📄 হারাম থেকে বাঁচার প্রেরণা সৃষ্টির উপায়
সম্পদের নেশা এমন জিনিস, যা মানুষকে সর্বদা সম্পদবৃদ্ধির প্রতি উৎসাহিত করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘সম্পদের নেশা মৃত্যুর পূর্ব পর্যন্তও দূর হয় না।’ ২০০ সম্পদ যত বেশি বৃদ্ধি পায়, সম্পদের নেশা তত বেড়ে যায় এবং এই নেশার বশবর্তী হয়ে মানুষ হারাম-হালালের পার্থক্য ভুলে গিয়ে সম্পদ গড়ার খেলায় পড়ে যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে, যখন মানুষ এ বিষয়ে সাবধানতা অবলম্বন করবে না যে, সে হালাল উপার্জন করছে না হারাম। ২০১
নিঃসন্দেহে আজ সেই যুগ চলে এসেছে। চতুর্দিকে সেই অসাধুতার জয়-জয়কার পরিলক্ষিত হচ্ছে। যে যত বড় সম্পদশালী, সে তত বেশি উদাসীন। আমাদের এই উদাসীনতা দূর করার জন্য চেষ্টা করা উচিত। এই চেষ্টা ততদিন বাস্তবায়ন করা সম্ভব নয়, যতদিন আখেরাতের জবাবদিহিতার চিন্তা আমাদের মাথায় না আসবে। এ কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি প্রশ্নের উত্তর প্রদানের পূর্বে কিয়ামতের দিন কেউ নিজ স্থান থেকে অগ্রসর হতে পারবে না : ১. কোন্ কাজে জীবন অতিবাহিত করেছ? ২. কোন্ কাজে যৌবন ব্যয় করেছ? ৩. কোত্থেকে সম্পদ উপার্জন করেছ? ৪. সম্পদ কোথায় ব্যয় করেছ? ৫. ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? ২০২
টিকাঃ
২০০. বুখারি, ১/২৭৮, ২৭৯।
২০১. শুআবুল ইমান লিল বাইহাকি, ৫/৬৩।
২০২. তিরমিযি, ২/৪৯৭।
📄 সম্পদশালীদের আটকে ফেলা হবে
দুনিয়ায় ধনসম্পদকে সম্মানের মাধ্যম মনে করা হয় এবং সম্পদ উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে মানুষ শরয়ী সীমারেখার প্রতি লক্ষ রাখে না। কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সময় এই ধনসম্পদই জান্নাতে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং এর কারণেই জান্নাতে প্রবেশ করতে বিলম্ব হবে। পক্ষান্তরে দারিদ্র্য-পীড়িত মানুষরা সম্পদশালীদের বহু আগে জান্নাতে প্রবেশ করবে।
হযরত উসামা ইবনে যায়েদ রা. হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম, জান্নাতে প্রবেশকারীদের অধিকাংশই (দুনিয়ায়) হত-দরিদ্র। আর সম্পদশালীদের (হিসাবের জন্য) আটকে রাখা হবে। ২০২
যদি হিসাবের খাতা পরিষ্কার থাকে, তা হলে দ্রুত মুক্তি মিলবে। আর যদি আয়-সঞ্চয়ের মাঝেও আল্লাহ্র সন্তুষ্টির প্রতি খেয়াল রাখা না হয়, তা হলে জান্নাতে প্রবেশে বিলম্ব আর বিলম্ব হবে। কাজেই প্রত্যেকের উচিত, দুনিয়াতে হিসাবের খাতা স্বচ্ছ রাখা। উপার্জন হোক শরিয়ত মোতাবেক, ব্যয় হোক আল্লাহ্র নির্দেশের অনুকূলে।
টিকাঃ
২০২. মুসলিম, ২/৩৮২।