📘 গুনাহমুক্ত জীবন 📄 পরনের চাদর দান করে দিলেন

📄 পরনের চাদর দান করে দিলেন


১. হযরত সাহল ইবনে সা'আদ রা. বলেন, একবার এক মহিলা একটি চাদর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, 'হে আল্লাহর রাসূল, এই চাদরটি আমি নিজ হাতে বুনেছি। আমি এটি আপনার খেদমতে পেশ করলাম। আপনি এটি গ্রহণ করুন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আগ্রহভরে চাদরটি গ্রহণ করলেন এবং সৃষ্টির পরিবর্তে চাদর পরিধান করে মজলিসে তাশরিফ আনলেন। তখন সাহাবী হযরত আবদুর রহমান ইবনে আওফ রা. আবেদন করলেন, 'ইয়া রাসূল সাল্লাল্লাহু চাদরটি উন্নত মানের। দয়া করে এটি আমাকে প্রদান করুন।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আচ্ছা ঠিক আছে।' কিছুক্ষণ পর তিনি কামরায় প্রবেশ করে লুঙ্গি পরিধান করে চাদরটি পাঠিয়ে দেন। এই অবস্থা দেখে সাহাবায়েকেরাম আবদুর রহমান ইবনে আওফ রা.-কে শাসাতে লাগলেন যে, 'তুমি যেহেতু জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফেরৎ দেন না, তা হলে কেন এই চাদরটি চাইলে?' আবদুর রহমান রা. উত্তর দিলেন, 'আমি তো আমার কাফনে ব্যবহারের জন্য এই আবেদন করেছিলাম।' হযরত সাহল রা. বলেন, 'আবদুর রহমান ইবনে আওফ রা.- এর ইনতিকালের পর এই চাদরই তাঁকে দাফন করা হয়েছিল।' ১০০

টিকাঃ
১০০. বুখারী, ১/১৭০, ৩৭১, ২/৬৮৪, ৮৯২; মাকারিমুল আখলাক, ২৪৫।

📘 গুনাহমুক্ত জীবন 📄 বেদুইনদের শিষ্টাচারহীনতা সহ্য করা

📄 বেদুইনদের শিষ্টাচারহীনতা সহ্য করা


১. হযরত যুবায়ের ইবনে মুতইম রা. বলেন, হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বিভিন্ন বস্তু চাইতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় বৃক্ষের নিচে যান এবং তাঁর চাদর মোবারক তাতে আটকে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনদের উদ্দেশে বললেন, 'আমার চাদরটি নিয়ে এসো। এ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! যদি এ মরুভূমির পাথর সমপরিমাণ উট থাকে, তা-ও আমি তোমাদের মাঝে বণ্টন করে দেব। তোমরা আমাকে মিথ্যাবাদী, ভীরু কিংবা কৃপণ পাবে না।' ১০১
২. হযরত আনাস ইবনে মালেক রা. বলেন, আমরা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজা দিয়ে নাজরানী চাদর পরিহিত অবস্থায় প্রবেশ করেন। আকস্মিক এক বেদুইন ব্যক্তি পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টানতে শুরু করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খুব নিকটবর্তী হন এবং আমি তো দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে বলল, 'হে মুহাম্মাদ, আপনার কাছে যে সম্পদ আছে, তা থেকে আমাকে কিছু প্রদানের নির্দেশ দিন।' তাঁর কথা শুনে মুচকি হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সম্পদ দেওয়ার নির্দেশ দেন। ১০২
৩. হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আমাদের সঙ্গে কথা বলছেন। একদিন আলোচনা শেষে কামরায় যেতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজবুত চাদর পরিহিত ছিলেন। এরই মাঝে এক বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এত জোরে টান দেয় যে, চাদরের ঘষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক লাল হয়ে যায়। অতঃপর বেদুইন লোকটি বলল, 'মুহাম্মাদ, এ দুটি আমার উট। এর একটির উপর খেজুর এবং অপরটির উপর যব দেওয়ার নির্দেশ দিন। কারণ, আপনি তো নিজস্ব কোনো কিছু দেবেন না (বরং বাইতুল মাল থেকে দেবেন)।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তুমি আমার সঙ্গে কৃত আচরণের কাফফারা না দিলে তোমাকে কিছুই দেব না।' হযরত আবু হুরায়রা রা. বলেন, আমরা যখন বেদুইন লোকটির এ আচরণ দেখি, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ অবস্থা দেখে বলেন, 'কেউ নিজ স্থান থেকে উঠবে না।' আমরা চুপচাপ বসে থাকলাম, যেন আমাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার এক উটের উপর খেজুর এবং আরেক উটের উপর যব দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, 'তার আচরণ ক্ষমা করা হলো।' ১০৩

