ্ঠ

📄 বিচারের কণ্ঠ


ওসামা শঙ্কিত। ওসামা দ্বিধাজড়িত। তুবও ওসামা রাসূলুল্লাহ (স) দিকে অগ্রসর হচ্ছেন। মৃদু পায়ে এগুচ্ছেন। ধীরেধীরে। খুবই বিনীত ভাবে।
রাসূলুল্লাহ (স)-এর পালিত পুত্র যায়েদ। সে মুক্তদাস যায়েদের পুত্র ওসামা। ওসামা তরুণ। রাসূলুল্লাহ (স)-এর পরম আদরের। এ তরুণ ক্রীতদাস পুত্র ওসামাকে আপন উটের উপর বসিয়ে নিয়ে মক্কা-বিজয়ের দিন শহরে প্রবেশ করলন রাসূলুল্লাহ (স)। ওসামাকে তিনি এতই ভালবাসেন। এত গভীর ছিল তাঁর মমতা।
এ অসীম আন্তরিকতার জন্যই ওসামা আজ দ্বিধাগ্রস্ত। হযরতের কাছে আসতে গিয়ে আজ তাঁর মনটা দুলে উঠছে বার বার। তবুও ওসামা এগুচ্ছেন। এক-পা এক-পা করে এগুচ্ছেন। তাঁর সাথে আছে আরো কয়েকজন। মখযুম গোত্রের কয়েকজন লোক। কুরাইশদেরই একটা শাখা বনী মখযুম গোত্র। বড় সম্মানিত গোত্র। বড় সম্ভ্রান্ত। অন্য গোত্রের বিচার শালিশী করে তারা। খোলা মাঠের পিঠে যেমন রোদ চড়ে থাকে, যেমন তাকে ফেলা যায় না কোন মতেই তেমনি মখযুমদের কড়া দৃষ্টি শাসন করে অন্য গোত্রদের। কারো শক্তি নেই সে দৃষ্টিকে উপেক্ষা করার। অবহেলা বরার। এ মখযুম গোত্রের এক মহিলা ধরা পড়েছে চুরির দায়ে। আর ধরা পড়তেই শুরু হয়েছে যত গোলযোগ। আগে হলে অবশ্য কোন কথা ছিল না। বেকসুর খালাস হয়ে যেত। কিন্তু মক্কা-বিজয়ের পরে সকলেই মুসলমান হয়ে গেছে। আর তাতেই যত ফ্যাসাদ। এখন চুরির শাস্তি হাতকাটা। আর সে কম কথা নয়।
এতবড় একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ের হাতকাটা যাবে, আর সে কাটা হাত নিয়ে চলবে ফিরবে- কি লজ্জা! কি লজ্জা!!
তার পরিবারের সকলেই তাই এসে ধরেছে ওসামাকে। ওসামা বললে হয়ত কথা রাখবেন রাসূলুল্লাহ (স)। হযত হাত কাটবেন না। হয়ত মাফ করে দেবেন।
তা ছাড়া- এত বড় একটা মানী গোত্র। সম্ভ্রান্ত ঘর। মান-ইজ্জতের একটা ব্যাপার আছে। এসব কথা নিশ্চয়ই বিবেচনা করব। বিচারক রাসূলুল্লাহ (স) দৃষ্টি থেকে এসব নিশ্চয়ই এড়িয়ে যাবে না।
ওসামা এগুচ্ছিলেন রাসূলুল্লাহ (স)-এর দিকে। তাঁর সাথে যেতে যেতে এমন সব কথা চিন্তা করছিলেন সকলেই। এমন সব ন্যায় আর বিবেচনার কথা ভাবছিলেন মখযুম গোত্রের লোকেরা।
মক্কা-বিজয়ের আনন্দ মেটেনি তখনো। সে উল্লাসের জের চলছে সাহাবাদের মধ্যে। ডুব দেবার পর দীঘির বুকে তরঙ্গরা যেমন দুলে ওঠে বৃত্তাকারে। রাসূলুল্লাহ (স) অবশ্য নীরব। কিন্তু চঞ্চল। বহু গোত্রের লোক আসছে দীক্ষা নিতে। তাদের কথা শুনছেন ধ্যানস্থ হয়ে। তাদের শোনাচ্ছেন আল্লাহ্ কথা। ইসলামের কথা। সত্যের কথা। তারা চলে যায়। আবার নতুন দল আসে।
