📄 নবী (সা)-এর তাঁবুর বর্ণনা
৪২৮. আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ্ (র) তাঁর পিতা আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি নবী-এর দরবারে হাযির হলাম। তিনি একটি চর্ম নির্মিত তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন এবং তাঁর সাথে প্রায় চল্লিশজন লোক ছিলো।
৪২৯. সাফওয়ান ইব্ন ইয়া'লা (র) তার পিতা ইয়া'লা ইব্ন উমাইয়া (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-এর খিদমতে হাযির হলাম। তিনি তাঁবুতে অবস্থান করছিলেন। আমি তাঁবুর মধ্যে মাথা ঢুকিয়ে দেখলাম নবী ﷺ-এর ওপর ওহী নাযিল হচ্ছে এবং তাঁর নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায়, ওহী নাযিলের সময় নবী ﷺ-এর ওপর একটি বিশেষ অবস্থার সৃষ্টি হতো। তখন তাঁর শ্বাস-প্রশ্বাসে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতো।
৪৩০. আমর ইব্ন মায়মুন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ্ (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ ﷺ একদিন আমাদের উদ্দেশ্যে খুতবা দান করলেন। সেই সময় তিনি চামড়ার তৈরি তাঁবুর সাথে পিঠ মুবারক লাগিয়ে বসেছিলেন।
৪৩১. আউন ইব্ন আবূ জুহায়ফা তার পিতা আবু জুহায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-কে একটি চামড়ার তৈরি তাঁবুর মধ্যে দেখেছি।
৪৩২. আউন ইব্ন আবূ জুহায়ফা (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে।
৪৩৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, একদিন নবী ﷺ পশমী তাঁবু খাটাতে আদেশ দিলে নামিরা পাহাড়ের ওপর তা খাটিয়ে দেয়া হলো।
📄 নবী (সা)-এর ঘোড়ার বর্ণনা
৪৩৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী -এর কাছে নারীদের পরেই ঘোড়ার চেয়ে অধিক পছন্দনীয় কিছুই ছিলো না।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায় যে, নবী -এর কাছে দু'টি জিনিস অধিক প্রিয় ছিলো। তাঁর প্রিয় পবিত্র স্ত্রীগণ এবং ঘোড়া। তিনি ঘোড়া অধিক পছন্দ করতেন। ঘোড়া যুদ্ধের সর্বোত্তম উপকরণ এবং দূর-দূরান্তের পথ অতিক্রমের সর্বোত্তম মাধ্যম।
৪৩৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘোড়ার পেছনের অংশ এবং লেজ লাল-হলুদে মিশ্রিত রঙের এবং কপালের ডান পাশ সাদা এটি নবী-এর কাছে সব চাইতে প্রিয় ছিলো।
৪৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, লেজ ও পশ্চাত ভাগ লাল-হলুদ মিশ্রিত রঙের এবং কপাল ও ডান দিকের পা সাদা এরূপ ঘোড়া রাসূলুল্লাহ্ -এর কাছে সর্বাধিক প্রিয় ছিল।
৪৩৭. হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ -এর একটি ঘোড়া ছিলো। তার নাম ছিল মুরতাজিয (সুকণ্ঠি)।
৪৩৮. হযরত আলী (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে।
৪৩৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী-এর ঘোড়ার নাম ছিলো মুরতাজিয এবং তাঁর সাদা খচ্চরটির নাম ছিলো 'দুলদুল'।
৪৪০. (আবদুল্লাহ্) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ -এর সাথে একশ' উট ও দু'টি ঘোড়া ছিলো। দু'টি ঘোড়ার একটিতে মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) এবং অন্যটিতে মুসআব ইবন উমায়ের ও সাহল ইবন হুনাইফ (রা) সওয়ার হতেন।
📄 নবী (সা)-এর ঘোড়ার জিনের বর্ণনা
৪৪১. আবূ আবদুর রহমান আল-ফাহরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধের সময় প্রচণ্ড এক গরমের দিনে আমি রাসূলুল্লাহ্ -এর সাথে ছিলাম। তিনি বললেন: হে বেলাল! আমার ঘোড়ার জিন প্রস্তুত করে দাও। বেলাল (রা) পশমবিহীন একটি পাতলা জিন বের করে আনলেন। তা গর্ব বা অহংকার করার মত ছিলো না।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায়, নবী -এর ঘোড়ার জিন হতো অত্যন্ত মামুলি ধরনের। তাতে কোন কৃত্রিমতা বা সাজ-সজ্জা থাকতো না। তিনি সব কিছুতেই সরলতা পছন্দ করতেন।
📄 নবী (সা)-এর খচ্চরের বর্ণনা
৪৪২. কাসীর ইব্ন আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব সূত্রে তাঁর পিতা আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-এর সাথে হুনায়েন যুদ্ধে অংশ নিয়েছি। যুদ্ধের এক পর্যায়ে তাঁর কাছে আমি এবং আবু সুফিয়ান ইব্ন হারিস ইব্ন আবদুল মুত্তালিব (রা) ছাড়া আর কেউ ছিলো না। আমরা তাঁর সঙ্গ ত্যাগ করিনি। সেই সময় রাসূলুল্লাহ্ ﷺ তাঁর সাদা খচ্চরটির পিঠে সওয়ার ছিলেন। ফরওয়া ইব্ন নাফাসা তাঁকে এ খচ্চরটি উপহার দিয়েছিলেন।
৪৪৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুনায়ন যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ ﷺ আনসারদের ডাকলেন। হে আনসারগণ! তারা জবাব দিলেন লাব্বায়েক, ইয়া রাসূলাল্লাহ্! আমরা উপস্থিত, আমরা আপনার সাথে আছি। বর্ণনাকারী আনাস (রা) বলেন, সে সময় তিনি সাদা খচ্চরের পিঠে সওয়ার ছিলেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি খচ্চরের পিঠ থেকে নেমে বললেন, আমি আল্লাহর বান্দা ও রাসূল। পরে মুশরিকরা পরাজিত হলো।
৪৪৪. আসবাগ ইব্ন নাবাতা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) যখন নাহরেওয়ানের অধিবাসীদের হত্যা করেন, তখন তিনি নবী-এর শাহবা নামক খচ্চরটির ওপর সওয়ার ছিলেন।
ফায়দা: এ হাদীস থেকে জানা যায় যে, নবী -এর একটি খচ্চরের নাম ছিল 'শাহবা'।
৪৪৫. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (হাবশার বাদশাহ্) নাজাশী রাসূলুল্লাহ্ ﷺ-এর জন্য একটি খচ্চর উপহার পাঠিয়েছিলেন, যার উপর তিনি সওয়ার হতেন এবং একটি পেয়ালা পাঠিয়েছিলেন যাতে তিনি পানি পান করতেন।