📘 গুনাহমুক্ত জীবন 📄 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান

📄 রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান


উম্মতে মুহাম্মাদীর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন, যা কল্পনা করলে আজও অন্তর কেঁপে ওঠে। তা এমন এক বিভীষিকাময় মুহূর্ত ছিল যে, বড় বড় সাহাবীও বোধ-জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হযরত উমর রা.-এর মতো বীর সাহাবীও মসজিদে নববীতে তরবারী হাতে দাঁড়িয়ে বলেছিলেন, ‘যে ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, এই তরবারী দ্বারা তার গর্দান উড়িয়ে দেব।’ এমন সঙ্গীন মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রা. আবেগ ও আতিশয্যের ঊর্ধ্বে উঠে ধীরস্থির কণ্ঠে ঘোষণা করেন :

মَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَىٌّ لاَ يَمُوتُ

তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করত, সে জেনে রাখুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। আর তোমাদের মধ্যে যে আল্লাহর ইবাদত করত, সে যেন এই বিশ্বাস রাখে যে, আল্লাহ তায়ালা চিরঞ্জীব। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর মুহাম্মদ একজন রাসূল বৈ তো নয়। তাঁর পূর্বেও বহু রাসূল অতিক্রান্ত হয়ে গেছেন...’ ৮২৫

হযরত উমর রা. বলেন, ‘মনে হচ্ছিল, এই আয়াতও আজই নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে আমি নিশ্চিত হওয়ার পর আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে, আমি পা উঠানোর শক্তি হারিয়ে ফেলি এবং আমি জমিনের উপর পড়ে যাই।’ ৮২৬

জীবনের অন্তিম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কবরকে সিজদার স্থান বানাতে কঠোরভাবে নিষেধ করেন। এসময় ইহুদিদের বদ আমলের নিকৃষ্টতার কথা বর্ণনা করে তিনি বলেন, ‘লা’য়ানাল্লাহুল ইয়াহুদা, ইত্তখাযু কুবুরা আম্বিয়ায়িহিম মাসাজিদা’ অর্থাৎ ইহুদিদের ওপর আল্লাহর লানত, তারা আম্বিয়া আলাইহিমুস সালামের কবরগুলোকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। ৪২৪

মৃত্যুর পূর্বমুহূর্তে অসহ্য যন্ত্রণা ও অস্থিরতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবান মোবারক থেকে এই দোয়া উচ্চারিত হচ্ছিল, ‘আল্লাহুম্মা আ-ইন্নী আলা সাকারাতিল মাওত’ অর্থাৎ হে আল্লাহ, মৃত্যুযন্ত্রণা তুমি আমার জন্য সহজ করে দাও। ৪২৫ হযরত আয়েশা সিদ্দিকা রা. বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিকটবর্তী হলো, তখন তাঁর মাথা মোবারক আমার কোলে ছিল। তিনি বলছিলেন, ‘মা’আল্লাযিনা আন’আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন’ অর্থাৎ আমি তাঁদের সঙ্গে অবস্থান করাকে পছন্দ করতাম, আল্লাহ তায়ালা যাদের পুরস্কৃত করেছেন। ৪২৬

মিসওয়াক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় হযরত আয়েশা রা.-এর কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেসওয়াক নিয়ে ভালোভাবে চিবিয়ে নরম করার পর তা ব্যবহার করলেন। মেসওয়াক শেষ না হতেই নিজের হাত বা আঙুল দ্বারা আসমানের দিকে ইশারা করে তিনবার বললেন, ‘ফির রাফিকিল আ’লা’। এরপর হযরত আয়েশা রা.-এর কোলেই ইনতিকাল করেন। ৪০৩ অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই দোয়া পাঠ করেন, ‘আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আলহিকনী বির রাফিকিল আ’লা’ অর্থাৎ হে আল্লাহ, আমাকে মাফ করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে শ্রেষ্ঠ সঙ্গীর সান্নিধ্যে নিয়ে যাও। ৪০৪ ১১ হিজরি ১২ রবিউল আউয়াল সোমবার হিজরতের কিছু পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেন। ৪০৯

জানাযার পর শেষবারের মতো দেখতে গিয়ে হযরত ফাতেমা রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সামনে দাঁড়িয়ে বলেন, ‘হায় আব্বাজান, যিনি তাঁর প্রভুর ডাকে সাড়া দিয়েছেন। হায় আব্বাজান, জান্নাতুল ফেরদাউস যার ঠিকানা। হায় আব্বাজান, যার মৃত্যুতে আমরা জিবরাইল আমিনকে সম্মুখে কান্না করি!’ ৪১১ দাফনের পর হযরত ফাতেমা রা. বাবার বিয়োগ-ব্যথায় হযরত আনাস রা.-কে বলেন, ‘হে আনাস, তোমাদের পক্ষে এ কাজ করা কীভাবে সম্ভব হলো যে, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির নিচে চাপা দিলে!’ ৪১২