টিকাঃ
১০১. মাকারিমুল আখলাক, ২৪৬।
১০২. মাকারিমুল আখলাক, ২৪৭।
১০৩. মাকারিমুল আখলাক, ২৪৮।

📘 গুনাহমুক্ত জীবন 📄 অন্যের জন্য ঋণ গ্রহণ

📄 অন্যের জন্য ঋণ গ্রহণ


৫. হযরত আনাস ইবনে মালেক রা. বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আমার কাছে কিছু নেই। তবে তুমি আমার নামে কিছু বস্তু ক্রয় করো। আমার হাতে অর্থ এলে আমি তা পরিশোধ করে দেব।' এ কথা শুনে হযরত উমর রা. বললেন, 'হে আল্লাহর রাসূল, আপনি তাকে এ সুযোগ কেন দিলেন, অথচ সাধ্যাতীত কোনো বস্তু আল্লাহ তাআলা আপনার উপর চাপিয়ে দেননি।' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের এ কথাটি পছন্দ করলেন না। কিছুক্ষণ পর এক আনসারী ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, 'আপনি ব্যয় করতে থাকুন। আরশের অধিপতির কাছে কোনো কিছুর অভাব নেই।' আনসারী সাহাবীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং তাঁর মুখমণ্ডল আনন্দে ঝলমল করতে লাগল। ইরশাদ করলেন, 'আমাকে এ কাজেরই নির্দেশ দেওয়া হয়েছে।' ১০৪

টিকাঃ
১০৪. মাকারিমুল আখলাক, ২৫৪।

📘 গুনাহমুক্ত জীবন 📄 এক বেত্রাঘাতের প্রতিদানে ৮০টি বকরি

📄 এক বেত্রাঘাতের প্রতিদানে ৮০টি বকরি


৬. হযরত আবদুল্লাহ ইবনে আবু বকর রা. বলেন, হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শরিক ছিল এমন এক সাহাবী বলেন, 'আমি উটের উপর ছিলাম। আমার পায়ে একটি শক্ত জুতা ছিল। ভিড়ের মাঝে হঠাৎ আমার উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নিকটে চলে যায় যে, আমার জুতার কিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লেগে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ে একটি বেত্রাঘাতও করেন এবং বলেন, 'পিছনে চলে যাও। তুমি আমাকে কষ্ট দিয়েছ।' সাহাবী বলেন, 'আমি পেছনে চলে যাই। পরের দিন জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুঁজছেন। আমি মনে মনে ভাবলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কষ্ট দিয়েছি, এর বিচারের জন্যই হয়তো আমাকে তালাশ করছেন। আমি ভয়ে ভয়ে তাঁর নিকট গেলাম। তিনি আমাকে দেখে বললেন, 'তুমি আমার পায়ে আঘাত করার পর উল্টো আমি তোমাকে একটি বেত্রাঘাতও করেছিলাম। আমি সে বেত্রাঘাতের বিনিময়ে দেওয়ার জন্য তোমাকে ডেকেছি।' তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বেত্রাঘাতের পরিবর্তে আমাকে ৮০টি বকরি দান করেন। ১০৫

টিকাঃ
১০৫. মাকারিমুল আখলাক, ২৫২।

ফন্ট সাইজ
15px
17px