📘 হাদিস নিয়ে বিভ্রান্তি > 📄 ৩.১.১ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্যই হিদায়াত

📄 ৩.১.১ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্যই হিদায়াত


মহাগ্রন্থ আল-কুরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা দেয়া হয়েছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্যের মধ্যেই হিদায়াত বা সঠিক পথ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন-
وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
'এবং তোমরা তার আনুগত্য করলে হিদায়াত লাভ করবে, আর স্পষ্টভাবে পৌছে দেয়াই হলো রাসূলের কাজ।' ২৬
সুতরাং কারো সঠিক পথের অনুসারী হতে হলে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর স্পষ্ট করে উপস্থাপন করা পথে চলা ব্যতীত সম্ভব নয়। হিদায়াত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর স্পষ্ট দিক-নির্দেশনার মধ্যে নিহিত রয়েছে। তাঁর এ নির্দেশনা পরিত্যাগ করে হিদায়াত প্রাপ্তির কোন সুযোগ নেই। তাঁরই আনুগত্য হিদায়াত আর তাঁরই বিরোধিতা ও অবমাননা পথভ্রষ্টতা, তা কুরআন দ্বারাই প্রমাণিত হলো। সুতরাং যারা হাদীছ বাদ দিয়ে শুধু আল-কুরআন অনুসরণ করতে চায় তাদের কুরআনই তো মানব রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তথা তাঁর বিশুদ্ধ হাদীছকে আনুগত্য করেই হিদায়াত লাভের পথ নির্দেশ দিয়েছে।

টিকাঃ
২৬. সূরাহ আন- নূর: ৫৪

📘 হাদিস নিয়ে বিভ্রান্তি > 📄 ৩.১.২ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পথনির্দেশ অলংঘনীয়

📄 ৩.১.২ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পথনির্দেশ অলংঘনীয়


ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব রূপকার হচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম। তিনি উত্তম কাজের পথ নির্দেশ দিয়েছেন, যেমনি খারাপ কাজ থেকেও নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাঁর বান্দাদেরকে এ নির্দেশ মত কাজ করতে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এ বিষয়ে বলেছেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ .
'রাসূল তোমাদেরকে যা দিয়েছে, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে, তা থেকে বিরত থাক। এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।'২৭
মহাগ্রন্থ আল-কুরআনের এ আয়াতের স্পষ্ট শিক্ষা হচ্ছে, কোন মুসলিমের জন্য রাসূলুল্লাহ ছال্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর নির্দেশ ও নিষেধ উপেক্ষা করার সুযোগ নেই। তাঁর নির্দেশ ও নিষেধ উপেক্ষা করাই হচ্ছে, আল্লাহর নির্দেশ অবমাননা করা। আর আল্লাহর নির্দেশ অবমাননা করলে মুসলিম থাকার কোন সুযোগ থাকে না। মহাগ্রন্থ আল-কুরআনের নির্দেশও যে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করা, বিশুদ্ধ হাদীছেও তা বর্ণিত হয়েছে-
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ وَمَا لِي أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللُّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ قَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ أَمَا قَرَأْتِ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا قَالَتْ بَلَى قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ قَالَ فَاذْهَبِي فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيًْا فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعَتُهَا.
আবদুল্লাহ রাদি আল্লাহু 'আনহু থেকে বর্ণিত, আল্লাহ লানত করেছেন ঐসব নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকন করে, নিজ শরীরে উল্কি অংকন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূরুর চুল উপড়িয়ে ফেলে ও দাতের মাঝে ফাঁক সৃষ্টি করে। এসব নারী আল্লাহর সৃষ্টিকে বিকৃতি সাধন করেছে।
এর পর বানু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নাম্নীয় এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম, আপনি এ ধরণের মহিলাদের প্রতি লানত করেছেন। তিনি বললেন- আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝখানে যা আছে (পূর্ণ কুরআন) পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো পাইনি? আবদুল্লাহ বললেন, যদি তুমি আল-কুরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি? "রাসূল ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক।" মহিলা বলল- হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। আবদুল্লাহ রাদি আল্লাহু 'আনহু বললেন, রাসূল ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এ কাজ থেকে নিষেধ করেছেন। মহিলা বলল- আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন- যাও এবং ভালভাবে দেখে এস। তারপর মহিলা গেল এবং ভালভাবে দেখে এল। কিন্তু তার প্রয়োজনের কিছুই দেখতে পেলোনা। তখন তিনি বললেন, যদি আমার স্ত্রী এমনটি করত, তবে সে আমার সঙ্গে একত্রে থাকতে পারত না।২৮
সুতরাং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর নির্দেশ ও নিষেধ পূর্ণভাবে পালন করা মহাগ্রন্থ আল-কুরআন দ্বারাই প্রমাণিত। সুতরাং যারা শুধু আল-কুরআন পালন করার পক্ষে সেই আল-কুরআনই তো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর পথনির্দেশ তথা হাদীছকে অলংঘনীয় বলে উল্লেখ করেছে।

