📄 শিল্প-সংস্কৃতির নামে অশ্লীলতার ছড়াছড়ি
عن عبد الرحمن بن غنم الأشعري قال: حدثني أبو عامر أو أبو مالك الأشعري والله ما كذبني سمع النبي صلى الله عليه وسلم يقول: ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف ولينزلن أقوام إلى جنب علم يروح عليهم بسارحة لهم يأتيهم يعني الفقير لحاجة فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.
'আব্দুর রহমান বিন গানাম আশআরী রাযি. বর্ণনা করেন, আমার নিকট আবু আমের অথবা আবু মালেক আশআরী রাযি. বর্ণনা করেছেন- আল্লাহর কসম! তারা মিথ্যা বর্ণনা করেননি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, নিঃসন্দেহে আমার উম্মতের কিছু লোক এমনও হবে-যারা যিনা-ব্যভিচার, রেশম/সিল্কের কাপড়, মদ ও গানবাদ্যের যন্ত্রপাতিকে (বিনোদনের নামে) হালাল মনে করবে। আর কিছু লোক পাহাড়ে গিয়ে অবস্থান করবে। তারা সেখানে গবাদি পশু চড়িয়ে আয় করবে। তাদের নিকট যদি কোনো ফকির এসে নিজের প্রয়োজন পেশ করে তখন তারা (তাচ্ছিল্যের স্বরে) বলবে, 'আগামি কাল এসো'। অতঃপর আল্লাহ তাআলা তাদের ওপর রাতের বেলায়ই আজাব অততীর্ণ করবেন এবং পাহাড়কে তাদের ওপর ধ্বসিয়ে দেবেন। তাছাড়া অন্যদেরকে (যারা হারাম জিনিসকে বিনোদনের নামে হালাল করার বাহানা করে) কিয়ামাত পর্যন্ত বানর ও শুকর বানিয়ে রাখবেন।'
টিকাঃ
২৭. সহীহ বুখারী: ২/৮৩৭
📄 নির্লজ্জতার পরিণাম
عن ابن عمر رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: «إن الله عز وجل إذا أراد أن يهلك عبدًا نزع منه الحياء، فإذا نزع منه الحياء لم تلقه إلا مقيتًا ممقتا ، فإذا لم تلقه إلا مقيتًا ممقتا؛ نزعت منه الأمانة، فإذا نزعت منه الأمانة؛ لم تلقه إلا خائنا مخونا؛ فإذا لم تلقه إلا خائنا مخونا؛ نزعت منه الرحمة، فإذا نزعت منه الرحمة؛ لم تلقه إلا رجيما ملعنا، نزعت منه ربقة الإسلام.
'হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ধ্বংস চান তখন (সর্বপ্রথম) তার লজ্জা-শরম ছিনিয়ে নেন। আর যখন তার লজ্জা চলে যায় তখন তোমরা তাকে (লজ্জাহীনতার কারণে) জঘন্যতর ও ঘৃণার যোগ্য পাবে। আর যখন তার মাঝে এই অবস্থা বিরাজ করে তখন তার থেকে আমানত ছিনিয়ে নেয়া হয়। আর যখন আমানতও ছিনিয়ে নেয়া হবে তখন তোমরা (তার খেয়ানতের কারণে) তাকে খেয়ানতকারী ও ধোঁকাবাজ হিসাবে পাবে। আর যখন তার এই অবস্থা হয় তখন তার থেকে রহমতও ছিনিয়ে নেওয়া হয়। ফলে তোমরা তাকে (নির্দয়তার কারণে) প্রত্যাখ্যাত ও অভিশপ্ত হিসাবে পাবে। আর যখন সে এই স্তরে গিয়ে পৌঁছবে তখন তার থেকে ইসলামের শেষ বন্ধনটুকুও উঠিয়ে নেয়া হয় (এবং সে ইসলামকে দোষনীয় মনে করতে থাকে।)'
টিকাঃ
২৮. ইবনে মাজাহ: ২৯৪
📄 মতপার্থক্য ও বিচ্ছিন্নতা
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا إن أول هذه الأمة خيارهم وآخرها شرارهم مختلفين متفرقين فمن كان يؤمن بالله واليوم الآخر فلتأته منيته وهو يأتى الناس ما يحب أن يؤتى إليه.
'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে এই উম্মতের প্রথম দিকের লোকগুলো উত্তম আর শেষের দিকের লোকগুলো নিকৃষ্ট হবে। যাদের মাঝে পারস্পরিক মতপার্থক্য ও বিচ্ছিন্নতা ক্রিয়াশীল হবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার ওপর, আখিরাতের ওপর ঈমান রাখে; তার মৃত্যু এমন অবস্থায় আসা উচিৎ যে, সে মানুষের সঙ্গে এমন আচরণ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। '
টিকাঃ
২৯. কানযুল উম্মাল:১২/২২৩, হাদিস নং: ৩৮৪৯১
📄 তিনটি অপরাধের তিনটি সাজা
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلي عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحى وإذا تسابت أمتي سقطت من عين الله.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত দুনিয়াকে খুব কিছু মনে করবে তখন তাদের থেকে ইসলামের প্রভাব ও মর্যাদা চলে যাবে । আর যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাঁধা ছেড়ে দিবে তখন ওহীর বরকত থেকে বঞ্চিত হবে। আর পরস্পরে গালিগালাজ করলে আল্লাহর দয়াদ্র দৃষ্টি থেকে বঞ্চিত হবে।'
টিকাঃ
৩০. দূররে মনছুর: ২/৩০২