📄 কুদৃষ্টির পরিণাম
এক মিসরী ব্যক্তি সর্বদা মসজিদে সময় কাটাত, নিয়মিত আযান দিত এবং জামাতের সঙ্গে নামায আদায় করত। একদিন আযান দেওয়ার জন্য মসজিদের মিনার উপরে ওঠলে এক খ্রিষ্টান সুন্দরী মেয়ের প্রতি তার দৃষ্টি পড়ে। তাকে দেখে সে পাগল হয়ে যায়। আযান ছেড়ে দিয়ে সোজা সেই মেয়ের কাছে যায়। মেয়েটি বলল, ‘আমি খ্রিষ্টান। তুমি খ্রিষ্টধর্ম গ্রহণ করলে আমি বিয়ে করব।’ অবশেষে সেই লোক শুধু এই সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য খ্রিষ্টধর্ম গ্রহণ করে (নাউযুবিল্লাহ)। কিন্তু বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ আসার পূর্বেই একদিন সে ঘরের ছাদে উঠলে সেখান থেকে পড়ে মারা যায়। অর্থাৎ সে ঈমানও হারালো, দুনিয়াও হারালো। ৪৩১
টিকাঃ
৪৩১. আত্ব-তাজকিরা, ৫০।
📄 হযরত আবু বকর ও উমর রা.-এর সাথে বিদ্বেষ পোষণকারীর শাস্তি
আল্লামা ইবনে আবিদ দুনিয়া তাঁর গ্রন্থে কতিপয় লোকের ঘটনা বর্ণনা করেছেন, যারা মৃত্যুর মুহূর্তে ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার করেছে। তাদের কালিমা পড়তে বলা হলে তারা উত্তর দেয়, 'আমরা এ কালিমা পড়তে পারি না।' কারণ তারা এমন দলভুক্ত ছিল, যারা হযরত আবূ বকর ও উমর রা.-কে গালমন্দ করত। ৪৩২ এ থেকে প্রতীয়মান হয়, সাহাবায়েকেরামের প্রতি বিদ্বেষ ও শত্রুতা অশুভ পরিণামের বড় কারণ। অনেক ঘটনা এমনও রয়েছে যে, সাহাবীগণের প্রতি বিদ্বেষ পোষণকারীদের চেহারা নিকৃষ্ট পশুর আকৃতিতে রূপান্তরিত হয়েছে। ৪৩৩
টিকাঃ
৪৩২. মাজমাউযর রাসায়েল লি ইবনে আবিদ দুনিয়া, ২৫।
৪৩৩. মুজাবাতুত দাওয়াহ, ৪/৮৬।
📄 মদপান অশুভ পরিণামের কারণ
হযরত লায়ছ জুহানী রহ. বর্ণনা করেন, সিরিয়ার এক লোককে মৃত্যুর মুহূর্তে কালিমা তালকিন করলে সে কালিমা পাঠ করার পরিবর্তে বলল, 'তুমি পান করো এবং আমাকেও পান করাও।' অর্থাৎ মদ তার মস্তিষ্ক দখল করে নিয়েছিল। ৪৩৪ উক্ত ঘটনা থেকে বোঝা যায়, মদপানের কারণে মানুষ অশুভ মৃত্যুর মুখে নিপতিত হয়। কারণ মদপান সকল গুনাহের মূল।
টিকাঃ
৪৩৪. আত্ব-তাজকিরা, ৫০।
📄 দুনিয়া নিয়ে সীমাতিরিক্ত ব্যস্ততার পরিণাম
আহওয়াজ শহরে এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালিমা তালকিন করলে সে কালিমার পরিবর্তে ১২, ১২, ১৩ ইত্যাদি সংখ্যা উচ্চারণ করছিল। তার পুরো জীবন হিসাব-নিকাশের মাঝে অতিবাহিত হয়েছিল। অন্য এক ব্যক্তিকে কালিমা পড়তে বললে সে বলতে শুরু করে, 'আমার অমুক ঘরের আসবাব মেরামত করে দাও।' এক ব্যক্তির একটি হলুদ গাড়ি ছিল। মৃত্যুর সময় তাকে কালিমা পড়তে বলা হলে সে 'হলুদ গাড়ি, হলুদ গাড়ি' বলছিল। ৪৩৫
টিকাঃ
৪৩৫. আত্ব-তাজকিরা, ৫০-৫১।