📘 গুনাহমুক্ত জীবন 📄 হাশরের ময়দানে ঘামের স্রোত

📄 হাশরের ময়দানে ঘামের স্রোত


হাশরের ময়দানে ভয়াবহ দৃশ্যাবলির মধ্যে একটা দৃশ্য হলো, সেদিন প্রত্যেক মানুষ নিজের বদ আমলের পরিমাণ ঘামে হাবুডুবু খাবে। সেদিন এত বেশি ঘাম বের হবে যে, হাশরের জমিনের সত্তর হাত নিচ পর্যন্ত ঘাম প্রতীয়মান হবে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন মানুষের ঘাম বের হবে। এমনকি তাদের ঘাম জমিনের সত্তর হাত ছাড়িয়ে যাবে এবং ঘাম লাগামের মতো এঁটে থাকবে এমনকি কান পর্যন্ত পৌঁছাবে।’

মুসলিম শরীফে হযরত মিকদাদ রা.-এর সূত্রে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে চলে আসবে। এমনকি তা এক মাইল দূরত্বে অবস্থান করবে। মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে। কারও টাখনু পর্যন্ত ঘাম হবে, কারও হবে হাঁটু পর্যন্ত। কারও পিঠ পর্যন্ত। আবার কারও কারও ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে।’ এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে ইশারা করেন।

এই হাদিস দ্বারা বোঝা যায়, একই ময়দানে—যেখানে মানুষ কেবল পা রাখার স্থান পাবে—প্রত্যেকে নিজের বদ আমলের পরিণাম অনুযায়ী ঘামে ডুবতে থাকবে। এই ভয়াবহ দিনে আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন থাকবেন, সামান্য পরিমাণ সূর্যের তাপও যাঁদের গায়ে লাগবে না, সেদিন তাঁরা পূর্ণ নিরাপদে থাকবেন। এক হাদিসে এসেছে, সেদিন সূর্যের তাপে মুমিন নারী-পুরুষ কষ্ট পাবে না। উক্ত হাদিসে মুমিন দ্বারা উদ্দেশ্য হলো পূর্ণ ঈমানদার ব্যক্তি। যেমন : আম্বিয়া আলাইহিমুস সালাম, সিদ্দীকিন ও শোহাদা। তাঁরা হাশরের ময়দানে সামান্য কষ্টও করবেন না।

টিকাঃ
৯০৯. বুখারী, ২/৯৬৭, হাদিস নং-৬৫২১।
৩০৬. মুসলিম, ২/৩৮৪; আতি-তারগীব ওয়াত তারহিব, ৪/২০৯।
৩০৭. ফাতহুল বারী, ১৪/৪৮৩।
৩০৮. ফাতহুল বারী, ১৪/৪৮৩; আত-তারগীব ওয়াত-তারহিব, ২৭৫-৩৭৪।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হাশরের দিনের দীর্ঘতা

📄 হাশরের দিনের দীর্ঘতা


হাশরের দিন দুনিয়ার সাধারণ দিনের মতো হবে না, বরং সেই দিন দুনিয়ার দিনের ৫০ হাজার বছরের সমান হবে। হাশরের দিন এত দীর্ঘ হওয়ার কারণে কাফের-মুশরিক ও বদ আমলওয়ালা লোকদের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকবে এবং তাদের জন্য দিন ফুরাতেই চাইবে না। কিন্তু মহান আল্লাহর করুণা দেখুন! এই বিশাল দিনটি মুমিনদের জন্য এক ফরজ নামাজের ওয়াক্তের মতো মনে হবে। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মুমিনদের জন্য এত সহজ হালকা হবে যে, তা এক ওয়াক্ত ফরজ নামাজের মতো হবে। তাবরানী শরিফে একটি রেওয়াততে এসেছে, মুমিনদের জন্য কিয়ামতের দিনটি দুনিয়ার দিনের একটি ছোট থেকে ছোট প্রহরের মতো মনে হবে। নেককার ও মুমিন বান্দাগণ সেদিন এত শান্তিতে থাকবে যে, তারা বুঝতেও পারবে না দিন কীভাবে কেটে গেল। আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের হাশরের দিন এমন শান্তি ও নিরাপত্তা দান করুন। আমিন।

টিকাঃ
৩০৯. তাফসিরে ইবনে কাসির কামেল, ১০৭৮।
৩১০. ফাতহুল বারী, ১৪/৪৮৭।

ফন্ট সাইজ
15px
17px