📄 নবী (সা)-এর ছড়ির বর্ণনা
৪২২. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ গাছের ডাল পছন্দ করতেন। তাঁর হাতে সব সময় গাছের কোনো না কোনো ডাল থাকতো। একদিন তিনি মসজিদে প্রবেশ করলেন। সেই সময় তাঁর হাতে একটি ডাল ছিল। তিনি মসজিদে কিবলার দিকে শিকনি পড়ে থাকতে দেখে ওই ডাল দ্বারা ঘষে ঘষে তুলে ফেললেন।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায় যে, ছড়ি বা গাছের ডাল ইত্যাদি হাতে রাখা সুন্নত। এর দ্বারা অনেক উপকারও লাভ করা যায়।
৪২৩. হযরত আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) থেকে বর্ণিত যে, খুতবা দানের সময় রাসূলুল্লাহ্-এর হাতে একখানা ছড়ি থাকতো।
৪২৪. হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী বাকীউল গারকাদ (জান্নাতুল বাকী) নামক স্থানে ছিলেন। তাঁর হাতে একখানা ছড়ি ছিলো। তিনি বসে পড়লেন এবং ঝুঁকে পড়ে তা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি খুঁড়তে থাকলেন।
📄 নবী (সা)-এর কুরসীর বর্ণনা
৪২৫. হুমায়দ ইব্ন হিলাল (র) আবূ রিফাআ আল-আদবী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্ -এর খিদমতে হাযির হলাম। তিনি তখন খুতবা দান করছিলেন। পরে তিনি নিচে নামলেন। তখন তাঁর জন্য একটি আসন (কুরসী) আনা হলো। আমার ধারণা, তার পাগুলো লৌহ নির্মিত ছিলো।
৪২৬. আবু রিফাআ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্-এর কাছে হাযির হলাম। সে সময়ে তিনি একটি কুরসীতে বসে খুতবা দান করছিলেন। আমার ধারণা, ওই কুরসীর পাগুলো ছিলো লৌহ নির্মিত।
৪২৭. ইসহাক ইব্ন সুওয়ায়দ আদাবী (র) আবূ রিফাআ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী এর খিদমতে হাযির হয়ে তাঁকে একটি আসনে (কুরসী) উপবিষ্ট দেখলাম। আমার ধারণা, ওই আসনের পাগুলো ছিল লৌহ নির্মিত।
ফায়দা : এসব হাদীস থেকে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্ চেয়ারে (কুরসীতে) বসেছেন। তবে সাধারণত তিনি চেয়ার ব্যবহার করতেন না। শুধু খুতবা দানের প্রয়োজনে তিনি চেয়ার ব্যবহার করেছেন।
📄 নবী (সা)-এর তাঁবুর বর্ণনা
৪২৮. আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ্ (র) তাঁর পিতা আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি নবী-এর দরবারে হাযির হলাম। তিনি একটি চর্ম নির্মিত তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন এবং তাঁর সাথে প্রায় চল্লিশজন লোক ছিলো।
৪২৯. সাফওয়ান ইব্ন ইয়া'লা (র) তার পিতা ইয়া'লা ইব্ন উমাইয়া (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-এর খিদমতে হাযির হলাম। তিনি তাঁবুতে অবস্থান করছিলেন। আমি তাঁবুর মধ্যে মাথা ঢুকিয়ে দেখলাম নবী ﷺ-এর ওপর ওহী নাযিল হচ্ছে এবং তাঁর নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায়, ওহী নাযিলের সময় নবী ﷺ-এর ওপর একটি বিশেষ অবস্থার সৃষ্টি হতো। তখন তাঁর শ্বাস-প্রশ্বাসে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতো।
৪৩০. আমর ইব্ন মায়মুন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ্ (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ ﷺ একদিন আমাদের উদ্দেশ্যে খুতবা দান করলেন। সেই সময় তিনি চামড়ার তৈরি তাঁবুর সাথে পিঠ মুবারক লাগিয়ে বসেছিলেন।
৪৩১. আউন ইব্ন আবূ জুহায়ফা তার পিতা আবু জুহায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী ﷺ-কে একটি চামড়ার তৈরি তাঁবুর মধ্যে দেখেছি।
৪৩২. আউন ইব্ন আবূ জুহায়ফা (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে।
৪৩৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, একদিন নবী ﷺ পশমী তাঁবু খাটাতে আদেশ দিলে নামিরা পাহাড়ের ওপর তা খাটিয়ে দেয়া হলো।
📄 নবী (সা)-এর ঘোড়ার বর্ণনা
৪৩৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী -এর কাছে নারীদের পরেই ঘোড়ার চেয়ে অধিক পছন্দনীয় কিছুই ছিলো না।
ফায়দা : এ হাদীস থেকে জানা যায় যে, নবী -এর কাছে দু'টি জিনিস অধিক প্রিয় ছিলো। তাঁর প্রিয় পবিত্র স্ত্রীগণ এবং ঘোড়া। তিনি ঘোড়া অধিক পছন্দ করতেন। ঘোড়া যুদ্ধের সর্বোত্তম উপকরণ এবং দূর-দূরান্তের পথ অতিক্রমের সর্বোত্তম মাধ্যম।
৪৩৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘোড়ার পেছনের অংশ এবং লেজ লাল-হলুদে মিশ্রিত রঙের এবং কপালের ডান পাশ সাদা এটি নবী-এর কাছে সব চাইতে প্রিয় ছিলো।
৪৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, লেজ ও পশ্চাত ভাগ লাল-হলুদ মিশ্রিত রঙের এবং কপাল ও ডান দিকের পা সাদা এরূপ ঘোড়া রাসূলুল্লাহ্ -এর কাছে সর্বাধিক প্রিয় ছিল।
৪৩৭. হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ -এর একটি ঘোড়া ছিলো। তার নাম ছিল মুরতাজিয (সুকণ্ঠি)।
৪৩৮. হযরত আলী (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে।
৪৩৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী-এর ঘোড়ার নাম ছিলো মুরতাজিয এবং তাঁর সাদা খচ্চরটির নাম ছিলো 'দুলদুল'।
৪৪০. (আবদুল্লাহ্) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ -এর সাথে একশ' উট ও দু'টি ঘোড়া ছিলো। দু'টি ঘোড়ার একটিতে মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) এবং অন্যটিতে মুসআব ইবন উমায়ের ও সাহল ইবন হুনাইফ (রা) সওয়ার হতেন।