📘 হাদিস চর্চার ইতিহাস > 📄 ইমাম ইবনে মাজাহ্ (র)

📄 ইমাম ইবনে মাজাহ্ (র)


ইমাম ইবনে মাজাহ্ নাম মুহাম্মাদ। উপনাম আবূ আবদুল্লাহ্। বংশ পরম্পরা : মুহাম্মাদ ইবনে ইয়াযীদ ইবনে আবদুল্লাহ্ ইবনে মাজাহ আল কাযভীনা। তাঁর জন্মভূমি কাযভীন। হিজরী ২০৯ সনে তিনি জন্মগ্রহণ করেন। হাদীস সংগ্রহের জন্য তিনি বসরা, কুফা, বাগদাদ, শাম, মিসর, রায়, হিজায সফর করেন। ইবনে মাজাহ হাদীস শাস্ত্রের ইমাম ও প্রখ্যাত হাফিয ছিলেন। তিনি জাবারাহ ইবনুল মুফলিস, ইবরাহীম ইবনু মুনযির প্রমুখ থেকে হাদীস শুনেছেন। তাঁর ছাত্রদের মধ্যে প্রখ্যাত হচ্ছেন আবুল হাসান কাত্তান ও ঈসা ইবনে আবহার। হিজরী ২৭৩ সনের ২২শে রমযান তিনি ইন্তিকাল করেন। তাঁর প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে সুনান যা সিহাহ সিত্তাহর অন্তর্ভুক্ত।

📘 হাদিস চর্চার ইতিহাস > 📄 সুনানে ইবনে মাজাহ্

📄 সুনানে ইবনে মাজাহ্


সুনানে ইবনে মাজাহ হুকুম-আহকামে জামে' ধরনের একটি গ্রন্থ। এতে অনেক অধ্যায় রয়েছে। এতে রয়েছে বহু সহীহ হাদীস। আবার এতে দুর্বল ও বিতর্কিত হাদীসও আছে। ইমাম যাহাবীর মতে এতে মাত্র ৩০টি দুর্বল হাদীস রয়েছে। তিনি লিখেছেন "অল্প সংখ্যক অবান্তর হাদীস না থাকলে আবূ আবদুল্লাহ্র 'সুনান' একখানা উত্তম গ্রন্থ হিসেবে গণ্য হতো।" কিন্তু মযীর অভিমত হলো, তিনি স্বতন্ত্রভাবে যে হাদীস সংকলন করেছেন, তা দুর্বল।

ইবনে হাজার এর সমাধান এভাবে করেছেন, 'এই বক্তব্য বর্ণনাকারীর বেলায় প্রযোজ্য হতে পারে, হাদীসসমূহের বেলায় যথার্থতা মনে করা ঠিক নয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, এর মধ্যে সহীহ ও হাসান হাদীসসমূহ রয়েছে।'

ইমাম মযীর অভিমত এভাবে খণ্ডন করেছেন, 'আমার অনুসন্ধান মতে অভিযোগটি সাধারণভাবে গ্রহণীয় নয়। অবশ্য সামগ্রিকভাবে এতে অনেক মুনকার হাদীসও বিদ্যমান রয়েছে।'

সয়ূতী বলেন, 'ইবনে মাজাহ স্বতন্ত্রভাবে এমন কিছু বর্ণনাকারী থেকেও হাদীস সংকলন করেছেন যারা হাদীসের ব্যাপারে মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত।'

ইবনে জুযী সুনান ইবনে মাজাহতে সংকলিত ষোলটি হাদীসকে বানোয়াট বলে চিহ্নিত করেছেন। ইবনে হাজার তাঁর এই অভিমত খণ্ডন করেছেন। কিন্তু কাযভীনের ফযীলতের হাদীস সম্মিলিত মতে বানোয়াট। এ কারণে পূর্বেকার আলিমগণ সুনানে ইবনে মাজাহকে সিহাহ সিত্তাহর মধ্যে শামিল করেন নি। এ জন্যই ইবনে আসীর জামিউল উসূলে ইবনে মাজাহর পরিবর্তে মুয়াত্তার হাদীসগুলোকে সংকলন করেছেন। কেউ কেউ সুনানে দারেমীকে ষষ্ঠস্থানীয় বলে উল্লেখ করেছেন। সর্বপ্রথম আবুল ফযল ইবনে তাহির মুকাদ্দেমী (মৃত্যু: ৬০০ হিঃ) উসূলে খামসার সাথে শামিল করেছেন। এর ওপর টীকাকারগণ টীকা লিখেছেন। টীকা একত্রিত করেছেন। বুসীরী (মৃত্যুঃ ৮৪০ হিঃ) ইবনে মাজাহর সমস্ত যাওয়াদের (অতিরিক্ত) সনদের সমালোচনা করেছেন।

