📄 নবী (সা)-এর নাভীর নিচের পশম পরিষ্কারের বর্ণনা
৭৭৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) নাভীর নিচের লোম পরিষ্কারের জন্য চুনা কিংবা কোনো লোমনাশক ব্যবহার করতেন না। বরং লোম বেড়ে উঠলে তিনি ক্ষুর দিয়ে পরিষ্কার করে নিতেন।
📄 নবী (সা)-এর সিঙ্গ লাগানো এবং নির্গত রক্ত দাফন করার বর্ণনা
৭৭৪. হযরত মূসা ইবন উকবা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত বিশ্ব ইব্ন সাঈদ (রা)-কে বলতে শুনেছি যে, তিনি হযরত যায়দ ইব্ন সাবিত (রা)-কে বলতে শুনেছেন, আমি নবী (সা)-কে মসজিদে (একজনকে দিয়ে নিজ শরীরে) সিঙ্গা লাগাতে দেখেছি।
৭৭৫. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) যখন সিঙ্গা লাগাতেন কিংবা লোম পরিষ্কার করতেন কিংবা নখ কাটতেন তখন এগুলিকে বাকী গোরস্তানে পাঠিয়ে দাফন করিয়ে নিতেন।
৭৭৬. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) (চান্দ্র মাসের) সতের কিংবা উনিশ কিংবা একুশ তারিখে সিঙ্গা লাগাতেন।
📄 নবী (সা)-এর গোঁফ কাটার বর্ণনা
৭৭৭. হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) নিজের গোঁফগুলিকে কেটে ছোট করে রাখতেন। অনুরূপ হযরত ইব্রাহীম খলীল (আ)-এর নীতিও ছিল যে, তিনি নিজের গোঁফ কেটে ছোট করে রাখতেন।
📄 নবী (সা)-এর ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এবং আল্লাহ্র যিকরের মধ্যে ব্যাপৃত থাকার বর্ণনা
৭৭৮. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ফজরের সালাত পড়ার পর সূর্য পরিষ্কারভাবে উদিত হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন।