📘 গুনাহমুক্ত জীবন 📄 যাকাত প্রদানে কার্পণ্যকারীর ভয়াবহ শাস্তি

📄 যাকাত প্রদানে কার্পণ্যকারীর ভয়াবহ শাস্তি


বর্তমানে যাকাতকে এক ধরনের বোঝা মনে করা হচ্ছে। অপব্যয় ও অপচয় তো হর-হামেশা হতেই থাকে। সাধারণ থেকে সাধারণ অনুষ্ঠানে লাখ লাখ টাকা অপচয় করা হয়। কিন্তু কেবল যাকাতই তাদের কাছে দুর্বহ বোঝার মতো মনে হয় এবং হিসাব-কিতাব করে যাকাত আদায় করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এ কারণেই যদি কোনো মাদরাসার যাকাত উসুলকারী কিংবা অসহায় ব্যক্তি কোনো ধনীর দরজায় পৌঁছে, তা হলে তার কপালে ভাঁজ পড়ে যায়। যাকাত আদায় না দেওয়ার শাস্তির কথা যদি লোকদের জানা থাকত, তা হলে তারা আখেরাতের স্মরণে যাকাত আদায়ে অবহেলা করত না।

১. হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোনা-রূপার অধিকারী হয় কিন্তু এর হক (যাকাত) আদায় করে না, কিয়ামতের দিন তার ঐ সোনা-রূপা দিয়ে আগুনের পাত তৈরি করা হবে। অতঃপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তা দিয়ে তার চেহারা, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হয়ে আসবে, পুনরায় উত্তপ্ত করা হবে। তার সাথে এরূপ করা হবে এমন এক দিনে, যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান। ২৮৩

২. হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টাক মাথাবিশিষ্ট সাপের আকৃতিতে তার সামনে আনা হবে এবং তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার চোয়াল কামড়ে ধরে বলবে, আমি হলাম তোমার সম্পদ। ২৮৪

৩. হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন, তাদের একজন বলেন, হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। ২৮৯

টিকাঃ
২৮৩. মুসলিম, ১/৩৩৭, হাদীস নং-২৩৬১; মিশকাত, ১/১৫৫।
২৮৪. বুখারী, ১/১৯৮, হাদীস নং-১০২১।
২৮৯. বুখারী, ১/১৯৪, মুসলিম, ১/৩৩৪, হাদীস নং-১০১০।

ফন্ট সাইজ
15px
17px