এই সংকলনে পাঁচটি সালাসিয়াত আছে। সুনানে ইবনে মাজাহ-তে রয়েছে ৩২টি অধ্যায়, ১৫০০টি অনুচ্ছেদ এবং ৪৩৩৮টি হাদীস। সুনানের প্রসিদ্ধ রাবী হচ্ছেন আবুল হাসান কাত্তান। তাঁর রেওয়ায়েতেরই প্রাধ্যান্য বেশি।

আলাউদ্দীন মুগলতাঈ ইবনে মাজাহর শরাহ সবিস্তারে লিপিবদ্ধ করেছেন। সয়ূতী, সিন্ধি এবং শাহ আবদুল গনীও এর টীকা লিখেছেন।

মুহাম্মদ ওয়াহিদুযযামান কর্তৃক অনূদিত মুয়াত্তা ও সিহাহ সিত্তাহ্র প্রত্যেকটির উর্দু অনুবাদ প্রকাশিত হয়েছে। দিল্লীর হামিদীয়া প্রেস সিহাহ সিত্তাহ ও মিশকাতের উর্দু তরজমা সম্পাদন করেছে।

📘 হাদিস চর্চার ইতিহাস > 📄 তৃতীয় যুগের অন্যান্য মুহাদ্দিস

📄 তৃতীয় যুগের অন্যান্য মুহাদ্দিস


১. আদ্ দারেমী আবু মুহাম্মাদ আবদুল্লাহ্ ইবনে আবদুর রহমান ইবনে ফযল আস্ সমরকান্দী। তিনি হিজরী ১৮১ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ২৫৫ সনে ইন্তিকাল করেন। তিনি অন্যতম সুনান প্রণেতা।

📘 হাদিস চর্চার ইতিহাস > 📄 সুনানে দারেমী

📄 সুনানে দারেমী


ইমাম দারেমীর সুনানকে মুসনাদে দারেমীও বলা হয়। অনেকে সুনানে ইবনে মাজার পরিবর্তে সুনানে দারেমীকে সিহাহ সিত্তাহর অন্তর্ভুক্ত করেছেন। কেননা এতে সুনানে ইবনে মাজাহর তুলনায় দুর্বল হাদীস কম। কিন্তু অনেক মুরসাল ও মুনকাতা হাদীস আছে। সুনানে দারেমী মিসর ও এই উপমহাদেশে মুদ্রিত হয়েছে।

২. আয যাহলী মুহাম্মাদ ইবনে ইয়াহ্ইয়া আল হাফিযুল জলীল। তিনি হিজরী ২৫৮ সনে ইন্তিকাল করেন। তিনি ইমাম মুসলিম ও ইমাম বুখারীর উস্তাদ ছিলেন।

৩. আবু মুসলিম আল কাশী। তিনি একজন সুনান প্রণেতা। হিজরী ২৬২ সনে তিনি ইন্তিকাল করেন। তাঁর সুনানে সুলাসিয়াত বা তিনজন রাবী সম্পন্ন রেওয়ায়েতই বেশি।

৪. ইয়াকুব ইবনে شাইবাহ ইবনে সিলাত। হিজরী ২৬২ সনে তিনি ইন্তিকাল করেন। তিনি 'মুসনাদে কবীর' প্রণেতা।

৫. আল মযনী আবু ইবরাহীম ইসমাঈল ইবনে ইয়াহ্ইয়া, ইমাম শাফিঈ, নাসিরুল মাজহাব। তিনি হিজরী ১৭৫ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ২৭৪ সনে ইন্তিকাল করেন। তিনি বহু গ্রন্থ প্রণেতা।

৬. আবূ হাতেম রাযী। তিনি হিজরী ১৯০ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ২৭৭ সনে ইন্তিকাল করেন। তিনি জিরাহ ও তাদীলের ইমাম। হাদীস সংগ্রহের জন্য তিনি দু'হাজার মাইল পথ সফর করেছেন। তিনি বহু গ্রন্থ লিখেছেন।

৭. আল মুকরী আবূ বকর মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে আলী। তিনি হিজরী ২৮১ সনে ইন্তিকাল করেন। তিনি ইসফাহানের মুহাদ্দিস ছিলেন। তিনি 'মুয়াজ্জামে কবীর' নামক গ্রন্থের প্রণেতা।

