📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর গোঁফ কাটার বর্ণনা

📄 নবী (সা)-এর গোঁফ কাটার বর্ণনা


৭৭৭. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) নিজের গোঁফগুলিকে কেটে ছোট করে রাখতেন। অনুরূপ হযরত ইব্রাহীম খলীল (আ)-এর নীতিও ছিল যে, তিনি নিজের গোঁফ কেটে ছোট করে রাখতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এবং আল্লাহ্র যিকরের মধ্যে ব্যাপৃত থাকার বর্ণনা

📄 নবী (সা)-এর ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এবং আল্লাহ্র যিকরের মধ্যে ব্যাপৃত থাকার বর্ণনা


৭৭৮. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ফজরের সালাত পড়ার পর সূর্য পরিষ্কারভাবে উদিত হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 মৌসুমের প্রথম বৃষ্টির সময় রাসূলুল্লাহ্ (সা) যা করতেন

📄 মৌসুমের প্রথম বৃষ্টির সময় রাসূলুল্লাহ্ (সা) যা করতেন


৭৮০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্যে কাপড় খুলে রাখতেন এবং পরিবারের লোকদের অনুরূপ করার জন্যে নির্দেশ দিতেন।

৭৮১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে ছিলাম। হঠাৎ বৃষ্টিপড়া শুরু হলে তিনি তা গায়ে লাগানোর জন্য পোশাক উপরের দিকে কুঞ্চিত করলেন এবং বললেন, এ বৃষ্টি এইমাত্র তার রবের সান্নিধ্য থেকে এসেছে।

৭৮২. মুআবিয়া ইব্‌ন কুরা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাহাবীগণ বছরের প্রথম মৌসুমে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ার সময় মাথা খোলা রাখতেন। আর রাসূলুল্লাহ (সা) বলতেন, এ বৃষ্টির পানি আমাদের রবের নিকট থেকে এইমাত্র এসেছে, কাজেই এগুলো খুবই বরকতপূর্ণ।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 রাসূলুল্লাহ্ (সা) সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন

📄 রাসূলুল্লাহ্ (সা) সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন


৭৮৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। এমনকি মাথার চুল আঁচড়াতে এবং জুতো পরিধান করতেও।

৭৮৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যথাসম্ভব সব কাজ ডানদিক থেকে শুরু করতে পছন্দ করতেন, এমনকি মাথা আঁচড়ানো, জুতো পরিধান ও ওযু করার সময়ও।

৭৮৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন চাঁদর পরতেন কিংবা চুল আঁচড়াতেন অথবা জুতো পায়ে দিতেন তখন ডান থেকে শুরু করতেন।

৭৮৬. হযরত ইবন উমর (রা) নবী (সা) থেকে বর্ণনা করে বলেন, তিনি যখন কোনো পোশাক পরতেন তখন ডান দিক থেকে শুরু করতেন।

৭৮৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) যখন কাপড় পরতেন তখন ডান দিক থেকে শুরু করতেন।

ফন্ট সাইজ
15px
17px