টিকাঃ
৮২৫. বুখারী, ২/৬৪০।
৮২৬. বুখারী, ২/৬৪০।
৪২৪. বুখারী, ২/৬৩১।
৪২৫. শামায়েল, ৬৯।
৪২৬. বুখারী, ২/৬৩১।
৪০৩. বুখারী, ২/৬৬৮।
৪০৪. বুখারী, ২/৬৬৮।
৪০৯. আর-রওদুল উনফ, ৪/৪৪৫।
৪১১. বুখারী, ২/৬৪১।
৪১২. বুখারী, ২/৬৪১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 আমিরুল মুমিনিন হযরত আবু বকর রা.-এর মৃত্যু

📄 আমিরুল মুমিনিন হযরত আবু বকর রা.-এর মৃত্যু


উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক ও প্রিয়ভাজন, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর রা.-এর মৃত্যুর কারণ বর্ণনা করতে গিয়ে অনেকেই লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ-ব্যথা তাঁর মাঝে এমনভাবে বসে গিয়েছিল যে, তিনি ভেতরে ভেতরে জ্বলছিলেন এবং ক্রমান্বয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। এই বিয়োজন যন্ত্রণার কারণেই হযরত আবু বকর রা.-এর মৃত্যু হয়েছিল।

তিনি যখন অন্তিম শয্যায় শায়িত, তখন সাহাবীদের পরামর্শক্রমে পরবর্তী খলিফা হিসেবে হযরত উমর রা.-কে নির্ধারণ করা হয়। উক্ত কাজ সম্পন্ন হওয়ার পর হযরত আবু বকর রা. দোয়া করেন, ‘হে আল্লাহ, আমি যা কিছু করেছি, এর উদ্দেশ্য ছিল মুসলমানদের কল্যাণ সাধন। আমি ফেতনার আশঙ্কায় যা কিছু করেছি, সে বিষয়ে আপনি অবগত আছেন। পরবর্তী খলিফা নির্ধারণের ক্ষেত্রে আমি ইজতেহাদ করেছি এবং আমার জ্ঞানমতে সবচেয়ে উত্তম ব্যক্তিকে শাসক বানিয়েছি। আপনি এদের মাঝে আমার মতো কল্যাণকামী লোক সৃষ্টি করুন, উমর ইবনে খাত্তাবকে খুলাফায়ে রাশিদীনের মাঝে শামিল করুন।’

উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. পিতার কষ্ট দেখে বেদনাদায়ক কবিতা আবৃত্তি করলে হযরত আবু বকর রা. বলেন, এসব কবিতা পড়ো না, বরং এই আয়াত পাঠ করো— ‘ওয়া জাআত সাকরাতুল মাওতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ’ অর্থাৎ মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে। এ থেকেই তুমি টালবাহানা করতে। ৪৪০ এক বর্ণনায় এসেছে, তিনি মৃত্যুর পূর্বে হযরত আয়েশা রা. কে বলেন, 'আমাকে আমার ব্যবহৃত কাপড়ে কাফন দেবে। যত দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছাতে পারি ততই উত্তম।' ৪৪০ মৃত্যুর সময় তিনি এই দোয়াটি পড়ছিলেন, ‘তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনী বিস সালিহীন’ অর্থাৎ হে প্রভু, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করুন। ৪৪১ এই দোয়া পাঠের পর তাঁর ইনতিকাল হয়। ৪৪২

টিকাঃ
৪৪০. সুরা কাফ, আয়াত : ১৯।
৪৪০. তারিখুল খুলাফা, ১০২-১০৯।
৪৪১. সুরা ইউসুফ, আয়াত : ১০১।
৪৪২. মাসাইর কে আবখেরী কালিমাত।

📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুকালে হযরত উমর রা.-এর বিচক্ষণতা

📄 মৃত্যুকালে হযরত উমর রা.-এর বিচক্ষণতা


ইসলামের অন্যতম স্তম্ভ, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রা. মৃত্যুর পূর্বমুহূর্তে বিচক্ষণতার এক সোনালী অধ্যায় সৃষ্টি করেছেন। ফজরের নামায পড়ানোর সময় আবূ লু'লু নামক এক গোলাম কর্তৃক আঘাত পেয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। মৃত্যুরোগে শায়িত অবস্থায় যখন জনৈক নওজোয়ান এসে তাঁর প্রশংসা করল, তখন উমর রা. তার টাখনুর নিচে ঝুলন্ত লুঙ্গির ওপর সতর্ক দৃষ্টি দিয়ে বললেন, 'ভাই কাপড় টাখনুর ওপর পড়ো। এতে তোমার কাপড় পরিষ্কার থাকবে এবং এই আমল তাকওয়া অর্জনের মাধ্যম হবে।'