৮. হারিস ইবনে উসামা আবু মুহাম্মাদ। তিনি হিজরী ২৮২ সনে ইন্তিকাল করেন। তিনি একজন মুসনাদ লিখক।

৯. মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ রাজাউস সনদী। তিনি হিজরী ২৮৬ সনে ইন্তিকাল করেন। তিনি সহীহর লিখক ও ইমাম আহমাদের ছাত্র ছিলেন।

১০. ইবনে আবী আসেমুয যাহেরী আল হাফিযুল কবীর। তিনি হিজরী ২৮৭ সনে ইন্তিকাল করেন। তিনি ইসফাহানের কাযী ছিলেন।

১১. আবদে ইবনে মুহাম্মাদ ইবনে আসলাম। তিনি হিজরী ২৯১ সনে ইন্তিকাল করেন। তিনি ইসফাহানের জামে'র ইমাম ছিলেন। তিনি মুসনাদ লিখেছেন।

১২. আল বাযযার আবূ বকর আহমাদ ইবনে উমার ইবনে আবদুল খালেক। তিনি হিজরী ২৯২ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুসনাদে বাযযার'-এর লেখক।

১৩. আবদান ইবনে মুহাম্মাদ ইবনে ঈসা। তিনি হিজরী ২৯৩ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুয়াত্তা' প্রভৃতির লেখক।

১৪. ইবনে মানদা আবূ আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে ইয়াহ্ইয়া। তিনি হিজরী ৩০১ সনে ইন্তিকাল করেন। তিনি 'তারীখে ইসফাহানে'র লেখক।

১৫. আবু ইসহাক ইবরাহীম ইবনে ইসহাক নিশাপুরী। তিনি হিজরী ৩০৩ সনে ইন্তিকাল করেন। তিনি ইবনে রাহুইয়া ছাত্র ছিলেন। তিনি 'তাফসীরে কবীর' প্রভৃতি গ্রন্থের প্রণেতা।

১৬. আবু ইয়ালীল মওসেলী আহমাদ ইবনে আলী ইয়াহইয়া। সাহেবে ইবনে মুয়ীন। 'মুসনাদে কবীর' ও 'মুয়াজ্জম প্রণেতা। তিনি হিজরী ৩০৭ সনে ইন্তিকাল করেন।

১৭. ইবনে আল জারুদ আবদুল্লাহ্ ইবনে আলী। 'আস্সহীহুল মুনতাকা'র লেখক। তিনি হিজরী ৩০৭ সনে ইন্তিকাল করেন।

১৮. ইবনে জরীর আত তাবারী আবু জাফর। তিনি হিজরী ২২৪ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩১০ সনে ইন্তিকাল করেন। তিনি মুফাস্স্সির ও মুহাদ্দিস ছিলেন। তিনি তাফসীর ও তাহযীবুল আসার-এর প্রণেতা।

১৯. আবুল বাশার আদ দাওলাবী মুহাম্মাদ ইবনে আহমাদ। তিনি হিজরী ৩১০ সনে ইন্তিকাল করেন। তিনি আল-কুনার লেখক।

২০. আবুল হান্স উমার ইবনে মুহাম্মাদ ইবনে বাজীরুল হামাদানী। তিনি হিজরী ২২৩ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩১১ সনে ইন্তিকাল করেন।

২১. ইবনে খুযাইমা আবূ আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে ইসহাক। তিনি হিজরী ২২৩ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩১১ সনে ইন্তিকাল করেন। তিনি 'সহীহ ইবনে খুযাইমা'র লেখক। হাদীস শাস্ত্রের ওপর তাঁর ১১৪টির বেশি গ্রন্থ রয়েছে।

২২. আবূ উয়ানা ইয়াকুব ইবনে ইসহাক। তিনি হিজরী ৩১১ সনে ইন্তিকাল করেন। তিনি 'আস সহীহ'-এর লেখক।

২৩. ইবনে আবী হাতেম আবদুর রহমান ইবনে মুহাম্মাদ। তিনি হিজরী ৩২৭ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুসনাদ' 'কিতাবুল কুনা' ও 'মারাসীল' প্রণেতা।