টিকাঃ
২৭. সূরাহ আল-হাশর:০৭
২৮. ছাহীহ আল-বুখারী, ৪খ. ১৮৫৩ পৃঃ

📘 হাদিস নিয়ে বিভ্রান্তি > 📄 ৩.১.৩ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঈমানের প্রতি আহ্বান করার দায়িত্বপ্রাপ্ত

📄 ৩.১.৩ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঈমানের প্রতি আহ্বান করার দায়িত্বপ্রাপ্ত


মুসলিম হওয়ার অনিবার্য শর্ত হচ্ছে, আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ঈমান আনা ও ঐকান্তিক বিশ্বাস স্থাপন করা। একজন মুসলিমের জন্য এ গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে আহবান করার গুরুদায়িত্ব আল্লাহ সুবহানাহ ওয়া তা'য়ালা তাঁরই হাবীব রাসূল ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ন্যস্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন-
إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا. لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
'আমি' তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তাঁর রাসূলকে শক্তি যোগাও ও তাকে সম্মান কর এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।'২৯ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর দায়িত্ব যে আল্লাহ ও তাঁর রাসূলের উপর মানুষ যাতে ঈমান আনে তারই ব্যবস্থা করা, এ আয়াতে সেই শাশ্বত সত্য কথাটিই ফুটে উঠেছে। সুতরাং আল-কুরআনের আলোকেই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে উপেক্ষা করে মহা মূল্যবান ঈমান লাভ করার কোন পথ নেই। যারা হাদীছকে উপেক্ষা করে তারা মূলত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে উপেক্ষা করে। আল-কুরআনের দৃষ্টিতে যেহেতু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে উপেক্ষা করে ঈমান লাভের কোন সুযোগ নেই, সেহেতু হাদীছ প্রত্যাখ্যান করেও ঈমান লাভের কোন পথ নেই। এটিও যে আল-কুরআনেরই বাণী শুধু আল-কুরআনের অনুসারীদেরকে এই সত্য উপলব্ধি করা উচিত।

টিকাঃ
২৯. সূরাহ আল-ফাতহ: ০৮-০৯

📘 হাদিস নিয়ে বিভ্রান্তি > 📄 ৩.১.৪ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে তাঁর আনুগত্য

📄 ৩.১.৪ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে তাঁর আনুগত্য


যে কোন রাসূল প্রেরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানব জাতি তাঁর আনুগত্য করে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ইরশাদ করেছেন-
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ
'আমি এ উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি যে, আল্লাহর নির্দেশেই তার আনুগত্য করা হবে।'৩০ সুতরাং, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করানোই হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তাঁকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। আল-কুরআনের দৃষ্টিতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করা ব্যতীত আল্লাহ সুবহানাহু তা'য়ালার এ অভিষ্ট লক্ষ্য বাস্তবায়ন কোন ক্রমেই সম্ভবপর নয়। সুতরাং যারা তাঁর হাদীছ মানতে অস্বীকার করল, তারা মূলত তাঁর আনুগত্যকেই অস্বীকার করল, আর যারা তাঁর আনুগত্য স্বীকারকে প্রত্যাখ্যান করল তারা আল্লাহর পক্ষ থেকে তাঁকে প্রেরণের যে সুমহান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা ধূলিস্যাত করে দিল। আর যারা আল্লাহর উদ্দেশ্যের বিরুদ্ধে অবস্থান নিল তারা মূলত কুফরীই করল।

টিকাঃ
৩০. সূরাহ আন-নিসা: ৬৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00