মৃত্যুযন্ত্রণায় কাতর থেকেও তিনি ‘নাহি আনিল মুনকার’ বা অসৎ কাজে বাধা প্রদান করলেন। এরপর তিনি ছেলে আবদুল্লাহ ইবনে উমর রা.-কে তাঁর ঋণ পরিশোধের ব্যবস্থা করতে বলেন এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে অনুমতি প্রার্থনা করতে বলেন যেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রা.-এর পাশে দাফন করা হয়। হযরত আয়েশা রা. অনুমতি প্রদান করলে তিনি আল্লাহর প্রশংসা করেন। তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য সাতজন সাহাবীর একটি দল গঠন করেন এবং তাঁদেরকে মুহাজির, আনসার, যিম্মি ও অন্যদের অধিকার আদায়ের ব্যাপারে বিশেষ নসিহত করেন। ৪৪৪

ব্যথার তীব্রতায় আবদুল্লাহ ইবনে উমর রা. তাঁকে সান্ত্বনা দিলে তিনি বললেন, ‘আল্লাহর শপথ! যদি আমার নিকট দুনিয়াভর্তি স্বর্ণ থাকত, তবে আল্লাহর আযাব দেখার পরেই তা হতে মুক্তি পাওয়ার জন্য ফিদিয়া হিসেবে তা বিলিয়ে দিতাম।’ ৪৪৬ মৃত্যুর সময় হযরত উমর রা. নিজের মাথা আবদুল্লাহ ইবনে উমর রা.-এর কোল থেকে সরিয়ে মাটির ওপর রেখে চেহারা ধূলামলিন করে ইরশাদ করেন, ‘যদি উমর ক্ষমা না পায়, তাহলে উমর ও তার মায়ের বড় অকল্যাণ হবে।’ ৪৪৭

হযরত আলী রা. তাঁর লাশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, “হে উমর, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। আমি আশা রাখি, আল্লাহ তায়ালা আপনাকে আপনার দুই সাথির (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রা.-এর) সঙ্গেই রাখবেন।” ৪৪৮

টিকাঃ
৪৪৪. বুখারী, ১/৫৩৩-৫৩৪।
৪৪৬. বুখারী, ১/৫২১, হাদিস নং-৩৪৭২।
৪৪৭. কিফায়াতুল আকাব, ৩৪।
৪৪৮. বুখারী, ১/৬৫৯, হাদিস নং-৩৯৩৫।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত উসমান গনী রা.-এর হৃদয়বিদারক শাহাদাত

📄 হযরত উসমান গনী রা.-এর হৃদয়বিদারক শাহাদাত


আমিরুল মুমিনিন হযরত উসমান রা. যখন অবরুদ্ধ হলেন, তখন তিনি নামাযে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করতে থাকলেন। বিদ্রোহীরা আক্রমণ করলে তিনি পূর্ণ ধীরতার সাথে তিলাওয়াত অব্যাহত রাখলেন। এক পর্যায়ে একজন বিদ্রোহী লাফিয়ে এসে হযরতের গলা টিপে ধরে এবং অন্য দুজন তরবারী দিয়ে আক্রমণ করে। হযরত উসমান রা. হাত দিয়ে বাধা দিলে তাঁর হাত কেটে যায় এবং রক্তের প্রথম ফোঁটা কুরআনের ‘ফাসায়াকফীকাহুমুল্লাহ’ আয়াতের ওপর পড়ে। ৪৫০ আহত হাত দেখে হযরতের মুখ থেকে উচ্চারিত হয়, ‘এটা ঐ হাত, যেই হাত সর্বপ্রথম কুরআনে কারিমের সুরাগুলো লিখেছে।’

অবশেষে জনৈক পিশাচ হযরত উসমান রা.-এর পেটে তরবারী ঢুকিয়ে দিলে তিনি শাহাদাত লাভ করেন। ৪৫১ রক্তরঞ্জিত অবস্থায় হযরতের মুখে উচ্চারিত হচ্ছিল— ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমিন। আল্লাহুম্মা ইন্নি আসতাঈনুকা আলা আমরি, ওয়া আসআলুকাস সাবরা আলা বালাই।’ ৪৫২ জনশ্রুতি রয়েছে, যারা হযরত উসমান রা.-এর মৃত্যুর শরিক ছিল, তারা পরে ভয়াবহভাবে মৃত্যুবরণ করেছে। ৪৫৩

টিকাঃ
৪৫০. সূরা বাকারা, আয়াত: ১৩৭।
৪৫১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/২০১।
৪৫২. কিফায়াতুল আকাব, ৩৪।
৪৫৩. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/২০৯।

ফন্ট সাইজ
15px
17px