২৪. তাহাবী আবু জাফর আহমাদ ইবনে মুহাম্মাদ। হানাফী মাযহাবের সহযোগী। মযনীর ছাত্র। প্রথমে শাফেঈ মাজহাবভুক্ত ছিলেন। পরে হানাফী মাযহাব অনুসরণ করেন। তিনি হিজরী ২৩৯ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩১১ সনে ইন্তিকাল করেন। হাদীসের ওপর ইমাম তাহাবীর দু'টি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে। এক 'শরহে মায়ানিল আসার'। পরস্পর বিরোধী হাদীসগুলোর হুকুম-আহকাম লিপিবদ্ধ করার পর প্রজ্ঞার ভিত্তিতে কোন একটিকে প্রাধান্য দিয়েছেন বা সামঞ্জস্য করেছেন। এটি সুধীমহলে খুবই সমাদৃত। দুই. 'শরহে মুশকিল আসার'। সাধারণ পরস্পর বিরোধী হাদীসগুলোর সামঞ্জস্য, প্রাধান্য এবং জটিল হাদীসগুলোর শরাহ সম্বলিত উৎকৃষ্ট গ্রন্থ।

২৫. আবু জাফর মুহাম্মাদ ইবনে আবী হাতেম ওরাক। তিনি হিজরী ৩৩০ সনে ইন্তিকাল করেন।

২৬. হুসাইন ইবনে ইসমাঈল আল কামী আল হাফিয। তিনি হিজরী ৩৩০ সনে ইন্তিকাল করেন। তাঁর দারসুল হাদীসে দশ হাজার পর্যন্ত লোক হাজির হতো।

২৭. ইবনে আবিল আওয়াস আস্সাদী। তিনি হিজরী ৩৩৫ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুসনাদে আবূ হানীফা'-র সংগ্রাহক।

২৮. আবু মুহাম্মাদ আল হারেসী। তিনি হিজরী ৩৪০ সনে ইন্তিকাল করেন। তিনি মুসনাদে আবূ হানীফা'র সংকলক।

২৯. আবুল কাসেম ইবনে আসবাউল কওবী। তিনি হিজরী ৩৪০ সনে ইন্তিকাল করেন। তিনি 'কিতাবুন্ নাসেখ ওয়া মানসুখে'র প্রণেতা।

৩০. হাফিয আবদুল বাকী। তিনি হিজরী ৩৫০ সনে ইন্তিকাল করেন। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।

৩১. ইবনুস সাকুন আবু আলী সাঈদ ইবনে উসমান। তিনি হিজরী ৩৫৩ সনে ইন্তিকাল করেন। তিনি 'আস সহীহুল মুনতাকার' লেখক।

৩২. ইবনে হাব্বান আবূ হাতেম মুহাম্মাদ ইবনে হাব্বান আল বাস্তী। 'আস সহীহ'-র প্রণেতা। তিনি হিজরী ৩৫৪ সনে ইন্তিকাল করেন।

৩৩. আবু আলী ইসমাঈল ইবনে কাসেম। তিনি হিজরী ২৫৬ সনে ইন্তিকাল করেন। তিনি 'গরীবুল হাদীস' ও 'কিতাবুত তারীখ' প্রণেতা।

৩৪. তাবরানী আবুল কাসেম সুলাইমান ইবনে আহমাদ। তিনি হিজরী ২৬০ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩৬০ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুয়াজ্জামে সগীর', 'মুয়াজ্জামে আওসাত' এবং 'মুয়াজ্জামে কবীর' প্রণেতা। তিনি এক হাজার বিদগ্ধ ব্যক্তি থেকে হাদীস শুনেছেন।

৩৫. ইবনুস সুন্নী আবূ বকর মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ দীনুরী। তিনি হিজরী ৩৬৪ সনে ইন্তিকাল করেন। তিনি 'আমালুল ইয়াওম ওয়াল লাইলাহ' গ্রন্থের প্রণেতা। তিনি 'সুনানে নাসাঈ'র রাবী।

৩৬. ইবনে আদী আবু আহমাদ আবদুল্লাহ্। তিনি হিজরী ২৭৭ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৩৬৫ সনে ইন্তিকাল করেন। তিনি 'আল কামিল' গ্রন্থের প্রণেতা।

৩৭. আবু বকর আল হাসসামুর রাযী আল হানাফী। তিনি হিজরী ৩৭০ সনে ইন্তিকাল করেন। তিনি 'আহকামুল কুরআন' নামক গ্রন্থ রচনা করেন।

৩৮. আবু নসর কালাবাযী। তিনি হিজরী ৩৭৮ সনে ইন্তিকাল করেন। তিনি 'রিজালে বুখারী'-র রচয়িতা।

