📄 রাসূলুল্লাহ্ (সা) শসা খেয়েছেন
৬৪২. হযরত আবদুল্লাহ্ ইব্ন জাফর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ﷺ-কে তাজা খেজুরের সাথে শসা খেতে দেখেছি।
৬৪৩. হযরত সাহল ইবন সাদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেয়েছেন।
৬৪৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
৬৪৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতে পছন্দ করতেন।
৬৪৬. হযরত রাবী' (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছোট ছোট শসাসহ এক থালা তাজা খেজুর নবী-কে হাদিয়া দিলাম। তিনি তা আহার করলেন এবং আমাকে এক টুকরা সোনা দান করলেন।
৬৪৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
৬৪৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতে পছন্দ করতেন।
৬৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ বাম হাতে খরবুযা এবং ডান হাতে তাজা খেজুর খেতেন। অতএব তিনি তাজা খেজুরের সাথে খরবুযা একত্রে খেতেন।
৬৫০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ তাজা খেজুরের সাথে খরবুযা খেতেন।
৬৫১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী তাজা খেজুরের সাথে খরবুযা খেতেন এবং লবণ সহযোগে শসা খেতেন।
৬৫২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী তাজা খেজুরের সাথে খরবুযা মিশিয়ে খেতেন।
৬৫৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী খেজুর ও তরমুজ এক সাথে আহার করতেন।
📄 নবী (সা)-এর আহার শেষে হাত ধোয়ার বিবরণ
৬৫৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যে ব্যক্তি নিজ ঘরের বরকত বৃদ্ধির আকাঙ্ক্ষা করে সে যেন তার খাবার উপস্থিত হলে হাত ধুয়ে নেয় এবং তা তুলে নেওয়ার পরও হাত ধুয়ে নেয়।
📄 আহার শেষে নবী (সা)-এর যে সব দু‘আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৫৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ﷺ-কে খাবারের দাওয়াত দিলো। খাদ্য গ্রহণ শেষ করে হাত ধুয়ে তিনি এই দু'আ পড়লেনঃ "সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবাইকে খাদ্য দান করেন। কিন্তু তিনি নিজে খানা খান না বা কেউ তাঁকে আহার দেয় না। তিনি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে হিদায়াত দান করেছেন; আমাদেরকে খাদ্য এবং পানীয় দিয়েছেন এবং আমাদেরকে প্রতিটি উত্তম নিয়ামত দান করেছেন।"
৬৫৬. হযরত সালাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী যখন খাবার খেতেন তখন বলতেনঃ "সমস্ত প্রশংসা আল্লাহর যিনি ক্ষুধার্তদের মধ্য থেকে আমাদের খাবার দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে বস্ত্রহীন না রেখে বস্ত্র দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক।"
৬৫৭. হযরত রিবাহ্ ইব্ন আবীদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদ্রী (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ যখন খাবার খেতেন কিংবা পানি পান করতেন তখন এই দু'আটি পড়তেন : "সমস্ত প্রশংসা আল্লাহ্ যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, পানি পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।"
৬৫৯. হযরত আবু আইউব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পানাহার শেষ করে বলতেন: "সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে খাদ্য ও পানীয় দান করেছেন। এবং তা গলাধঃকরণ সহজ করে দিয়েছেন এবং নিঃসরণের পথ তৈরি করে দিয়েছেন।"
৬৬০. হযরত আবূ উমামা বাহেলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ-এর সামনে থেকে দস্তরখান উঠিয়ে নেয়া হলে তিনি পড়তেন: "সমস্ত প্রশংসা, যা পবিত্র, কল্যাণময়!"
৬৬১. হযরত আবদুর রহমান ইবন জুবায়র (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ-এর সামনে খাবার হাযির হলে তিনি বলতেন, ‘বিসমিল্লাহ্’। খাওয়া শেষ করে তিনি বলতেনঃ হে আল্লাহ্! তুমি বড়ই দয়া করেছো। তুমি খাদ্য ও পানীয় দান করেছো, হিদায়ত করেছো এবং জীবন দান করেছো।
📄 নবী (সা) যে সব পাত্রে পানি পান করতেন তার বর্ণনা
৬৬২. মুহাম্মদ ইব্ন আবূ ইসমাঈল (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস (রা)-এর কাছে গেলে তার ঘরে কাঠের একটি বড় পাত্র দেখতে পেলাম। তিনি (আনাস) (রা) বললেন, নবী এই পাত্রে পানি পান করতেন এবং এতেই ওযু করতেন।
৬৬৩. হযরত উবায়দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলেকজান্দ্রিয়ার শাসক, নবী -এর জন্য একটি কাঁচের পাত্র উপহার পাঠিয়েছিলেন। তিনি তাতে পানি পান করতেন।
৬৬৪. উবায়দুল্লাহ ইবন্ আবদুল্লাহ ইব্ন উতবা (আলেকজান্দ্রিয়ার শাসক) মুকাওকিস থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্-কে উপহার হিসেবে আমি একটি কাঁচের পাত্র পাঠিয়েছিলাম। তিনি তাতে পানি পান করতেন।
৬৬৫. হযরত আনাস (ইবন্ মালিক) (রা) থেকে বর্ণিত যে, তাঁর কাছে রাসূলুল্লাহ -এর একটি পাত্র পাঠানো হয়েছিল, ওই পাত্রে তিনি পানি পান করতেন।
৬৬৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই পাত্রে রাসূলুল্লাহ্-কে পানি, দুধ ও নবীয পান করিয়েছি।
৬৬৭. হযরত আনাস (ইবন মালিক) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই পাত্রে নবী-কে দুধ, মধু, ছাতু, নবীয ও ঠাণ্ডা পানি পান করাতাম।