📄 রেওয়ায়েট হাদীস সম্পর্কিত কিতাবসমূহ
কুতুবে মাওযুয়াত মানে হচ্ছে জাল বর্ণনা এবং মুখে মুখে প্রচারিত বে-বুনিয়াদ হাদীস সম্বলিত কিতাবসমূহ।
এই বিষয়ে সর্বপ্রথম গ্রন্থ হচ্ছে মওযুয়াতে ইবনে জুযী। এই গ্রন্থে বানোয়াটি হাদীস উল্লেখিত রয়েছে। এছাড়া কিছু কিছু নিয়ম-কানুনও বর্ণিত হয়েছে যার মাধ্যমে মওযু হাদীস চেনা যায়। কিন্তু ইবনে যুযী অত্যন্ত কঠোর হওয়ার কারণে মওযু নয় এমন কিছু হাদীসকেও মওযু বানিয়ে ছেড়েছেন। এই জন্য মওযুয়াতে ইবনে জুযীর পাঠকের তা'য়াক্কুরাতে সয়ূতী আলাল মওযুয়াতে ইবনিল জুযী গ্রন্থ পাঠ করা অত্যাবশ্যক।
ইবনে জুযীর পরে আরো অনেকে মওযুয়াত সম্পর্কে গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মাগানীর আদ দুররুল মুলতাকিতু ফী তাবঈনিল গলত, জুরজানী লিখিত কিতাবুল আবাতীল, মুসিলী প্রণীত আল মুগনী, ইবনে আবদুল বার প্রণীত মওযুয়াত, সয়ূতী রচিত আল্লালিল মাসনুয়া ফী আহাদিসীল মওযুয়া, শায়খ মুহাম্মাদ তাহিরুল ফাতনী প্রণীত কিতাবুল মওযুয়াত, ইবনুল কীরানী প্রণীত আল মওযুয়াত, মোল্লা আলীকারী প্রণীত মওযুয়াতুল কবীর, সয়ূতী প্রণীত আদ্ দুরুল মুনতাশিরাই ফীল আহাদিসীল মুশতাহিরাহ, সাখাবী প্রণীত আল মাকাসিদুল হাসানাহ ফীল আহাদিসীল মশহুরাহ আলাল, আল সিনাহ শওকানী প্রণীত আলফাওয়াদিল মজমুয়াহ ফীল আহাদিসীল মওযুয়াহ, শায়খ আবিল ফযল আবদুল হক আল হিন্দী প্রণীত তামীযুত তাইয়েব মিনাল খাবীস মিম্মা ইয়াদুরু আলাল আলসিনাতিন্নাসে মিনাল হাদীস, আবদুল হাই লক্ষ্ণৌভী প্রণীত আল আসারুল মরফুয়া ফী আখবারিল মওযুয়া, মাওলানা আনোয়ারুল্লাহ্ হায়দরাবাদী প্রণীত আল কালামুল মরফু ফীমা ইয়াতায়াল্লাকু বিল আহাদিসীল মওযু।
যাঁরা হককে বাতিল থেকে পৃথক করেছেন এবং এক একটি জাল, বে-বুনিয়াদ এ সন্দেহযুক্ত হাদীসের পর্যালোচনা করে রাসূলুল্লাহ্ (সা)-এর সহীহ হাদীসগুলোকে চিহ্নিত করেছেন এবং দীনের হিফাজত করে মুসলিম উম্মাহ্র বড়ো রকমের কল্যাণ করেছেন, আল্লাহ্ তাঁদেরকে বিপুলভাবে পুরস্কৃত করুন।