৩৯. ইবনে শাহীন আবূ হাফ্স উমার ইবনে আহমাদ। তিনি হিজরী ৩৮৫ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুসনাদ' ও 'মুয়াজ্জামুত্ তারগীবে'র লেখক।

৪০. খাত্তাবী আবূ সুলাইমান আহমাদ। তিনি হিজরী ৩৮৮ সনে ইন্তিকাল করেন। তিনি 'মায়ালেমুস সুনান', 'শরহে আবী দাউদ', 'ইলামুস্ সুনান শরহে বুখারী' ও 'ইসলাহু আগলাতিল মুহাদ্দিসীন' প্রভৃতি গ্রন্থের প্রণেতা।

৪১. ইবনে মানদা আবূ আবদিল্লাহ্ মুহাম্মাদ ইবনে ইসহাক ইসফাহানী। তিনি হিজরী ৩৯৫ সনে ইন্তিকাল করেন। তিনি 'মারেফাতুস সাহাবা' নামক গ্রন্থ লিখেন।

৪২. মুহাম্মাদ ইবনে আহমাদ গাসসানী ইবনে জমী। তিনি হিজরী ৪০২ সনে ইন্তিকাল করেন। তিনি 'মুয়াজ্জাম' গ্রন্থের রচয়িতা।

৪৩. হাকিম আবূ আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ্ আল হাকিম। তিনি হিজরী ৪০৫ সনে ইন্তিকাল করেন। তিনি দু'হাজার হাদীস শাস্ত্রবিদের নিকট থেকে রেওয়ায়েত করেছেন। তাঁর রচিত 'আল মুসতাদরাক আলাস্ সহীহাঈন' একটি সর্বজন স্বীকৃত প্রসিদ্ধ কিতাব। এর মধ্যে বেশির ভাগই সহীহ হাদীস। কিছু সংখ্যক দুর্বল হাদীসও এতে আছে। এমনকি কিছু মওদু (বানোয়াট) হাদীসও এতে লিপিবদ্ধ হয়েছে। হাকিম নিজে এগুলোকে সহীহ বলে উল্লেখ করেছেন। এজন্য একথা প্রচলিত আছে যে, হাকিম সহীহ হাদীসের ব্যাপারে উদাসীন ছিলেন। এ কারণে ইবনে জুযী প্রমুখ এ ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছিলেন। হাকিম যা সহীহ বলেছেন তা গ্রাহ্য করা উচিত নয় বলে তাঁরা মত প্রকাশ করেন। অবশ্য যাহাবীর মত সম্পর্কে কিছু জানা যায়নি। যাহাবী 'আল মুসতাদরাকে'র তাখলীস বা সারসংক্ষেপ লিখেন এবং সাথে সাথে হাকিমের হাদীসের সমালোচনাও করেন।

৪৪. রামহরমযী আবু মুহাম্মাদ হাসান ইবনে মুহাম্মাদ। তিনি হিজরী ৪০৫ সনে ইন্তিকাল করেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা। তিনি সর্বপ্রথম উসূলে হাদীসের ওপর গ্রন্থ রচনা করেন।

৪৫. আবু বকর আহমাদ ইবনে আবদুর রহমান শিরাজী। তিনি হিজরী ৪০৭ সনে ইন্তিকাল করেন। তিনি 'আলকাবুর রোওয়াত' গ্রন্থের রচয়িতা।

৪৬. আবু মুহাম্মাদ আবদুল গনী ইবনে সাঈদুল ইযদী। তিনি মিসরের একজন হাফিয ছিলেন। তিনি হিজরী ৩৩২ সনে জন্মগ্রহণ করেন এবং হিজরী ৪০৯ সনে ইন্তিকাল করেন। তিনি 'আদাবুল মুহাদ্দিসীন' ও অন্যান্য গ্রন্থের প্রণেতা।

৪৭. আবু নাঈম আহমাদ ইবনে আবদুল্লাহ্ ইসফাহানী। তিনি হিজরী ৪৩০ সনে ইন্তিকাল করেন। তিনি 'হিলয়াতুল আওলিয়া' ও 'দালায়েলুন্ নবুওয়াহ' সহ বিভিন্ন গ্রন্থ রচনা করেন।

৪৮. আল খলীলুল কাযী আবূ ইয়ালিল খলীল ইবনে আবদুল্লাহ্ আল হাসানী। তিনি হিজরী ৪৪৬ সনে ইন্তিকাল করেন। তিনি 'ইরশাদ ফী মারিফাতিল মুহাদ্দিসীন' গ্রন্থের রচয়িতা।

