📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর কথা বলার মধ্যে ফারসী শব্দ ব্যবহার করার বর্ণনা

📄 নবী (সা)-এর কথা বলার মধ্যে ফারসী শব্দ ব্যবহার করার বর্ণনা


৭৬৪. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) তাঁর সাহাবীদেরকে লক্ষ করে বলেছেন, তোমরা উঠো, জাবির তোমাদের জন্য খাবার তৈরি করেছে। (এখানে 'সূরান' শব্দটি ফারসী ভাষা থেকে আগত যার অর্থ জিয়াফত)।

৭৬৫. হযরত মুজাহিদ (র) হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (সা) মসজিদে প্রবেশ করলেন, আমি তখন পেটের পীড়ায় ভুগছিলাম। নবী (সা) আমাকে বললেন, হে আবূ হুরায়রা! তোমার কি পেটে অসুখ? (ফারসী ভাষায়: আশকামত দারদ?) আমি বললাম, জী হ্যাঁ। তিনি বললেন, দাঁড়িয়ে যাও এবং সালাত পড়ো। সালাতের মধ্যে শিফা (আরোগ্য) আছে।

৭৬৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তখন পেটের পীড়ায় ভুগছিলাম। নবী (সা) আমাকে বললেন, হে আবু হুরায়রা! তোমার কি পেটে অসুখ? তোমার কি পেটে অসুখ? তুমি সালাতের অভিমুখী হও। কেননা, সালাত সর্বপ্রকার রোগব্যাধির জন্য শিফা।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা) জুমু‘আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু‘আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা

📄 নবী (সা) জুমু‘আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু‘আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা


৭৬৭. আবদুল কুদ্দুস (র) হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (সা) যখন কোনো নতুন পোশাক পরিধান করতেন তখন তা শুরু করতেন শুক্রবার থেকে।

৭৬৮. হযরত ইকরিমা (র) হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) গরমের মৌসুমে শুক্রবার রাতে সফরের জন্য যাত্রা করতেন। আর শীতের মৌসুমে তাঁর গৃহে প্রত্যাবর্তনও হতো শুক্রবার রাতে।

৭৬৯. হযরত আবূ আবদুল্লাহ্ আল আগার্ (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) জুমু'আর সালাতে যাওয়ার পূর্বে নিজের গোঁফ ছোট করতেন এবং হাতের নখ কাটতেন।

৭৭০. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমার (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) প্রত্যেক জুমু'আর দিনে নিজের গোঁফ ছোট করতেন এবং আঙ্গুলের নখ কাটতেন।

৭৭১. হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) জুমু'আর দিনে হাতের নখ কেটে নিতেন।

৭৭২. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন হাতিব তার পিতা ও দাদা সূত্রে বর্ণনা করেন যে, নবী (সা) জুমু'আর দিনে নিজের গোঁফ ও নখ কাটতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর নাভীর নিচের পশম পরিষ্কারের বর্ণনা

📄 নবী (সা)-এর নাভীর নিচের পশম পরিষ্কারের বর্ণনা


৭৭৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) নাভীর নিচের লোম পরিষ্কারের জন্য চুনা কিংবা কোনো লোমনাশক ব্যবহার করতেন না। বরং লোম বেড়ে উঠলে তিনি ক্ষুর দিয়ে পরিষ্কার করে নিতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর সিঙ্গ লাগানো এবং নির্গত রক্ত দাফন করার বর্ণনা

📄 নবী (সা)-এর সিঙ্গ লাগানো এবং নির্গত রক্ত দাফন করার বর্ণনা


৭৭৪. হযরত মূসা ইবন উকবা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত বিশ্ব ইব্‌ন সাঈদ (রা)-কে বলতে শুনেছি যে, তিনি হযরত যায়দ ইব্‌ন সাবিত (রা)-কে বলতে শুনেছেন, আমি নবী (সা)-কে মসজিদে (একজনকে দিয়ে নিজ শরীরে) সিঙ্গা লাগাতে দেখেছি।

৭৭৫. হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) যখন সিঙ্গা লাগাতেন কিংবা লোম পরিষ্কার করতেন কিংবা নখ কাটতেন তখন এগুলিকে বাকী গোরস্তানে পাঠিয়ে দাফন করিয়ে নিতেন।

৭৭৬. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) (চান্দ্র মাসের) সতের কিংবা উনিশ কিংবা একুশ তারিখে সিঙ্গা লাগাতেন।

ফন্ট সাইজ
15px
17px