📄 নাজায়েয উদ্দেশ্যে সাজগোজকারীর শাস্তি
এক রেওয়ায়েতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কতিপয় পুরুষকে দেখলাম, কাঁচি দিয়ে যাদের চামড়া কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, 'এরা কারা?' উত্তর এলো, 'এরা সেই সব পুরুষ, যারা বেগানা নারীদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য সাজসজ্জা করত।' অতঃপর আমি একটি দুর্গন্ধে ভরা কূপ দেখলাম, যার ভেতর থেকে আর্তনাদ ভেসে আসছিল। আমি জিজ্ঞেস করলাম, 'এটা কী?' উত্তর এলো, 'এরা সেই সকল মহিলা, যারা পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য সাজসজ্জা করত।'
একটু ভেবে দেখুন, বর্তমান সমাজে এই পাপকর্ম কি ব্যাপক হচ্ছে না? মহিলারা ঘরে অবস্থান করার সময় স্বামীর সন্তুষ্টির জন্য সাজগোজ করে না। অথচ বাইরে অনুষ্ঠানে, মার্কেটে বা বিনোদনের জন্য বের হলে মেকআপ জরুরি মনে করে। এসব অনাচারের আযাবের ব্যাপারে উদাসীনতার কারণেই হয়ে থাকে।
টিকাঃ
৩১২. সহীহ মুসলিম, ২৩৯১।
📄 যথাসময়ে নামায আদায় না করার শাস্তি
এই স্বপ্ন সংক্রান্ত কতিপয় রেওয়ায়েতে এই আলোচনাও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, বড় পাথর দিয়ে যার মাথায় এত জোরে আঘাত করা হচ্ছে যে, তার মগজ বের হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে ছিটকে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতভাগ্য ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয়, এ ঐ ব্যক্তি, যে নামায যথা সময়ে আদায় করত না। কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে।
টিকাঃ
৩১৩. সহীহ মুসলিম, ২৩৯১।
📄 চোগলখোরের শাস্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, বড় কাঁচি দিয়ে তার গলা কাটা হচ্ছে। তিনি এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে জানানো হলো, এই লোক চোগলখোরী করত। যার দরুন লোকদের মাঝে বিপর্যয় সৃষ্টি হতো।
টিকাঃ
৩১৪. সহীহ মুসলিম, ২৩৯২।
📄 সুদখোরের জঘন্যতম শাস্তি
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রক্তের নদী দেখতে পেলেন। জ্বলন্ত আগুনে পানি যেমন টগবগ করে, ঐ নদীতে রক্ত তেমনি টগবগ করছিল। নদীতে কয়েকজন উলঙ্গ পুরুষ হাবুডুবু খাচ্ছিল। মাটির ঢিলা হাতে কয়েকজন নদীর কিনারায় দাঁড়িয়ে ছিল। কেউ তীরে ওঠার চেষ্টা করলে ফেরেশতা সজোরে ঢিল ছুঁড়ে। ফলে সে আবার নদীতে গিয়ে আছড়ে পড়ে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, 'এরা সুদখোর'। কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবে। মিরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যাদের পেট এত বড় ছিল, যেন মানুষের থাকার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, 'এরা কারা?' জিবরাঈল আলাইহিস সালাম বললেন, 'এরা হতভাগ্য সুদখোর।'
টিকাঃ
৩১৫. সহীহ মুসলিম, ২৩৯১।