৪৯. শায়খ ইসমাঈল লাহোরী। তিনি হিজরী ৪৪৮ সনে ইন্তিকাল করেন। গযনভীর আমলে হিন্দুস্থানে আসেন। আউয়াল কাসেকে ইলমে হাদীস বলাহোর আওরদাহ উবুদ (তাযকিরাহ উলামায়ে হিন্দ)।

৫০. ইবনে হাযম আবূ মুহাম্মাদ আলী ইবনে সাঈদ আয যাহেরী। তিনি হিজরী ৪৫৬ সনে ইন্তিকাল করেন। তিনি 'আল ফাসলুল মুহাল্লাল জামে' ফীসহীহ' প্রভৃতি গ্রন্থ রচনা করেন।

৫১. আল বায়হাকী আবূ বকর আহমাদ ইবনে হুসাইন আশ্ শাফিঈ। তিনি হিজরী ৪৫৮ সনে ইন্তিকাল করেন। তিনি বহু গ্রন্থ রচনা করেন। 'আস্ সুনানুল কুবরা', 'শুয়াবুল ঈমান' ও 'দালায়েলুন নবুওয়াহ' প্রভৃতি গ্রন্থের প্রণেতা।

৫২. আদ্‌ দারু কুতনী আবুল হাসান আলী ইবনে উমার। তিনি হিজরী ৪৬০ সনে ইন্তিকাল করেন। 'আস্ সুনান ওয়াল ইলাল' গ্রন্থের লিখক তিনি। তিনি মারেফাতে ইলাল-এর সর্বশেষ ও শ্রেষ্ঠ আলিম ছিলেন।

৫৩. আল খতীব আবূ বকর আহমাদ ইবনে আলী আল বাগদাদী। তিনি হিজরী ৪৬৩ সনে ইন্তিকাল করেন। তিনি 'তারীখে বাগদাদ' প্রভৃতি গ্রন্থের রচয়িতা।

৫৪. ইবনে মানদা আবুল কাসিম আবদুর রহমান। তিনি হিজরী ৪৭০ সনে ইন্তিকাল করেন। তিনি ইসফাহানের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন।

৫৫. আয যানজানী সা'দ ইবনে আলী ইবনে মুহাম্মাদ। তিনি হিজরী ৪৭৯ সনে ইন্তিকাল করেন। তিনি অন্যতম মুসনাদ প্রণেতা।

৫৬. আবু উমর ইউসুফ ইবনে আবদুর রব। তিনি হিজরী ৪৬৩ সনে ইন্তিকাল করেন। তিনি 'আল ইসতিয়াব', 'কিতাবুল ইলম' প্রভৃতি গ্রন্থের প্রণেতা।

৫৭. আবুল ওয়ালীদুল বাজী সুলাইমান ইবনে খালাফ। তিনি হিজরী ৪৭৪ সনে ইন্তিকাল করেন। তিনি 'আল কিতাবুল মুনতাকা', 'কিতাবুত তাদীল ওয়াত্ তাজরীহ ফী মান রুবিয়া আনহু ফীস্ সহীহ' নামক গ্রন্থের প্রণেতা।

৫৮. আল হুমাইদী আবূ আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে আবী নসর। তিনি হিজরী ৪৮৮ সনে ইন্তিকাল করেন। তিনি 'সাহিবুল জাময়ে বাইনাস্ সহীহাঈন'-এর রচয়িতা।

৫৯. হাকিম তিরমিযী আবূ আবদুল্লাহ্ মুহাম্মাদ ইবনে আলী ইবনে হাসান। তিনি হিজরী ৫০৫ সনে ইন্তিকাল করেন। তিনি 'নাওয়াদিরুল উসূল' নামক গ্রন্থের লেখক।

৬০. আবু মুহাম্মাদ হাসান ইবনে আহমাদ আস্ সামারকান্দী আল হাফিয আল হানাফী। তিনি হিজরী ৪৯১ সনে ইন্তিকাল করেন। তিনি 'বাহরুল আসানীদ' গ্রন্থের প্রণেতা। 'মিফতাহুস্ সুন্নাহ' কিতাবে এই গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে, "এর মধ্যে তিনি এক লক্ষ হাদীস সংকলন করেছেন এবং ধারাবাহিকভাবে সুবিন্যস্ত ও সুশৃংখল করেছেন। অনেকের মতে ইসলামে এই ধরনের কিতাব আজ পর্যন্ত আর লেখা হয়নি।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00