রাসূলুল্লাহ ব্যস্ত।
ওসামা এসে দাঁড়ালেন তাঁর সামনে। নম্র আর বিনীত ভাবে। মুখযুমের লোকেরা দাঁড়িয়ে আছে পিছনে। ওসামা বলল তাঁর কথা। কুণ্ঠার সাথে। ইয়া রাসূলুল্লাহ! এসব দিকগুলো বিবেচনা করে যদি ক্ষমা করেন, যদি-
প্রশস্ত ছিল রাসূলুল্লাহ (স)-এর মুখ। প্রশান্ত আর উজ্জল। একটা খুশির আলো ছড়িয়ে ছিল সারা মুখে। হঠাৎ যেন সে আলোটা নিভে গেল। সে খুশির ভাবটা কেউ যেন আলতো মুছে নিয়ে গেল মুখ থেকে। গম্ভীর হয়ে গেলেন তিনি। ভীষণ গম্ভীর। বেশ কিছুক্ষণ নীরব থেকে সে অসাধারণ ব্যক্তিত্ব ব্যঞ্জক স্বরে বললেন, ওসামা! আল্লাহ্ যে শাস্তি স্থির করে দিয়েছেন, তুমি কি আমাকে এর ব্যতিক্রম করতে বলছ?
মেষ শিশুটির মত ওসামার অবস্থা। মৃদু হাওয়ায় ঘাসের ডগা কাঁপছে। আর সে ডগা থেকে টোপ ধরা শবনম যেন এখুনি লুটিয়ে পড়বে মাটিতে। ওসামা পড়েই যেতেন। শেষ পর্যন্ত টাল সামলে বসে গেলেন।
কি বলতে এসে কি হয়ে গেল। দিশেহারা হয়ে গেল ওসামা। রাসূলের কদম মুবারকে লুটিয়ে তিনি কেবলই বলছেন, আমার জন্য ক্ষমার আবেদন করুন! আমার জন্য ..... প্রত্যয় দৃঢ় কণ্ঠে রাসূলুল্লাহ (স) সকলকে সম্বোধন করে বললেন, তোমরা নিশ্চিতরূপে জেনে রাখ-বিচারে নিরপেক্ষতার অভাবে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। বড় লোকেরা কেউ কোন অন্যায় করলে নামমাত্র বিচার হত, বেকসুর খালাস হয়ে যেত। এরপর ঠিক একই অপরাধে কোন গরীব অপরাধী হলে কঠোর সাজা নেমে আসত তার ওপর। কেবল এ কারণে বনি ইসরাঈল জাতি ধ্বংস হয়ে গেছে।
সাহাবীরা নীরব। মখযুমেরা নীরব। নীরব ওসামা। তাদের চিন্তার জগতে যেন নতুন আলো ফেলছে এসব কথা। উপলব্ধি করল তারা, বৃষ্টি হলে যেমন তা পড়ে সব ঠাঁই, ধনীর অট্টালিকায় অর গরীবের জীর্ণ কুটিরে -বিচারের ঝড়ো হওয়া কেন শুধু উড়িয়ে নিয়ে যাবে দুঃখীর চাল-চুলা? কেন দোররার নির্মম আঘাতগুলো শুধু পড়বে কঙ্কালসার দেহুগুলোর ওপর?
তোমরা জেনে রাখ, বাতাস কম্পিত করে বললেন রাসূলুল্লাহ (স), যাঁর হাতে আমার জীবন সে আল্লাহ্র কসম! ইসলামে কখনো এমনটি হতে পারে না। আজ যদি আমার কন্যা ফাতিমাও এ অপরাধে লিপ্ত হত, সেও আল্লাহ্ নির্ধারিত সাজা থেকে রেহাই পেত না। আমি অবশ্যই তার হাত কাটতাম।
এত শুধু কথা নয়। এ একটা চেতনা। এ নতুন চেতনার ভিতর দিয়ে শুরু হল আত্মার জাগরণ। টলতে টলতে বাড়ির পথ ধরল মখযুম গোত্রের সকলেই। বাতাসের কম্পন তখনও যেন তাদের কানে কথা বলছে, জেনে রাখ- আমার কন্যা ফাতিমাও যদি ..... ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00