📘 গুনাহমুক্ত জীবন 📄 ৩. দাব্বাতুল আরদ

📄 ৩. দাব্বাতুল আরদ


এটি এক বিস্ময়কর প্রাণী, যার আকৃতি সম্পর্কে আল্লাহই ভালো জানেন। এটি সাফা পাহাড় থেকে বের হয়ে সারা পৃথিবী চক্কর লাগাবে। প্রাণীটির সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ও হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। আংটির সাহায্যে প্রাণীটি প্রত্যেক মুমিনের চেহারায় ঈমানের মোহর এঁকে দেবে এবং লাঠি দিয়ে কাফেরদের উপর কুফরির চিহ্ন এঁকে দেবে। এরপর মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টি হবে। কারও ঈমান ও কুফরি গোপন থাকবে না। ৭১৪

টিকাঃ
৭১৪. সহলুল মাআনী, ২০/২২-২৪; আল-মুফহিম, ৭/২৪০।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৪. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া

📄 ৪. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া


কিয়ামতের খুবই নিকটবর্তী সময়ে একদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এবং এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। ৭১৫

টিকাঃ
৭১৫. ফাতহুল বারী, ১৪/৪০২।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৫. হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ

📄 ৫. হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ


হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা সুপ্রমাণিত যে, তাঁকে জীবদ্দশায় আসমানে ওঠানো হয়েছে। তিনি এখনও জীবিত আছেন। কিয়ামতের পূর্বে নির্ধারিত সময়ে তিনি পৃথিবীতে পুনরায় আগমন করবেন এবং ইসলামধর্ম অনুযায়ী মানবজাতিকে হেদায়তের পথ দেখাবেন। তাঁর হাতেই দাজ্জাল নিহত হবে। ৭১৬

টিকাঃ
৭১৬. মুসলিম, ২/৪০১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৬. ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশ

📄 ৬. ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশ


ইয়াজুজ-মাজুজও আল্লাহর অদ্ভুত সৃষ্টি। দাজ্জালের হত্যা এবং সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় কোটি কোটি ইয়াজুজ-মাজুজ পঙ্গপালের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তারা এত বিপুল হবে যে, তারা পৃথিবীর সমস্ত মিঠা পানি শেষ করে ফেলবে, সব জীবজন্তুকে খেয়ে সাবাড় করে ফেলবে। খাওয়ার জন্য যখন অন্য কোনো প্রাণী দেখতে পাবে না, তখন আসমানের দিকে তীর ছুঁড়ে বলবে, 'আমরা গোটা দুনিয়াবাসীকে ধ্বংস করে ফেলেছি। এবার আসমানবাসীদের পালা।' আল্লাহ তায়ালা তাদের তীরগুলোকে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এতে তারা ধারণা করবে, তারা আসমানবাসীদেরও ধ্বংস করে ফেলেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তাদের ওপর বদদোয়া করবেন। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ-মাজুজের দলকে এক ভয়াবহ রোগে আক্রান্ত করবেন। এতে তারা ধ্বংস হয়ে যাবে। তাদের লাশে সারা দুনিয়া ভরে যাবে। বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি প্রেরণ করবেন। সেসব পাখি তাদের লাশগুলো তুলে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ তায়ালা মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এতে সারা পৃথিবী পরিষ্কার হয়ে দুর্গন্ধমুক্ত হবে এবং মাটি তার মাঝে রক্ষিত সমস্ত রিযিক উদগীরণ করবে। এমনকি একটি আনার বিশাল একদল মানুষ এবং একটি উটের পিঠ পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এই বরকত ও জীবিকার প্রাচুর্য কয়েক বছর থাকবে। এরপর এক বিশেষ ধরনের বাতাস প্রবাহিত হবে, যাতে সমস্ত ঈমানদারের রূহ কবজ হয়ে যাবে এবং ভূপৃষ্ঠে কাফের ব্যতীত কেউ অবশিষ্ট থাকবে না। ৭১৭

টিকাঃ
৭১৭. কিস্তুল কিফাহ, ৩৪৯-৩৫৮; আত্ব-তারীখা, ৭৯০-৭৬১; মুসলিম, ২/৪০২, ২/৯৮৭।

ফন্ট সাইজ
15px
17px