📄 যথাসময়ে নামায আদায় না করার শাস্তি
এই স্বপ্ন সংক্রান্ত কতিপয় রেওয়ায়েতে এই আলোচনাও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, বড় পাথর দিয়ে যার মাথায় এত জোরে আঘাত করা হচ্ছে যে, তার মগজ বের হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে ছিটকে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতভাগ্য ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয়, এ ঐ ব্যক্তি, যে নামায যথা সময়ে আদায় করত না। কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে।
টিকাঃ
৩১৩. সহীহ মুসলিম, ২৩৯১।
📄 চোগলখোরের শাস্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, বড় কাঁচি দিয়ে তার গলা কাটা হচ্ছে। তিনি এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে জানানো হলো, এই লোক চোগলখোরী করত। যার দরুন লোকদের মাঝে বিপর্যয় সৃষ্টি হতো।
টিকাঃ
৩১৪. সহীহ মুসলিম, ২৩৯২।
📄 সুদখোরের জঘন্যতম শাস্তি
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রক্তের নদী দেখতে পেলেন। জ্বলন্ত আগুনে পানি যেমন টগবগ করে, ঐ নদীতে রক্ত তেমনি টগবগ করছিল। নদীতে কয়েকজন উলঙ্গ পুরুষ হাবুডুবু খাচ্ছিল। মাটির ঢিলা হাতে কয়েকজন নদীর কিনারায় দাঁড়িয়ে ছিল। কেউ তীরে ওঠার চেষ্টা করলে ফেরেশতা সজোরে ঢিল ছুঁড়ে। ফলে সে আবার নদীতে গিয়ে আছড়ে পড়ে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, 'এরা সুদখোর'। কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবে। মিরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যাদের পেট এত বড় ছিল, যেন মানুষের থাকার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, 'এরা কারা?' জিবরাঈল আলাইহিস সালাম বললেন, 'এরা হতভাগ্য সুদখোর।'
টিকাঃ
৩১৫. সহীহ মুসলিম, ২৩৯১।
📄 ব্যভিচারীদের পরিণতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারীদের দেখেন, তারা উলঙ্গ অবস্থায় আগুনের বড় ঘরে আবদ্ধ। সেখান থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক বন্ধ করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা ব্যভিচারী নারী-পুরুষ। আল্লাহ তায়ালা এই পরিণতি থেকে আমাদের হেফাযত করুন। মিরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একটি দস্তরখানে তাজা হালাল গোশত। আরেক দস্তরখানে পচা দুর্গন্ধময় গোশত। মানুষ তাজা গোশত ছেড়ে দুর্গন্ধময় গোশত ভক্ষণ করছে। এই লোকদের সম্পর্কে জানা গেল, এরা সেই সব লোক, যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও ব্যভিচারিণীর সঙ্গে কুকর্ম করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মহিলাকে দেখলেন, স্তনে বড়শি লাগিয়ে তাঁদের ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের সম্পর্কে বলা হয়, এরাও ব্যভিচারিণী মহিলা।
টিকাঃ
৩১৬. সহীহ মুসলিম, ২৩৯১।
৩১৭. দালাঈলুন নুবুওয়্যা, ২/৩১০-৩১১।