📄 পুলসিরাত অতিক্রমকারী মুমিনদের সম্মান-মর্যাদা
পুলসিরাত অতিক্রমকালে মুমিনদের মর্যাদা হবে ঈর্ষণীয়। সর্বপ্রথম যে দলটি অতিক্রম করবে তাতে ৭০ হাজার লোক থাকবে। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। এরপর আলোকোজ্জ্বল তারকারাজির ন্যায় একদল লোক অতিবাহিত হবে। এভাবে দলে দলে মুমিনগণ পুলসিরাত অতিক্রম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারপর মুমিনগণ মুক্তি পাবে। সর্বপ্রথম যে দলটি মুক্তি পাবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সংখ্যায় তারা হবে ৭০ হাজার। তাদের কোনো হিসাব নেওয়া হবে না। এদের পরপরই যে দলটি অতিক্রম করবে, তারা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। তারপর পর্যায়ক্রমে লোকজন মুক্তি পেতে থাকবে। ৮৯৭
আমাদের এই অভিপ্রায় থাকা উচিত, আমরা দুনিয়া থেকে এমন আমলের সাথে বিদায় নেব যে, পুলসিরাত অতিক্রমকালে আমাদের আপাদমস্তক আলোয় আলোয় আলোকিত থাকবে এবং শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ থেকে আলো নিঃসৃত হবে। ‘ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীয’ অর্থাৎ এটা আল্লাহ পাকের পক্ষে মোটেই কঠিন নয়। ৮৯৮
টিকাঃ
৮৯৭. মুসলিম, ১/১০৭।
৮৯৮. সুরা ইবরাহিম, আয়াত : ২০।